সেনা মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী: দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা, খেলেন সেনাসদস্যদের সাথে মাটিতে বসে  

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২০পরিবর্তন করতে ক্লিক করুন
সেনা মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী: দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা, খেলেন সেনাসদস্যদের সাথে মাটিতে বসে   

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে অ্যান্টি-ড্রোন ব্যবস্থা দেখেন। ছবি: পিএমও

শেয়ার করুন:

মহড়ার একপর্যায়ে শত্রুপক্ষের ড্রোন আকাশে শনাক্ত করে তা মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় ও ধ্বংস করতে সক্ষম অত্যাধুনিক একটি অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তি কীভাবে কাজ করবে, সে সম্পর্কেও সেনা কর্মকর্তারা তাঁকে সম্যক ব্রিফ করেন।

 

বিস্তীর্ণ জঙ্গল। তার মাঝেই শত্রুপক্ষ মোকাবিলায় দুর্ভেদ্য কৌশল নিয়ে বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করছেন সেনাসদস্যরা। পায়ে হেঁটে এই গহিন জঙ্গল ঘুরে সেনাসদস্যদের সেই রোমাঞ্চকর প্রশিক্ষণ মহড়া ও রণপ্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেখলেন সামরিক বাহিনীর অত্যাধুনিক ‘অ্যান্টি-ড্রোন’ বা ড্রোনবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমও।

 

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান এই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়ায় গতকাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শুধু মহড়াই দেখেননি, বরং আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে সামরিক কায়দায় তৈরি করা খাবারও খেয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গম ও ঘন জঙ্গলে সেনাসদস্যদের কৌশলগত অবস্থান গ্রহণ এবং চলাচল গভীরভাবে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁকে সেনাবাহিনীর যুদ্ধকালীন সক্ষমতা ও প্রস্তুতির নানা দিক সম্পর্কে বিস্তারিত জানান।

 

 

অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম পর্যবেক্ষণ

 

আধুনিক সমরে ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের হুমকি মোকাবিলার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে সামরিক বাহিনী। মহড়ার একপর্যায়ে শত্রুপক্ষের ড্রোন আকাশে শনাক্ত করে তা মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় ও ধ্বংস করতে সক্ষম অত্যাধুনিক একটি অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তি কীভাবে কাজ করবে, সে সম্পর্কেও সেনা কর্মকর্তারা তাঁকে সম্যক ব্রিফ করেন।

 

মাটিতে বসে আহার এবং শৈশবের স্মৃতিচারণ

 

পরিদর্শনের ফাঁকে জঙ্গলের ভেতর দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছে টেনে নেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক প্রটোকলের তোয়াক্কা না করে মাটিতে বসে পড়েন তাদের সাথে; শোনেন সেনাসদস্যদের মাঠপর্যায়ের কঠিন অভিজ্ঞতার কথা। পরে সামরিক নিয়মে বিশেষ উপায়ে (কৌটার মধ্যে মোম জ্বালিয়ে) রান্নাকৃত গরম খাবার সেনা সদস্যদের সাথেই খান প্রধানমন্ত্রী। সাধারণ সেই মেন্যুতে ছিল ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি।

নিজে সেনা পরিবারের সন্তান হওয়ায় এমন সামরিক আবহের সাথে যে তিনি বেশ পরিচিত, সে কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, সেনাসদস্যদের কাছাকাছি এলেই শৈশবের ফেলে আসা স্মৃতি তাঁকে প্রবলভাবে টানে।

 

‘আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে’

 

মহড়ায় অংশ নেওয়া সেনা জওয়ানদের পেশাদারত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশের অখণ্ডতা রক্ষায় বাহিনীর ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, "স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের অটুট আস্থা রয়েছে। যেকোনো জাতীয় সংকট মোকাবিলা থেকে শুরু করে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার নিজেদের পেশাদারত্ব ও দেশপ্রেম প্রমাণ করেছে।"

 

বাহিনীর সদস্যদের এই ত্যাগ ও দক্ষতা সাধারণ মানুষের মনে বিশেষ এক মর্যাদার আসন তৈরি করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সেই ভরসার মর্যাদা ধরে রাখতে আগামীতেও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে সামরিক বাহিনীর সর্বোচ্চ সক্ষমতা বজায় রাখতে হবে। বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও উৎকর্ষ সাধনে সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সামরিক মহড়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: