"মৃত্যুর আগ পর্যন্ত আমি বলেই যাব, মাদ্রাসায় পড়াটা আমার ভুল ছিল"


ঢাকা পেপার্স গ্রাফিক্স
“আমার ছেলে হাফেজ হবে কি আলেম হবে” নয়; প্রশ্নটা হোক “আমার সন্তান ২৫ বছর বয়সে এমন কী কাজ করতে পারবে, যার দাম দুনিয়া দিতে রাজি?” আলেম হওয়া ফরজ নয়; মানুষ হওয়া ফরজ। আর মানুষ হওয়ার জন্য সনদ লাগে না, লাগে পথ। সে পথই আমরা বন্ধ করে রেখেছি।
টিকটকে কয়েক মিনিটের একটি ভিডিওতে কথাটা বলছিলেন এক তরুণ, যিনি কওমি মাদ্রাসার ছাত্র। স্বরে কোনো তর্ক কিংবা বিদ্রোহ নেই; আছে ক্লান্তি আছে একটা হিসাব। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ- কথাটা মাদ্রাসার ভেতর থেকে কেউ বলেছেন। তিনি নাম বলেননি, বলেছেন শুধু অভিজ্ঞতা। অভিযোগটির তিনটি ভাগ। রাষ্ট্রীয় সুবিধা নাই, পারিবারিকভাবে মর্যাদা পান না, আর ডাক পান না কোথাও সামাজিকভাবেও।
তার কথা, সরকারি লাইনে পড়লে একটা সনদ থাকত। সেই সনদে চাকরি, সংসার, শ্বশুরবাড়িতে মূল্যায়ন, পেতেন এলাকার সালিশে ডাক। তিনি প্রশ্ন রাখেন, সমাজে যত সালিশ হয়, তাতে কয়জন আলেমকে ডাকা হয়?
ব্যক্তিগত এই হাহাকারের পেছনে আছে সংখ্যাগত এক বাস্তবতা। আর সেটিই আসল বিষয়। শিক্ষামন্ত্রী সংসদে জানিয়েছেন, দেশে কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় ২৫ হাজার ও শিক্ষার্থী প্রায় ৭০ লাখ। এত বড় একটি ব্যবস্থা এতদিন চলেছে কোনো নীতিমালা ছাড়াই। গত ১৩ জুলাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রথমবার অংশীজনদের নিয়ে নীতিমালার আলোচনা শুরু করেছে। আর ১৮ নভেম্বর সংসদে স্বীকার করা হয়েছে, মাদ্রাসা স্থাপন ও পাঠদানবিষয়ক নীতিমালা এখনও হয়নি।
এবার দেখি পাঠ্যক্রমের চিত্রটা। কওমি ধারা দারুল উলুম দেওবন্দের পাঠ্যক্রম অনুসরণ করে। সেখানে নেই বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান বা সাহিত্য। বাংলা ও ইংরেজিও চলে কেবল অষ্টম শ্রেণি পর্যন্ত, তাও হাতে গোনা মাদ্রাসায়। অর্থাৎ যে পৃথিবীতে এখন প্রতিটি চাকরির দরজায় ইংরেজি আর সংখ্যার একটা পরীক্ষা বসানো, সেই প্রস্তুতি এ ব্যবস্থায় শিক্ষার্থীরা পায় না।
তারপর আসে সবচেয়ে অদ্ভুত অধ্যায়টি। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালের এক আইনে দাওরায়ে হাদিস সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়া হলো। কিন্তু এসএসসি, এইচএসসি ও স্নাতক সনদ না থাকায় সেই সনদধারী বিসিএসসহ প্রায় কোনো সরকারি চাকরির পরীক্ষাতে আবেদনই করতে পারেন না। স্বীকৃতির দিনই অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সতর্ক করেছিলেন, পাঠ্যক্রম না বদলে শুধু সনদ দিলে চাকরির বাজারে তার কাজ হবে না।
৯ বছর পর সেই সতর্কবাণীই ফলল। চলতি বছরের ২৩ জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে ছয়টি কওমি বোর্ডের সনদ স্বীকৃতি পেয়েছে শুধু দুটি পদের কাম্য যোগ্যতা হিসেবে: সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ী ক্বারী। মাস্টার্স সমমানের একটি সনদ যেখানে ঠেকে যায় দুটি পদের দরজায়, সেখানে ২৭ বছরের পুঁজিটা কার জন্য জমল?
এ হিসাব এখন রাজনীতির টেবিলে। গত ৩ মে জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, 'কওমি ধারাকে আর আলাদা রাখা হবে না। দাখিল, আলিম, কামিলের মতো প্রতিটি স্তরের সমমান নির্ধারণ করা হবে।' নভেম্বরে প্রকাশ পাওয়া ‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা–২০২৫’-এর খসড়ায় সাধারণ, কারিগরি, আলিয়া ও কওমি— সব সনদকে এক কাঠামোয় আনার কথা বলা হয়েছে। অর্থাৎ সংস্কারের দরজাটা খুলে গেছে।
পাওয়া গেছে বিরোধী মতও। গত মে মাসে কওমি আলেমরা অভিযোগ করেছেন, সরকার সংস্কারের নামে কওমি শিক্ষাকে ‘সনদসর্বস্ব’ করে তুলতে চায়, যা এ ধারার স্বকীয়তা নষ্ট করবে। ভয়টা অমূলক নয় — রাষ্ট্র কখনো ধর্মীয় শিক্ষাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে পাঠ্যক্রমের প্রাণটাই কেড়ে নিতে পারে। কিন্তু তার সমাধান এটাও নয়, সাত বছরের একটি শিশু বাংলা কিংবা গণিত শেখার অধিকারই পাবে না।
এখানেই ‘পঙ্গু’ শব্দটির প্রকৃত অর্থ ধরা দেয়। শিশুটি মেধাহীন হয়ে বের হয় না; সে বের হয় প্রবেশাধিকারহীন হয়ে। সাত বছরের বেলায় নেওয়া একটা সিদ্ধান্ত ২৭ বছর বয়সে গিয়ে অপরিবর্তনীয় হয়ে দাঁড়ায়। স্কুলের ছাত্র প্রতিটি ধাপে দিক বদলাতে পারে; মাদ্রাসার ছাত্রের সামনে একটাই গেট। আর সে গেটে তালা। সিদ্ধান্তটা কেউ নেয় না শিশুটির সঙ্গে কথা বলে; নেওয়া হয় তার হয়ে— বাবার আয় আর মায়ের অক্ষমতার হিসাব মিলিয়ে।
তুলনাটা আলিয়া ধারায় করলে ব্যাপারটা পরিষ্কার হয়। একই ধর্ম, একই আরবি-ফিকহ, কিন্তু গড়ন আলাদা। আলিয়া মাদ্রাসায় দাখিল এসএসসির সমমান, আলিম এইচএসসির। সেখান থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথ খোলা। ২০২৫ সালে দাখিলে পরীক্ষা দিয়েছে প্রায় ২ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী। এ পথও সম্পূর্ণ নয়। ৬ হাজার ৪৭৪টি দাখিল মাদ্রাসার মধ্যে বিজ্ঞান শাখা আছে মাত্র ২ হাজার ৭৩১টিতে। আর কয়েক বছর তো দাখিল পাস করা শিক্ষার্থীর অর্ধেকেরও কম আলিমে রেজিস্ট্রেশন করেছেন।
মেয়েদের বেলায় হিসাবটা আরও নির্মম। চলতি বছর দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ নিয়েছেন ২৩ হাজার ৮৮১ জন, যার ৮ হাজার ৬১৩ জনই ছাত্রী। কওমি ধারায় মেয়েদের উপস্থিতি এখন উল্লেখযোগ্য। অথচ বেরোনোর পথ তাদের জন্য আরও সংকীর্ণ: সনদ নেই, চাকরির বাজার নেই। আর অনেক ক্ষেত্রে বয়স বাড়ার আগেই বিয়ের সিদ্ধান্ত। যে মেয়েটি ১০ বছর কুরআন পড়ল, তার জ্ঞানটুকু সমাজ কাজে লাগাতে পারে না। কারণ তার হাতে কোনো কাগজও নেই, কোনো পথও নেই।
মাদ্রাসা শিক্ষার্থীর প্রথম প্রশ্নটা তাই নিছক ক্ষোভ নয়। সত্যই তো, কয়জন মসজিদের ইমাম জজ বা ব্যারিস্টার হয়েছেন? কয়জন আলেম এমপি-মন্ত্রী হয়েছেন? কেউ কেউ হয়েছেন, এটা সত্য, কিন্তু সংখ্যাটা এতই কম যে ব্যতিক্রমই নিয়ম বলে চালিয়ে দেওয়া হয়। খেয়াল করার বিষয়, কওমি আলেমেরা নিজেরাও এখন ঠিক এ জিনিসটাই চাইছেন। গত মে মাসের এক গোলটেবিলে তাঁরা দাবি করেছেন, স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশন, সেনাবাহিনী ও কারাগারের ধর্মীয় শিক্ষক পদে কওমি সনদধারীর নিয়োগের সুযোগ।
এবার তরুণটির দ্বিতীয় প্রশ্নে। বলেছেন, জান্নাতে যাওয়ার শর্ত কি মাদ্রাসায় ভর্তি হওয়া? কেউ তা বলেনি। শিক্ষার্থীটি একটি হাদিস উদ্ধৃত করে বলেন, “তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম”। যতটুকু না জানলে দুনিয়া ও আখিরাতের কাজ চলে না, ততটুকুই ফরজ। ঘুষ না খাওয়া এক পুলিশ কর্মকর্তা, জিনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এক সরকারি চাকরিজীবী কি কম মুসলিম? আর আলেমের পোশাক পরে যত হাত ও চোখের জিনা হচ্ছে, সে কথাও তিনিই বলেছেন। অতএব তাঁর সিদ্ধান্ত: আলেম হওয়া ফরজ নয়, মনুষ্যত্ব অর্জন করা ফরজ।
এ জায়গায় আমি তাঁর সঙ্গে একমত, তবে একটা শর্তে। আমি বলব না মাদ্রাসা শিক্ষা মূল্যহীন। আরবি, ফিকহ ও হাদিসের গভীর পাণ্ডিত্য সমাজের প্রয়োজন। মুফতি লাগে, মুহাদ্দিস লাগে, ইসলামিক ফাইন্যান্সের ফকিহ লাগে। কিন্তু সেই পাণ্ডিত্য সবার জন্য একমাত্র পথ নয়।
যে ৭০ লাখ শিশু সেখানে আছে, তাদের প্রত্যেকের আলেম হওয়ার কথা নয়; তাদের প্রত্যেকের মানুষ হওয়ার কথা। আর সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পেছনে মূলত ধর্মীয় বিশ্বাসের চেয়ে বেশি কাজ করে অর্থনীতি— বিনা বেতনে খাওয়া-থাকা, ইউনিফর্ম নেই, পরীক্ষার ফি নেই, কাছেই মসজিদ। দারিদ্র্যের চাপে নেওয়া এ সিদ্ধান্ত ধর্মের নামে ঢেকে রাখা হয়, আর সে জন্য কোনো অভিভাবককে দোষ দেওয়া যায় না। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা।
সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, কওমি শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কথাটা ভালো কিন্তু সত্যিটা হলো ২৫ বছরের যপ তরুণকে গণিত আর ইংরেজি শেখানো হয়নি, তাকে পরে ‘দক্ষতা’ শেখানোর নাম শিক্ষা নয়। প্রশিক্ষণ একটা দক্ষতা যোগ করে মাত্র। গোড়া কেটে পাতায় পানি দেওয়া আরকি।
ধর্মতত্ত্বের আলাপে না ঢকে সোজা আলাপ প্রথমত, প্রতিটি কওমি মাদ্রাসায় দশম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বাধ্যতামূলক করা দরকার রাষ্ট্রীয় অর্থায়নে। দ্বিতীয়ত, শুধু দাওরা নয়, প্রতিটি স্তরে এসএসসি ও এইচএসসি সমমানের সেতু দরকার। তৃতীয়ত, ২০১৮ সালের আইনের প্রতিশ্রুতি কার্যকর করা: নিয়োগবিধিতে সনদকে প্রাসঙ্গিক সব পদে গণনার যোগ্য করা। চতুর্থত, সঠিক জরিপ। কারণ, ২০১৫ সালের পর ব্যানবেইস আর কোনো গণনা করেনি। তখন পাওয়া গিয়েছিল ১৩ হাজার ৯০২টি মাদ্রাসা ও ১৩ লাখ ৯৮ হাজার শিক্ষার্থী।
দরকার, প্রশ্নটা বদলানো। “আমার ছেলে হাফেজ হবে কি আলেম হবে” নয়; প্রশ্নটা হোক “আমার সন্তান ২৫ বছর বয়সে এমন কী কাজ করতে পারবে, যার দাম দুনিয়া দিতে রাজি?” আলেম হওয়া ফরজ নয়; মানুষ হওয়া ফরজ। আর মানুষ হওয়ার জন্য সনদ লাগে না, লাগে পথ। সে পথই আমরা বন্ধ করে রেখেছি।
তরুণটি বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ কথাই বলবেন। -আমরা কতদিন পর্যন্ত বলবো?
__________________________________
লেখক : গবেষক ও লেখক, প্রতিষ্ঠাতা, দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড এপ্লিকেশন
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



