‘নগদে’ আগ্রহ ব্যারিস্টার আরমানের!

জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে দেওয়া ওই চিঠি এবং এই বিনিয়োগ প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমানের সম্পৃক্ততা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এ বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ আগ্রহ তুলে ধরা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে ‘নগদ’-এর আর্থিক মূল্য নির্ধারণ করতে অডিট করার অনুমতি চেয়ে গভর্নর বরাবর চিঠি দিয়েছিলেন তিনি।
জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে দেওয়া ওই চিঠি এবং এই বিনিয়োগ প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমানের সম্পৃক্ততা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আরমান দীর্ঘ আট বছর ‘আয়নাঘর’-এ বন্দি জীবন কাটান।
জুলাই গণঅভ্যুত্থানের পর মুক্তি পেয়ে তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। নির্বাচনী হলফনামায় নিজের সম্পদের পরিমাণ ২ কোটি টাকা উল্লেখ করলেও, এমন মেগা প্রজেক্টে তার নাম আসায় কৌতূহল তৈরি হয়েছে। তবে আরমান স্পষ্ট করেছেন, বিনিয়োগ মূলত বিদেশিরাই করবে। তিনি কেবল তাদের স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রাথমিক যোগাযোগ স্থাপনের কাজ করছেন। বিদেশিরা দেশে আসলেই মূল আলোচনা শুরু হবে।
বৈঠক শেষে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তাই সরকারের সামগ্রিক নীতিগত পরিকল্পনার ওপর ভিত্তি করেই বাংলাদেশ ব্যাংক ‘নগদ’ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্যদিকে ব্যারিস্টার আরমান বলেন, সরকার দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতেও অত্যন্ত আগ্রহী।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলেই ‘নগদ’-কে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন কৌশলগত অংশীদার খুঁজতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত বছরের ৩১ আগস্ট আন্তর্জাতিক দরপত্রও আহ্বান করে। কিন্তু আইনি জটিলতায় তা আটকে যায়।
গত ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত এই প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন। আদালতের রায়ে বলা হয়, ‘নগদ’-এ প্রশাসক নিয়োগের আইনি বৈধতা সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে নেই।
এসব আইনি জটিলতার মাঝেই কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত দেশি-বিদেশি মিলিয়ে মোট চারটি কোম্পানি ‘নগদ’-এ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



