মুসলিম বিশ্বের ইসরায়েলপন্থী কূটনীতি


প্রতীকী ছবি
এই পুরো প্রেক্ষাপটে সবচেয়ে হতাশাজনক হলো বাংলাদেশ সরকারের ভূমিকা। বাংলাদেশ সরকার তার আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। যে সৌদি আরব মুক্তিযুদ্ধের পর দীর্ঘকাল বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকৃতি দেয়নি, আজ তাদের দালালি করতে গিয়ে বাংলাদেশ সরকার তার সাংবিধানিক পররাষ্ট্রনীতি "সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়" এবং জোট নিরপেক্ষ আন্দোলনের মূল চেতনাকেই লঙ্ঘন করল।
আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৬। সৌদ বংশের মক্কা দখলের এক শতাব্দী পর, ঢাকা শহরের নিকেতন আবাসিক এলাকায় ‘ঢাকা পেপার্স’-এর অফিসে বসে যখন আমি এই লেখাটি লিখছি, ঠিক তখন সৌদি আরবের আকাশে আছড়ে পড়ছে হুতি গেরিলাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইতিহাসের বিচারে এ ঘটনা একই সঙ্গে বিরল এবং পুনরাবৃত্তিমূলক এবং এর ভেতরে সুপ্ত রয়েছে এমন এক ঐতিহাসিক ঘটনার উত্তর, যার কথা গত এক শতাব্দী ঢাকা ছিল অপপ্রচারের অন্ধকারে!
এই ঘটনা বিরল কারণ সৌদির শহরগুলোতে, বিশেষত মক্কায় বিগত শতবর্ষে এরকম কোনো আক্রমণের প্রায় নেই বললেই চলে। আর পুনরাবৃত্তিমূলক কারণ মক্কায় ঠিক এক শতাব্দী আগে ইবনে সৌদ একদিন ব্রিটিশদের সহায়তায় আক্রমণ করে ইমাম হাসান (আ.)-এর ফিলিস্তিনপন্থী বংশধরদের কাছ থেকে কেড়ে নিয়েছিল উপত্যকার নিয়ন্ত্রণ; আজ এক শতাব্দী পর সৌদ বংশের সেই নিয়ন্ত্রিত ভূমিতে আঘাত হেনেছে হুতি গেরিলারা। উল্লেখ্য, হুতি গেরিলারা নিজেদের ইমাম হাসান-হোসেনের অনুসারী বলেই পরিচয় দিয়ে থাকে। এ প্রসঙ্গে ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায়ের ওপর আলো ফেলা প্রয়োজন।
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার দখল ছিল সৌদি আরবের হাতে। এই দখল শুধু সামরিক বা প্রশাসনিক ক্ষমতার নয়, এই নিয়ন্ত্রণ সমগ্র মুসলিম বিশ্বের ওপর সৌদিদের এক ধরনের অলিখিত মোড়লগিরি দিয়েছে। হুতিদের এই আক্রমণ কেবল আরব দুনিয়ায় সৌদিদের সামরিক দম্ভেই আঘাত করেনি, গত এক শতাব্দী ধরে মুসলিম বিশ্বের ওপর সৌদ রাজবংশ যে ধর্মের লেবাসে আধিপত্যবাদী কাল্ট তৈরি করে রেখেছে, তাকেও প্রবলভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
প্রশ্ন হচ্ছে, কীভাবে গেল সৌদির হাতে আরব উপত্যকায় ইসলামের বৃহত্তর ধর্মীয় তীর্থের নিয়ন্ত্রণ?
প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে দুটো ঐতিহাসিক চুক্তি করেছিল, যা আজও পৃথিবীর প্রতিটি আন্তর্জাতিক ঘটনাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে চলেছে। প্রথম ঘটনাটি ১৯১৫ সালের। এ বছর ঐতিহাসিক ‘দারিন চুক্তি’র মাধ্যমে নজদের (বর্তমান রিয়াদ) তৎকালীন শাসক ইবনে সৌদ নিজের শাসিত অঞ্চলকে ব্রিটিশদের প্রোটেক্টরেট বা সুরক্ষিত অঞ্চল ঘোষণা করে, বিনিময়ে সৌদির পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে বৃটিশপন্থী হয়ে ওঠে। ব্রিটিশদের হিসাব ছিল সোজা—প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলে অটোমান খলিফাকে ভেতর থেকে দুর্বল করা।
এর ঠিক দুই বছর পর, ১৯১৭ সালে ব্রিটিশদের তরফে এল ঐতিহাসিক বেলফোর ঘোষণা। ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য ‘জাতীয় মাতৃভূমি’ গড়ার ব্রিটিশ নীলনকশা। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়ী হওয়ার পর লিগ অব নেশনস ফিলিস্তিনের প্রশাসনিক দায়িত্ব ব্রিটিশদের হাতে তুলে দেয়। এর ফলে এই ঘোষণা বাস্তবায়নের পথ একেবারেই পরিষ্কার হয়ে যায়। এই ঘটনাচক্রে একটা চরিত্র খুব গুরুত্বপূর্ণ: মক্কার তৎকালীন শাসক শরিফ হোসাইন। তিনি ছিলেন বনু হাশেম বংশের নেতা, ইমাম হাসান (আ.)-এর ধারায় মহানবী (সা.)-এর সরাসরি বংশধর।
তিনিও প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সহায়তায় অটোমানদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আরবের বেশির ভাগ অংশ তাঁরই দখলে ছিল। কিন্তু যুদ্ধ শেষে যখন ফিলিস্তিনের ভূমিপুত্র আরব কৃষকদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপন শুরু হলো, শরিফ হোসাইন এর তীব্র প্রতিবাদ করেন। লিগ অব নেশনস-এর কোনো চুক্তিতে তিনি সই করেননি, কারণ সই করা মানেই ইসরায়েল প্রকল্পকে স্বীকৃতি দেওয়া! আর ঠিক সেই সময়ে ফিলিস্তিনে ইহুদিদের এই আগ্রাসন নিয়ে সুবিধাজনক নীরবতা পালন করেছিল সৌদ পরিবার। ক্ষমতার সোনালি মৎস্যের দামে সেদিন তারা ফিলিস্তিনিদের রক্ত বিক্রি করে দিয়েছিল।
কিন্তু শরিফ হোসাইনের এই আপসহীনতার কারণে ব্রিটিশরা তাঁর ওপর ক্ষুব্ধ হয় এবং সমস্ত সমর্থন তুলে নেয়। ফলস্বরূপ, ব্রিটিশদের মদদে মক্কা আক্রমণ করে শরিফ হোসাইনকে উৎখাত করে মক্কা দখল করে নেয় ইবনে সৌদ। সমস্ত ক্ষমতা কুক্ষিগত হওয়ার পরে ১৯৩২ সালে সৌদি আরব ইসরায়েলের বিপক্ষে প্রথম বক্তব্য দিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত ইসরায়েলের ব্যাপারে সৌদি সরকার ফিলিস্তিনের পক্ষে যত কথাই বলুক না কেন, আন্তর্জাতিক রাজনীতির নির্মোহ বিশ্লেষকরা প্রায়ই জানান যে সেসব কেবলই দায়সারা লিপ সার্ভিস। আরব-ইসরায়েল যুদ্ধগুলোতেও সৌদিদের অংশগ্রহণ ছিল নামকাওয়াস্তে।
২০২৩ সালে ইসরায়েলের ওপর হামাসের হামলা, যার ফলাফলস্বরূপ পৃথিবীর মানচিত্র থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে ওই উপত্যকার সমস্ত জনবসতি; হামাসের ওই হামলার অন্যতম প্রধান কারণই ছিল সৌদি আরবের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার গোপন আয়োজন। কারণ মক্কার নিয়ন্ত্রণ যে সরকারের হাতে, তারা যদি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের জন্য এটা হবে ভীষণ রকম কৌশলগত ক্ষতি।
আজ গাজা যখন ইসরায়েলের পাল্টা হামলায় এক রক্তাক্ত মৃত্যুপুরী, তখন এই ফিলিস্তিনিদের পক্ষে সামরিকভাবে সক্রিয় ছিল ইয়েমেনের হুতি গেরিলারা। লোহিত সাগরে হুতিদের রকেট আর ড্রোন হামলায় থমকে গিয়েছিল পশ্চিমাদের আন্তর্জাতিক বাণিজ্য। তখন হুতিদের আক্রমণ ঘুম হারাম করে দিয়েছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। প্রশ্ন হচ্ছে, এই হুতিরা আসলে কারা?
এরা ইয়েমেনের জায়েদি শিয়া মতবাদে বিশ্বাসী একটি গেরিলা দল। নব্বইয়ের দশকে হুসেইন আল-হুতির নেতৃত্বে এরা সৌদি মদদপুষ্ট ইয়েমেন সরকারের ধর্মীয় বৈষম্য ও ওহাবি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ২০০৪ সালে হুতিরা সামরিকভাবে আত্মপ্রকাশ করে এবং ২০১৪ সালে তারা রাজধানী সানা দখল করে নেয়। কিন্তু ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের হটাতে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালায়। শুরু হয় ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। একদিকে সৌদি আরবের পুতুল সরকার রাশাদ আল-আলিমির বাহিনী, অন্যদিকে ইরান সমর্থিত হুতি গেরিলারা।
গত এক দশকেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে লক্ষ লক্ষ সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান-মার্কিন যুদ্ধ-পরবর্তী সময়ে হুতিদের সেই প্রতিরোধ এক বিস্ময়কর সামরিক অগ্রগতি লাভ করেছে। সৌদির বহু সৈন্য প্রাণ হারিয়েছে। বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম যোগাযোগ প্রণালি বাব-এল-মান্দেব প্রণালি এখন হুতিদের দখলে। হুতিদের এই উত্থানকে আল্লাহর তরফ থেকে পাওয়া বিজয় বলে সমর্থন জানিয়েছে ইরান।
আর হুতিদের ক্ষেপণাস্ত্র যখন খোদ সৌদি আরবের বুকে আছড়ে পড়ছে, তখন সৌদি আরব তার গত ১০০ বছরের কুসুম কুসুম ইসরায়েল-বিরোধিতার মুখোশ ছুড়ে ফেলে সরাসরি তেল আবিবের কাছে সাহায্য ভিক্ষা করেছে! আর ইসরায়েলও পরম বন্ধুর মতো সহায়তার আশ্বাস দিয়েছে। আজ গোটা বিশ্বের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে—সৌদি আরব মূলত তার প্রতিষ্ঠাকালীন ইসরায়েলপন্থী অবস্থান থেকে সরেনি একটুও। এর পেছনের রাজনীতিটা কিন্তু খুব লুকানো কিছু নয়। খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নির্লজ্জের মতো স্বীকার করেছিলেন যে আমেরিকার নির্দেশেই তারা মুসলিম বিশ্বে সোভিয়েত প্রভাব ও বামপন্থী আন্দোলন দমাতে ওহাবিবাদের বিস্তার ঘটিয়েছিলেন।
অর্থাৎ, এই ওহাবিবাদ ইসলাম নয়, এটা মার্কিন সাম্রাজ্যবাদ আর নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার এক নিখুঁত রাজনৈতিক প্রকল্প, যার সাথে সরাসরি যুক্ত রয়েছে জায়নবাদী স্বার্থ। এই সৌদি-হুতি সংঘাতে বাংলাদেশের ওহাবিপন্থী গোষ্ঠীগুলো নির্লজ্জভাবে সৌদির দালালি করছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে হুতিদের হামলার নিন্দা জানিয়ে সৌদির পক্ষে সাফাই গেয়েছেন। আর বাংলাদেশের ওহাবিপন্থী পীর এনায়েতুল্লাহ আব্বাসী মধ্যপ্রাচ্যের এই সংকটের জন্য শিয়া জনগোষ্ঠী ও ইরানকে দায়ী করে বিষোদ্গার করছেন। কওমি ঘরানার শত শত আলেম হুতিদের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
এদের কাছে ইতিহাস, ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম কিংবা সাম্রাজ্যবাদের আগ্রাসন কোনো বিষয় নয়; এদের একমাত্র কাজ হলো ওহাবি হেজেমনি টিকিয়ে রাখা এবং সেই হেজেমনির প্রভাববলয়ে জায়নবাদ ও সাম্রাজ্যবাদের স্বার্থকে সুরক্ষা দেওয়া—তাদেরকে যে কারণে সৃষ্টি করা হয়েছে, যেমনটা জানাচ্ছেন যুবরাজ সালমান। তাদের সমর্থিত বিগত অন্তর্বর্তী সরকার ক্ষমতা ত্যাগের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রির চুক্তি করে গিয়েছিল।
উল্লেখ্য, ইয়েমেনে হুতিদের এই লড়াইয়ে কিন্তু শুধু শিয়ারা নয়, বিপুলসংখ্যক সুন্নি মুসলমানও হুতিদের সমর্থন করছেন। কারণ ইয়েমেনের ভূমিপুত্ররা কেউই নিজেদের মাতৃভূমিতে সৌদি আগ্রাসনকে মেনে নেননি।
আর এই পুরো প্রেক্ষাপটে সবচেয়ে হতাশাজনক হলো বাংলাদেশ সরকারের ভূমিকা। বাংলাদেশ সরকার তার আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। যে সৌদি আরব মুক্তিযুদ্ধের পর দীর্ঘকাল বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকৃতি দেয়নি, আজ তাদের দালালি করতে গিয়ে বাংলাদেশ সরকার তার সাংবিধানিক পররাষ্ট্রনীতি "সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়" এবং জোট নিরপেক্ষ আন্দোলনের মূল চেতনাকেই লঙ্ঘন করল। আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে, বাংলাদেশ রাষ্ট্র সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের পক্ষে থাকবে।
অথচ আজ ইয়েমেনের মুক্তিসংগ্রামীদের বিপক্ষে এবং সাম্রাজ্যবাদ ও জায়নবাদের দোসর সৌদির পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার মূলত তার জন্মকালীন চেতনা ও সাংবিধানিক অঙ্গীকারের সাথেই এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করল। এবং এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক ভূরাজনীতিতে বাংলাদেশ নিজেকে দাঁড় করাচ্ছে ইসরায়েলের পক্ষের আন্তর্জাতিক রাজনৈতিক ব্লকে। বাংলাদেশের মানুষের আবেগ এই অবস্থান ধারণ করে কিনা, তা কোনো সচেতন পাঠকের জন্যই খুব কঠিন জিজ্ঞাসা নয়।
[ডিসক্লেইমার: এটি মধ্যপ্রাচ্যের শতবর্ষের ইতিহাস ও সমসাময়িক ভূরাজনীতি বিষয়ক একটি দীর্ঘ বিশ্লেষণাত্মক ও মতামতধর্মী নিবন্ধ। এতে প্রকাশিত পর্যবেক্ষণ লেখকের নিজস্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন ঐতিহাসিক দলিলের আলোকে পর্যালোচিত। লেখাটি কেবল দায়িত্বশীল ও অ্যাকাডেমিক সাংবাদিকতার উদ্দেশ্যে প্রকাশিত; এখানে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় বা গোষ্ঠীর প্রতি কোনো প্রকার বিদ্বেষ পোষণ বা উসকানি দেওয়া হয়নি।]
লেখক: কবি ও সাংবাদিক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



