সত্যজিৎ , বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষ : কানকাটা রমজানের মন

নূজিয়া হাসিন রাশা
নূজিয়া হাসিন রাশা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:০১পরিবর্তন করতে ক্লিক করুন
সত্যজিৎ , বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষ : কানকাটা রমজানের মন

ছবিঃ সংগৃহীত

শেয়ার করুন:

যারা বাংলাদেশের বন্দর বিদেশী শক্তির হাতে তুলে দেয়ার চক্রান্তে নীরব থাকে, যারা মার্কিন বাণিজ্যচুক্তির নামে আমেরিকার কাছে দেশ বিক্রি করে, তারাই সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই দুটি ব্যাপার পরস্পরবিচ্ছিন্ন নয়।

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত থেকে উচ্ছেদ করা হলো দরিদ্র্য চা-বিস্কুট বিক্রেতাদের। এই মানুষগুলো গ্রামে টিকতে না পেরে ঢাকা শহরের ফুটপাতে পাঁচ টাকার আর দুই টাকার বিস্কুট বিক্রি করে কোন মতে পেটে ভাতে যাপন করছিলো ওদের সস্তা জীবন। আর তুলে দেয়ার পরে ওরা কি করবে সে ব্যাপারে আমাদের সরকার, বিরোধী দল কিংবা মহানগর সভার কারোই কোন আগ্রহ ছিলোনা। তাই পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদেরকে তুলে দেয়া হল।

তার শিল্পকলার দেয়ালে আঁকা হল, বাংলা সাহিত্য , চলচ্চিত্র ও নাটকের কয়েকজন কিংবদন্তির ছবি। আর সেই ছবি নিয়েই বেঁধেছে যত গোল। একদল লোকের গরীব হকারকে তুলে দেয়াতে কোন আপত্তি নেই, বিদেশীদের কাছে বাংলাদেশের বন্দর বিক্রিতেও তাদের আপত্তি নেই। তারা যত আপত্তি শিল্পকলার দেয়ালে আঁকা কয়েকজন বিশিষ্টজনের ছবি নিয়ে। তারা শুরুতে আপত্তি তুলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়কে নিয়ে আর তারপর তারা এসে কালি দিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। এটাকে তারা সংজ্ঞায়িত করছেন ভারতীয় আগ্রাসন মোকাবিলা হিসেবে।

বিদেশের কাছে দেশ বিক্রির প্রশ্নে নীরব থেকে সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশ্নে সরব হওয়া মানে আধিপত্যবিরোধী হওয়া নয়। বরং এতে আধিপত্যের ধারণাটিকেই এমনভাবে সংকুচিত করা হয়, যাতে মানুষের উপরে দেশের মানুষের উপরে দেশী বিদেশী আধিপত্যবাদী সমস্ত আগ্রাসান আড়াল হয়ে যায়; আর উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর প্রক্রিয়ায় মানুষের আধিপত্যবাদ বিরোধী ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় সংস্কৃতি চর্চাকে। এটা একদিকে যেমন জনগণের প্রকৃত শত্রুকে আড়াল করে তাদের দালালি করে, অন্যদিকে শিল্প-সংস্কৃতি ও সঙ্গীতের চর্চা - যা যুগ যুগ ধরে আমাদের ভাষাহীন নিপীড়িত মানুষের প্রকাশের ভাষা; তাকেই ধ্বংস করে আধিপত্যের শিকার মানুষকে বোবা করে দেয়।

এবার খতিয়ে দেখা যাক, তাদের আপত্তি কি নিয়ে! যে গোষ্ঠীগুলো বাংলার বাউলের চুল কেটে, একতারা ভেঙে উর্দু কাওয়ালির আয়োজন করতো তারাই আজকে, বাঙালির প্রাতঃস্মরণীয় মনিষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা সত্যজিৎ রায়কে নিয়ে আপত্তি তুলেছে। কালি দিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে।

যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পশ্চিমবঙ্গের মনীষী বলে বাংলাদেশের সংস্কৃতির বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাদের একটু ইতিহাস পড়া দরকার। বিদ্যাসাগর ১৮২০ সালে জন্মেছিলেন, যখন ভারতবর্ষ আজকের মতো ভারত, বাংলাদেশ ও পাকিস্তান— এই তিনটি রাষ্ট্রে বিভক্ত ছিল না। তাঁর জীবন ও কর্ম উপনিবেশিত বাংলার ইতিহাসের অংশ।

বাংলায় নারীশিক্ষার প্রসার, বিধবাবিবাহের পক্ষে আন্দোলন এবং বহুবিবাহ ও বাল্যবিবাহের বিরোধিতায় তাঁর ভূমিকা ইতিহাসের অংশ। ১৮৫৬ সালের হিন্দু বিধবাবিবাহ আইন প্রণয়নের পেছনেও তিনি রেখেছেন প্রধান ভূমিকা। পাকিস্তানী জাতীয়তাবাদীরা বলে, বিদ্যাসাগরের হিন্দু বিধবা বিবাহ আইন তো মুসলমানদের জন্য নয়। কিন্তু বাংলদেশ রাষ্ট্রের ১০% এর বেশি নাগরিক সনাতন ধর্মাবলম্বী এবং ১৯৭১ সালে বাংলাদেশ যখন এক সাগর রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র রূপে আবির্ভূত হয়েছিলো তখন এদেশে হিন্দু জনসংখ্যা ছিলো প্রায় ২০%। এবং সেই যুদ্ধে এদেশের হিন্দু সম্প্রদাইয়ের যুবকেরা দলে দলে বুকের রক্ত ঢেলে দিয়েছে এই বাংলাদেশকে নিজের মাতৃভূমি জ্ঞানে। যদি বিদ্যাসাগরের ভূমিকাকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ করার অপচেষ্টা হয় তবুও তিনি বাংলাদেশের প্রাতঃস্মরণীয় কেননা যে লাল সবুজের পতাকা বাংলাদেশের স্বাধীনতার নিশান তার লাল অংশ যে শহীদদের রক্তে সজল , সেখানে এদেশের লাখো লাখো সনাতনির রক্ত লেগে আছে।

বিদ্যাসাগরের সাহিত্য, সমাজসংস্কার ও শিক্ষাচিন্তা কোনো বর্তমান রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে পরিচালিত হয়নি। বরং ১৯৪৭ এ অবিভক্ত বাংলার মানচিত্রের উপর সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বাঙালি সন্তানের রক্ত দিয়ে যে সীমানা একদিন এঁকে দেয়া হয়েছিলো, আজ সেই বিভাজনের দাগ বিদ্যাসাগরের কর্ম ও সাহিত্যের উপরে কেটে দেওয়ার চেষ্টা করছে ওই একই দাঙ্গাবাজ ও সাম্প্রদায়িক গোষ্ঠী।

কিন্তু সেইসব প্রচেষ্টাকে মিথ্যা করে দিয়ে ইতিহাস স্বাক্ষ্য দেবে, আজ যে বাংলা গদ্য আমরা ব্যবহার করি, যে গদ্যে এই প্রবন্ধটিও লেখা হয়েছে , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতেই প্রথম প্রাণ পেয়েছিলো বাংলা ভাষার সেই গদ্যরূপ। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বাংলা ভাষা কোনো সীমান্তরক্ষী বাহিনীর সম্পত্তি নয়। এই ভাষাভাষী জনগোষ্ঠীকে আইনি বা রাজনৈতিক সীমানায় ভাগ করা যায়, সমাজ ভাগ করা যায়, রাষ্ট্রের সীমানা টানা যায়—কিন্তু বাংলা ভাষার ঐতিহাসিক উত্তরাধিকারকে কাঁটাতার দিয়ে দুই টুকরো করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। আর পৃথিবীর যে স্থানেই বাংলা ভাষা গদ্যরূপে লিখিত হবে সেখানেই বাংলা গদ্যের সমস্ত লেখকের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন ঈশ্বর।

আর সত্যজিৎ রায়? তাঁর পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া গ্রামে। বাড়িটি এখনো বাংলাদেশের ঐতিহাসিক স্মৃতির অংশ। বাংলাদেশ সরকারের রাজস্ব বিভাগ এটিকে রক্ষনাবেক্ষন করে। সত্যজিৎ রায়ের তিন পুরুষের ভিটা বাংলাদেশ সরকারের সম্পত্তি আর তাঁর ছবি আঁকলে ভারতীয় সংস্কৃতির কলোনি?

এরপর আরেকজন কবির ছবিতে কালি দেয়া হল। সেই কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর প্রসঙ্গে কোন যুক্তির আবশ্যকতা দেখিনা। শুধু এই সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে নিহত বাংলা ভাষার আরেক শহীদ কবি হুমায়ুন আজাদের তাঁর বিষয়ে কয়েকটি পংতি উল্লেখ করাই যথেষ্ট মনে করি। তিনি রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন, “ তাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা পবিত্র পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠেনি। এমনই প্রতিভা ঐ কবির, তাঁকে বেতার থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয় জুড়ে বাজেন; তাঁকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয়ের কাব্যগ্রন্থে মুদ্রিত হয়ে যান, তাঁকে বঙ্গভবন থেকে বাদ দেওয়া হলে তিনি সমগ্র বঙ্গদেশ দখল করেন; তাঁর একটি সঙ্গীত নিষিদ্ধ হলে তিনি জাতীয় সঙ্গীত হয়ে ওঠেন। প্রতিক্রিয়াশীল নষ্টরা অনেক লড়াই করেছে তাঁর সাথে, পেরে ওঠে নি; তাঁকে মাটি থেকে বহিষ্কার করা হলে তিনি আকাশ হয়ে ওঠেন; জীবন থেকে তাঁকে নির্বাসিত করা হলে তিনি রাজত্ব প্রতিষ্ঠা করেন জাতির স্বপ্নালোকে।” তাঁর সাথে যারা শত্রুতা করবে তারা মিশে যাবে ধরনীর ধুলায় কিন্তু রবীন্দ্রনাথ অক্ষয় হয়ে থাকবেন বিশ্বসাহিত্যের অনড় হিমালয় হয়ে।

রবীন্দ্রনাথকে নিয়ে আর কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করিনা; আমরা উপরে উল্লেখিত প্রশ্নগুলোর উত্তরের অনুসন্ধান করি। এতক্ষণ করা প্রশ্নগুলোর উত্তর আসলে খুব কঠিন নয়। যাঁদেরকে নিয়ে আপত্তি তাঁদের নামের দিকে তাকালেই আমরা স্পষ্ট ধরতে পারবো, আপত্তির কারনটা।

পশ্চিমবঙ্গে জন্মানো এবং আজীবন কলকাতায় থাকা কাজী নজরুল আমাদের জাতীয় কবি? এটা নিয়ে তাদের কখনো কোন আপত্তি শোনা যাবেনা। নজরুলকে নিয়ে আপত্তি নয় কেন? বলা রাখা ভালো, নজরুল বাংলা কবিতায় শিবের হাতে ধ্বংসের ডমরু , শ্যমের হাতে প্রেমের বাঁশরী, মোহাম্মদী প্রেমের বুলবুলি নজরুল; তাঁকে নিয়ে আপত্তি তুলবার প্রশ্নই আসেনা। তিনি বাংলাদেশের অবিসংবাদিত জাতীয় কবি।

কিন্তু আমাদের প্রশ্ন হল, পূর্ব বাংলার পরিবারের সন্তান সত্যজিৎ রায় হিন্দু বলেই সমস্যা? এই সমস্যাটা আমরা আরো ভালো করে বুঝতে আমাদের তাকাতে হবে বিগত ইন্টেরিম আমলের দিকে। বরিশালের কবি, আজীবন বরিশালে থেকে সাহিত্য চর্চা করা, পূর্ববাংলার নিহত এবং আজ একবিং শতকের বাস্তবতায় বিলুপ্ত প্রকৃতিকে যিনি তাঁর রূপূসী বাংলায় সংরক্ষন করে রেখেছেন সুপ্রাচীন ঋষির ধ্যানস্থতায় , হৃদয়ের রক্তের ঘন কালিতে সেই কবির নামে প্রশাসনিক ভবনের নাম কেন মুছে দিয়েছিলো ইন্টেরিম সমর্থিত খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন? কারণ জীবনানন্দ হিন্দু?

কলকাতার একজন কবি বাংলাদেশে থাকবেন বলে সীমানা পার করে চলে এসেছেলিনে এপারে। তাকে পিটিয়ে অন্ধ বানিয়ে দিয়েছে বাংলাদেশের পুলিশ৷ তিনি বিনয় মজুমদার। বিনয় মজুমদার যে প্রেম নিয়ে বাংলাদেশে এসেছিলেন আর অন্ধ হয়ে ফিরে গেছেন, দুঃখিত হৃদয়ে কবির এইযে ফিরে যাওয়া; সেটাকে আজকের মুচলমান জাতীয়তাবাদীদরা তাদের কলকাতার আধিপত্যবাদের বয়ানে কিভাবে ব্যাখ্যা করবে আমরা জানতে চাই।

আমরা আরো জানতে চাই, কলকাতার নজরুলকে কেন আমরা বর্ডার পার করে নিয়ে এলাম, জাতীয় কবি করলাম আর বাংলাদেশের জীবনানন্দ দাশ, জগদীশ বসুর নামে হলের নাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কেন বাতিল করে কেন তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দিতে চায় ‘জুলাই চেতনা’র প্রশাসন? সমস্যাটা কি ঢাকা- কলকাতায় নাকি আসলে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতির; যে রাজনীতির কৌশলে বৃটিশ ভাগ করেছিলো অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে দক্ষিন এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ ভূখন্ড।

কানকাটা রমজানের ক্ষোভ: স্মৃতি মুছে মালিকানা প্রতিষ্ঠা

বাংলাদেশে হিন্দুদের দেশত্যাগের ইতিহাসকে অস্বীকার করে, তাঁদের ফেলে যাওয়া সম্পত্তির ওপর গড়ে

ওঠা সুবিধার প্রশ্ন এড়িয়ে, আবার হিন্দু মনীষীদের প্রতিকৃতি দেখেই জাতীয়তাবাদী ক্রোধে ফেটে পড়ার মধ্যে একটা ভয়ংকর স্ববিরোধিতা আছে। সত্যজিৎ রায়ের বাড়ি রাষ্ট্রের সম্পদ আর তার ছবি একই কারনে ভারতীয়। এইযে মানসিকতা এটা হল শহিদুল্লাহ কায়সারের সংশপ্তক নাটকের কানকাটা রমজানের মানসিকতা। কানকাটা রমজান পাকিস্তান সৃষ্টির পরে হিন্দুদের জমি দখল করে দুচার পয়সার মালিক হয়।

হিন্দুদের জমি দখল করা সাম্প্রদায়িক, সুযোগসন্ধানী, শোষক ও নীতিহীন এই রমজানের কান কাটা পড়ে, ১৯৭১ মহিমান্বিত মহাযুদ্ধে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রের জন্ম, তার নাগরিকত্বের ভিত্তি ধর্মীয় পরিচয় ছিল না। কিন্তু সেই রাষ্ট্রের মৌলিক ভিত্তিস্তম্ভের ব্যাপারে কানকাটা রমজানের ক্ষোভ মাঝেমাঝেই স্পষ্ট হয়ে উঠে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটিও সেরকম ছিল। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের সময় জীবনানন্দ দাশ, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও লালন সাঁইয়ের নামও বাদ পড়ে। সিদ্ধান্তটি নিয়ে এখনকার “নেটিজেনদের’ মধ্যে অবশ্য বিক্ষোভ দেখা যায়নি। তখন সাংস্কৃতিক আধিপত্য নিয়েও খুব একটা আলোচনা দেখা যায়নি। জীবনান্দ দাশ, যিনি কবিতা লিখে গেছেন অমরক্ষরে তাকে নিয়েও আপত্তি কেন ছিল এই সাম্প্রদায়িক গোষ্ঠির। উনি ‘দাশ’বলেই তো!

জোগেন্দ্রনাথ মণ্ডলের কথা মনে আছে? পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দলিত নেতা জোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন। অথচ পূর্ববঙ্গের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও তাঁদের নিরাপত্তা নিয়ে গভীর হতাশার প্রেক্ষাপটে ১৯৫০ সালের অক্টোবরে তিনি পাকিস্তানের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং পরে ভারতে চলে যান। তাঁর পদত্যাগপত্রে সংখ্যালঘুদের পরিস্থিতি ও পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাঁর হতাশার বিবরণ উঠে আসে।

এই বিতর্কে সবচেয়ে সুবিধাজনক বিষয়টি হলো, দেয়ালের প্রতিকৃতি দেখা যায়; কিন্তু নিজের ভিটেভূমি ফেলে ভিনদেশে পাড়ি দেয়া বিপন্ন হিন্দু মায়ের কপোল বেয়ে ঝরে পড়া অশ্রু তো ভূমি খেয়ে ফেলে, রোদে শুকিয়ে যায়। যারা বাংলাদেশের বন্দর বিদেশী শক্তির হাতে তুলে দেয়ার চক্রান্তে নীরব থাকে, যারা মার্কিন বাণিজ্যচুক্তির নামে আমেরিকার কাছে দেশ বিক্রি করে, তারাই সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই দুটি ব্যাপার পরস্পরবিচ্ছিন্ন নয়। বাংলাদেশের জন্মচেতনার সাথে জড়িত মনিষীদের প্রতি যাদের এতো বিদ্বেষ , তারাই যে এই দেশটাকে বেচে দেবে সস্তায় তাতে অবাক হবার কিছু নেই।

____

*লেখক: নূজিয়া হাসিন রাশা
গবেষক ও সাংবাদিক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: