পুরান ঢাকার মানুষের পানির ভোগান্তির শেষ হলো না

নূজিয়া হাসিন রাশা
নূজিয়া হাসিন রাশা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৮:০২পরিবর্তন করতে ক্লিক করুন
পুরান ঢাকার মানুষের পানির ভোগান্তির শেষ হলো না

ছবিঃ রাশেদ শেখ

শেয়ার করুন:

এরপর শহর বদলেছে। নগরায়ণ হয়েছে। বুড়িগঙ্গা দূষিত হয়ে মৃতপ্রায় হয়েছে। অথচ ঘরে ঘরে নিরাপদ পানি পৌঁছানোর ব্যবস্থা হয়নি। এখন পাইপলাইন আছে। কিন্তু সেই পাইপের পানির জন্যও মানুষ আরেক লাইনে দাঁড়ায়। তাহলে এই আধুনিকায়ন কার জন্য?

পুরান ঢাকার নাজিরাবাজারে একটি বাড়ির সামনে পানির ড্রাম হাতে মানুষ দাঁড়িয়ে আছেন। শিশু আছে, নারী আছে, মধ্যবয়সী মানুষও আছেন। কেন দাঁড়িয়ে আছেন, জানতে চাইলে এক শিশু বলল, ‘পানির জন্য!’ যেন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোই এখানকার স্বাভাবিক জীবন।


শিশুটি জানাল, ওয়াসার লাইনের পানি ব্যবহার করা যায় না। জোর করে ব্যবহার করলেও সেই পানি গলা দিয়ে নামে না। কলসি আর ড্রাম হাতে এই সারি দেখে মনে হয়, সময় পিছিয়ে গেছে। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে পুরান ঢাকার অনেকে বুড়িগঙ্গা থেকে সরাসরি পানি আনতেন। নারীরা কলসি নিয়ে ঘাটে যেতেন। পানি ছিল স্বচ্ছ।


এরপর শহর বদলেছে। নগরায়ণ হয়েছে। বুড়িগঙ্গা দূষিত হয়ে মৃতপ্রায় হয়েছে। অথচ ঘরে ঘরে নিরাপদ পানি পৌঁছানোর ব্যবস্থা হয়নি। এখন পাইপলাইন আছে। কিন্তু সেই পাইপের পানির জন্যও মানুষ আরেক লাইনে দাঁড়ায়। তাহলে এই আধুনিকায়ন কার জন্য?


ঘরে পৌঁছে পানি আরও দূষিত


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫’-এর প্রাথমিক ফলে এই তথ্য এসেছে। দেশের ৯৮.৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধা পান। কিন্তু নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পান মাত্র ৪২.৬ শতাংশ। পানির উৎসের নমুনায় ই. কোলাই পাওয়া গেছে ৪৭.১ শতাংশ ক্ষেত্রে। সংগ্রহ, পরিবহণ ও সংরক্ষণের ত্রুটিতে বাসায় ব্যবহারের সময় এই হার দাঁড়ায় ৮৪.৯ শতাংশে। দরিদ্র পরিবারে প্রায় ৯০.৪ শতাংশ। পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মূল্যায়নেও বলা হয়েছে, প্রায় ৮৫ শতাংশ পরিবারের ব্যবহারযোগ্য পানিতে মলের জীবাণু ই. কোলাই আছে।


নগরবাসীকে নিরাপদ পানি দেওয়ার দায়িত্ব ওয়াসার। নদী ও গভীর নলকূপ থেকে পানি তুলে পরিশোধন ও পরীক্ষা করে সরাসরি পানযোগ্য অবস্থায় পৌঁছানোর কথা। কিন্তু ঢাকার বহু মানুষ ওয়াসার পানি সরাসরি পান করেন না। যাঁরা করেন, তাঁদের অনেকে বিকল্প না থাকায় বাধ্য হয়ে করেন। কেউ পানি ফুটিয়ে খান। কেউ বোতলের পানি কেনেন। কেউ ঘোলাটে পানিই পান করেন।


বিল একবার, খরচ আবার


নাগরিক নিয়মিত বিল দেন। তবু সেই পানি ব্যবহারের উপযোগী করতে নিজের পকেট থেকে আবার টাকা খরচ করতে হয়। সেবার জন্য একবার বিল, ত্রুটি সামলাতে দ্বিতীয়বার খরচ।


নিম্ন আয়ের মানুষের জন্য এই বাড়তি খরচ ছোট নয়। ঘনবসতি এলাকার অনেকে চুলায় পানি ফুটিয়ে খান। এতে পানির বিলের সঙ্গে গ্যাসের খরচও বাড়ে। এক চুলার মাসিক গ্যাস বিল এখন ৯৯০ টাকা। দুই চুলার বিল ১ হাজার ৮০ টাকা। প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৮ টাকা। নিরাপদ পানির বিকল্প হিসেবে ফুটিয়ে খাওয়াও অনেক পরিবারের জন্য বাড়তি চাপ।

বিকল্প পানির ব্যবসা ঘিরে নানা সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগও আছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি বাণিজ্যিক স্বার্থে এসব ব্যবসা চালান। নিরাপদ পানি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের। তবু নাগরিককে কেন বিকল্পের ওপর নির্ভর করতে হবে? যাঁদের বিকল্প কেনার সামর্থ্য নেই, তাঁদের নিরাপদ পানির অধিকার সরকার কীভাবে নিশ্চিত করছে?


বিধিমালা আছে, সেবা কোথায়


ঢাকা ওয়াসার বিধিমালায় গভীর নলকূপ বসানোর অনুমতি ও নবায়ন ফির বিধান আছে। যেসব এলাকায় পানির নেটওয়ার্ক নেই, সেখানে নেটওয়ার্ক না হওয়া পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান নলকূপ বসাতে পারে। এর জন্য বোর্ড-নির্ধারিত ফি দিতে হয়। সার্ভিস লাইনের প্লাম্বিংয়ে ত্রুটি থাকলে তা পরিদর্শনের বিধানও আছে। ত্রুটি ধরা পড়লে মালিককে জানাতে হয়। প্রধান প্রকৌশলীর নির্ধারিত সময়ের মধ্যে তা সারাতে হয়।


পুরান ঢাকার ঘনবসতি মহল্লায় বাস্তব অবস্থা অন্যরকম। সেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে এক বাড়ি থেকে পানি নেন। এই পানির অনেকটাই আসে গভীর নলকূপ থেকে। অথচ লাইনে দাঁড়ানো অনেকের বাড়িতেই ওয়াসার অনুমোদিত সংযোগ আছে। তাঁরা নিয়মিত বিল দেন, কিন্তু সেবা পান না। তাঁদের অভিযোগ, পাইপ দিয়ে আসা পানি ময়লা গুলিয়ে বানানো সরবত।


দাম বাড়ে, পানি পৌঁছায় না


২০২২ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম আলোর এক প্রতিবেদনে তথ্য বলছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ বছরে ঢাকা ওয়াসা ১৪ বার পানির দাম বাড়িয়েছে। করোনা মহামারির মধ্যেও আগের দুই বছরে দাম ৩১ শতাংশ বাড়ানো হয়েছিল। ওয়াসা কর্তৃপক্ষ তখনও দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়েছিল। কিন্তু সেবার ঘাটতি, সিস্টেম লস ও অব্যবস্থাপনার প্রশ্নে সমান জোর পড়েনি।

ওই প্রতিবেদনের তথ্যে ওয়াসা দিনে প্রায় ২৬০ কোটি লিটার পানি উৎপাদনের দাবি করেছিল। সিস্টেম লস ২০ শতাংশ ধরলে প্রতিদিন প্রায় ৫২ কোটি লিটার পানি গ্রাহকের কাছে পৌঁছায় না। পৌঁছানোর কথা প্রায় ২০৮ কোটি লিটার।

প্রতিবেদনে নাগরিক সংগঠন ও নগরবিদদের বক্তব্য ছিল। তাঁদের মতে, কোনো প্রতিষ্ঠানে ৫ শতাংশের বেশি সিস্টেম লস অদক্ষতা ও অব্যবস্থাপনার বড় প্রমাণ। সেই হিসাবে ২০ শতাংশ ছোট নয়। এই ক্ষতির কতটা কারিগরি, কতটা পাইপের ছিদ্র, কতটা অবৈধ সংযোগ বা হিসাবের ত্রুটি, তা নির্দিষ্ট তথ্যে জানানো হয়নি। ক্ষতির কারণ নিয়ে ওয়াসার কোনো তদন্ত বা রিপোর্টও জনসমক্ষে আসেনি।

উৎপাদিত পানির বড় অংশ গ্রাহকের কাছে না পৌঁছালে শুধু উৎপাদন বা দাম বাড়িয়ে সমাধান হয় না। জনগণের অর্থে চলা প্রতিষ্ঠানের এই ব্যর্থতার দায় গ্রাহকের ঘাড়ে চাপানো যায় না। দাম বাড়ানোর আগে জানা দরকার, অপচয় কমাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।


ভর্তুকি জনগণের টাকা


২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ওয়াসা ভবনের এক অনুষ্ঠানে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান কথা বলেন। তাঁর কথায়, পানির উৎপাদন ব্যয় আর বিক্রয়মূল্যের ব্যবধান অনেক। প্রতি হাজার লিটারে সরকারকে ১০ টাকা ভর্তুকি দিতে হয়। ভর্তুকি নিয়ে কোনো সংস্থা নিজের পায়ে দাঁড়াতে পারে না। দাম বাড়িয়েই ওয়াসাকে স্বাবলম্বী হতে হবে।

সরকারের এই ভর্তুকি জনগণেরই টাকা। তাই ভর্তুকির প্রয়োজন, অর্থের ব্যবহার, পরিচালন ব্যয় ও সেবার মানের হিসাব জনগণকে জানানো ওয়াসার দায়িত্ব।


একটি সেবাপ্রতিষ্ঠানকে আর্থিকভাবে টিকে থাকতে হবে, এটা ঠিক। উৎপাদন, পরিশোধন, সরবরাহ, পাইপ রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো বাড়াতে খরচ আছে। কিন্তু উৎপাদন ব্যয় কেন বাড়ছে, সিস্টেম লস কমাতে কী করা হয়েছে, পরিচালন ব্যয় কতটা যৌক্তিক, অনিয়মের বিরুদ্ধে কী ব্যবস্থা হয়েছে? এসব প্রশ্নের উত্তর না দিয়ে দাম বাড়ানোকে একমাত্র সমাধান বলা জনগণের ওপর দায় চাপানোর শামিল।


২০২৪ সালের ১ জুলাই থেকে ঢাকা ওয়াসা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের পানির দাম ১০ শতাংশ বাড়ায়। আবাসিকে প্রতি হাজার লিটারের দাম ১৫ টাকা ১৮ পয়সা থেকে ১৬ টাকা ৭০ পয়সা হয়। বাণিজ্যিকে ৪২ টাকা থেকে ৪৬ টাকা ২০ পয়সা। দাম বাড়ার পরও পানির জন্য কলসি হাতে দাঁড়ানো লাইনের দৈর্ঘ্য কমেনি।


____

*লেখক: নূজিয়া হাসিন রাশা
গবেষক ও সাংবাদিক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: