সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন: সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

হায়দরাবাদের ভারত সামিট ২০২৬-এ যোগ দেওয়ার কথা ছিল নরওয়ের সাংবাদিক হেলে লিং সভেনসেনের। প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়ার পরও ভারতে আসার ঠিক আগে তাঁর ভিসা বাতিল করা হয়। সাংবাদিক সভেনসেন এই ঘটনায় সরাসরি কাঠগড়ায় তুলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। নরওয়ের সাংবাদিকের অভিযোগ, মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার কারণেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছিলেন নরওয়ের সাংবাদিক হেলে লিং সভেনসেন। কয়েক মাসের ব্যবধানে হায়দরাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারতে আসার ঠিক আগে বাতিল করে দেওয়া হলো তাঁর ভিসা। ১৪ নভেম্বর ভারত সামিট ২০২৬-এ সংবাদমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নির্ধারিত প্যানেল আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে অসলোর ভারতীয় দূতাবাস থেকে ফোন করে জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাঁর ভিসা বাতিল করা হয়েছে। এই ঘটনায় ভারতের গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৮ মে। ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় অসলোতে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরওয়ের সংবাদপত্র ‘দ্যাগসাভিসেন’-এর সাংবাদিক সভেনসেন। দুই প্রধানমন্ত্রী তাঁদের নির্ধারিত বক্তব্য পাঠ শেষ করে সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যেতে শুরু করেন। সেই সময়ই মোদিকে প্রশ্ন করেন সভেনসেন। তাঁর প্রশ্ন ছিল, ‘প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে কেন আপনি কোনো প্রশ্নের উত্তর নিচ্ছেন না?’ কিন্তু সেই প্রশ্নের কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যান প্রধানমন্ত্রী।
এরপর গত ১০ নভেম্বর অসলোর ভারতীয় দূতাবাস থেকে ভিসাযুক্ত পাসপোর্ট হাতে পান সভেনসেন। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলা ভারত সামিটে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্রও পেয়েছিলেন তিনি। সব প্রস্তুতি সম্পন্ন করে ১১ নভেম্বর হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার ঠিক ১০ মিনিট আগে ভারতীয় দূতাবাস থেকে ফোন আসে। জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাঁর ভিসা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে ইমেইলেও ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো, তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা লিখিতভাবে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই সাংবাদিক।
উল্লেখ্য, তেলেঙ্গানা রাজ্য সরকার এবং ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের উদ্যোগে ১৩-১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে এই ‘ভারত সামিট’। এই সম্মেলনে বিশ্বের ৭০টি দেশের নীতিনির্ধারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজকর্মী ও সাংবাদিকেরা উপস্থিত থাকছেন। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ নভেম্বর ‘গণমাধ্যমের ভবিষ্যৎ ও সাংবাদিকতার স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভার বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন এই সাংবাদিক। কিন্তু তাঁর ভিসা বাতিল হওয়ায় তিনি এই সম্মেলনে যোগ দিতে পারলেন না।
এরপর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওবার্তায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন সভেনসেন। তাঁর অভিযোগ, গত মে মাসে অসলোতে নরেন্দ্র মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা এবং ভারত সরকারের সমালোচনা করে কলাম লেখার কারণেই সম্ভবত তাঁকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। ভিডিওবার্তায় তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। ১৪ নভেম্বর তাঁর নির্ধারিত প্যানেল আলোচনা থাকায় এখনও সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
হায়দরাবাদের ভারত সামিট ২০২৬-এর অন্যতম আয়োজক পুষ্পরাজ দেশপান্ডে এই ঘটনায় সমালোচনা করেছেন। কংগ্রেস নেতারাও বিদেশি সাংবাদিকের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনায় আমন্ত্রিত সাংবাদিককে এভাবে অংশগ্রহণ করতে না দেওয়ার ঘটনা অগণতান্ত্রিক বলেই তাঁদের বক্তব্য। এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অসলোর ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ভিসা বাতিলের কারণ জানিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, সভেনসেনের ভিসা বাতিলের সঙ্গে মে মাসে মোদিকে করা তাঁর প্রশ্নের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে সাংবাদিক নিজেই এই সম্ভাবনার কথা তুলে ধরেছেন। বিরোধীদের অভিযোগ, এই ঘটনা আন্তর্জাতিক মহলে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। যে সরকার বারবার বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের কথা বলে, সেই সরকারের আমলে একজন বিদেশি সাংবাদিকের প্রশ্ন তোলার অধিকার ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ কতটা সুরক্ষিত, সেই প্রশ্নই এখন সামনে এসেছে।
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



