রিকশা নিয়ন্ত্রণ: দায় কি শুধুই চালকের?

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কেবল চালকের গাড়ি জব্দ করলেই সংকট কাটবে না। আমদানি, পার্টস সিন্ডিকেট, অবৈধ চার্জিং ও মালিকানার শেকড় চিহ্নিত করে কার্যকর নীতিমালা প্রয়োজন।
রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ই-রিকশার সংখ্যা হু হু করে বেড়েছে। অনিয়ন্ত্রিত সংখ্যা, বেপরোয়া চলাচল, যেখানে-সেখানে পার্কিং এবং চার্জিং নিয়ে বিশৃঙ্খলা—এই অভিযোগ এখন প্রায় সবার। প্রশাসনের পক্ষ থেকেও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বারবার। এসব কারণে ই-রিকশা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমতের কোনো সুযোগ নেই। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে হলে এই খাতে একটি কাঠামোগত সমাধান আসতেই হবে।
কিন্তু বাস্তবে যা ঘটছে, তা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। অভিযান নামলেই লক্ষ্য হয়ে দাঁড়ান পথের সাধারণ অটোচালক, যিনি সারা দিন গাড়ি চালিয়ে সন্ধ্যায় সংসারের বাজার নিয়ে বাড়ি ফেরেন। জব্দ হয় তার অটো, বন্ধ হয়ে যায় তার এক দিনের রুজি। অথচ এই বিশাল অটো-অর্থনীতি একজন সাধারণ চালকের একার তৈরি নয়। প্রশ্ন থেকেই যায়, অটোটা রাস্তায় এলো কীভাবে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে আরও কিছু জরুরি প্রশ্ন। বাস্তবে অটোরিকশার তো এতদিন কোনো ব্যক্তিগত নিবন্ধন বা প্রাতিষ্ঠানিক লাইসেন্সই ছিল না। তাহলে প্রশ্ন জাগে, সুনির্দিষ্ট নিবন্ধন বা আইনি ভিত্তি না থাকা সত্ত্বেও হাজার হাজার অটো আমদানির অনুমতি এবং রাস্তায় চলাচলের ‘অঘোষিত সাহস’ এলো কোত্থেকে? কোনো প্রকার আইনি রেকর্ড ছাড়াই একজন ব্যক্তি কীভাবে ডজন ডজন কিংবা শত শত অটো কিনে ভাড়ায় চালাচ্ছেন? কাদের রাজনৈতিক বা প্রশাসনিক আশ্রয়ে কোনো নথি ছাড়াই এসব অটোর মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে?
শুধু তা-ই নয়, এসব অটোর মোটর, কন্ট্রোলার, চার্জার, ব্যাটারি—সব যন্ত্রাংশই কোনো না কোনো পথে দেশে আসছে। কারা এগুলো আমদানি করছেন এবং কারা পাইকারি সরবরাহ করছেন? এই ব্যবসায় বড় অঙ্কের পুঁজি আসছে কোথা থেকে? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজে কেবল রাস্তা থেকে চালকের অটো তুলে নেওয়া মানে সমস্যার ক্ষুদ্র একটি অংশকে মোকাবিলা করা, পুরো সংকট নয়।
অটোচালক এই ব্যবস্থার সবচেয়ে নিচের প্রান্তে থাকা একজন শ্রমিক মাত্র। তার হাতে থাকা বাহনটি হয়তো নিজের সারা জীবনের সঞ্চয়ে কেনা, নয়তো মালিকের কাছ থেকে দৈনিক ভাড়ায় নেওয়া। কিন্তু অটো তৈরি থেকে শুরু করে আমদানি, সরবরাহ, বিক্রি এবং মালিকানার যে দীর্ঘ অর্থনৈতিক শৃঙ্খল—সেই শৃঙ্খলের হিসাব কোথায় রাখা হচ্ছে? এই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব এখনো পাওয়া যায়নি।
নিয়ন্ত্রণ যদি প্রকৃতপক্ষে লক্ষ্য হয়, তবে তার শুরুটা হওয়া উচিত মালিকানার জবাবদিহি দিয়ে। এতদিন যেহেতু এই খাত অনিবন্ধিত ছিল, তাই এখন প্রতিটি অটোর মালিক ও বিনিয়োগকারীর তালিকা করা জরুরি। নতুন অটো কীভাবে বাজারে প্রবেশ করছে, তার কেন্দ্রীয় নথিভুক্ত হিসাব থাকা দরকার। আমদানি ও সরবরাহ ব্যবস্থাকে কঠোর নিয়মের কাঠামোর মধ্যে আনতে হবে।
আর যেখানে প্রভাবশালী বা প্রশাসনিক ক্ষমতার ছায়ায় এই ব্যবসা গড়ে তোলার অভিযোগ আছে, সেখানে নিরপেক্ষ তদন্ত জরুরি। কারণ বাস্তবতা হলো, একজন শ্রমিকের হাতে থাকা অটো জব্দ করা সবচেয়ে সহজ পদক্ষেপ। কঠিন কাজ হলো অটোর পেছনে থাকা প্রকৃত মালিক, বিপুল পুঁজি এবং ব্যবসার পুরো শৃঙ্খল খুঁজে বের করা।
বিদ্যুৎ সংকটের প্রশ্নেও একই যুক্তি প্রযোজ্য। এটা সত্য যে অটো চার্জ দিতে বিদ্যুৎ ব্যবহৃত হয়। কিন্তু দেশের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ব্যবস্থা, গ্রিড পরিচালনা এবং লোডশেডিংয়ের দায় কোনোভাবেই একজন অটোচালকের ওপর বর্তায় না। বিদ্যুৎ সংকটের প্রকৃত সমাধান আসতে হবে বিদ্যুৎ ব্যবস্থাপনার স্বচ্ছতা থেকে। চার্জিং পয়েন্টগুলোকে সুনির্দিষ্ট নিয়মের আওতায় না এনে কেবল ব্যাটারি খুলে নিলেই বিদ্যুৎ খাতের কাঠামোগত দুর্বলতা দূর হয়ে যাবে না।
এই পরিস্থিতিতে দরকার উচ্ছেদের রাজনীতি নয়, পরিকল্পিত নিয়ন্ত্রণের রাজনীতি। রুট নির্দিষ্ট করা হোক, গতিসীমা বেঁধে দেওয়া হোক, প্রতিটি চালকের পরিচয় ও লাইসেন্স নিশ্চিত করা হোক, নিরাপত্তার সুনির্দিষ্ট মানদণ্ড তৈরি হোক, পরিকল্পিত চার্জিং স্টেশনের ব্যবস্থা গড়ে তোলা হোক এবং মালিকানার স্বচ্ছ রেকর্ড তৈরি করা হোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—যাদের জীবিকা এই পরিবহনের ওপর সরাসরি নির্ভরশীল, সেই রিকশাচালকদের প্রতিনিধিদের সঙ্গে বসেই এই নীতিমালা প্রণয়ন করা।
উচ্ছেদ করা সহজ, নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সহজ পথ বেছে নেওয়া নয়, ন্যায্য সমাধান খুঁজে বের করা। সাধারণ চালকের অটো উচ্ছেদ করে যদি বড় মালিকের ব্যবসা বা তাদের ‘টোকেন বাণিজ্য’ অক্ষত থেকে যায়, তবে সেটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ বলা যায় না। ক্ষমতাবান মালিকের রিকশা অলিখিত প্রশ্রয়ে টিকে থাকবে আর শ্রমিকের রিকশা রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে—এমন বৈষম্যমূলক ব্যবস্থা কোনোভাবেই কাম্য নয়।
রিকশা নিয়ন্ত্রণ হোক, এই দাবিতে কোনো দ্বিমত নেই। কিন্তু এই প্রশ্ন কেবল চালককে ঘিরে সীমাবদ্ধ রাখা যাবে না। অটোর প্রকৃত মালিক কে, যন্ত্রাংশ আমদানির উৎসে স্বচ্ছতা কতটুকু, আর এই বিশাল খাতে প্রভাবশালী কারা বিনিয়োগ করেছে—এই হিসাবও প্রকাশ্যে আসা প্রয়োজন। কারণ সংকটের দায় যদি ভাগ করে নিতে হয়, তবে সেই দায় সবার, কেবল প্রান্তিক চালকের নয়।
লেখক: মুখ্য সংগঠক, জাতীয় শ্রমিক শক্তি, কেন্দ্রীয় কমিটি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



