সাভারে বিএনপির সমাবেশ ঘিরে পীরের ওপর হামলার "গুজব", বিএনপি বলছে সুযোগ নেই

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৮:৪৩পরিবর্তন করতে ক্লিক করুন
সাভারে বিএনপির সমাবেশ ঘিরে পীরের ওপর হামলার "গুজব", বিএনপি বলছে সুযোগ নেই
শেয়ার করুন:

কাজী যাবের 'ঢাকা পেপার্স'-কে বলেন, ‘পুলিশ ও বিএনপির অনেক নেতাই আমাকে নিরাপত্তা দেবেন বলে জানিয়েছেন। তাঁদের আশ্বাসের ওপর আমি ভরসা রাখছি। তবে আমার আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা বলছে, যেকোনো মুহূর্তে হামলা হবে। আমার বাসায় শিশু ও নারী সদস্য বেশি। আগেও একবার আমার ওপর হামলা হয়েছিল। তাই বড় আশঙ্কার মধ্যে আছি।’

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আগামীকাল। বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের চাকুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে এই সমাবেশ ঘিরে এক পীরের ওপর হামলার আশঙ্কা করা হচ্ছে। সুরেশ্বরী তরিকার পীর কাজী যাবেরের ওপর ‘তৌহিদী জনতা’ এই হামলা চালাতে পারে বলে এলাকায় গুজব ছড়িয়েছে। তবে বিএনপি বলছে, সমাবেশ থেকে এ ধরনের কিছু ঘটার কোনো সুযোগ নেই।

স্থানীয় লোকজন জানান, সাদাপুর কুয়েতি মসজিদের ইমাম ইকরামুল হক গতকাল রোববার মসজিদে একটি বৈঠক করেন। ওই বৈঠকে তিনি বলেন, বিএনপির নেতারা সমাবেশ শেষে চলে যাবেন। এরপরই মাদ্রাসাছাত্রদের সঙ্গে নিয়ে যাবেরের ওপর হামলা চালানো হবে। সমাবেশের দিনে এই হামলার উসকানি দিয়ে সারা গ্রামে লিফলেটও বিলি করা হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে সাদাপুর কুয়েতি মসজিদের ইমাম ইকরামুল হক আজ সোমবার রাতে ‘ঢাকা পেপার্স’-কে টেলিফোনে বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। নিজেদের হাতে আইন তুলে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।’ তবে লিফলেট বিলি করার বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি বলেন, জনগণকে সচেতন করতেই তাঁরা লিফলেট বিলি করছেন।

এর আগে গত ২৩ আগস্ট কাজী যাবেরের কার্যক্রম বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেয় 'তৌহিদী জনতা'। ওই স্মারকলিপিতে কয়েকটি ইসলামী দল ও জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন বিএনপি নেতারও স্বাক্ষর ছিল। বিএনপি নেতাদের স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে সাভারের এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এঁরা আসলে দলের ভেতরে গুপ্তচর হয়ে আছেন।

আগামীকালের সমাবেশ থেকে হামলার আশঙ্কার বিষয়ে স্থানীয় বিএনপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির সঙ্গে কথা হয়। তিনি এমন শঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। সানজিদা ইসলাম বলেন, ‘আমাদের এই সমাবেশটি হচ্ছে শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এখানে কারও ওপর হামলা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা গত সপ্তাহে সব পক্ষের সঙ্গে কথা বলেছি। শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়, এমন যেকোনো তৎপরতা আমরা শক্তভাবে মোকাবিলা করব।’

জানা গেছে, সমাবেশস্থলটি কাজী যাবেরের বাসা থেকে মাত্র ১০০ গজ দূরে অবস্থিত। এ বিষয়ে কাজী যাবের নিজের নিরাপত্তার চরম শঙ্কা প্রকাশ করেছেন। কাজী যাবের 'ঢাকা পেপার্স'-কে বলেন, ‘পুলিশ ও বিএনপির অনেক নেতাই আমাকে নিরাপত্তা দেবেন বলে জানিয়েছেন। তাঁদের আশ্বাসের ওপর আমি ভরসা রাখছি। তবে আমার আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা বলছে, যেকোনো মুহূর্তে হামলা হবে। আমার বাসায় শিশু ও নারী সদস্য বেশি। আগেও একবার আমার ওপর হামলা হয়েছিল। তাই বড় আশঙ্কার মধ্যে আছি।’

তিনি আরও বলেন, ‘সারা গ্রামে আমার বিরুদ্ধে লিফলেট বিলি করা হচ্ছে। সাধারণ মানুষকে আমার ওপর খেপিয়ে তোলার চেষ্টা চলছে। মূলত গ্রামের তৈবুর রহমান খান, চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম সাইদুর রহমান, সাদাপুর কুয়েতি মসজিদের ইমাম ইকরামুল হক, আসাদুল্লাহ, একলাস ও রনি নামের কয়েকজন লোক আমার বিরুদ্ধে এসব প্রচার চালাচ্ছেন।’

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: