ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প: মিমাংসিত বিষয় নতুন করে আলোচনায়, কার স্বার্থে?


ফুলবাড়ী কয়লা খনি প্রকল্পে উন্মুক্ত খনন পদ্ধতির ভয়াবহ পরিবেশগত বিপর্যয়, ২০০৬ সালের প্রতিরোধ আন্দোলন এবং নতুন করে প্রকল্প চালুর নেপথ্য কারণ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
আজ থেকে কুড়ি বছর আগে আজকের দিনে; ’আমার মাটি আমার মা, খনি হতে দেবো না’, ’খনিজ সম্পদের মালিকানা, জনগণ ছাড়বে না’, ’তোমার বাড়ি আমার বাড়ি, ফুলবাড়ী ফুলবাড়ী’, ‘উন্মুক্ত খনি না, রপ্তানি না, বিদেশি না’ ইত্যাদি শ্লোগানে দিনাজপুরের ফুলবাড়ী মুখোরিত করেছিলেন ৫০ থেকে ৬০ হাজার মানুষ। সেখানে কেবল প্রস্তাবিত কয়লা খনি এলাকার মানুষ নন, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, রংপুর, নীলফামারী, কুড়িগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে দেশপ্রেমিক সচেতন মানুষ যোগ দিয়েছিলেন সমাবেশে। স্থানীয় ও জাতীয় স্বার্থবিরোধী একটি অন্যায় প্রকল্প বান্ধ করবার দাবি নিয়ে জড়ো হয়েছিলেন তাঁরা।
শান্তিপূর্ণ সমাবেশ শেষের দিকে হঠাৎ হামলে পড়লো, গুলি চালালো সশস্ত্র বিডিআর (বর্তমানে বিজিবি) ও পুলিশ সদস্যরা। মুহুর্মূহু গুলি, টিয়ার শেল ও লাঠি চার্জে শহীদ হন তিন কিশোর-তরুণ, তরিকুল, সালেকিন ও আমিন। মারাত্মক আহত হন দুই শতাধিক, যাঁদের মধ্যে বেশ কয়েকজন স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন। এতে উত্তরবঙ্গসহ গোটা দেশর মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে। ৩০ আগস্ট ২০০৬ তারিখে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার আন্দোলনের নেতৃত্বের সাথে ছয়দফা চুক্তি করতে বাধ্য হয়। চুক্তির মূল শর্তসমূহ ছিলো- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা যাবে না, এশিয়া এনার্জি, বর্তমানে জিসিএম রিসোর্সেস, এর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা, নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন, আন্দোলনকারিদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা এবং হত্যাকান্ডে জড়িতদের বিচার করা।
অত্যন্ত দুঃখের বিষয়, ২০ বছর আগে রাষ্ট্রীয়ভাবে মিমাংসিত একটি বিষয় আবার সামনে আনা হয়েছে। নতুন করে জিসিএম রিসোর্সেস (তৎকালীন এশিয়া এনার্জি) এর প্রস্তাবিত ভয়ঙ্কর প্রকল্প বাস্তাবায়নের পাঁয়তারা শুরু হয়েছে। গত ১৭ আগস্ট অর্থমন্ত্রী ঘোষণা দিলেন, সরকার ফুলবাড়ী কয়লা মজুদসহ অন্যান্য মজুদ থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। তাই সারা দেশ থেকে স্বতঃস্ফুর্তভাবে দলে দলে প্রতিবাদী মানুষ ফুলবাড়ী জড়ো হয়েছেন উন্মুক্ত খনন পদ্ধতির কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে তাঁদের অবস্থান জানান দিতে।
চলুন ফিরে দেখি এশিয়া এনার্জি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প প্রস্তাব কেন ২০ বছর আগে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিলো।
ফুলবাড়ী কয়লা মজুদ ও খনি প্রকল্প
১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার কোম্পানি বিএইচপি দিনাজপুরের ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর ও পার্বতীপুর উপজেলার নিচে ৫৭ কোটি ২০ লক্ষ টনের বিটুমিনাস জাতীয় উন্নত কয়লার মজুদ আবিষ্কার করে। ৪০ থেকে ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই কয়লা মজুদের বিস্তৃতি। ফুলবাড়ী উপজেলার নিচে ৪৫ শতাংশ, নবাবগঞ্জের নিচে ৩৫ শতাংশ, বিরামপুরের নিচে ১৫ শতাংশ এবং পার্বতীপুরের নিচে ৫ শতাংশ কয়লার মজুদ।
প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা ও অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় বিএইচপি ১৯৯৮ সালে প্রস্তাবিত খনি প্রকল্প থেকে সরে দাঁড়ায়। কিন্তু এশিয়া এনার্জি কর্পোরেশন নামে একটি নতুন কোম্পানিকে চুক্তি ও দু’টি লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ থেকে চলে যায় বিএইচপি। এশিয়া এনার্জি বর্তমানে জিসিএম রিসোর্সেস পিএলসি নামে সক্রিয়।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি: একটি ভয়ংকর পরিবেশগত বিপর্যয়
কয়লা নবায়নের অযোগ্য একটি জ্বালানি। মাটির গভীরে হাজার হাজার বছর ধরে গাছপালা ও জীবজন্তু চাপা পড়ে থাকে। এর ফলে বিশেষ চাপ ও তাপে এসব পদার্থ কয়লায় পরিণত হয়। আজ থেকে প্রায় তিন কোটি বছর আগে বাংলার এই কয়লা তৈরি হয়েছিল। বাংলদেশ অংশে এই কয়লা ভূ পৃষ্ঠ থেকে বেশ গভীরে। স্টিল ফ্যাক্টরি এবং বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হিসেবে এই কয়লা ব্যবহৃত হয়। ইটের ভাটায়ও কয়লা ব্যবহৃত হয়।
সাধারনভাবে ভূগর্ভস্থ কয়লা তোলার দুটি পদ্ধতি বহুল ব্যবহৃত। একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ পদ্ধতি। আরেকটি খোলামুখ বা উন্মুক্ত খনন পদ্ধতি। বিদেশী বহুজাতিক কোম্পানিগুলোর কেউ কেউ আমাদের দেশে খোলামুখ বা উন্মুক্ত খনন পদ্ধতি বেছে নিতে চায়। তাদের চোখে এটি সবচেয়ে লাভজনক এবং সহজ উপায়। কিন্তু উন্মুক্ত পদ্ধতি মূলত এক চরম বিপর্যয়কারী এবং সবচেয়ে ভয়ংকর ব্যবস্থা। বিশেষ করে যখন কয়লার মজুদ অসংখ্য সুপেয়ো পানির স্তরগুলোর নিচে হয়। উন্মুক্ত পদ্ধতির একটি কয়লা খনি প্রকল্প বাংলাদেশেরমত একটি কৃষি প্রধান প্লাবন ভূমির গোটা জনপদ ধ্বংসের কারন হতে পারে।
উন্মুক্ত পদ্ধতিতে মাটির ওপরের সবকিছু সরিয়ে ফেলা হয়। এটি এক নির্মম প্রক্রিয়া। একটি বিস্তীর্ণ জনপদ ও জীববৈচিত্র্য আক্ষরিক অর্থেই উপড়ে ফেলা হয়। প্রস্তাবিত খনি এলাকায় এশিয়া এনার্জি জরিপ করে ৬ ধরনের আলাদা বাস্তুসংস্থানের সন্ধান পায়। সেখানে ৫১২ প্রজাতির নানারকম গাছপালা, ১৫৮ প্রজাতির স্থলচর ও মেরুদণ্ডী প্রাণী এবং ৮৯ প্রজাতির স্বাদুপানির মাছ রয়েছে। এছাড়া হিসাবের বাইরে রয়ে গেছে অজস্র অমেরুদণ্ডী প্রাণী।
ভূ-পৃষ্ঠের সবকিছু উপড়ে ফেলবার পর বিশাল যন্ত্র দিয়ে শুরু হবে মাটি খোঁড়া। এর সাথে যুক্ত হবে মিনিটে ৮ লক্ষ লিটার হারে পানি উত্তোলনের কাজ। যেহেতু ফুলবাড়ি কয়লা মজুদ প্রায় ১০০ মিটার পানির স্তরসমূহের নিচে অবস্থিত, তাই কয়লার স্তর পানিমুক্ত রাখতেই ব্যাপক হারে পানি উত্তোলনের আয়োজন।
উন্মুক্ত খনন পদ্ধতির সবথেকে বড় বিপদটি লুকিয়ে আছে ভূগর্ভস্থ এই পানি ব্যবস্থাপনা মধ্যে।
এশিয়া এনার্জি (জিসিএম) প্রদত্ত তথ্যে-উপাত্ত থেকে জানা যায়, কয়লা উত্তোলনের জন্য ১,০০০ থেকে ১,২০০টি গভীর নলকূপ বসিয়ে অত্যন্ত শক্তিশালী পাম্পের সাহায্যে অব্যাহতভাবে পানি তুলতে হবে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভূ-তত্ব ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিশেষজ্ঞদের বিশ্লেষেণে গোটা উত্তর বঙ্গে এক ভয়াবহ বিপর্যয়ের চিত্র পাওয়া যায়। পানি ও কয়লা উত্তোলন শেষ হবে খনি উন্নয়ন কার্যক্রম শুরু হবার ৩৮ থেকে ৪০ বছর পর।
এরপর যা থাকবে তার চিত্র মোটামুটি এ রকম-
১. খনি এলাকায় প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৫০০ থেকে ১,০০০ ফুট গভীর বিষাক্ত পানির জলাধার থাকবে।
২. খনি নিকটবর্তী ৭টি জেলার প্রায় ৩,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে পানির স্তর যে কোন গভীর নলকূপের আওতারও নিচে নেমে যাবে। ফলে প্রকল্প চলাকালীন সময়েই ওই এলাকায় মরুকরণ শুরু হবে। গোটা অঞ্চল সব ধরনের কৃষি কাজ ও পশুপালনের অনুপযুক্ত হয়ে পড়বে। মানুষ পানযোগ্য পানি পাবে না। ফলে সাধারনভাবে পুরো এলাকা সাধারন মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। বন্ধ হয়ে যাবে সকল ধরনের অর্থনৈতিক কর্মকান্ড।
৩. কয়লা উত্তোলনের প্রয়োজনে কোম্পানি ৩৮ থেকে ৪০ বছর ধরে মিনিটে ৮ লক্ষ লিটার পানি উত্তোলন করবে। কয়লার সংস্পর্শ আসা এই পানি আসপাশের তিনটি নদীসহ প্রায় সকল জলাধার দূষিত করবে। ওই নদীর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বড় নদীর সাথে মিলিত হয়েছে। ফলে সেই দূষণ আরও বৃহত্তর এলাকার পানি ও মাটি দূষণের কারণ হতে পারে।
৪. খনি এলাকার ভূ-গর্ভস্থ পানির স্তর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে ঢালু। ফলে কয়লার সংস্পর্শে আসা ভূ-গর্ভস্থ দূষিত পানি, খনি এলাকা থেকে দক্ষিণে কয়েক হাজার বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়বে। ওই পানি পান করার ফলে সংশ্লিষ্ট জনপদে মহামারি স্থায়ী রূপ নেবে। ওই পানির সেচ ফসল নষ্ট করবে এবং প্রায় সকল ধরনের অর্থনৈতিক কর্মকান্ড অসম্ভব হয়ে পড়বে।
৫. নিয়মিত এসিড বৃষ্টির ঝুঁকি তৈরি হবে। ফলে ফসলহানীসহ পরিবেশ বিপর্যয়ের ব্যাপ্তি উত্তরবঙ্গের বাইরেও বিস্তৃত হবে।
বিজ্ঞান ভিত্তিক এসব বিশ্লেষণের প্রেক্ষিতে তৎকালীন এশিয়া এনার্জি দাবি করে তারা পানি উত্তোলন করে দূবর্তী স্থানে তা আবার ভূগর্ভে প্রবেশ করাবে বা ইঞ্জেক্ট করবে। ফলে মরুকরণের আশংকা থাকবে না। পরিবেশ বিশেষজ্ঞরা এশিয়া এনার্জির এই দাবিকে অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। কয়লার সংস্পর্শে আসা পানি যখন ভূগর্ভস্থ স্তরে ইঞ্জেক্ট করা হবে, তখন বিস্তির্ণ অঞ্চলের পানি দ্রুত দূষণের শিকার হবে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, দিনাজপুর এলাকার মাটির ভূ-গঠন পাহাড়ি মোটা দানার বেলেময়। আর পানির প্রতিটি স্তর পাতলা কাদার স্তর দিয়ে সুরক্ষিত।
একবার পানির স্তর ও কাদার স্তর শুকিয়ে গেলে তা এমনভাবে ফেটে চৌচির হয়ে যাবে, যে পরবর্তীতে যতই বৃষ্টিপাত হোক কিংবা অন্য কোনভাবে সেই স্তরে পানি সরবরাহ করা হোক না কেন, পানিকে ওই স্তরে ধরে রাখা সম্ভব হবে না। ঠিক যে কারনে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হলেও সেখানে ভূ-গর্ভস্থ কোন পানির স্তর খুঁজে পাওয়া যায় না। তাঁদের অভিমত, ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প বাস্তবায়িত হলে প্রকৃতিতে যে বিপর্যয় দেখা দেবে তা নূন্যতম সামলে উঠতে অন্তত ২০০ বছর লাগবে।
এ ধরনের কয়লা খনির আরেক ভয়ংকর বিপদ হলো আগুন। বজ্রপাত থেকে বা দুর্ঘটনাবশত খনিতে কখনো আগুন লাগতে পারে। দীর্ঘ ৪০ বছরে যা ঘটবার সম্ভাবনা ব্যাপক। বিশষ করে বাংলাদেশ বজ্র-বৃষ্টির দেশ। সেখানে কয়েক বর্গকিলোমিটার উন্মুক্ত কয়লা খনিতে বজ্রপাত হওয়া অস্বাভাবিক নয়। একবার কয়লা খনিতে আগুন লাগলে, তা নেভানো এক প্রকার অসম্ভব। আমেরিকার পেনসিলভেনিয়ায় এমনই এক কয়লার খনিতে আগুন ধরে যায়।
১৯৬৭ সালের অগ্নিকান্ডের আগুন আজো নেভেনি। দিনের পর দিন ওই কয়লা জ্বলে এক মারাত্মক ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে চলছে। মানুষ এখন পর্যন্ত এমন কোনো প্রযুক্তি বানায়নি যা দিয়ে এই জ্বলন্ত নরক নেভানো যায়। ফুলবাড়ীর উন্মুক্ত কয়লায় যদি আগুন লাগে, হাজার বছর ধরে শুধু আমাদের এলাকা পুড়তেই থাকবে। চূড়ান্ত প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ।
এ সব নির্মম বাস্তবতা বুঝেই তৎকালীন এশিয়া এনার্জি প্রস্তাবিত ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প আজ থেকে দুই দশক আগেই প্রত্যাখ্যান করেছিলেন এ দেশের মানুষ। সেখানে ছিলেন কিশোর-কিশোরী, নারী-পূরুষ, আদিবাসী-বাঙালী, সমতল থেকে পাহাড়ের অসংখ্য মানুষ। সেই স্মৃতির ওপর দাঁড়িয়ে দুই দশক পর ফুলবাড়ীসহ অন্যান্য কয়লা মজুদ উন্মুক্ত খনন পদ্ধতিতে উত্তোলন করার সিদ্ধান্ত নিচ্ছে সেই বিএনপি সরকার। এই সিদ্ধান্ত সরকার কতটা বাস্তবায়ন করতে পারবে তা নির্ভর করে মানুষের প্রতিরোধের মান মাত্রার ওপর। তবে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর ঘোষণার একটি তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেখা যায় লন্ডন স্টক মার্কেটে, যেখানে জিসিএম রিসোর্সেস তালিকাবদ্ধ। ঘোষণার দিনই জিসিএম- এর শেয়ার মূল্য রেকর্ড ১০৪.১০% বৃদ্ধি পায়।
লেখক
যুগ্ম সম্পাদক, ঢাকা পেপার্স
যোগাযোগ: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



