সাজেকে হচ্ছেটা কী: আরও বেশি সেনা মোতায়েন কি পার্বত্য সমস্যার সমাধান সম্ভব?


ঢাকা পেপার্স গ্রাফিক্স
আদিবাসীদের জীবনে ক্ষোভ ও অধিকার বঞ্চনার যে স্রোত বয়ে চলছে সাজেকে বর্তমানে তারই প্রতিফলন আমরা দেখছি। সামনের দিনে সাজেক নিয়ে আরও জটিল ও বহুমুখী পরিস্থিতি তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং, গণতান্ত্রিক পন্থা রুদ্ধ করে সামরিক প্রক্রিয়ায় সমাধান খোঁজা সাময়িক সমাধান হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান না করা পর্যন্ত তা টেকসই হবে না।
বিগত ১ মাসের অধিক সময় ধরে সাজেক অশান্ত। সেখানে কখনো যান চলাচল স্বাভাবিক আর কখনো সব বন্ধ। শান্ত জনপদ যেন স্তব্ধ। দিনের পর দিন অবরোধ। কিন্তু কেন এই অস্থিরতা ও অশান্ত পরিবেশ? পত্র-পত্রিকায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যেসব চিত্র দেখতে পাচ্ছি তা সবই উপরি-উপরি কিন্তু এসব চিত্রের উৎসের গভীরতা অনেক দূর বিস্তৃত। অনেক গভীর থেকে উৎসারিত সমস্যার সমাধান না করে সাংবাদিক, সামরিক-বেসামরিক আমলা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই আরও সেনা ক্যাম্প বৃদ্ধি, আরও বেশি সেনা মোতায়েন কিংবা অপারেশনের কথা বলছেন। অনেকেই পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন। যেমন, বিবিসি বাংলার সাবেক সাংবাদিক আকবর হোসেন যমুনা টেলিভিশনের এক টকশোতে বলছেন, ‘‘সেনা ছাড়া সাধারণ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পার্বত্য এলাকায় নিয়ন্ত্রণ সম্ভব না। এই অঞ্চল রক্ষায় সেনা ক্যাম্প সেটআপ বাড়ানো দরকার, যেহেতু এটি আনকম্প্রোমাইজিং বিষয়।’’
ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর একটি ইনফ্যান্ট্রি ব্রিগেডসহ ০৬টি ব্রিগেড রয়েছে। রয়েছে অসংখ্য ক্যান্টনমেন্ট, গ্যারিসন, স্থায়ী ও অস্থায়ী ক্যাম্প। রয়েছে বিজিবি, এসআরবি (র্যাব), পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ নানা বাহিনীর দপ্তর। দেশের আর কোনো অঞ্চলে একসাথে এত বাহিনী ও সংখ্যার উপস্থিতি নেই। যেহেতু সরকারি পক্ষ থেকেও পার্বত্য অঞ্চলকে নানা সময়ে ‘‘স্পেশালাইজড এরিয়া’’ কিংবা ‘‘উপদ্রুত এলাকা’’ মনে করা হয়। আওয়ামী সরকারের আমলে ২০১৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনায় পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসিকে যা কার্যত এখনো বহাল।
আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করা যায়নি তার দৃষ্টান্ত হলো বর্তমান সাজেক। প্রতিদিন হাজারো পর্যটককে যখন সেনা প্রহরায় যাতায়াত করতে হয় তখন স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমনি প্রশ্ন ওঠে ঠিক বিপরীতভাবে এই প্রশ্নও সামনে চলে আসে যে এত এত বাহিনীর সদস্যদের উপস্থিতিতেও কেন স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক করা গেল না। পরিস্থিতি স্বাভাবিক করার সবচেয়ে সহজ প্রক্রিয়া হলো স্থানীয় জনগণ কী চাচ্ছে, কেন চাচ্ছে, কীভাবে চাচ্ছে তা গুরুত্বের সঙ্গে অনুধাবন করা, সংলাপের পথ উন্মুক্ত রাখা এবং দাবি-দাওয়া থাকলে তা পূরণ করা। কিন্তু নীতি-নির্ধারকরা যখন বলপ্রয়োগের পথ বেছে নেওয়া একমাত্র পদ্ধতি মনে করেন তখন সেখানে প্রতিক্রিয়াও তেমন হওয়াটা স্বাভাবিক।
আমরা দেখছি, সাজেক অঞ্চলে তা সম্পূর্ণ ভিন্ন। সাজেক গণ অধিকার কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটো সংগঠন গত ১ মাসের অধিক ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাঁদের দাবি হলো সাজেক অঞ্চলে গত ১ মাসের অধিক সময় ধরে অবস্থানরত একটি সশস্ত্র গ্রুপকে অন্যত্র সরিয়ে নেওয়া, ঐ সশস্ত্র গ্রুপ কর্তৃক জনগণকে প্রাণনাশের হুমকি, অত্যাচার ও নির্যাতন বন্ধ করা এবং সেনাবাহিনী কর্তৃক জনগণের ওপর হয়রানি ও তল্লাশি বন্ধ করা। অবরোধের মুখে স্থানীয় প্রশাসন ও সেনা কর্মকর্তারা এসব দাবি মেনে নেওয়ার কারণে উক্ত সংগঠনসমূহ অবরোধ শিথিলও করেছে। কিন্তু উক্ত সংগঠনের নেতাদের গ্রেফতারের চেষ্টা, তাঁদের বাড়িতে তল্লাশি ও বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাঁরা আবারও অবরোধের ডাক দিয়েছেন।
সর্বশেষ গত ২২ অক্টোবর ২০২৬-এ সাজেকের উজো বাজার এলাকায় শান্তিপূর্ণভাবে অবরোধকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ, দোকানপাট ও বাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়েছে। উক্ত ঘটনায় প্রায় ৭০ জনের অধিক আহত। তাঁদের চিকিৎসার জন্য যে হসপিটালে নেওয়া হবে সেই পরিবেশও প্রশাসন রাখেনি। সর্বশেষ উক্ত সংগঠনসমূহের ৩০ জন সংগঠক ও প্রায় ১০০০ জনের অজ্ঞাতনামা মামলা প্রশাসন দায়ের করেছে। সশস্ত্র গ্রুপের উপস্থিতি থাকলে তাদের বিষয়ে কী করণীয় হবে সেটার বিষয়ে প্রশাসন কি নির্লিপ্ত থাকতে পারে? জনগণ যখন উক্ত সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে তখন উল্টো তাঁদের ওপর দমন-পীড়ন করে পরিস্থিতি অশান্ত করা কি স্থানীয় প্রশাসনের সুচিহ্নিত পদক্ষেপ? এখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, উক্ত সশস্ত্র গ্রুপের সাথে প্রশাসনের কর্তাদের কোনো সম্পর্ক আছে কি না।
স্থানীয়ভাবে এমন অভিযোগ আছে যে, প্রশাসনের মদদে উক্ত সশস্ত্র গ্রুপটি গত ০১ মাসের অধিক সময় ধরে স্থানীয় জনগণের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও অপহরণ ও হত্যার মতন ঘটনা সংঘটিত করে আসছে। এই পরিস্থিতিতে প্রশাসন স্থানীয়দের সাথে শান্তিপূর্ণ আলোচনার প্রক্রিয়ায় না গিয়ে যদি দমন-পীড়ন ও ভয় দেখানোর পথ বেছে নেয় তখন সেখানে অস্থিরতা বিরাজ করা স্বাভাবিক। বিষয়টি যতটা না আইনশৃঙ্খলাজনিত তার চাইতে বেশি রাজনৈতিক। কারণ এর আগে ২০০৮ ও ২০১০ সালে দুই দফায় সাজেকে সাম্প্রদায়িক হামলা হয়েছে। প্রথম দফায় ২০ এপ্রিল ২০০৮ সালে ০৪টি পাহাড়ি গ্রামের ৭৭টি বসতবাড়ি, ০১টি গির্জা ও ০২টি পাড়া কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয় এবং ০১ জন গ্রামবাসী মারা যায়। দ্বিতীয় দফায় ২০ ফেব্রুয়ারি ২০১০ সালে ০২ জন গ্রামবাসী মারা যায়, পুড়ে যায় ১১টি গ্রামের ৫০০ অধিক ঘর-বাড়ি। সে সাম্প্রদায়িকতার আগুন ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি ও রাঙামাটি সদরে। আজকের যে স্থানীয় হাট ‘উজো বাজার’ সেটি সে সময়ে তৈরি। কিন্তু উক্ত সাম্প্রদায়িক হামলাসমূহের এখনো সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার হয়নি।
সাজেকে বর্তমান যে পর্যটন কেন্দ্র আমরা দেখছি সেটা চালু হয়েছে ২০১২ সালে। পর্যটনকেন্দ্রটি দেশে-বিদেশে জনপ্রিয় হয়েছে ঠিকই, বহিরাগতরা রিসোর্ট ও পরিবহনের মালিক হয়েছে। কিন্তু স্থানীয় জনগণ না পেয়েছে পর্যটনের অংশীদারিত্ব, না হয়েছে তাঁদের জীবন-জীবিকার পরিবর্তন, না পূরণ হয়েছে তাঁদের হাসপাতাল ও শিক্ষাসহ নিত্য জীবনের প্রয়োজনীয় বিষয়। অথচ আমরা পার্বত্য অঞ্চলে পর্যটন অর্থনীতির অন্যতম খাত সাজেককে দেখছি সেটাও তৈরি হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জাতিগোষ্ঠীকে উচ্ছেদ করে।
কিছু মাস আগে সেখানে স্থানীয়রা মিলে একটি কলেজ তৈরি করেছে কিন্তু বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। বন বিভাগের দাবি তাদের জমির ওপর কলেজটি হয়েছে। ফলে বন বিভাগ ৫০ লাখ টাকার একটি মামলা দায়ের করেছে। অথচ বন বিভাগের ভূমির ওপর প্রায় ৫০ হাজার মানুষের বসবাস, সাজেক পর্যটন কেন্দ্র, সাজেক পুলিশ থানা ও সেনা ক্যাম্পসহ কত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আছে তা হিসাবের বাইরে। এই সাজেক অঞ্চলে আজ থেকে ৭০-৮০ বছর আগেও ঘনবসতি ছিল না। মূলত ঘনবসতি তৈরি হয়েছে কাপ্তাই বাঁধের উদ্বাস্তু হয়ে যাঁরা পার্বত্য অঞ্চলের উত্তরে আশ্রয় নিয়েছেন। তাঁরা বাঁধে সর্বস্ব হারিয়ে যখন এখানে বসতি গড়ল তখন আসলে তাঁদের আগে-পিছে যাওয়ার কোনো সুযোগ নেই।
ফলত যখন তাঁদের জীবন-জীবিকা ও নিরাপত্তার ওপর টান পড়ে তখন তাঁদের নড়াচড়া করাটা স্বাভাবিক। আদিবাসীদের জীবনে ক্ষোভ ও অধিকার বঞ্চনার যে স্রোত বয়ে চলছে সাজেকে বর্তমানে তারই প্রতিফলন আমরা দেখছি। সামনের দিনে সাজেক নিয়ে আরও জটিল ও বহুমুখী পরিস্থিতি তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং, গণতান্ত্রিক পন্থা রুদ্ধ করে সামরিক প্রক্রিয়ায় সমাধান খোঁজা সাময়িক সমাধান হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান না করা পর্যন্ত তা টেকসই হবে না।
রাজনৈতিক সমস্যা সমাধান না হলে আজ কিংবা কাল পার্বত্য জনপদ আবারও অস্থির হয়ে উঠবে। তখন সরকারি মন্ত্রী-কর্তারা ভিনদেশি ষড়যন্ত্রের নাটকের স্ক্রিপ্ট চমৎকারভাবে উগরে দেবে গোদি মিডিয়ার সামনে। আর গোদি মিডিয়া সেসবের মধ্য দিয়ে এমন বয়ান উৎপাদন-পুনরুৎপাদন করবে যে পার্বত্য অঞ্চল যেন এখনই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অথচ, তখনই অবচেতনভাবে বিচ্ছিন্নতার নৈতিক অধিকার দেওয়া হচ্ছে যখন মিডিয়ায় স্থানীয় মানুষের কথা অনুপস্থিত, তাঁরা রাজনৈতিক-অর্থনৈতিকভাবে পরিকল্পিতভাবে বৈষম্যের শিকার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের সচেতনভাবে বাদ করা হচ্ছে।
পাকিস্তান তো এসবের কারণেই ভেঙে গেছে। সামরিক প্রক্রিয়ায় রাজনৈতিক সমাধান সম্ভব হলে নিশ্চয়ই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না। সরকারের উচিত শান্তিপূর্ণ সংলাপের মধ্য দিয়ে অংশীজনদের সাথে নিয়ে রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা, স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা করা এবং সর্বোপরি দেশের স্বার্থ রক্ষা করা।
লেখক: রোনাল চাকমা
সাংগঠনিক সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদ
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



