নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি ও পুলিশি হামলার প্রতিবাদে ১১ অক্টোবর দেশব্যাপী সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ঘোষণা

ছবিঃ সংগৃহীত
নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি থেকে সরকার সরে না এলে বন্দর শ্রমিক, বন্দর ব্যবহারকারী, রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে আগামী ১১ অক্টোবর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ (বিডা) ভবনের সামনে আজকের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে জোটটি।
আজ বেলা ২টায় বিডা ভবনের সামনে জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফি রতন, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা বেলাল চৌধুরী, বাসদ (মাহবুব)-এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশাহিদা সুলতানা এবং ছাত্রনেতা হারুন অর রশীদ ও মোজাম্মেল হকসহ অন্যরা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও সরকার দেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।”
নেতারা আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চুক্তি থাকায় নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। টার্মিনাল পরিচালনার নামে বিদেশি প্রতিষ্ঠানের হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার এ চুক্তি করছে বলে দাবি করেন তাঁরা। চুক্তি বাতিলের দাবিতে দেশবাসীকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে দিনটিকে ‘কালো দিন’ আখ্যা দিয়ে ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিম বাজার কুঠি’ বলে উল্লেখ করেন নেতারা। চুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের সমালোচনা করে তাঁরা বলেন, জনগণ একদিন তাঁদের বিচারের মুখোমুখি করবে।
এদিকে, সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন জোটের নেতারা। তাঁদের দাবি, কোনো উসকানি ছাড়াই চালানো এ হামলায় জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ ও সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি থেকে সরকার সরে না এলে বন্দর শ্রমিক, বন্দর ব্যবহারকারী, রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি ও নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আগামী ১১ অক্টোবর ২০২৬, রবিবার, দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



