মানুষের ‘ভালোবাসার ডাকাডাকিতে’ রাবিতে বেঁচে উঠলো ‘মৃত’ কৃষ্ণচূড়া


ছবিঃ রাবিতে ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছ
বৈজ্ঞানিক ব্যাখ্যায় পতনের কারণ বোঝা যায়। কিন্তু মানুষের শোককে শুধু বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না। এখানেই সামনে আসে ‘সর্বপ্রাণে’র কথা। মানুষ প্রকৃতির মালিক নয়, প্রকৃতিরই অংশ। এই বোধে গাছ কেবল কাঠ নয়, টাকায় মাপবার সম্পত্তি নয়। গাছ এক জীবন, যার সঙ্গে মানুষের রয়েছে মায়া, সহাবস্থান, কৃতজ্ঞতা, দায় ও প্রেম।
এ বছরের ২৪ আগস্ট হঠাৎ করেই ভেঙে পড়ে প্রবীণ কৃষ্ণচূড়াটি। দীর্ঘদিনের পুরনো এই গাছটির সঙ্গে জড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রজন্মান্তরের স্মৃতি। গাছটি ঠিক কবে লাগানো হয়েছিল নির্দিষ্ট তথ্য না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকেই এটি লাগানো হয়ে থাকতে পারে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ওই প্রবীণ কৃষ্ণচূড়াটির ভেঙে পড়ে মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র শোক ও স্মৃতিচারণের পরিবেশ সৃষ্টি হয়।
দীর্ঘদিনের বয়সে গাছটির মূল দুর্বল হয়ে যাওয়া, অতিরিক্ত শাখা-প্রশাখার ভার এবং কাণ্ডের ভেতরে পোকামাকড়ের আক্রমণ—গাছটি ভেঙে পড়ার সম্ভাব্য কারণ হিসেবে এসব বিষয় উল্লেখ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান। একটি গাছ ভেঙে পড়তে পারে। কিন্তু তার সঙ্গে ভেঙে পড়ে না মানুষের স্মৃতি। দীর্ঘ সহাবস্থানে একটি বৃক্ষ হয়ে উঠতে পারে কোনো জায়গার দৃশ্য, মানুষের অভ্যাস ও ব্যক্তিগত ইতিহাসের অংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে দাঁড়িয়ে থাকা প্রবীণ কৃষ্ণচূড়াটিও তেমনই একটি বৃক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান সিয়ামের কাছে এই শোক ছিল এতটাই বাস্তব যে, গাছটি ভেঙে পড়ার পর প্রথম কয়েক দিন তিনি বিজ্ঞান ভবনের সামনেই যেতে পারেননি। গাছটির ভেঙে পড়ে থাকার দৃশ্য তিনি সহ্য করতে পারছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বলেছেন তার ছায়ায় কাটানো সময়ের কথা, কেউ বলছেন গাছটির ফুলে ফুলে লাল হয়ে ওঠা ঋতুবতী সময়ের কথা, কারও স্মৃতিচারণে উঠে এসেছে ক্যাম্পাসজীবনেরই কোনো ব্যক্তিগত মুহূর্ত। এই প্রাচীন বৃক্ষের পতন নিছক কোনো প্রাকৃতিক ঘটনা হয়ে থাকেনি। বরং তা পরিণত হয়েছে সম্মিলিত শোকের ঘটনায়।
তবে সবার অনুভূতি এক নয়। নবাগত শিক্ষার্থীদের সঙ্গে গাছটির তেমন ব্যক্তিগত আবেগ তৈরি হওয়ার সুযোগ হয়নি। তাই অন্যদের মতো গভীর শোক অনুভব করেননি তারা অনেকেই। এই ভিন্নতাটিও গুরুত্বপূর্ণ। কারণ একটি গাছের প্রতি মায়া শুধু তার বয়সে তৈরি হয় না। তৈরি হয় সহাবস্থানে। যে প্রজন্ম তার ছায়ায় বসেছে, ফুল ফুটতে দেখেছে, অনুষ্ঠান করেছে কিংবা একা দাঁড়িয়ে থেকেছে লাল ফুলের ব্যাকগ্রাউন্ডের নীলাভ আকাশের দিকে ক্যাম্পাসের কোনো বিষণ্ণ সন্ধ্যাবেলায়, যে শিক্ষার্থী গাছটির নিচে এসে বসেছে কোনো চৈতালি রোদের খরদুপুরে একটু শীতল ছায়ায় কিংবা যে যুবক তার ভালোবাসার মানুষকে প্রথম প্রেমের কথা জানিয়েছে গাছটির লাল ফুল খোঁপায় গুঁজে দিয়ে, তার কাছে গাছটি নিছক কেবল একটি বৃক্ষ নয়।
নাট্যকলা বিভাগের শিক্ষক হাবিব জাকারিয়া উল্লাসের মতে, কৃষ্ণচূড়াটির প্রতি মানুষের এই মায়ার পেছনে রয়েছে এই ভূখণ্ডের সর্বপ্রাণবাদী জীবনদর্শন। বাঙালির মাটির সন্তান জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক অনুসন্ধান যেন সেই পুরোনো বোধকেই নতুন ভাষায় সামনে এনেছিল—উদ্ভিদেরও প্রাণ আছে। ফলে কৃষ্ণচূড়াটিকে ঘিরে মানুষের আবেগ কেবল স্মৃতির নয়। এর মধ্যে মানুষ ও অন্য জীবনের আন্তঃসম্পর্কের একটি সাংস্কৃতিক বোধও কাজ করে।
বৈজ্ঞানিক ব্যাখ্যায় পতনের কারণ বোঝা যায়। কিন্তু মানুষের শোককে শুধু বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না। এখানেই সামনে আসে ‘সর্বপ্রাণে’র কথা। মানুষ প্রকৃতির মালিক নয়, প্রকৃতিরই অংশ। এই বোধে গাছ কেবল কাঠ নয়, টাকায় মাপবার সম্পত্তি নয়। গাছ এক জীবন, যার সঙ্গে মানুষের রয়েছে মায়া, সহাবস্থান, কৃতজ্ঞতা, দায় ও প্রেম। সাবেক শিক্ষার্থী তামান্না জাহান নেলিও মনে করেন, “এই সর্বপ্রাণবাদী বোধ বাংলার নাট্য ও লোকজ ভাবনায় বহুদিনের।”
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ লুৎফর রহমানের কাছে কৃষ্ণচূড়াটি জড়িয়ে আছে জীবনের নানা স্মৃতিতে। প্রতিদিন সাইকেলে যাতায়াতের সময় গাছটির সামনে দিয়ে যাওয়া তাঁর অভ্যাসের অংশ ছিল। গাছটির ঝরে পড়ায় বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল, জানান লুৎফর রহমান।
গাছটির নিচে শুধু ব্যক্তিগত স্মৃতিই তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষার্থীদের কাছেও এটি ছিল একটি স্বাভাবিক সাংস্কৃতিক পরিসর। বিভিন্ন অনুষ্ঠান ও আড্ডার সাক্ষী ছিল তার ছায়াতল। সামনের শীতেও সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা ছিল।
কিন্তু গাছটি ভেঙে পড়ার পরও গল্পটি শেষ হয়নি। কিছুদিন পরই দেখা যায়, গাছটির যেটুকু অংশ ভেঙে পড়েনি সেখানে দেখা দিয়েছে নতুন পাতা, কুঁড়ি ও সবুজের উপস্থিতি। গাছটির মধ্যে দেখা দেওয়া একটুখানি জীবনকে শুধু উদ্ভিদবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে তা যে খণ্ডিত ব্যাখ্যা হবে নিঃসন্দেহে। মানুষের শোক, ভালোবাসা আর হাহাকারই যেন ডেকে ফিরিয়ে এনেছে বৃক্ষটিকে মৃত্যুর শূন্যতা থেকে।
১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান সিয়ামের মতে, গাছটির জীবিত অংশ এখনো যদি টিকে থাকার সম্ভাবনা রাখে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা উদ্ভিদবিজ্ঞান বিভাগকে এগিয়ে আসা উচিত। রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃষ্ঠপোষকতা করতে পারে, শিক্ষার্থীরাও চাইলে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে পরিচর্যার উদ্যোগ নিতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমানের মতে ক্ষতিগ্রস্ত অংশের স্বাস্থ্য পরীক্ষা, ঝুঁকিপূর্ণ ডাল অপসারণ, মাটি ও পানি নিষ্কাশন পর্যবেক্ষণ এবং রোগ-পোকা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে গাছটি আবারও বেঁচে ওঠার কিছুটা সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, অনুকূল পরিবেশ ও যথাযথ পরিচর্যায় কৃষ্ণচূড়া শতাধিক বছর, এমনকি ১০০ থেকে ২০০ বছর পর্যন্তও বাঁচতে পারে।
গাছটি ঝরে পড়বার পরে মানুষ শোক করেছে। ছবি ছড়িয়েছে। স্মৃতিচারণ হয়েছে। কিন্তু শোকেরও একসময় মেয়াদ শেষ হয়। গাছটির জীবন সেখানে শেষ হয়নি, মৃত্যুর অন্ধকার থেকে গাছটি আবার দেখাচ্ছে জীবনের সম্ভাবনা। প্রশ্ন হচ্ছে, গাছটির যত্ন নেওয়া কি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে?
একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শুধু ভবন, বিভাগ কিংবা গ্রন্থাগারে লেখা থাকে না। তার পুরোনো রাস্তা, মাঠ, পুকুর এবং বৃক্ষও সেই ইতিহাসের অংশ। একটি পুরোনো বৃক্ষ তাই কেবল পরিবেশগত সম্পদ নয়। বরং মহাকালের স্বাক্ষ্মী, ইতিহাসের নীরব দর্শক। হয়তো এই একদিন নিজের ছাত্রদের জন্য জীবন দিতে যাওয়া মহান শিক্ষক শামসুজ্জোহা স্যার বিষণ্ণ হয়ে এসে দাঁড়িয়েছিলেন গাছটিরই নিচে।
হয়তো মানুষের ভালোবাসায় প্রবীণ কৃষ্ণচূড়াটির বেঁচে থাকার ইচ্ছেটুকু এখনও জেগে আছে। এখন সেই ভালোবাসার পরীক্ষা মানুষের। কারণ সর্বপ্রাণের এই ভূখণ্ডে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু স্মৃতির নয়, দায়েরও। কোনো জীবনের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হয়তো তার মৃত্যুর পর শোক করা নয়। বরং তার বেঁচে থাকার সময়টুকুতে পাশে দাঁড়ানো।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



