বাংলার প্রাণের উৎসব বৈশাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ২:০০পরিবর্তন করতে ক্লিক করুন
বাংলার প্রাণের উৎসব বৈশাখ

বৈশাখী শোভাযাত্রা, ফাইল ফটো

শেয়ার করুন:

এক বছরের দেনা-পাওনা চুকিয়ে ‘হালখাতা’ খোলার মাধ্যমে নতুন করে পথচলার এই সংস্কৃতি শত শত বছর ধরে টিকে আছে।

বাংলাদেশ ছয় ঋতুর বৈচিত্র্যে সমৃদ্ধ এক জনপদ। গ্রীষ্মের তপ্ত দহন থেকে শুরু করে বর্ষার সজল ধারা, শরতের শুভ্রতা, হেমন্তের নবান্ন, শীতের রিক্ততা আর বসন্তের সজীবতা—এই পরিক্রমাই আমাদের আনন্দ ও শক্তির উৎস। প্রতি বছর পহেলা বৈশাখে যখন নতুন বছরের সূর্য উদিত হয়, তখন বাঙালি মেতে ওঠে প্রাণের উৎসবে। তবে মাঝেমধ্যে মনে হতে পারে, বছরের শুরুটা যদি খরতপ্ত গ্রীষ্মে না হয়ে আরামদায়ক শীতের প্রথম দিন তথা পহেলা পৌষ হতো, তবে উৎসবের আমেজ হয়তো আরও স্বস্তিদায়ক হতো। কিন্তু ক্যালেন্ডারের এই হিসাবের পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, বিজ্ঞান এবং সামাজিক বিবর্তনের কাহিনী।

 

ইতিহাস বলছে, প্রাচীন বাংলায় সময়ের হিসাব আজকের মতো ছিল না। আড়াই হাজার বছর আগে কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ গ্রন্থে ঋতু বিভাজনের এক ভিন্ন চিত্র পাওয়া যায়। সেখানে শ্রাবণ ও ভাদ্র মাসকে বর্ষা, আশ্বিন ও কার্তিককে শরৎ, অগ্রহায়ণ ও পৌষকে হেমন্ত, মাঘ ও ফাল্গুনকে শিশির বা শীত, চৈত্র ও বৈশাখকে বসন্ত এবং জ্যৈষ্ঠ ও আষাঢ়কে গ্রীষ্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সময় বছর শুরু হতো আষাঢ় মাসের পূর্ণিমায় এবং বছরের মোট দিন ধরা হতো ৩৫৪ দিন। অর্থাৎ আজকের সুসংগঠিত সৌর বর্ষের হিসাব তখন ছিল না।

 

মোগল শাসনামলে খাজনা আদায়ের সুবিধার্থে বর্ষপঞ্জিতে আমূল পরিবর্তন আনা হয়। মূলত চান্দ্র বর্ষের সঙ্গে ফসলি মৌসুমের অসামঞ্জস্য দূর করতেই সম্রাট আকবরের নির্দেশে অনেক গবেষণার পর সৌর বর্ষের প্রবর্তন হয়। সেই থেকেই আমরা পাই ছয় ঋতু ও বারো মাসের এই সুসংগঠিত আধুনিক হিসাব। এই জনপদে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ কেবল পঞ্জিকার পাতা বদল নয়, বরং জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

এক বছরের দেনা-পাওনা চুকিয়ে ‘হালখাতা’ খোলার মাধ্যমে নতুন করে পথচলার এই সংস্কৃতি শত শত বছর ধরে টিকে আছে।

গত কয়েক দশকে বাংলা নববর্ষের উৎসব কেবল গ্রামবাংলার মেলা বা হালখাতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি এখন শহরের যান্ত্রিক জীবনেও এক বিশাল সাংস্কৃতিক জোয়ার নিয়ে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উৎসব কেবল বাঙালির নয়। পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠির বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, চাংক্রান উৎসবও এই সময়েরই উদযাপন। ফলে বাংলা নববর্ষ আজ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় ও সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

 

এখানে ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের কোনো ভেদাভেদ নেই। অন্যান্য উৎসবের তুলনায় এর ব্যয়ভার কম হওয়ায় শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিশু-বৃদ্ধ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে সবচাইতে বেশি।

 

পহেলা বৈশাখ নিয়ে ঘৃণ্য রাজনীতির বিষয়ে অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদ বলেন, ‘এই প্রধান জাতীয় উৎসবকে কাটাছেড়া করা, তাকে সীমিত করা, উৎসবের বিপক্ষে ভয়-অপবাদ-মিথ্যাচারের সব অপচেষ্টা প্রত্যাখ্যান করতে হবে।’

 

তিনি বলেন, ‘আর এসব আনন্দ- স্বস্তি- শেকড় বিদ্বেষী গোষ্ঠীর অপতৎপরতায় কাবু হয়ে বছর বছর বিভিন্ন সরকার নিরাপত্তার নামে নানাবিধ বিধিনিষেধ আরোপ করতে চেষ্টা করে। এগুলো সব মানার দরকার নাই।’

 

‘পরিচয় বিশ্বাস যার যার। উৎসব সবার,’ যোগ করেন তিনি।

পহেলা বৈশাখ আমাদের শেকড়ের সন্ধান দেয়। এটি এমন এক সৃজনশীলতার প্রকাশ, যা শোষণ, বৈষম্য এবং সংকীর্ণতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়। তবে এই প্রাণবন্ত উৎসবের বিরুদ্ধে সব সময়ই মৌলবাদী গোষ্ঠী অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। যাদের মনে ভিন্নমতের প্রতি বিদ্বেষ এবং মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ উদযাপনের প্রতি ঘৃণা রয়েছে, তারা নানাভাবে এই উৎসবকে বিতর্কিত বা সীমিত করতে চায়। মাঝেমধ্যে নিরাপত্তার অজুহাতে সরকারি বিধিনিষেধও উৎসবের রঙকে ম্লান করার চেষ্টা করে। কিন্তু গণমানুষের এই প্রাণের উৎসবকে কোনো কৃত্রিম ভয় বা অপবাদ দিয়ে রুখে দেওয়া সম্ভব নয়।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: