ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদের আত্মঘাতী রাজনীতি

রাষ্ট্র সমান নাগরিকত্ব নিশ্চিত করতে ব্যর্থ হলে ধর্মীয় সংখ্যালঘুদের অন্যের জবরদস্তি বা হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব বিশ্বাস পালন, মতপ্রকাশ ও জীবনযাপনের সুযোগ ক্রমেই সংকুচিত হতে পারে। তখন ক্ষতিগ্রস্ত হবে শুধু সংখ্যালঘুদের নিরাপত্তা নয়, রাষ্ট্রের ওপর সামগ্রিক নাগরিক আস্থাও।
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে প্রথম দফায় গণপিটুনি দেওয়ার পর পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু তাতেও তাঁর জীবন রক্ষা হয়নি। ১৩ অক্টোবর রাতে একদল মানুষ হাসপাতালের ওয়ার্ডে ঢুকে তাঁকে আবার মারধর করে। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অভিযোগ ছিল, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। অথচ অভিযোগের সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়ার আগেই জনতা নিজেদের বিচারক ও শাস্তিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করল। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন একজন মানুষও তাদের হাত থেকে রেহাই পেলেন না। শামীমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুনির্দিষ্ট বক্তব্য পুলিশ তখনো নিশ্চিত করতে পারেনি। তাঁর পরিবারের দাবি, তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এসব তথ্যের কোনোটিই তাঁর ওপর ঘটে যাওয়া গণপিটুনিকে বৈধতা দেয় না। কিন্তু প্রশ্ন হলো, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ কি কোনো নাগরিকের জীবন ও স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার থাকতে পারে?
এই প্রশ্নকে কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে এর অন্তর্নিহিত তাৎপর্যকে উপেক্ষা করা হবে। শামীমের হত্যাকাণ্ড ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদের এমন একটি বিপজ্জনক দিক সামনে আনে, যেখানে একটি প্রভাবশালী গোষ্ঠী নিজের বিশ্বাসের ব্যাখ্যাকেই অন্যের অধিকার নির্ধারণের মানদণ্ড মনে করতে শুরু করে। সংখ্যাগরিষ্ঠতাবাদ শুধু সংখ্যালঘুদের ওপর আধিপত্য প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; একসময় তা নিজের পরিসরের মানুষকেও গ্রাস করতে পারে।
বাংলাদেশে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ভয়ের আরেকটি প্রদর্শনী হয় ধর্মীয় সংখ্যালঘুদের উৎসব ও উপাসনালয়কে ঘিরে। গত ১ অক্টোবর পঞ্চগড়ের আটোয়ারীতে উত্তর তারালিয়া কালী বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে দুর্গাপূজার জন্য প্রস্তুতাধীন একটি প্রতিমা বাঁশের খুঁটি দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়। এর কয়েক দিন পর, ৯ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর খয়েরচারা সার্বজনীন মাতৃমন্দিরে দুর্গাপূজার জন্য তৈরি চারটি প্রতিমার মাথা ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় পুলিশ তদন্তের কথা জানিয়েছে। বিশেষ করে কুষ্টিয়ার ঘটনায় প্রতিমা ভাঙচুরের উদ্দেশ্য সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। তবে পূজার প্রস্তুতির সময় এমন ঘটনা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মাচরণের অধিকার নিয়ে উদ্বেগ তৈরি করে।
শামীমের ঘটনা এবং পূজামণ্ডপে হামলা—ঘটনা দুটির মধ্যে আনুষঙ্গিক মিল না থাকা সত্ত্বেও উভয়ের পেছনে একটি বিপজ্জনক অভিন্ন যুক্তি কাজ করছে এখানে: সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় ব্যাখ্যা ও অনুভূতিই জনপরিসরে চূড়ান্ত কর্তৃত্ব পাচ্ছে, আর সেই কর্তৃত্বের বাইরে থাকা মানুষকে ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখানেই ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদের আত্মভক্ষী চরিত্রটি বোঝা জরুরি।
যে মানসিকতা সংখ্যালঘুর ধর্মীয় স্বাধীনতাকে সংখ্যাগরিষ্ঠের অনুমোদনের অধীন করে, তা শেষ পর্যন্ত শুধু ভিন্ন ধর্মাবলম্বীদেরই লক্ষ্য করে থেমে থাকে না। সংখ্যাগরিষ্ঠের ভেতরেও কে যথেষ্ট ধর্মপরায়ণ, কার বক্তব্য গ্রহণযোগ্য, কার আচরণ ধর্মীয়ভাবে শুদ্ধ—এসব নির্ধারণের প্রবণতা জন্ম নেয়। তখন নিজের গোষ্ঠীর কোনো সদস্যকেও বিচ্যুত বা শত্রু হিসেবে চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি উঠতে পারে। শামীমের পরিণতি সেই বিপদেরই এক নির্মম স্মারক।
সংখ্যাগরিষ্ঠতাবাদের সমস্যা তাই শুধু কারা সংখ্যায় বেশি, তা নয়; সমস্যা হলো সেই সংখ্যাগরিষ্ঠতা থেকে কারা অন্যের স্বাধীনতা নিয়ন্ত্রণের অধিকার দাবি করছে। ধর্ম মানুষের নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক সংহতির উৎস হতে পারে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের নামে অন্য নাগরিকের বক্তব্য, আচরণ কিংবা উপাসনার সীমা নির্ধারণের অধিকার কারও নেই। অভিযোগের বিচার করবে আইন; জনতার ক্ষোভ নয়।
বাংলাদেশের সংবিধানও শামীমের ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনানুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। ৩১ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিক এবং বাংলাদেশে অবস্থানরত প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয়লাভের অধিকার নিশ্চিত করে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা ছাড়া কারও জীবন, স্বাধীনতা বা শরীরের ক্ষতিসাধন নিষিদ্ধ করে। শামীমের ক্ষেত্রে এসব বিধানের তাৎপর্য স্পষ্ট: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ কোনো ব্যক্তিকে বিচারবহির্ভূত শাস্তি দেওয়ার অনুমতি দেয় না।
একইভাবে, ৩৯ অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আইনসাপেক্ষে বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। এই স্বাধীনতা নিরঙ্কুশ নয়; জনশৃঙ্খলা ও অপরাধে প্ররোচনার মতো নির্দিষ্ট বিষয়ে আইনের দ্বারা যুক্তিসংগত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে। কিন্তু কোনো বক্তব্য আইন লঙ্ঘন করেছে কি না, সেটি নির্ধারণের দায়িত্ব আইনসম্মত প্রক্রিয়ার—উত্তেজিত জনতার নয়।
অন্যদিকে, ৪১ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার স্বীকার করে। আর ২ক অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের চর্চায় সমান মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ওপর দেওয়া হয়েছে। অর্থাৎ, রাষ্ট্রের ধর্মীয় পরিচয় যা-ই হোক, কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা কিংবা অধিকার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠের অনুমোদনের ওপর নির্ভরশীল হতে পারে না।
অন্যদিকে, পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের মতো ঘটনার ক্ষেত্রে সংবিধানের ১২ ও ২৮ অনুচ্ছেদ বিশেষভাবে প্রাসঙ্গিক। ১২ অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার নীতির ব্যাখ্যায় সাম্প্রদায়িকতা, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার এবং ধর্মীয় কারণে বৈষম্য ও নিপীড়ন বিলোপের কথা বলা হয়েছে। ২৮ অনুচ্ছেদে রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করতে নিষেধ করা হয়েছে। ফলে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সুরক্ষিত রাখা কেবল আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয় নয়; এটি সমান নাগরিকত্ব প্রতিষ্ঠার বৃহত্তর দায়িত্বেরও অংশ।
এসব সাংবিধানিক অঙ্গীকার কার্যকর করতে হলে হামলার তদন্ত, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।
সাংবিধানিক প্রশ্নটি আসলে এটি নয় যে বাংলাদেশ কি ধর্ম বেছে নেবে, নাকি ধর্মনিরপেক্ষতা; বরং প্রশ্নটি হলো, ধর্মীয় পরিচয় কি অসম নাগরিকত্বের ভিত্তি হয়ে উঠবে? রাষ্ট্র কি প্রত্যেক নাগরিকের স্বাধীনতা সমানভাবে রক্ষা করবে, নাকি সংখ্যাগরিষ্ঠের অনুভূতি ও ক্ষমতার কাছে কিছু নাগরিকের অধিকার শর্তসাপেক্ষ হয়ে পড়বে?
রাষ্ট্রের শক্তি শুধু আইন প্রয়োগের ক্ষমতায় নয়; সেই ক্ষমতা ব্যবহার করে নাগরিককে জনতার সহিংসতা থেকে রক্ষা করার সামর্থ্যেও নিহিত। শামীমকে পুলিশ উদ্ধার করেছিল, কিন্তু হাসপাতালেও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও যথেষ্ট নয়, যদি হামলার ঝুঁকি ও দায়মুক্তির সংস্কৃতি থেকে যায়। নাগরিকের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রের নিষ্ক্রিয়তা যেমন বিপজ্জনক, তেমনি সংখ্যাগরিষ্ঠের ক্ষোভকে আইনের বিকল্প হতে দেওয়াও রাষ্ট্রীয় দায়িত্বের পরিপন্থী।
কারণ, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ কখনোই কেবল একটি সম্প্রদায়ের মধ্যে বৈষম্য সীমাবদ্ধ রাখতে নিশ্চিন্ত থাকতে পারে না। যে ক্ষমতা অন্যকে নিজের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে বাধ্য করে, তাকে টিকিয়ে রাখতে ক্রমাগত নতুন বিচ্যুতি ও নতুন শত্রু খুঁজতে হয়। আজ তার লক্ষ্য হতে পারে সংখ্যালঘুর উপাসনা, কাল সংখ্যাগরিষ্ঠেরই এমন কেউ, যাকে যথেষ্ট অনুগত বা ধর্মবিশ্বাসী মনে হচ্ছে না। এভাবেই সংখ্যাগরিষ্ঠতাবাদ শেষ পর্যন্ত নিজের মানুষকেও গ্রাস করতে শুরু করে।
রাজনীতিবিজ্ঞানী ই. ই. শ্যাটসনাইডারের মতে বহুত্ববাদী সমাজে সব কণ্ঠের উপস্থিতি থাকলেও প্রভাবশালীদের কণ্ঠই প্রায়ই প্রাধান্য পায়। বাংলাদেশের বহুত্ববাদী সমাজেও সবচেয়ে উদ্বেগজনক পরিণতি হবে, যদি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ সেই প্রভাবশালী কণ্ঠে পরিণত হয়।
রাষ্ট্র সমান নাগরিকত্ব নিশ্চিত করতে ব্যর্থ হলে ধর্মীয় সংখ্যালঘুদের অন্যের জবরদস্তি বা হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব বিশ্বাস পালন, মতপ্রকাশ ও জীবনযাপনের সুযোগ ক্রমেই সংকুচিত হতে পারে। তখন ক্ষতিগ্রস্ত হবে শুধু সংখ্যালঘুদের নিরাপত্তা নয়, রাষ্ট্রের ওপর সামগ্রিক নাগরিক আস্থাও।
বাংলাদেশের বহুত্ববাদী সমাজের ভবিষ্যৎ নির্ভর করছে রাষ্ট্র এই সত্যটি কতটা উপলব্ধি করে তার ওপর: কোনো ধর্মীয় পরিচয়ই নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার অনুমতিপত্র হতে পারে না।
-- --
লেখকঃ আমিনুল এহসান আনান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



