মন্ত্রী-সচিবদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

জাতীয় প্রেসক্লাবের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পূর্ব সমাবেশ থেকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের ভারতীয় দাবিদার বিনা প্রতিরোধে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের বিরুদ্ধে আপত্তি তুলে তাকে তলব করে সতর্ক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে দলটি পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। এসময় দাবি মানতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকে ঘেরাও কর্মসূচি পালনকালে মন্ত্রণালয়ে একটি লিখিত দাবিনামা জমা দেওয়া হয়।
এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আহ্বান জানিয়ে বলা হয়েছে, “অপতৎপরতা বন্ধ না হলে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হবে মর্মে হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে তলব করে সতর্ক করুন। ভারতের সঙ্গে সম্পাদিত সব অধীনতামূলক চুক্তি, প্রটোকল, সমঝোতা স্মারক ও অন্যান্য বোঝাপড়ার পূর্ণ তালিকা জনসমক্ষে প্রকাশ ও বাতিল করুন।বাংলাদেশের প্রকৃত চাহিদা ও শুষ্ক মৌসুমের বাস্তবতার ভিত্তিতে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন এবং তিস্তাসহ অন্যান্য অভিন্ন আন্তর্জাতিক নদীর পানিবণ্টন চুক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চূড়ান্ত করুন।
দাবিনামায় বলা হয়েছে, সব প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, অহস্তক্ষেপ ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে সম্পর্ক পরিচালনা করতে হবে। প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের বিনিময়ে হতে পারবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দাবিনামা নিয়ে যান জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমেদ ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কার্যালয়ে নেই জানিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা লিখিত দাবিনামা গ্রহণ করেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পূর্ব সমাবেশ থেকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের ভারতীয় দাবিদার বিনা প্রতিরোধে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
ভারতীয় হাইকমিশনারের অপতৎপরতা বন্ধের দাবি তুলে খোমেনী ইহসান বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী একজন কূটনীতিকের কাজ কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকা। একইসঙ্গে আয়োজক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অথচ কূটনীতিকের ভূমিকার বদলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে প্রবেশ করছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার এমন চলাফেরা একটি সার্বভৌম রাষ্ট্রের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি। এছাড়া ভারত সরকারের আশ্রয়ে থাকা জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মতো ফ্যাসিস্টদের বাংলাদেশের কাছে প্রত্যর্পণ না করে প্রতিনিয়ত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে দৃশ্যমান হচ্ছেন তিনি। এটি আমাদের উপহাস ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সার্বভৌম। এ দেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখানে কোনোভাবেই ভারতীয় আধিপত্যবাদ বরদাশত করা হবে না। বিনা প্রতিরোধে এসব মেনে নেওয়া হবে না। জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারবদ্ধ একটি রাজনৈতিক দল। আমরা যদি একজনও হই, তাহলে একজনের রক্ত দিয়ে হলেও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ করবো।
ভারতীয়দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খোমেনী বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশে অনেক তাঁবেদারি হয়েছে। ভারতীর রাষ্ট্রদূতরা এখানে ভাইসরয়ের ভূমিকা পালন করেছেন। কিন্তু এখন প্রতিরোধ ও প্রতিহত করার সময়। সরকারের মন্ত্রীরা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মিলে যতই পিরিত করুক না কেন, আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে এসব প্রতিহত করবো। এটি স্বাধীন রাষ্ট্র। ভারতের কোনো রাজ্য নয়।
সমাবেশে আরও বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শওকত আমীন, মহাসচিব মাওলানা আবদুল করিম, প্যান ইসলামী মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, আগ্রাসন ও দুর্নীতি প্রতিরোধ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট মাঈন উদ্দীন, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্যসচিব আব্দুস সালাম ও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান মো. আবদুল জব্বার, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা.নাবিল আহমদ, সদস্য মো. সাইদুল ইসলাম ও সাকিব সামিন, শাহ নাজমুল হাসান ফেরদৌস, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



