আধখানা ট্যাবলেট, আধা রাষ্ট্র


ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা আবারও কোম্পানিগুলোর হাতে? ড্রাগ প্রাইসিং মেথড বাতিল, দুর্বল রেগুলেটর এবং জনস্বাস্থ্যের সংকটে রাষ্ট্রের ভূমিকা নিয়ে এক ফার্মাসিস্টের তীর্যক বিশ্লেষণ।
আমাদের ফার্মেসি ক্লাসে প্রথম যে শব্দটা শেখানো হয়েছিল, সেটা ওষুধ না, সেটার নাম ডোজ। কতটুকু দিলে শরীর সুস্থ হয়, কতটুকু দিলে শরীরের ক্ষতি—এই দুটি জিনিসের মাঝখানে সুতোর মতো সরু একটা রেখা থাকে। আমাদের শেখানো হতো, এই রেখাটার নাম থেরাপিউটিক উইন্ডো। এই থেরাপিউটিক উইন্ডো একচুল এদিক-ওদিক হলেই যা জীবন বাঁচায়, সেটাই আবার বিষ হয়ে যায়। ফার্মাসিউটিক্যালের নতুন ছাত্র থাকার ওই সময়টায় আমি সম্ভবত এটার প্রেমেই পড়েছিলাম।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্লাসরুমে বসে স্বপ্ন দেখতাম, একদিন এমন একটা ওষুধ বানাব, যার গায়ে লেখা থাকবে Made in Bangladesh। পৃথিবী আমার নাম না মনে রাখুক, বাংলাদেশের নামটা অন্তত মনে রাখবে একটু অন্যভাবে। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঢুকলাম। শুরুর দিকের প্রথম কয়েক মাসে মনে হয়েছিল, স্বপ্নের দরজায় পা রেখেছি। তারপর হাসপাতালের বারান্দাগুলো চিনতে শুরু করলাম।
আমাদের দেশে সাধারণত হাসপাতালের বারান্দায় দুটো লাইন পাশাপাশি দাঁড়িয়ে থাকে। এক লাইনে রোগী, যার হাতে থাকে পুরোনো কোনো প্রেসক্রিপশন, চোখে ভয়, আর তার মনে সুপ্ত একটা ইচ্ছা ডাক্তার যদি আরেকটু সময় দেন। আরেক লাইনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের হাতে থাকে ওষুধের স্যাম্পল, ব্যাগে নানা ধরণের গিফট আইটেম আর মাথার মধ্যে থাকে সেলস টার্গেট। একই করিডোরে একটা লাইন অসুখ সারানোর অপেক্ষায়, আরেকটা লাইন ওষুধ কোম্পানির ব্যবসা ঠিক রাখবার ফন্দিফিকির মাথায় নিয়ে।
গিভ অ্যান্ড টেকের সেই জগতটা আমি খুব কাছ থেকে দেখেছি। বিদেশভ্রমণ, দামি উপহার, ঈদের বাজারভর্তি ব্যাগ, ডাক্তারের বাসার ইলেকট্রনিক্স, টিভি, এসি, বাজারে আসা নতুন মডেলের ফ্রিজ, এমনকি হজে যাওয়ার ইহরামের কাপড় পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে পৌঁছাতে দেখেছি মহামান্য ডাক্তারদের কাছে। ওই সময়টায় দেখেছি রিপ্রেজেন্টেটিভরা রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলে রাখছেন ডাক্তার তার নিজের কোম্পানির ওষুধ লিখছেন কি না, তার প্রমাণ জমা করবার জন্য।
এই সময়টায় রোগীর অসুখ আর অসুখ থাকে না—হয়ে যায় সেলস রিপোর্ট! এমন প্রেসক্রিপশনও চোখে পড়েছে, যেখানে পাশাপাশি থাকা ওষুধগুলোর মধ্যে গুরুতর ড্রাগ ইন্টারেকশনের ঝুঁকি ছিল। তবে প্রতিটি ভুল প্রেসক্রিপশনের পেছনে ওষুধ কোম্পানিগুলোর গিফট ছিল এমন দাবি করাটাও আবার অসৎ মন্তব্য হয়ে যাবে। কিন্তু যখন গিফট, প্রেসক্রিপশন মনিটরিং আর সেলস টার্গেট একই করিডোরে হাঁটে, তখন সন্দেহটা আর ব্যক্তিগত থাকে না, সন্দেহটা তখন সিস্টেমের অংশ হয়ে যায়। একদিন সেই বারান্দা দিয়ে একটা স্ট্রেচার যাচ্ছিল, স্ট্রেচারে শোয়ানো সাদা কাপড়ের নিচে একটু আগেই মারা যাওয়া কারো একটা লাশ। হঠাৎ আমার বুকের ভেতর প্রশ্নটা ঢুকে গেল, এই মৃত্যুর পেছনে কি আমারও হাত আছে?
আমিও তো একটা ওষুধ কোম্পানির প্রোডাক্ট বেচবার ধান্দা নিয়ে এই একই বারান্দায় দাঁড়িয়ে আছি। ফিল্ম মেকিং আমাকে টানছিল ঠিকই, কিন্তু ওই লাশটা আমাকে ঠেলে দিয়েছিল অদ্ভুত এক ইকুয়েশনের ভেতর। আমি ফার্মা ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম। কিন্তু প্রশ্নটা আসলেই ছাড়তে পারলাম না। এই আগস্টের ৩ তারিখ, সেই প্রশ্নটাই আবার ফিরে আসলো আমার মনের মধ্যে, এবার হাসপাতালের একটা বারান্দা থেকে আমার স্ক্রিনে পুরো দেশ! বর্তমান নির্বাচিত সরকার এসেনশিয়াল মেডিসিন লিস্ট ২০২৬ এবং ড্রাগ প্রাইসিং মেথড ২০২৬ বাতিল করেছে।
এই ফ্রেমওয়ার্কের অধীনে ২৯৫টি এসেনশিয়াল মেডিসিনের দাম সরকার নির্ধারণ করার কথা ছিল, এসেনশিয়াল মেডিসিনের জন্য কস্ট প্লাস ফর্মুলা এবং অন্য ওষুধের জন্য ইন্টার্নাল ও ইন্টারন্যাশনাল রেফারেন্স প্রাইসিংয়ের ব্যবস্থাও ছিল। অর্থাৎ কাঁচামাল, প্যাকেজিং, যৌক্তিক প্রফিট এবং বাজারের তুলনামূলক দাম মিলিয়ে এমআরপি ঠিক করার একটা দৃশ্যমান পদ্ধতি তৈরি হচ্ছিল। ফ্রেমওয়ার্কটা হয়তো নিখুঁত ছিল না, ইন্ডাস্ট্রির অভিযোগ ছিল, তারা বলেছিল তাদের যথেষ্টভাবে কনসাল্ট করা হয়নাই। বাধ্যতামূলক প্রোডাকশন টার্গেট, কম প্রাইজ সিলিং এবং দ্রুত ইমপ্লিমেন্টেশনের কারণে কিছু এসেনশিয়াল মেডিসিনের উৎপাদন থেকে কোম্পানিগুলো সরে যেতে পারে—এই আশঙ্কাও একেবারে ফেলে দেওয়ার মতো ছিল না।
কিন্তু ভুল থাকলে পলিসি রিপেয়ার করতে হয়, রোগীকে মেরে প্রেসক্রিপশনটা ঠিক করা হয় না। সরকার বলছে, ২০২৬ সালের তালিকা তৈরির আগে ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিলের মতামত নেওয়া হয়নি, কিন্তু আইনে এই কনসালটেশন বাধ্যতামূলক। অভিযোগটা তাই সত্যি এবং গুরুত্বপূর্ণ। কিন্তু সেই কাউন্সিলই পুনর্গঠিত হয়েছে ২৯ জুন। তাই সরকার চাইলে নতুন কাউন্সিলের সামনে ২০২৬ ফ্রেমওয়ার্ক তুলে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ করাতে পারত। ফর্মুলা ঠিক করা যেত, ইন্ডাস্ট্রি, পেশেন্ট, ফার্মাসিস্ট, ইকোনোমিস্টসহ সব পক্ষের কথা শুনে রিভাইজ গেজেটও প্রকাশ হয়তো করা যেত। সেটা না করে পুরো রিফর্মটাই বাতিল করা হলো। হায়রে সংস্কার, হায়রে সরকার! প্রকাশিত সরকারি ব্যাখ্যা অনুযায়ী, আপাতত আবার চালু থাকবে পুরোনো ১১৭টি ওষুধকেন্দ্রিক প্রাইজ কন্ট্রোল সিস্টেম। এই ব্যাপারটা কাগজে ভুল হয়েছে বলে রোগীর অক্সিজেন খুলে নেওয়ার মতো একটা সিদ্ধান্ত।
আবার দেখেন পেপার-পত্রিকায় লেখা যে ভাষা, সব ওষুধের দাম এখন থেকে কোম্পানি একাই ইচ্ছামতো ঘোষণা করবে—এই কথাটাও টেকনিক্যালি ঠিক না। তালিকার বাইরের ওষুধের দাম ম্যানুফ্যাকচারার কোম্পানি প্রোপোজ করবে, DGDA সেটা অ্যাপ্রুভাল দেবে। কিন্তু সেই অনুমোদনের ফর্মুলা রোগী দেখতে পায় না। কেন একই জেনেরিকের এক ব্র্যান্ডের দাম আরেক ব্র্যান্ডের দ্বিগুণ, কোন কাঁচামালের দাম কত বেড়েছে, কত শতাংশ প্রফিট ধরা হয়েছে, সাধারণ মানুষের সামনে তার কোনো ট্রান্সপারেন্ট হিসাব নাই।
কারণ এইখানে কলমটা ওষুধ বিক্রেতার হাতে। এই কাগজের সইটা এমন এক রেগুলেটরের হাতে, যার খাতা রোগী কখনোই দেখতেও পারে না।
এত বড় সিদ্ধান্তের পর আমি আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের দিকে তাকালাম, কয়েকজন বড় কোম্পানির সিনিয়র বড় ভাইয়ের টাইমলাইনও ঘুরলাম। আমার লিস্টের এত এত ফার্মাসিস্ট ভাইবোন, এত ফার্মাসিউটিক্যাল প্রফেশনাল, এত শিক্ষক—কিন্তু প্রায় কোথাও এটা নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্নও দেখলাম না। চুপ থাকারও একটা ডোজ আছে, অল্প চুপ থাকা বিনয় কিন্তু এতটা চুপ থাকা কর্পোরেট স্যাডেশন! অবশ্য এই গল্পটার শুরু ৪৪ বছর আগে। ১৯৮২ সালে ক্ষমতা দখলের এক মাস পর এরশাদ সরকার আট সদস্যের একটা এক্সপার্ট কমিটি গঠন করেছিল।
ওই কমিটিটা দুই সপ্তাহের মধ্যে একটা রিপোর্ট দিয়েছিল। প্রায় ১ হাজার ৭০০ ক্ষতিকর, অপ্রয়োজনীয় বা অযৌক্তিক ওষুধ বাজার থেকে সরানোর সুপারিশ ছিল ওই রিপোর্টে। সেই রিপোর্টে ভর করেই তৈরি হয় ১৫০টি এসেনশিয়াল এবং ১০০টি স্পেশালাইজড মেডিসিনের কাঠামো। তখন দেশের ওষুধবাজারের প্রায় ৭৫ শতাংশ মাত্র আটটা মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানির নিয়ন্ত্রণে ছিল। নতুন পলিসিটা ঠেকাতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আবেদনে মার্কিন প্রশাসন পর্যন্ত বাংলাদেশের ওপর চাপ দিয়েছিল সেই আশির দশকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পশ্চিম জার্মানি ও নেদারল্যান্ডসের কূটনীতিকদের আপত্তির কথাও উঠে আসছিল এই বিষয়ক গবেষণায়।
একজন সামরিক শাসককে নায়ক বানানোর কোনো কারণ নাই, কিন্তু শাসকের চরিত্র আর একটি নির্দিষ্ট পলিসি ডিসিশনের ফল আলাদা করে পড়তে না পারলে ইতিহাস শুধু দলীয় পোস্টার হয়ে যায় বলেই আমার ধারণা। সেদিন রাষ্ট্র মাল্টিন্যাশনাল প্রেসারের সামনে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়েছিল। তার ফলটাও কিন্তু এসেছে, আজ বাংলাদেশ নিজের ওষুধের চাহিদার প্রায় ৯৮ শতাংশ দেশে উৎপাদন করে। দেড় শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে। এটি আমাদের ড্রাগ সায়েন্টিস্ট, ফার্মাসিস্ট, ওয়ার্কার আর দেশীয় ফার্মা উদ্যোক্তাদের অসাধারণ একটা অর্জন হিসেবেই কিন্তু ইতিহাসে লেখা। কিন্তু ইতিহাসের কৌতুকটা এইবার দেখেন। যে রাষ্ট্র একদিন এই ইন্ডাস্ট্রিকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিল, সেই ইন্ডাস্ট্রি বড় হওয়ার পর সেই রাষ্ট্রই দামের কলমটা তার হাতে দিয়ে বসে আছে।
১৯৮২ সালের সেই পলিসি আমাদের দেশের ফার্মা সেক্টরটাকেই বদলে দিয়েছিল। কিন্তু রেগুলেটরকে প্রয়োজনীয় শক্তি, জনবল ও স্বাধীনতা দিতে পারেনি। তার ভয়ংকর প্রমাণ পাওয়া যায় ১৯৯০ থেকে ১৯৯২ সালের মধ্যেই। ওই সময় ঢাকা শিশু হাসপাতালে অ্যাকিউট কিডনি ফেইলিউর নিয়ে ভর্তি ৪২৯ শিশুর মধ্যে ৩৩৯টির অসুস্থতার কারণ প্রথমে শনাক্ত করা যাচ্ছিল না। ওই শিশুদের ইন-হাসপিটাল ফ্যাটালিটি রেট ছিল ৭০ শতাংশ। পরে পরীক্ষায় একাধিক ব্র্যান্ডের প্যারাসিটামল এলিক্সিরে বিষাক্ত ডাই-ইথিলিন গ্লাইকল পাওয়া যায়। সরকার ১৯৯২ সালের ডিসেম্বরে প্যারাসিটামল এলিক্সির নিষিদ্ধ করার পর আনএক্সপ্লেইন্ড কিডনি ফেইলিউর নিয়ে শিশু ভর্তির সংখ্যা ৮৪ শতাংশ কমে যায়।
এটি সরাসরি প্রাইজ কন্ট্রোল ফেইলিউরের ঘটনা না, এটি কোয়ালিটি কন্ট্রোল এবং রেগুলেটরি ফেইলিউরের ঘটনা। কিন্তু শিক্ষা একই, ওষুধের বাজারে দুর্বল রেগুলেটর মানে শুধু দাম বেশি হওয়া না, কখনো কখনো জ্বরের সিরাপের বোতলে একদম নীরবে মৃত্যু ঢুকে পড়া। ১৮ সেপ্টেম্বর ১৯৯৩ সালে সরকার ৭৩৯টি ওষুধের ম্যাক্সিমাম প্রাইজ নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছিল। পাঁচ মাস পর, একটা সার্কুলার আর একটা সই—প্রাইজ কন্ট্রোল নেমে এলো ৭৩৯ থেকে ১১৭টিতে। বাকি ৬২২টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ম্যানুফ্যাকচারারের হাতে ছেড়ে দেওয়া হলো।
একটা জনস্বাস্থ্য পলিসিকে এক সাইনে প্লাসেবো বানিয়ে দেওয়া হয়েছিল ওই ঘটনার পরে। ২০২৩ সালের নতুন ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের ভাষাটা থেকে গেল সরকার ওষুধের দাম নির্ধারণ করতে ‘পারিবে’—অথচ হতে হতো সরকারকে ওষুধের দাম নির্ধারণ ‘করিতে হইবে’। কিন্তু ২০২৫ সালের ২৫ আগস্ট হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছিল, এই ডিসক্রেশনের সাথে সঙ্গে রাষ্ট্রের ডিউটি জড়িত। এসেনশিয়াল, লাইফ সেভিং এবং লাইফটাইম মেডিসিনের এমআরপি সরকার বা প্রাইজ ফিক্সিং কমিটিকেই নির্ধারণ করতে হবে। এই ক্ষমতা প্রাইভেট ম্যানুফ্যাকচারারের কাছে ছেড়ে দেওয়া যাবে না।
আদালত ১৯৯৪ সালের সার্কুলারকে লফুল অথরিটি ছাড়া জারি করা এবং লিগ্যাল ইফেক্টবিহীন ঘোষণা করেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এমন কাউকে প্রাইজ ফিক্সিং কমিটিতে রাখার বিরুদ্ধেও নির্দেশ দেন। এখানে বর্তমান সরকারের ব্যাখ্যায় একটা বিশাল আইনি অন্ধকার তৈরি হয়েছে। ২০২৬ ফ্রেমওয়ার্কের বৈধতা নিয়ে করা আলাদা মামলা এখনো বিচারাধীন। কিন্তু ১৯৯৪ সালের সার্কুলার নিয়ে করা মামলায় হাইকোর্ট ইতিমধ্যে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন।
তাহলে সরকার যখন বলছে পুরোনো ১৯৯৪ প্রাইজিং সিস্টেম আবার কার্যকর থাকবে, সেটি ২০২৫ সালের রায়ের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ? রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে কি না, রায় স্টে হয়েছে কি না, বর্তমান এটার লিগ্যাল পজিশন কি—এসব বিষয়গুলো সরকারের কি প্রকাশ্যে জানানো উচিত না? এই উত্তর আইনের ফুটনোট না, এই উত্তরের সঙ্গে হয়তো কারও অসুখ কিংবা কারও ইনসুলিন জড়িত। যে ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিলের মতামত না নেওয়াকে রিফর্ম বাতিলের কারণ বলা হচ্ছে, সেই ২৪ সদস্যের কাউন্সিলের প্রকাশিত তালিকাটাও এবার একটু দেখা দরকার।
সেখানে BAPI আছে, FBCCI আছে, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি আছে, বিভিন্ন মন্ত্রণালয়, রেগুলেটর এবং বিশ্ববিদ্যালয়ও আছে। কিন্তু পেশেন্ট বা কনজ্যুমার রাইটস রিপ্রেজেন্টেটিভের জন্য নির্দিষ্ট কোনো চেয়ার নাই। ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা অবশ্যই থাকবেন, কারণ ওষুধ তাঁরাই তৈরি করেন। প্রোডাকশন খরচ, API ইমপোর্ট, সাপ্লাই চেইন এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের বাস্তবতা তাঁদের চেয়ে ভালো কেউ জানবেন না এটাই স্বাভাবিক। কিন্তু যে ওষুধ রোগীর শরীরে যাবে, সেই রোগীর কোনো চেয়ার থাকবে না—কেমন না ব্যাপারটা? একটা খালি চেয়ার কখনো কখনো পুরো মিটিংয়ের ক্যারেক্টার বদলে দেয়। সরকার বলছে, বাজারে হেলদি কম্পিটিশন রাখতে চায়। অথচ BAPI-এর নিজের তথ্য অনুযায়ী, দেশের ২৫৮টি ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারারের মধ্যে মাত্র ২০টি মোট উৎপাদনের প্রায় ৯৪ শতাংশ নিয়ন্ত্রণ করে। বাকি ২৩৮টির অংশ মাত্র ৬ শতাংশ।
বিশটি কোম্পানির হাতে চুরানব্বই শতাংশ প্রোডাকশনকে বাজারের গণতন্ত্র বলা কঠিন। এই অবস্থার একটা নামও আছে, সেইটাকে সম্ভবত রেগুলেটরি ক্যাপচার বলে আরকি। সহজ ভাষায়, যে ইন্ডাস্ট্রিকে রেগুলেটরের নিয়ন্ত্রণ করার কথা, ধীরে ধীরে সেই ইন্ডাস্ট্রির স্বার্থই রেগুলেটরের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে। মন্ত্রী বদলায়, দল বদলায়, আইনের প্রচ্ছদ বদলায় কিন্তু টেবিলের ওইপাশের চেয়ারটা আর বদলায় না। দলীয় হিসাব মেলাতে গেলে দেখবেন, এখানে সব পক্ষ সমান দোষী। ১৯৯৪ সালের কাটছাঁট বিএনপির আমলে। ২০০৫ সালের নীতি, যেখানে দেশি শিল্পের জন্য সংরক্ষিত বাজারটাও খুলে দেওয়া হলো, সেটাও বিএনপির করা। ২০১৬ সালের নীতি আর ২০২৩ সালের আইন আওয়ামী লীগের। এর মাঝে সরকার বদলেছে পাঁচবারের বেশি, কিন্তু এই ওষুধ শিল্পের চেয়ারটা নড়েনি একবারও।
তাই এই সিদ্ধান্তকে শুধু একটা দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। এটা কোনো একটা সরকারের রোগ না, এটা রাষ্ট্রের শরীরে চুয়াল্লিশ বছর ধরে বাসা বাঁধা একটা জটিল সংক্রমণ, যে সংক্রমণটাকে প্রতিটা সরকার নিজের মতো করে পুষে রাখছে বছরের পর বছর! বাংলাদেশে মোট হেলথ এক্সপেন্ডিচারের ৭৯ দশমিক ৩ শতাংশ মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়। দরিদ্র পরিবারের ওপর তাই এই চাপ আরও বেশি। শার্টের দাম বেশি হলে মানুষ দোকান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু ইনসুলিনের দাম বেশি হলে কোনো ডায়াবেটিক পেশেন্ট রোগটাকে কাউন্টারে রেখে আসতে পারে না।
ওষুধ কোম্পানি প্রোডাকশন বন্ধ করলে রোগীকে হয় ওষুধ ছাড়া থাকতে হবে, নয়তো কয়েক গুণ বেশি দামের বিকল্প ব্র্যান্ড কিনতে হবে। তাই সমাধান ওষুধের দাম চিরদিন বরফ বানিয়ে রাখা না, আবার কোম্পানিকে নিজের পরীক্ষার প্রশ্ন নিজে বানাতে, নিজের খাতা নিজে দেখতে এবং নিজেকেই নম্বর দিতে দেওয়াতেও না। এখান থেকে সামনে আগাবার পথটা জটিল না, ইচ্ছার অভাব আছে শুধু। যে উপদেষ্টা পরিষদের অনুপস্থিতিকে অজুহাত বানানো হলো, সেটা আজই গঠন করে জানুয়ারির তালিকাটাকে আইনি বৈধতা দেওয়া যায়, শূন্য থেকে শুরু করার নাটক না সাজিয়ে।
"পারিবে" শব্দটাকে "করিতে হইবে"তে বদলানো যায়, চুয়াল্লিশ বছর ধরে এই একটা শব্দের ফাঁক দিয়েই তো পুরো নীতিটা বারবার ফাঁপা হয়ে গেছে। নীতি ঠিক করার টেবিল আর কোম্পানির বোর্ডরুম—এই দুই জায়গায় একই মানুষের বসার সুযোগটা আইন করে বন্ধ করা যায়। তালিকাটা প্রতি দুই বছরে হালনাগাদ হওয়ার কথা আইনেই লেখা আছে, সেটা শুধু কাগজে না রেখে সত্যিই করা যায়। আর সবচেয়ে সহজ যেটা, চুপ না থেকে অন্তত প্রশ্নটা করা যায়। ইন্ডাস্ট্রিটাকে যারা ভেতর থেকে চেনেন—ফার্মাসিস্ট, ডাক্তার, স্বাস্থ্যকর্মী—তাদের এই নীরবতাটাই আসলে সবচেয়ে বড় ভর্তুকি, যা ওষুধ কোম্পানিগুলোকে বছরের পর বছর দেওয়া হয়ে আসছে বিনা পয়সায়।
১৯৮২ সালের সেই তালিকাটা টাইপ করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের এক আমেরিকান স্বেচ্ছাসেবক, পেশায় রেডিওগ্রাফার, টাইপিস্ট না। টানা চৌদ্দ রাত জেগে হাতে টাইপ করেছিলেন সেই তালিকা, যেটা আটকাতে নেমেছিল তিনটা রাষ্ট্রদূত আর দুনিয়ার সবচেয়ে বড় কিছু কোম্পানি। চৌদ্দ রাতের সেই তালিকা পুরো শক্তি নিয়ে বেঁচেছিল মাত্র এগারো বছর। আজ যে তালিকাটা এই দেশের ওষুধের দাম ঠিক করছে, সেটা টাইপ হয়েছিল বত্রিশ বছর আগে।
তারপর ওষুধ বদলেছে, রোগ বদলেছে, টাকার দাম বদলেছে, সরকার বদলেছে পাঁচবার কিন্তু তালিকাটা বদলায়নি, বদলায়নি ডোজটাও না—সেইসাথে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের ফার্মাসিস্ট ভাইব্রাদারদের টাইমলাইনটাও! একসময় আমি এমন একটা ওষুধ বানাতে চেয়েছিলাম, যার কারণে পৃথিবী বাংলাদেশের নাম জানবে। এখন আমার চাওয়া আরও ছোট কিন্তু আরও কঠিন। কোনো মা যেন সন্তানের অ্যান্টিবায়োটিক কিনতে গিয়ে চালের টাকা কমিয়ে না দেন। কোনো বাবা যেন ইনসুলিন আর সংসারের বাজারের মধ্যে একটাকে বেছে নিতে বাধ্য না হন, কোনো বৃদ্ধ যেন পুরো মাস চালানোর জন্য প্রতিদিনের ট্যাবলেটটা অর্ধেক করে না খান—একটা ট্যাবলেট অর্ধেক করলে শুধু ওষুধ ভাগ হয় না, রাষ্ট্রের প্রতিশ্রুতিটাও দুই টুকরো হয়ে যায়।
দেড় শতাধিক দেশে ওষুধ পাঠাতে পারা আমাদের ফার্মা ইন্ডাস্ট্রির সাফল্য। কিন্তু পাশের গলির অসুস্থ মানুষটির হাতে সেই ওষুধ পৌঁছানোটা দিনশেষে রাষ্ট্রের চরিত্র। দামের টেবিলে ইন্ডাস্ট্রির চেয়ার থাকুক, সরকারের চেয়ার থাকুক, ফার্মাসিস্টের চেয়ার থাকুক কিন্তু সবার আগে পেশেন্টের চেয়ারটা রাখতে হবে। কারণ একটা ওষুধের দুইটা ফর্মুলা, প্রথম ফর্মুলা ভুল হলে ওষুধ বিষ হয়ে যায়, দ্বিতীয়টা প্রাইজ ফর্মুলা, সেটা ভুল হলে ওষুধ থাকে, রোগীও হয়তো থাকে—শুধু দুজনের আর দেখা হয় না।
পরেরবার হাসপাতালের বারান্দা দিয়ে কোনো লাশ গেলে ইতিহাস শুধু ডেথ সার্টিফিকেটে ডাক্তারের সই খুঁজবে না, ওষুধের পাতাটা উল্টে এমআরপিও দেখবে। তারপর সেই অদৃশ্য দ্বিতীয় ফর্মুলার নিচে রাষ্ট্রের সই খুঁজবে, আর খুঁজবে পাশে পড়ে থাকা আমাদের নীরবতাটাও।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



