কেন ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফ?
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
এছাড়া ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ এখন তারা উন্নত মানের বীজ, সার বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করার সুযোগ পাবেন।
দেশের কৃষি খাতের উন্নয়ন ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা লাঘব করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের ক্ষুদ্র ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছে। মূলত দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি ও বেসরকারি বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের পাওনা ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এই মওকুফের আওতায় আসবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবেন। ঋণের দায় থেকে মুক্তি পাওয়ার ফলে কৃষকদের মধ্যে নতুন কর্মস্পৃহা তৈরি হবে, যা জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়া ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ এখন তারা উন্নত মানের বীজ, সার বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করার সুযোগ পাবেন।
এই ঋন মওকুফের ফলে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণমান উন্নত হবে, যার ফলে তারা ভবিষ্যতে ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। এতে করে কৃষকদের আর স্থানীয় মহাজনদের উচ্চ সুদের ফাঁদে পড়তে হবে না। কৃষি ও মৎস্য খাতে এই বড় ধরনের প্রণোদনা জাতীয় উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমিয়ে আনবে।
এর ফলে গ্রাম থেকে শহরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে মূল্যস্ফীতি হ্রাসের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ইতোপূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯১-৯৬ মেয়াদকালে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল। বর্তমান সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত এই বর্ধিত সীমা প্রান্তিক চাষীদের ভাগ্যোন্নয়নে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা রাখবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



