আওয়ামী লীগ আমলে জ্বালানিতে কী হয়েছে, তথ্যমন্ত্রী কি ঠিক বলছেন?


গ্রাফিক্স, ঢাকা পেপারস
সাগরের তেল-গ্যাস অনুসন্ধান যতটা না কারিগরি বা বিনিয়োগের সমস্যা, তার চেয়ে বড় এটি একটি ভূ-কৌশলগত ও বৈশ্বিক রাজনীতির খেলা।
দেশে প্রায় ৩০ বছরের গ্যাসের মজুত থাকলেও তা উত্তোলনে আওয়ামী লীগ সরকার যথেষ্ট চেষ্টা করেনি। তবে তারা একটি উল্লেখযোগ্য কাজ করেছে, সেটি হলো টুডি ও থ্রিডি সাইসমিক জরিপ পরিচালনা।
সাগরে মিয়ানমারের সীমান্তবর্তী ১২ নম্বর ব্লকে গ্যাসের নিশ্চিত উপস্থিতি মিলেছিল। এই ব্লকটি ইজারা দেওয়া হয়েছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানি পসকো দাইয়ুকে। কিন্তু তারা চুক্তির বাইরে গ্যাসের বাড়তি দাম দাবি করায় সরকার তা মেনে নেয়নি, ফলে কোম্পানিটি দেশ ছাড়ে। মূলত পসকো দাইয়ু গ্যাস উত্তোলনের চেয়ে ১২ নম্বর ব্লকের সম্ভাবনা যাচাইয়ে বেশি আগ্রহী ছিল। কারণ প্রতিষ্ঠানটি মিয়ানমারের শোয়ে গ্যাস ফিল্ড থেকে গ্যাস তুলে পাইপলাইনে চীনে সরবরাহ করছে। এই শোয়ে ফিল্ডটি বাংলাদেশের ১২ নম্বর ব্লকের সাথেই মিশে আছে। সেখানে ৯ টিসিএফের বেশি গ্যাস পাওয়া গেছে, যা দিয়ে গোটা বাংলাদেশের ৯ বছরের বেশি চাহিদা মেটানো সম্ভব।
অনেকেই তখন ধারণা করেছিলেন যে পসকো দাইয়ু শেষ পর্যন্ত গ্যাস তুলবে না এবং এ নিয়ে লেখালিখিও হয়েছিল। সরকার সেই সতর্কতা আমলে না নিয়ে তাদেরই দায়িত্ব দেয়। জরিপ শেষে প্রতিষ্ঠানটি ৬টির মতো গ্যাসের স্তরের (ট্রেস) তথ্য দিয়ে বাড়তি অর্থ দাবি করে। সরকার রাজি না হওয়ায় তারা চলে যায়। তবে তারা আসলে কী পরিমাণ গ্যাস পেয়েছিল, তার বিস্তারিত তথ্য সরকারের কাছে পুরোপুরি প্রকাশ করেনি। কারণ, মিয়ানমারের ওপার থেকে গ্যাস তোলাই তাদের জন্য বেশি লাভজনক। সেখানে তাদের অবকাঠামো ও চীনের কাছে চড়া দামে বিক্রির নিশ্চিত ব্যবস্থা আছে; তাই এপার থেকে গ্যাস তোলার ব্যাপারে তাদের আগ্রহ কম ছিল।
সাগরের তেল-গ্যাস অনুসন্ধান যতটা না কারিগরি বা বিনিয়োগের সমস্যা, তার চেয়ে বড় এটি একটি ভূ-কৌশলগত ও বৈশ্বিক রাজনীতির খেলা। সমুদ্রভাগ থেকে গ্যাস উত্তোলনের ওপর নির্ভর করে অনেক সময় সরকারের ক্ষমতায় থাকা না থাকা। কোনো পরাশক্তি নাখোশ হলে সরকারের পতন ঘটতে পারে—এমন ভয়ও কাজ করে। ফলে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত সাগরের গ্যাস উত্তোলনে স্থবিরতা কাটার সম্ভাবনা কম।
কুমিল্লার বাঙুরার গ্যাস কি ভারত তুলছে?
সাগরভাগের মতো একই ঘটনা ঘটেছে কুমিল্লার বাঙুরায় (৯ নম্বর ব্লক)। এখান থেকে বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক ক্রিসএনার্জি গ্যাস উত্তোলন করছে। এই ফিল্ডে এ পর্যন্ত ৫টি উৎপাদন কূপ খনন করা হয়েছে।
বাঙুরা গ্যাস ক্ষেত্রের মাত্র ১০ থেকে ১২ কিলোমিটারের মধ্যে ভারতের ত্রিপুরা সীমান্তে ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ওএনজিসি গ্যাস তুলছে। ভৌগোলিকভাবে এটি একই মাটির নিচের কাঠামো। পার্থক্য হলো, বাংলাদেশ অংশে কূপ মাত্র ৫টি, অথচ ভারতের সোনামুড়া ও কোনাবন এলাকায় ওএনজিসি প্রায় ২৫টি কূপ খনন করেছে।
বাংলাদেশ এই ফিল্ড থেকে দৈনিক মাত্র ৮ কোটি ঘনফুট গ্যাস পায়, যেখানে ভারত একই এলাকা থেকে তুলছে ১৪ কোটি ঘনফুট। তাদের উত্তোলিত এই গ্যাস ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়, যেখান থেকে বাংলাদেশ আবার চড়া দামে বিদ্যুৎ আমদানি করে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্ত এলাকার এই গ্যাস মূলত একই উৎস থেকে আসছে। ওএনজিসি তাদের অংশে অনেক বেশি কূপ খনন করে বেশি গ্যাস তুলে নিচ্ছে—এ নিয়ে বারবার সতর্ক করা হলেও বিগত সরকার গুরুত্ব দেয়নি। ফলে আমাদের কূপের সংখ্যা বাড়েনি। এই ফিল্ডে দ্রুত নতুন কূপ খনন করা না হলে ভারত আমাদের অংশের গ্যাসও টেনে নিয়ে যাবে, আর আমাদের তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে চলতে হবে, যা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
স্থলভাগের পরিস্থিতি
৯ নম্বর ব্লক বা পুরনো সুরমা বেসিন অঞ্চলে নতুন গ্যাস পাওয়ার সম্ভাবনা কমছে, কারণ এই রিজার্ভ আমরা ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহার করছি। এখন এখানে গ্যাস পেতে হলে গভীর খনন (Deep Drilling) প্রয়োজন, যা ব্যয়বহুল এবং সাফল্যের সম্ভাবনাও তুলনামূলক কম।
তবে সুনামগঞ্জ ও নেত্রকোনার ‘সুনেত্র’ এলাকায় ভালো মজুত আছে। দুর্ভাগ্যবশত, সেখানে একটি কূপ খনন করে সফল না হওয়ায় আর চেষ্টা করা হয়নি। সঠিক সমন্বয় না হলে নিশ্চিত মজুত থাকার পরও কূপ পরিত্যক্ত হতে পারে। ভূতাত্ত্বিকদের মতে, সুনেত্রতে ৪ থেকে ৫ টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, যা বাংলাদেশের অন্তত ৫ বছরের অভ্যন্তরীণ চাহিদার সমান।
পুরনো বনাম নতুন অঞ্চল
স্বাধীনতার আগে থেকেই সিলেট ও ত্রিপুরার উঁচু-নিচু টিলার নিচে (যাকে ভূতাত্ত্বিকভাবে ‘ঊর্ধ্বভাঁজ’ বা এন্টিক্লাইন বলা হয়) গ্যাস আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের ৯৮ শতাংশ গ্যাসই এই সুরমা বেসিনের কাঠামো থেকে পাওয়া। এখানকার বিবিয়ানা ও তিতাস ফিল্ডকে ‘জায়ান্ট’ বলা হয়। তবে এই পুরনো কাঠামোর ৭৫ শতাংশ গ্যাস ইতিমধ্যে তোলা হয়ে গেছে।
বর্তমানে ভোলাতে যে গ্যাস পাওয়া যাচ্ছে, তা সম্পূর্ণ ভিন্ন ও নতুন ধরনের কাঠামো, যাকে বলা হয় ‘স্ট্রাটিগ্রাফিক ট্র্যাপ’। মানচিত্র অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ভোলা বেল্টে প্রায় ১৯ টিসিএফ সম্ভাব্য গ্যাস থাকতে পারে। ভূতাত্ত্বিকদের মতে, ভোলা থেকে শুরু করে মেহেন্দীগঞ্জ হয়ে এই বেল্টটি উত্তর-পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বিস্তৃত।
এই একই ধরনের কাঠামোতে ভারতের পশ্চিমবঙ্গেও গ্যাস পাওয়া গেছে। তাই ভোলা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এলাকায় গ্যাস না পাওয়াটা অস্বাভাবিক। ইতিপূর্বে এই অঞ্চলে বড় কোনো অনুসন্ধান না হলেও আধুনিক জরিপে গ্যাসের নিশ্চিত চিহ্ন পাওয়া গেছে।
অনুসন্ধান পরিস্থিতির তুলনামূলক চিত্র
বাংলাদেশের গ্যাস সংকট বুঝতে নিচের তথ্যটি যথেষ্ট:
• ত্রিপুরা (ভারত): আয়তন ১০,৪৮৬ বর্গ কিমি, কূপ খনন করেছে ২২৫টি।
• বাংলাদেশ: আয়তন ১৪৭,৫৭০ বর্গ কিমি, কূপ খনন করেছে মাত্র ১১০টি।
বিশাল আয়তন হওয়া সত্ত্বেও বাংলাদেশ তার ভূমি খুঁড়ে দেখেনি। পর্যাপ্ত কূপ খনন করা হলে আজকের এই তীব্র গ্যাস সংকট তৈরি হতো না।
গত ২০ এপ্রিল বরিশালের আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন যথার্থই বলেছেন যে, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও আওয়ামী লীগ সরকার তা উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। টানা ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ঝুঁকেছে, যার ফলে আজকের এই সংকট। তারা তেল-গ্যাস উত্তোলনে যতটা না সক্রিয় ছিল, তার চেয়ে বেশি ছিল আমদানিতে মনোযোগী।
__
লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



