রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশের সামনে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ

নুরুল ইসলাম
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ৮:২৬পরিবর্তন করতে ক্লিক করুন
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশের সামনে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ
শেয়ার করুন:

নয় বছরেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। নিরাপত্তা ঝুঁকি, ভূরাজনীতি ও আইনি জটিলতার মুখে বাংলাদেশের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে ভয়াবহ নিপীড়নের মুখে চলতি শতকে বড় আকারে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল শুরু হয়েছিল। কয়েক দিনের মধ্যে সাত লাখের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছিল কক্সবাজারে। সেই থেকে পেরিয়ে গেছে নয় বছর।

বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকটের দশম বছরে; কিন্তু প্রত্যাবাসনের প্রশ্নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

নয় বছরে একজন রোহিঙ্গাও প্রত্যাবাসিত হননি। ফেরার কোনো বিশ্বাসযোগ্য সময়সূচিও নেই; হয়েছে তালিকা ও যাচাই, হয়েছে বৈঠক।

প্রতিশ্রুতিও এসেছে, তবে রোহিঙ্গাদের ঘরে ফেরার পথ এখনো খোলেনি। প্রশ্নটি তাই এখন শুধু রোহিঙ্গাদের নয়; উখিয়া-টেকনাফের স্থানীয় মানুষও জানতে চায় এই সংকটের আসল শেষ কোথায়?

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। নোম্যান্স ল্যান্ডে আটকে থাকা এবং টানা গুলির মুখে থাকা বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ছিল মানবিক বাংলাদেশের উজ্জ্বল পরিচয়।

কিন্তু একটি অস্থায়ী আশ্রয় যখন বছরের পর বছর স্থায়ী বাস্তবতায় পরিণত হয়, তখন তার প্রভাব শুধু আশ্রয় নেওয়া মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; সেটি গোটা অঞ্চলের ভূরাজনীতি এবং নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের প্রত্যাশাটিও স্বাভাবিক—রোহিঙ্গারা যেন নিরাপদে, মর্যাদার সঙ্গে নিজেদের দেশে ফিরে যেতে পারেন। কিন্তু সেই ‘ফিরে যাওয়া’ কথাটিই এখন সবচেয়ে কঠিন প্রশ্ন।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও ‘বাঙালি’ দাবি করে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখাইনের বাসিন্দা হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদেরই ফেরত নেওয়া হবে বলে এতে জানানো হয়েছে।

মিয়ানমারের দেওয়া ওই বিবৃতিতে রাখাইন রাজ্যের ‘নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে’ বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা তিন লাখের কিছু বেশি বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছার কথা যেমন বলা হয়েছে, তেমনি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া তালিকায় উল্লেখিত সংখ্যা নিয়েও আপত্তি জানিয়েছে দেশটি। তারা কিছু রোহিঙ্গাকে ‘বাঙালি’ বলেও দাবি করেছে। এই বিবৃতির পর প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে আরও নতুন নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

সংকটের উৎপত্তি থেকে কূটনৈতিক জটিলতা

বাংলাদেশ প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং ও বৃহৎ মানবিক সংকটের ভার বহন করছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে কয়েক সপ্তাহের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও বিভিন্ন সময়ে বাস্তুচ্যুত হয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা এবং শরণার্থী ক্যাম্পগুলোতে এই সময়ের মধ্যে জন্ম নেওয়া শিশুদের যোগ করলে বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতিতে পরিণত হওয়া এই অঞ্চল শুধু মানবিক সংকটের প্রতীক নয়; এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশ, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বক্তব্যে জানান, মিয়ানমার বাংলাদেশের শিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে।

পাশাপাশি মালয়েশিয়ায় আটক থাকা ৫ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে মিয়ানমার নীতিগত সম্মতি দিয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি হয়নি। মিয়ানমারের কর্মকর্তারাও জানিয়েছেন, এটি শুধুমাত্র মালয়েশিয়ার আটককেন্দ্রে থাকা যাচাইকৃত নাগরিকদের জন্য প্রযোজ্য, সাধারণ রোহিঙ্গাদের জন্য নয়।

রোহিঙ্গা সংকট: মানবিকতার বাইরেও জাতীয় স্বার্থের প্রশ্ন

দীর্ঘ সময় ধরে চলমান এই রোহিঙ্গা সংকটকে পুরো বিশ্ব মানবিক সংকট হিসেবে দেখলেও সময় যত গড়িয়েছে, এর মাত্রা তত বিস্তৃত হয়েছে। জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, পরিবেশ এবং সামাজিক স্থিতিশীলতা—সবকিছুর সঙ্গেই এখন এটি জড়িত।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বনভূমি উজাড়, পাহাড় ধস, জীববৈচিত্র্যের ক্ষতি, পরিবেশের ভারসাম্যের ক্রমাগত হ্রাস, স্থানীয় শ্রমবাজারে প্রতিযোগিতা এবং অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ—সব মিলিয়ে সংকটটি বহুমাত্রিক রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে মাদক চোরাচালান, মানবপাচার, অপহরণ, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধের ঘটনাও সামনে এসেছে। সম্প্রতি উখিয়া-টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের অপহরণ বেড়ে চলেছে, যা এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সংকটাপন্ন করে তুলছে।

তবে এটিও মনে রাখা আবশ্যক যে, বিপুলসংখ্যক সাধারণ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু মিয়ানমারের সামরিক সংঘাতের কবলে পড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা মানুষ। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো জনগোষ্ঠীর ওপর চাপানো বাস্তবসম্মত নয়। নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে অপরাধী চক্র এবং সাধারণ শরণার্থীদের আলাদাভাবে দেখা দরকার।

১৯৮২ সালের নাগরিকত্ব আইন: সংকটের গোড়ার কথা

রোহিঙ্গা সংকটের শুরু ২০১৭ সালে নয়; এর শিকড় আরও গভীরে।

মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের রাষ্ট্রের স্বীকৃত জাতিগোষ্ঠীর তালিকা থেকে কার্যত বাদ দেওয়া হয়। মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাংলাদেশি’ বা ‘বেঙ্গলি’ হিসেবে উল্লেখ করে তাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে। কয়েক প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করলেও তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।

পরবর্তী চার দশকে শিক্ষা, চলাচলের স্বাধীনতা, ভূমির মালিকানা, সরকারি চাকরি, স্বাস্থ্যসেবা, রাজনৈতিক অংশগ্রহণ—প্রায় সব মৌলিক অধিকার থেকেই তারা বঞ্চিত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহু বছর ধরে এই বৈষম্যের কথা তুলে ধরলেও কোনো কার্যকর সমাধান গড়ে ওঠেনি।

২০১৭ সাল: ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া বছর

২০১৭ সালের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির কয়েকটি হামলার পর মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনজুড়ে ব্যাপক অভিযান শুরু করে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং স্বাধীন অনুসন্ধানী প্রতিবেদনে ওই অভিযানে গণহত্যা, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যা, অগ্নিসংযোগ এবং গ্রাম ধ্বংসের অভিযোগ ওঠে। কয়েক সপ্তাহের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং তখন বাংলাদেশ সরকার মানবিকতার বিচারে সীমান্ত খুলে দেয়। মিয়ানমারের সামরিক বাহিনী যে অভিযান চালিয়েছিল, সেই একই বাহিনী এখনও ক্ষমতায় রয়েছে; যা প্রত্যাবাসনের নিরাপত্তা প্রশ্নে মৌলিক উদ্বেগ সৃষ্টি করে।

বাংলাদেশ সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় দেয়। আন্তর্জাতিক মহল এ পদক্ষেপের প্রশংসা করলেও দীর্ঘমেয়াদে সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারেনি।

কেন প্রত্যাবাসন এত কঠিন

অনেকেই মনে করেন, দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত হলেই প্রত্যাবাসন সম্ভব। বাস্তবে বিষয়টি অনেক বেশি জটিল।

আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই—এই চারটি শর্ত পূরণ সাপেক্ষে। ‘নন-রিফাউলমেন্ট’ (Non-refoulement) নীতির অধীনে কোনো শরণার্থীকে এমন দেশে ফেরত পাঠানো যায় না, যেখানে তাঁর জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। শুধু সীমান্ত পার করে মানুষকে পাঠিয়ে দিলেই আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে প্রত্যাবাসন সম্পন্ন হয় না। ফিরে যাওয়া ব্যক্তির নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবিকার সুযোগ নিশ্চিত করাও সমান জরুরি।

এই শর্তগুলোই গত এক দশকে বারবার প্রত্যাবাসনের উদ্যোগকে ব্যর্থ করে রেখেছে।

প্রতিশ্রুতি আর ব্যর্থতার ইতিহাস

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গত নয় বছরে অসংখ্য বৈঠক, সমঝোতা, যৌথ কমিটি, আন্তর্জাতিক মধ্যস্থতা এবং কূটনৈতিক ঘোষণা এসেছে। কিন্তু ২০১৭ সালের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একজনকেও নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রক্রিয়ায় ফেরানো সম্ভব হয়নি।

২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছিল, প্রত্যাবাসন হবে স্বেচ্ছায় এবং ধাপে ধাপে। ২০১৮ সালে বাংলাদেশ কয়েক হাজার রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে পাঠায়।

মিয়ানমার আংশিকভাবে কিছু নাম যাচাইয়ের কথা জানালেও ফিরে যাওয়া মানুষদের নাগরিকত্ব, বসবাসের অধিকার কিংবা নিজ গ্রামে ফেরার নিশ্চয়তা দেয়নি।

২০১৯ সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো বড় আকারে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। হাজার হাজার মানুষের তালিকা প্রস্তুত হয়, পরিবহন ব্যবস্থাও রাখা হয়; কিন্তু নির্ধারিত দিনে একজন রোহিঙ্গাও সীমান্ত অতিক্রম করেনি। কারণ শরণার্থীরা স্পষ্ট জানিয়ে দেয়—নাগরিকত্বের লিখিত নিশ্চয়তা, নিজেদের গ্রামে ফেরা, নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং নিজস্ব বসতভিটায় ফেরা—এই শর্তগুলো ছাড়া তারা ফিরবে না।

কোভিড-১৯ মহামারি এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান আলোচনা স্থবির করে দেয়। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় আবারও আলোচনা শুরু হলেও আরাকান আর্মির এলাকা দখলের কারণে নিরাপত্তা প্রশ্নে নতুন জটিলতা তৈরি হয়।

২০২৫ সালের বিমসটেক সম্মেলনে মিয়ানমার জানায়, বাংলাদেশের দেওয়া প্রায় আট লাখ নামের তালিকা থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার ব্যক্তিকে প্রত্যাবাসনের উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু যোগ্য বলে চিহ্নিত করা মানেই কি নাগরিকত্ব? তাদের বাড়িঘর ফিরিয়ে দেওয়া হবে? নিরাপত্তা নিশ্চিত করবে কে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি।

রাখাইন বদলে গেছে

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে গেলে একটি বাস্তবতা মেনে নিতে হবে—আজকের রাখাইন রাজ্য ২০১৭ সালের রাখাইন নয়।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। এর সুযোগে বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন নিজেদের এলাকা বাড়াতে শুরু করে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী আরাকান আর্মি। ২০২৪ সালের মে থেকে আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, বিশেষ করে বুথিডং ও মংডো এলাকায়।

ড্রোন ও আর্টিলারি হামলায় বহু রোহিঙ্গা নিহত হয়েছে। ২০২৪ সালের আগস্টে একটি ড্রোন হামলায় কমপক্ষে ২০০ জনের প্রাণহানি ঘটে। শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফলে নিরাপদ প্রত্যাবাসনের প্রধান শর্ত—নিরাপত্তা—নিয়েই সবচেয়ে বেশি সংশয় তৈরি হয়েছে।

রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ে শুধু একটি প্রশাসনিক শহর নয়, এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কালাদান প্রকল্প এবং চীনের অর্থনৈতিক বিনিয়োগ—দুই বড় শক্তির স্বার্থ এই শহরকে ঘিরে। ফলে রাখাইন এখন মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্রেও পরিণত হয়েছে।

কূটনৈতিক ঘোষণা আর বাস্তবতার ফারাক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য নতুন আশার জন্ম দিলেও বাস্তবায়নের পথ সহজ নয়। মালয়েশিয়া ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি। তারা জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তায় শরণার্থীদের নিবন্ধন করলেও আইনগতভাবে তাদের অনথিভুক্ত অভিবাসী হিসেবেই বিবেচনা করে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন জানিয়েছেন, প্রত্যাবাসনের জন্য ১৯টি আটককেন্দ্র থেকে প্রায় ৪ হাজার মিয়ানমার নাগরিককে চিহ্নিত করা হয়েছে। কিন্তু মিয়ানমারের কর্মকর্তারা বলেছেন, এটি শুধুমাত্র যাচাইকৃত মিয়ানমার নাগরিকদের জন্য প্রযোজ্য, রোহিঙ্গাদের জন্য নয়।

বাংলাদেশের করণীয়

প্রায় এক দশক ধরে বাংলাদেশ এমন একটি সংকটের ভার বহন করছে, যার স্থায়ী সমাধান এখনো অধরা। রোহিঙ্গা ইস্যু মানবিকতার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক কূটনীতি এবং আন্তর্জাতিক আইনেরও প্রশ্ন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসন নন-রিফাউলমেন্ট নীতির লঙ্ঘন হবে।

মালয়েশিয়ার রোহিঙ্গা মানবাধিকার সংস্থা বলেছে, ফেরত পাঠানো রোহিঙ্গাদের প্রশিক্ষণ ছাড়াই মিয়ানমার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হতে পারে এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে তাদের মানবঢাল হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে।

আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো প্রশ্ন তুলেছেন, ফেরত পাঠানো মানে কী? এমন একটি দেশে, যেখানে যে সামরিক বাহিনী রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করেছিল সেই বাহিনী এখনও ক্ষমতায়, এখনও সংঘাত চলছে এবং রোহিঙ্গারা নিপীড়ন ও রাষ্ট্রহীনতার শিকার।

বাংলাদেশের সামনে কয়েকটি জরুরি কাজ স্পষ্ট:

১. মিয়ানমারের কাছ থেকে প্রত্যাবাসন সংক্রান্ত লিখিত ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি আদায় করা।

২. জাতিসংঘের তত্ত্বাবধান নিশ্চিত করা।

৩. ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, আসিয়ান, চীন, ভারত, জাপানসহ সব অংশীদারের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। ৪. কক্সবাজারের স্থানীয় জনগণের নিরাপত্তা ও উন্নয়নকে গুরুত্ব দেওয়া।

আঞ্চলিক সহযোগিতা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। জাতিসংঘের তত্ত্বাবধান, আঞ্চলিক শক্তিগুলোর অংশগ্রহণ, আসিয়ানের ভূমিকা এবং মিয়ানমারের অভ্যন্তরে রাজনৈতিক সমাধান—সবকিছু মিলিয়ে একটি কার্যকর কাঠামো গড়ে উঠতে পারে।

মালয়েশিয়ার রোহিঙ্গা মানবাধিকার সংস্থা মিয়ানমার সরকারের কাছে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও আদিবাসী জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও গণহত্যা বন্ধে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।

অভ্যন্তরীণ চ্যালেঞ্জ

উখিয়া-টেকনাফের কিছু অসাধু স্থানীয় চক্রের মাধ্যমে অনেক রোহিঙ্গা কৌশলে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে। তারা বিভিন্ন জায়গায় জমি কিনে বসতি গড়ে তুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়াশোনা চালাচ্ছে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে রোহিঙ্গা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। রাজধানীসহ বড় শহরগুলোর কারখানা ও রেস্তোরাঁয় তারা কাজ করছে। মালিকপক্ষ স্বল্প বেতনে কাজ আদায় করতে পারায় পরিচয় যাচাই না করেই তাদের নিয়োগ দিচ্ছে।

ফলে প্রত্যাবাসন শুরু হলেও বাংলাদেশ ‘প্রকৃত রোহিঙ্গা’ আর ‘বাংলাদেশি’—এই পার্থক্য শনাক্ত করতে জটিলতার মুখে পড়তে পারে। এখন থেকেই সরকারকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ গত এক দশক ধরে মানবিক দায়িত্ব পালন করে আসছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হলে শুধু বাংলাদেশের চাপ কমবে না; দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দীর্ঘস্থায়ী সংকটও নিরসনের পথ পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন আজ শুধু শরণার্থী ইস্যু নয়, এটি আঞ্চলিক শান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা।

লেখক: নুরুল আমিন, গণমাধ্যমকর্মী।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: