রোহিঙ্গাদের জন্য ইইউ’র অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২পরিবর্তন করতে ক্লিক করুন
রোহিঙ্গাদের জন্য ইইউ’র অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান
শেয়ার করুন:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা সংস্থা ‘ইকো’র মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডব্লিউএফপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অতিরিক্ত অনুদানসহ ২০২৫ সালে বাংলাদেশে ডব্লিউএফপি’র কার্যক্রমে ইইউ’র মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ ইউরো।

 

বাংলাদেশে ইইউ মানবিক সহায়তার প্রধান ডেভিডে জাপ্পা বলেন, ‘বিশ্বজুড়ে নানা সংকটের কারণে ২০২৫ সাল ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তা সত্ত্বেও রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইইউ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। ডব্লিউএফপি’র মতো বিশ্বস্ত অংশীদারের মাধ্যমে আমরা এই নিরপেক্ষ ও প্রয়োজনভিত্তিক সহায়তা অব্যাহত রাখব।’

 

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যার মধ্যে গত এক বছরে আসা নতুন ১ লাখ ৪০ হাজার শরণার্থীও অন্তর্ভুক্ত। ডব্লিউএফপি তাদের ই-ভাউচার ব্যবস্থার মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য সহায়তা দিচ্ছে। এই পদ্ধতিতে প্রতিটি পরিবার প্রতি মাসে জনপ্রতি ১২ মার্কিন ডলার করে পায়, যা দিয়ে তারা চাল, ডালসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে পারে।

 

খাদ্য সহায়তার পাশাপাশি শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের অপুষ্টি রোধে বিশেষ কর্মসূচি পরিচালনা করছে ডব্লিউএফপি। এ ছাড়া ২ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শিশুর জন্য স্কুলে খাবার কর্মসূচি এবং স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।

 

ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন লসন পার্চমেন্ট ইইউ-র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই সময়োপযোগী অনুদান রোহিঙ্গা পরিবারগুলোর মর্যাদা রক্ষা ও মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

তবে তিনি সতর্ক করে জানান, ২০২৬ সালের জীবনরক্ষাকারী কর্মসূচিগুলোর জন্য এখনো ১৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বিশাল অর্থঘাটতি রয়েছে। নতুন কোনো অনুদান পাওয়া না গেলে আগামী এপ্রিল মাস থেকেই এই জরুরি সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: