আমেরিকা কি ষাটের দশকে ফিরে যাচ্ছে?

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৩:৪০পরিবর্তন করতে ক্লিক করুন
আমেরিকা কি ষাটের দশকে ফিরে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভ, ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

আমেরিকার ইতিহাসে সব থেকে বড় বিক্ষোভ হয়েছে। লাখ লাখ মানুষ নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া মানুষ সড়ক দখল নিয়েছিল ট্রাম্পের আগ্রাসী যুদ্ধ নীতির বিরুদ্ধে। এই বিক্ষোভ মনে করিয়ে দিচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময়কে।

গতকাল বার্নি স্যান্ডার্স খুব পরিষ্কার করে বলেছেন,  প্রেসিডেন্ট ট্রাম্প বা কোনো রাজা যুক্তরাষ্ট্রকে শাসন করুক এটা দেশের মানুষ চায় না।  আমেরিকার, জনগণই আমেরিকাকে শাসন করবে।

'নো কিংস' আন্দোলন গতকাল যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যে দেশটির ইতিহাসে সব থেকে বড় বিক্ষোভ হয়েছে, এতে অংশ নিয়েছেন প্রায় ১০ মিলিয়ন মানুষ। বিক্ষোভকারিরা ইরান যুদ্ধের বিরোধীতা করেছেন। তাদের হাতে কিউবার তেল অবরোধ বিরোধী প্লাকার্ড দেখা গেছে। তারা যুদ্ধের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প ২০২৪ সালে আদালতের রায়ের মাধ্যমে নিজেকে সুরক্ষা দিয়েছেন। মার্কিন ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট এমন আইনি সুরক্ষা পাননি। ১৯৭৪ সালে রিচার্ড নিক্সন যখন ওয়াটারগেট কেলেঙ্কারির নথিপত্র লুকাতে চেয়েছিলেন, তখন সুপ্রিম কোর্ট তাঁকে মনে করিয়ে দিয়েছিল যে প্রেসিডেন্ট কোনো রাজা নন।  ২০২৪ সালে আমেরিকার  ২০০ বছরের ঐতিহ্যকে ধ্বংস করে ট্রাম্পকে সবকিছুর ধরাছোয়ার বাইরে নিয়ে গেলো।

গতকাল আমেরিকার ইতিহাসে সব থেকে বড় বিক্ষোভ হয়েছে। লাখ লাখ মানুষ নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া মানুষ সড়ক দখল নিয়েছিল ট্রাম্পের আগ্রাসী যুদ্ধ নীতির বিরুদ্ধে। এই বিক্ষোভ মনে করিয়ে দিচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময়কে। তখন আমেরিকায় ভয়াবহ বিক্ষোভ হয়েছিল, বিক্ষোভের বড় একটা নেতৃত্ব ছিল বামপন্থীদের   হাতে। সে সময় ’ব্ল্যাক প্যান্থার পার্টি’ বা বিবিপি সংগঠনটি ছিল খুবই শক্তিশালী।

আন্দোলনকারীরা এখন সরাসরি সংবিধান সংস্কারের দাবি তুলছেন। তারা সুপ্রিম কোর্টের বর্তমান কাঠামোর পরিবর্তন চান যাতে কোনো বিচারপতি ভবিষ্যতে এমন একতরফা রায় দিয়ে গণতন্ত্রকে হত্যা করতে না পারেন। তারা চান কংগ্রেসের হাতে এমন ক্ষমতা থাকুক যা দিয়ে প্রেসিডেন্টের যেকোনো হঠকারী সিদ্ধান্ত আটকে দেওয়া যায়।

২০২৬ সালের নভেম্বরের মধ্যবর্তী  নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তার একগুঁয়েমি এবং দায়মুক্তির দম্ভ সাধারণ ও মধ্যপন্থী ভোটারদের আতঙ্কিত করে তুলেছে। আন্দোলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে উঠে এসেছে। সমাজতন্ত্রের স্লোগান,যা ইয়াংদের মধ্যে জনপ্রিয় হচ্ছে সেটা সামনে এসেছে। গিগ শ্রমিকেরা ফার লেফট ইউনিয়নগুলোতে ঐক্যবদ্ধ হচ্ছে। স্টারবার্কসের মত কফিশপে সেখানকার ইউনিয়নের সদস্যরা একযোগে বামপন্থীদের নেতৃত্বো  ধর্মঘট করছেন।

ষাটের দশকে ফিরে আসছে রাজপথে

ব্ল্যাক প্যান্থার পার্টি বা বিপিপি আমেরিকায় ষাটের দশকে জনপ্রিয় বামপন্থী পার্টি হিসেবে গড়ে ওঠে। বিপিপি-র একটা প্রোগ্রাম ছিল নাম, 'সার্ভাইভাল প্রোগ্রাম'। এই কর্মসূচির মাধ্যমে তারা হাজার হাজার দরিদ্র শিশুর জন্য 'ফ্রি ব্রেকফাস্ট প্রোগ্রাম' চালু করেছিল। তারা বিনামূল্যে চিকিৎসা ক্লিনিক এবং স্কুল পরিচালনা করত। ব্ল্যাক প্যান্থাররা ভিয়েতনাম যুদ্ধের কট্টর বিরোধী ছিল। তারা মনে করত, সরকার দরিদ্র কৃষ্ণাঙ্গ যুবকদের জোর করে ভিয়েতনামে পাঠাচ্ছে অন্য এক শোষিত জাতির বিরুদ্ধে লড়াই করতে। তাদের একটি বিখ্যাত স্লোগান ছিল— "একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি কেন ১০,০০০ মাইল দূরে গিয়ে ভিয়েতনামিদের মারবে, যখন তার নিজের দেশেই তাকে অধিকার বঞ্চিত করা হচ্ছে?"

আমেরিকার শাসকশ্রেণি সোজাপথে ব্ল্যাক প্যান্থার আন্দোলনকে দমাতে না পেরে, রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে গোপন একটি হত্যার কর্মসূচি নেয়। অফিশিয়ালি এর নাম ছিল 'কোইন্টেলপ্রো'। এফবিআই পরিচালিত এই কর্মসূচির অধীনে ব্ল্যাক প্যান্থার আন্দোলনের বড় বড় নেতাদের গ্রেপ্তার ও খুন করা শুরু করে তারা। ফ্রেড হ্যাম্পটন ও মার্ক ক্লার্ক ছিলেন এই আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ। ১৯৬৯ সালের ৪ ডিসেম্বর, শিকাগো পুলিশ এবং এফবিআইয়ের সমন্বিত এক অতর্কিত অভিযানে শিকাগোর ব্ল্যাক প্যান্থার নেতা ফ্রেড হ্যাম্পটন এবং মার্ক ক্লার্ক নিজ অ্যাপার্টমেন্টে ঘুমন্ত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন। পরবর্তীতে প্রমাণিত হয় যে, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে পুলিশ প্রায় ৯০ রাউন্ড গুলি চালিয়েছিল। ১৯৬৮ সালে পুলিশের সাথে এক সংঘর্ষে দলের কোষাধ্যক্ষ ববি হাটন নিহত হন। দলের সহ-প্রতিষ্ঠাতা হিউ নিউটন পুলিশ কর্মকর্তার মৃত্যুর দায়ে অভিযুক্ত হন এবং পরবর্তীতে ১৯৮৯ সালে ওকল্যান্ডের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্য নেতারা হয় দেশত্যাগ করতে বাধ্য হন, না হয় ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের সম্মুখীন হন।

প্রভাবশালী প্রায় ৩০ জন নেতাকে এফবিআই গুলি করে মারে। ২,০০০-এর বেশি সদস্যকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়। অনেক নেতার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সাজা দেওয়া হয়েছিল, যাদের কেউ কেউ ৪০ বছর পর্যন্ত কারাগারে ছিলেন। দলের অনেক শীর্ষ নেতা গ্রেফতার এড়াতে বিদেশে রাজনৈতিক আশ্রয় নেন। প্রতিষ্ঠাতা এলড্রিজ ক্লিভার আলজেরিয়া ও ফ্রান্সে এবং আসাতা শাকুর কিউবায় রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন, তিনি এখনো কিউবায় আছেন।

ব্যাপক দমন-নিপীড়নের পর এই আন্দোলন শক্তি হারায়। ১৯৮২ সালে ব্ল্যাক প্যান্থার পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পালিয়ে কি আগুনের আঁচ থেকে বাঁচা যায়?

চাণক্য সেনের একটা উপন্যাস আছে, নাম ’পুত্র পিতাকে’। ২৪ বছর জন্মদিনে বাবাকে চিঠি লিখেছে ভারতীয় এক সন্তান। যে যুবক কলকাতা থেকে আমেরিকা গেছে। ষাটের দশকের নকশালবাড়ির আগুনে ঝাঁপ দিয়েছিল এই তরুণ। ধনী বাবা ছেলেকে বাঁচিয়েছে, তাকে সেফ প্যাসেজ দিয়ে আমেরিকা পাঠিয়েছে। কিন্তু আমেরিকায় তখন ভিয়েতনাম যুদ্ধ, ব্ল্যাক প্যান্থার আন্দোলন। তারপর? তারপর ছেলের লেখা চিঠিটা আসলে সব যুগে সব ছেলের প্রশ্ন।

’পুত্র পিতাকে’ উপন্যাসটি অসম্ভব শক্তিশালী একটা গল্প, যা সময়কে অতিক্রম করে আমরা যারা ৯০-এ বড় হয়েছি তাদেরও টেনেছিল। উপন্যাসটির শুরু এরকম—

"আমার এক-ঘরের বাসস্থানে ব’সে জানলার পানে তাকিয়ে দেখছি বাইরে বরফ পড়ছে, গাছের ন্যাড়া ডালগুলি সাদা, রাস্তায় সাদা বরফের প্রলেপ লেগেছে, গাড়িগুলির বনেট গেছে ঢেকে, দেখছি, আর তোমার চিঠি, আমার চোখের সামনে পড়ার টেবিলে খোলা, আর তুমি এবং মা, এবং অনেক দূর থেকেও সর্বদা অনেক কাছের ভারতবর্ষ, তার সঙ্গে চব্বিশ বছরের অলিখিত ইতিহাস, কতো মানুষ, কতো শহর, দেশ, আকাশ আর সমুদ্র, কতো ঘটনা, কথা, অব্যক্ত আওয়াজ, কতো চিন্তা-ভাবনা, অব্যক্ত মস্তিষ্কের পরিশ্রম, এবং সবকিছু চেপে কয়েকটি মুখ আমার চারপাশে ভিড় করেছে, তাদের সঙ্গে আমার মিতালি এবং শত্রুতা, কিন্তু, বড়ো কথা, তারা আমার, আমি তাদের সঙ্গে গ্রথিত। ভিড় ভেদ ক’রে, সবাইকে, সবকিছুকে হ্রস্ব আর লঘু ক’রে, যে মানুষটি অসম্ভব বিরাটত্ব আর অনস্বীকার্য স্বচ্ছতা নিয়ে বার বার আমার সামনে দাঁড়িয়েছে, সমুদ্রের ঢেউ ভেদ ক’রে জাহাজ যেমন এসে দাঁড়ায় দৃষ্টিপথে, তাকে আমি চিনি, খুব চিনি, সে হচ্ছে তুমি, আমার পিতা। তোমার সঙ্গে আমার কথা আছে, বাবা, অনেক কথা। পুত্র পিতাকে বলছে, বিশ্বের সব পুত্ররা, এবং পিতারা, শোনো, আমাদের সন্তান নাই বা তোমরা হলে!"

তুমি লিখেছ : “আজ থেকে চব্বিশ বছর আগে এই দিনে তুমি জন্মেছিলে। সে ঘটনার রহস্য আজও আমাকে সম্মোহিত করে। কিন্তু তার চেয়েও বেশি অর্থপূর্ণ আজকের দিন। তুমি যেদিন জন্মেছিলে, আমার বয়স সবে মাত্র চব্বিশ হয়েছিল। আজ তোমার বয়স চব্বিশ হলো। কেন জানি না এই অবধারিত ঘটনা আমার সমস্ত সত্তার ওপর রহস্যের জাদু জড়িয়ে দিচ্ছে। আমি যেদিন চব্বিশ ছিলাম, তোমার সেদিন আরম্ভ, আজ তোমার চব্বিশে নতুন কোনো জীবন শুরু হয় নি, অতএব আমরা এখনও পিতা-পুত্র সম্পর্কের বন্ধনে আবদ্ধ। অথচ চব্বিশের আমি আর চব্বিশের তুমিতে কি ভীষণ প্রভেদ! আমার আটচল্লিশের বেঁচে-থাকার সঙ্গে তোমার চব্বিশের জীবন।”

জীবন একটাই, তাকে এমনভাবে ব্যয় করা উচিত

মৃত্যুর সময় যেনো আফসোস না থাকে

২৪ বছরের তরুণকে নকশাল আন্দোলনের আগুন থেকে বাঁচাতে বাবা তাকে আমেরিকায় পাঠিয়েছিল। কিন্তু সেখানে তখন লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনে নেমেছে। আমরা আসলে পালাই, নিজের জন্মভিটা থেকে তারপর যেখানে যাই সেটা আরও বড় যুদ্ধের লড়াইয়ের ময়দান। আমরা আসলে আমাদের নিজের কাছ থেকে পালাতে চাই।

গতকাল নো কিং আন্দোলন দেখে আমার ব্ল্যাক প্যান্থার মুভমেন্টের কথা মনে পড়ে গেল। বিপিপি বিলুপ্ত হলেও পোস্ট ট্রুথ জমানায় অ্যান্টিফা গড়ে উঠেছে। কয়েক বছর আগে তারা ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টে খোদ শহরের ভেতর মুক্তাঞ্চল গড়ে তুলেছিল। এবারের আন্দোলনে কমিউনিস্টদের কাস্তে-হাতুড়ির পতাকা বেশ বড় আকারেই আমেরিকার সড়কে দেখা গেছে।

আমি আসলে এক্সে (টুইটার) আমেরিকার বিভিন্ন কমরেডদের দেওয়া ভিডিও ও ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। সেখানে বাংলা স্লোগান, আরবি স্লোগান, হিন্দি, উর্দুসহ বিভিন্ন জাতির ভাষা খুঁজছিলাম। কারণ সম্প্রতি বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড বিক্ষোভে দেখা যাচ্ছে। তার ভেতর আমি বিশেষ করে খুঁজছিলাম ’লাল মরিচ’কে। এটা বাংলাদেশ থেকে যাওয়া বামপন্থীদের একটা সংগঠন। ছোট হলেও প্রভাব রাখে।

তাহলে এবারও কি আমেরিকার এই বিক্ষোভ সংগ্রাম শেষ পর্যন্ত 'কোইন্টেলপ্রো' কর্মসূচির মতো এফবিআই-র কোনো গোপন কর্মসূচির মাধ্যমে দমন করা হবে?

ইরানে আক্রমণ আমাদের অনেককিছুর ভাবনা-চিন্তা উল্টে দিয়েছে। লেনিনের যে থিসিসটি বাংলাদেশের সকল বামপন্থী দেয় কিন্তু বিশ্বাস করে কি না আমি নিশ্চিত নই, হয়তো করে বা দ্বিধা-সংশয় থাকে— লেনিন বলেছিলেন, আমরা সাম্রাজ্যবাদ ও সর্বহারা বিপ্লবের যুগে বাস করছি।

লেনিন আজ এতো প্রাসঙ্গিক, যতটা আমরা বামপন্থীরা বলি তার থেকেও অনেক বেশি। এতো বেশি এটা আমরা সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারলে গোটা দেশের রাজনীতির রণকৌশল নতুন করে সাজাতাম।

 

লেখক: সম্পাদক, ঢাকা পেপার্স

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: