পদ্মা ব্যারাজ: পানির অধিকার আদায় ও নদী প্রবাহ ফেরানোর  চ্যালেঞ্জ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
পদ্মা ব্যারাজ: পানির অধিকার আদায় ও নদী প্রবাহ ফেরানোর  চ্যালেঞ্জ

স্কেচ: এআই

শেয়ার করুন:

"মেগাপ্রকল্পের নামে জনবিচ্ছিন্ন উন্নয়ন নীতি অবলম্বন না করে দেশজুড়ে এই বিষয়ে আলোচনা হোক, বিশেষজ্ঞরা কথা বলুক, এমন অন্য দৃষ্টান্তগুলোর ভালোমন্দ তুলে ধরা হোক, তারপর এই সিদ্ধান্ত নেয়া হোক।" 

দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের বহু নদী কয়েক দশক ধরে পানিশূন্যতা, নাব্য সংকট ও লবণাক্ততার চাপে ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে। শুষ্ক মৌসুমে অনেক নদী কার্যত খালে পরিণত হয়। এর প্রভাব পড়ে কৃষি, মৎস্য, পরিবেশ ও মানুষের জীবনযাত্রায়। এই বাস্তবতায় হিসনা-মাথাভাঙ্গা, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীর পানিপ্রবাহ পুনরুজ্জীবনের পরিকল্পনা নতুন করে আলোচনায় এসেছে।


তবে আলাপ-আলোচনা, বিশেষজ্ঞ মতামত ও কার্যকর নকশার প্রশ্নে এই মেগা প্রকল্প  নিয়ে বেশ কিছু সংশয়ও রয়েছে। 


সরকার বলছে, ব্যারাজের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করা গেলে শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক পানি সরবরাহ সম্ভব হবে। 


প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এর মাধ্যমে যশোর, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পিরোজপুরসহ বিস্তীর্ণ এলাকায় প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া যাবে।


কৃষিনির্ভর বাংলাদেশের জন্য এই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে কৃষি খাত বাড়তি চাপের মুখে পড়েছে।


বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে সেচ সংকট প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

প্রকল্প কর্মকর্তাদের দাবি, এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশে বছরে অতিরিক্ত প্রায় ২৪ লাখ টন ধান এবং সোয়া দুই লাখ টন মাছ উৎপাদন সম্ভব হবে। একইসঙ্গে নদীতীরবর্তী এলাকার জীববৈচিত্র্য রক্ষা ও মানুষের জীবনমান উন্নত হবে।


বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদমন্ত্রী  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই ।" 


তবে পদ্মার উজানে ভারত থাকায় মন্ত্রীর এমন একপেশে বক্তব্যে প্রকল্প পরিকল্পনা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। 


লেখক ও গবেষক সুবাইল বিন আলম মনে করেন, পদ্মা ব্যারেজ হলে বাংলাদেশ অল্প পানির সর্বোচ্চ ব্যবহার করতে পারবে। 


তিনি বলেন, " ভুল ডিজাইন বা সমীক্ষাতে কাজ হলে এটা দেশের সম্পদ না হয়ে বারডেন হতে পারে। মেগা প্রজেক্ট আর নিজেও কন্সালটেন্সী করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ডিজাইন লেভেলে বিদেশি কম্পানীগুলো দেশের কাউকে ইনভলভ করতে চায় না। এখানে ওদের সাথে দেশি স্পেশালিস্ট থাকতে হবে।"


লেখক ও গবেষক ফিরোজ আহমেদ বলেন, "পানির সমতা আদায় করতে পারলে পদ্মা ব্যারেজের কোন প্রয়োজন থাকে না।"


"কিন্তু পানির অধিকার আদায় করতে না করতে পারলে সম্ভাব্য 'অনুপস্থিত পানি' নিয়ে পদ্মা ব্যারাজ করার আগে জাতির কাছে অনুরোধ থাকবে, দুর্নীতি পরায়ন সরকারের কতখানি লাভজনক হবে, তা ভালো করেই বুঝতে হবে," যোগ করেন তিনি। 


ফিরোজ আহমেদ বলেন,  "মেগাপ্রকল্পের নামে জনবিচ্ছিন্ন উন্নয়ন নীতি অবলম্বন না করে দেশজুড়ে এই বিষয়ে আলোচনা হোক, বিশেষজ্ঞরা কথা বলুক, এমন অন্য দৃষ্টান্তগুলোর ভালোমন্দ তুলে ধরা হোক, তারপর এই সিদ্ধান্ত নেয়া হোক।" 


এছাড়া বিশেষজ্ঞ পর্যায়ে এত বড় অবকাঠামোগত প্রকল্পের ক্ষেত্রে বাস্তবায়ন সক্ষমতা, ব্যয়, পরিবেশগত প্রভাব ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নও উঠছে।

নদী বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, শুধু ব্যারাজ নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নদীর স্বাভাবিক প্রবাহ, পলি ব্যবস্থাপনা ও আন্তঃনদী সংযোগ ঠিক রাখতে না পারলে ভবিষ্যতে নতুন সংকটও তৈরি হতে পারে। 


কারণ দক্ষিণ এশিয়ায় বহু নদী প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে, পরিকল্পনা অনুযায়ী পানিপ্রবাহ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

তবে বাস্তবতা হলো, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির সংকট এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি অর্থনীতি ও জনজীবনের বড় চ্যালেঞ্জ। কৃষি উৎপাদন ধরে রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বড় ধরনের পানি ব্যবস্থাপনা প্রকল্পের বিকল্পও কমে আসছে।


এই প্রেক্ষাপটে পদ্মা ব্যারাজভিত্তিক নদী পুনরুজ্জীবন পরিকল্পনা শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং দেশের পানি রাজনীতি ও ভবিষ্যৎ কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ পরীক্ষাও হয়ে উঠতে পারে। সফল বাস্তবায়ন হলে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি বদলে দিতে পারে। আর ব্যর্থ হলে, বাড়তে পারে পরিবেশগত ও আর্থিক ঝুঁকি।


অন্যদিকে, পানিসম্পদমন্ত্রী  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মনে করেন, এই ব্যারেজে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। 


"এই পদ্মা ব্যারাজ করার মাধ্যমে সর্বোচ্চ সুবিধাটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো, সেটা কৃষিখাতে হোক, সুন্দরবনের জন্য হোক," বলেন মন্ত্রী।


তিনি জানান, সরকার পক্ষ মনে করছে, প্রকল্পের সফলতায় শুধু কৃষি নয়, এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে দেশের পরিবেশ ও অর্থনীতির বড় হিসাবও।দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিস্তার ক্রমেই বাড়ছে। ফলে সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে, কমছে ফসল উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। নদীতে স্বাভাবিক প্রবাহ ফিরলে এই চাপ কিছুটা কমতে পারে।


বিশেষ করে সুন্দরবনের জন্য মিঠাপানির প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে পরিবেশবিদরা বলে আসছেন, উজানের পানিপ্রবাহ কমে যাওয়ায় সুন্দরবনের প্রতিবেশ ঝুঁকির মুখে পড়ছে। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।


এ ছাড়া গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প, উত্তর রাজশাহী সেচ প্রকল্প, গোদাগাড়ী পাম্প হাউস এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও প্রকল্পের বড় দিক হিসেবে দেখা হচ্ছে। 


অর্থাৎ এটি শুধু নদী পুনরুজ্জীবনের প্রকল্প নয়; বরং কৃষি, বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক অর্থনীতিকে ঘিরে একটি সমন্বিত পরিকল্পনা।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই প্রকল্প থেকে বছরে প্রায় আট হাজার কোটি টাকার আর্থ-সামাজিক সুবিধা পাওয়া যেতে পারে। 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: