রবীন্দ্রনাথকে নিয়ে কটূক্তি: রাকসু জিএসের সমালোচনা, প্রতিবাদে ছাত্রদলের পোস্টারিং

ছবিঃ সংগৃহীত
শিক্ষার্থীদের মতে, সাহিত্যের যেকোনো দিক নিয়ে যৌক্তিক সমালোচনা করা যেতেই পারে; কিন্তু তথ্যসূত্রহীনভাবে এমন অবমাননাকর ভাষার ব্যবহার একজন ছাত্রপ্রতিনিধির জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে তুমুল সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তার এই অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে খোদ রাকসু ভবনেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সংবলিত পোস্টার সাঁটিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মী।
সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যসাধনা নিয়ে অবমাননাকর মন্তব্য করেন সালাউদ্দিন আম্মার (যিনি শিবির সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে)। ওই পোস্টে তিনি লেখেন, "রবীন্দ্রনাথ হওয়া এত সোজা না! ৪৩টা পতিতালয় চালাইয়া, কাস্টমার রিভিউ ঠিক রেখে আবার সাহিত্যসাধনা করা চাট্টিখানি কথা না।"
শুধু তা-ই নয়, রবীন্দ্রসংগীতের সুর ও কথার আদলে বিকৃত করে ‘রঠা সংগীত’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির উপস্থাপন ভঙ্গি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তথ্যসূত্রহীন এই দাবি ও রুচিহীন মন্তব্যে বিশ্বকবির সাহিত্যসাধনা ও ব্যক্তিজীবনকে চরমভাবে হেয় করা হয়েছে বলে মনে করছেন সমালোচকরা।
এসব আপত্তিকর মন্তব্যের নীরব প্রতিবাদ হিসেবে সোমবার রাকসু ভবনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সংবলিত পোস্টার সাঁটান ছাত্রদল কর্মী আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে রাকসু ভবনের দেয়ালে পাশাপাশি রবীন্দ্রনাথের দুটি পোস্টার দেখা যায়। সংশ্লিষ্ট পোস্টে জানানো হয়, পোস্টারিংয়ের মাধ্যমে এই কটূক্তির নীরব অথচ জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে, তুমুল বিতর্কের মুখে নিজের ওই মন্তব্যের একটি অভিনব ব্যাখ্যা দাঁড় করিয়েছেন সালাউদ্দিন আম্মার। তিনি দাবি করেন, অবমাননা নয় বরং রবীন্দ্রনাথের মেধার ‘প্রশংসা’ করতেই তিনি এমন কথা বলেছেন! তার যুক্তি অনুযায়ী, একজন মানুষের মেধা কতটা তীক্ষ্ণ হতে পারে এবং একসঙ্গে তিনি কীভাবে সব সামলাতেন, সেটিই বোঝাতে চেয়েছেন তিনি। এছাড়া 'রঠা সংগীত' ভিডিওটিকে তিনি কেবলই একটি 'প্যারোডি' বলে আখ্যা দিয়েছেন।
তবে রাকসু জিএসের এমন ব্যাখ্যার পরও বিতর্ক থামছে না। শিক্ষার্থীদের মতে, সাহিত্যের যেকোনো দিক নিয়ে যৌক্তিক সমালোচনা করা যেতেই পারে; কিন্তু তথ্যসূত্রহীনভাবে এমন অবমাননাকর ভাষার ব্যবহার একজন ছাত্রপ্রতিনিধির জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রগতিশীল সাংস্কৃতিক পরিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীতের দীর্ঘদিনের শক্ত অবস্থান রয়েছে। এই আবহের মাঝে ছাত্র সংসদের একজন নির্বাচিত প্রতিনিধির এমন বক্তব্য এবং এর বিপরীতে খোদ রাকসু ভবনে ছাত্রদল কর্মীর অভিনব এই পোস্টারিং—দুটি ঘটনাই এখন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
____
*নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঢাকা পেপার্স
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



