ভারতে ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলন এবং 'ককরোচ জনতা পার্টি'র উত্থান

অতনু সিংহ
অতনু সিংহ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ৮:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
ভারতে ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলন এবং 'ককরোচ জনতা পার্টি'র উত্থান

ছবি: ফেসবুক পেজ

শেয়ার করুন:

বাংলাদেশ, নেপাল-সহ উপমহাদেশের নানা দেশে যেভাবে জেন-জি ছাত্রযুব সমবেত হয়ে স্বৈরাচারী তথা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ইতিমধ্যেই, সেই ধারাতেই নবভারত বিনির্মাণের মহাসংগ্রাম তীব্র আকার নিয়েছে।

 

নরেন্দ্র মোদি, অমিত শাহ, আদানি ও আম্বানি— গুজরাতের এই চার-চক্র একদিকে যখন আরএসএসের গোয়েবলসীয় প্রোপাগান্ডা মেশিনারির সাহায্যে ভারতীয় ইউনিয়নের একটা বড় অংশের মানুষের মগজ ধোলাই চালাচ্ছে পুরোদমে, চলছে জল-জমি-জঙ্গলের অবাধ লুঠ, যখন অবাধে বেচে দেওয়া হচ্ছে শিক্ষা-স্বাস্থ্য-রেল-বীমা-সহ রাষ্ট্রের বুনিয়াদি ভিত্তিগুলি, ঠিক তখনই আরেক দিকে দিল্লির যন্তরমন্তরে সমবেত হয়েছেন ভারতের মুক্তিকামী তরুণ প্রজন্ম। আর তাঁদের পাশে শামিল সোনম ওয়াংচুকের মতো সমাজকর্মী-সহ দলমত নির্বিশেষে বহু মত ও পথের নেতৃবর্গ।

 

বাংলাদেশ, নেপাল-সহ উপমহাদেশের নানা দেশে যেভাবে জেন-জি ছাত্রযুব সমবেত হয়ে স্বৈরাচারী তথা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ইতিমধ্যেই, সেই ধারাতেই নবভারত বিনির্মাণের মহাসংগ্রাম তীব্র আকার নিয়েছে। আমরা জানি ফ্যাসিবাদের বিরুদ্ধে মহাসংগ্রামে বহু মত ও মতাদর্শের সংগঠন ও ব্যক্তিবর্গ ন্যূনতম অভিন্ন কর্মসূচীকে সামনে রেখে সমবেত হওয়ার শিক্ষা ইতিহাস থেকে জনতা বারবার গ্রহণ করেছে। ভারতেও তার ব্যতিক্রম কিছু ঘটছে না। বরং যেভাবে বাংলাদেশে আওয়ামী সেক্যুলার ফ্যাসিবাদের বিরুদ্ধে মধ্যপন্থী, বাম, ডান-সহ নানা রাজনৈতিক বর্গের ছাত্রযুব একত্রিত হয়েছিল, আজ সেভাবেই মার্ক্স, আম্বেদকর ও গান্ধীর অনুসারীরা এসে জড়ো হয়েছেন এক ছাতার তলায়।

 

আর এই কাজে নেতৃত্ব দিয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের কালপ্রবাহে উল্কার গতিতে হাজির হওয়া ককরোচ জনতা পার্টি। বলা ভালো, নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি সরকারের ফ্যাসিবাদী তৎপরতাকে এর আগে প্রাতিষ্ঠানিক ও মূল ধারার সংসদীয় রাজনৈতিক দলগুলি বহুবার জোট বেঁধে প্রতিহত করার চেষ্টা করলেও, তেমন কোনো লাভ হয়নি। রাষ্ট্রের বুনিয়াদি প্রতিষ্ঠানগুলির ফ্যাসিবাদী রাজনীতিকরণের পর সংঘ পরিবার ও বিজেপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এমন এক পর্যায়ে গিয়েছে যাকে কেউ কেউ আখ্যা দিচ্ছে ইলেক্টোরাল অটোক্রেসি, কেউ কেউ আবার এটাকেই ইলেক্টোরাল ফ্যাসিজম বলছে। যার জেরে ভোট ব্যবস্থায় বিজেপির কেশাগ্র স্পর্শ করারও সাধ্য হচ্ছে না কারও।

 

এহেন পরিস্থিতিতে যখন গণআন্দোলন তীব্র করার প্রয়োজন দেখা দিয়েছে, যখন হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি ফ্যাসিবাদ ও মনুবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রাস্তাকে একমাত্র রাস্তা হিসাবে বেছে নেওয়ার দরকার ছিল, তখন সংসদীয় রাজনীতির পাকেচক্রে ঘুরপাক খেয়েছে বিদ্যমান সংসদীয় দলগুলি। এহেন পরিস্থিতিতে সর্বভারতীয় পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের বিক্ষোভ তীব্রতর হয়। আর সেই বিক্ষুব্ধ জেন-জিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ‘তেলাপোকা’ আখ্যা দিলে, রাষ্ট্রের সেই বিষোদগারকেই নিজেদের পরিচিতি হিসাবে তুলে ধরে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি। এই ঘটনার সঙ্গে তুলনীয় হাসিনার শাসনামলে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ‘রাজাকার’ ট্যাগ দেওয়ার ঘটনা। হাসিনা তথা আওয়ামী ফ্যাসিবাদের এহেন ট্যাগিংয়ের প্রতিবাদে যেভাবে ঢাকার রাজপথ মুখরিত হয়েছিল ‘আমি কে তুমি কে রাজাকার রাজাকার/ কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার’ স্লোগানে সেভাবে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত তরুণ প্রজন্মকে আরশোলা বা তেলাপোকা আখ্যা দিলে, সেই আখ্যানের ভিতর থেকেই ভারতের রাজনীতিতে অবতীর্ণ হয়েছে ককরোচ জনতা পার্টির।

 

যুক্তফ্রন্ট ও ফ্যাসিবাদ বিরোধিতা

 

গোটা বিশ্বে যেখানে যেখানে স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, তখনই নতুন উদ্যমে চর্চা শুরু হয়েছে মার্ক্সবাদী তাত্ত্বিক ও আন্তর্জাতিক কমিন্টার্নের আলোকবর্তিকা জর্জ দিমিত্রভের ফ্যাসিবাদ বিরোধী যুক্তফ্রন্ট গঠনের আহ্বান নিয়ে। মধ্যপন্থী সমাজগণতন্ত্রী, এমনকী শোধনবাদী ট্রেড ইউনিয়ন ও নিপীড়িত বুর্জোয়াদের সঙ্গে যুক্তফ্রন্ট তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করে তোলার ডাক দিয়েছিলেন কমিউনিস্ট বা শ্রমিক শ্রেণির নেতৃত্ববাহী রাজনৈতিক শিবিরকে। জর্জ দিমিত্রভের সেই যুক্তফ্রন্ট গঠনের শিক্ষাকে গোটা বিশ্বে বারবার অনুসরণ করা হয়েছে।

 

উপমহাদেশও তার ব্যতিক্রম নয়। এর আগে সত্তর দশকে ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী পদক্ষেপ জরুরি অবস্থা জারি হওয়ার বিরুদ্ধেও মধ্যপন্থী সমাজগণতন্ত্রী, গান্ধীবাদী সমাজতান্ত্রিক ধারা ও কমিউনিস্টরা ঐক্য গড়েছিল ইন্দিরা স্বৈরাচারী জমানার বিরুদ্ধে এবং গণআন্দোলন ও সংসদীয় রাজনীতির মেলবন্ধনে পতন ঘটেছিল ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেসি জমানার। যদিও সেই যুক্ত আন্দোলনের ভিতরে ঢুকে বসেছিল আরএসএস, যার জেরে তাদের রাজনীতি নতুনভাবে জনসংঘ থেকে বিজেপি প্রতিষ্ঠার ভিতর দিয়ে উগ্র ডানপন্থী হিন্দুত্ববাদী রাজনীতিকে ধীরে ধীরে সামনে আনে। কিন্তু এই উগ্র ডানপন্থীদের চিনতে না পারা, তাদের স্পেস দিয়ে ফেলার মতো বাম ও সমাজগণতন্ত্রীদের ব্যর্থতার জেরে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন খাটো হয়ে যায়নি, বাংলাদেশও অতীতে দেখেছে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতকে একত্রিত হয়ে লড়াই করতে। জামায়াত ছিল বলে যেমন সে আন্দোলনের গুরুত্ব খাটো হয়নি, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়ের যুক্ত আন্দোলন প্রসঙ্গেও একই কথা বলা যায়। আবার এর সঙ্গেই তুলনীয় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ঐক্যে জামায়াতের ঢুকে পড়ার ঘটনার। কিন্তু জামায়াতের কারণে তো আর আমরা গণঅভ্যুত্থানের মতো ইতিবাচক রাজনৈতিক ইতিহাসকে অস্বীকার করব না।

 

তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের জেন-জির ‘আরশোলা’রা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক যুক্তমঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছে। যে মঞ্চে শামিল হয়েছে কংগ্রেস, প্রাতিষ্ঠানিক বা সংসদীয় ও অসংসদীয় বামেরা, শামিল হয়েছে নানা সমাজগণতন্ত্রী শক্তি। এমনকী যেভাবে জর্জ দিমিত্রভ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কর্মীজনতা ও রাজনৈতিক নানা বর্গের মধ্যে ঐক্য গঠনের ডাক দিয়েছিলেন, আজকের ককরোচ পার্টির আন্দোলনে ঠিক সেভাবেই দেখা যাচ্ছে ছাত্র-যুব-পার্টিজান-বুদ্ধিজীবীদের সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষক ও শ্রমিকরা। যে কিষাণরা কৃষি বিলের বিরুদ্ধে ঐতিহাসিক কৃষক আন্দোলনে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল আরএসএস-বিজেপির শাসনে, সেই কৃষকরাই শামিল হচ্ছে ককরোচ ছাত্র-যুবদের পাশে।

 

এক্ষেত্রে উল্লেখ্য, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন আজকের কংগ্রেস অনেকাংশেই দলের পুরনো সমাজবাদী, মধ্য-বামপন্থী ও গণতান্ত্রিক চেহারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি প্রবল গুরুত্ব আরোপ করা হচ্ছে গণআন্দোলনের ওপর। গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যের ওপর। বিশেষত কংগ্রেসের ছাত্রযুবরা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার ইস্যুতে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচদের পাশাপাশি ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে।

 

অন্যদিকে সংসদীয় বামপন্থী দল সিপিএম ও নকশালপন্থী কমিউনিস্ট দল সিপিআইএমএল-লিবারেশনের ছাত্র সংগঠন এসএফআই ও আইসা ককরোচ পার্টি ও সোনম ওয়াংচুকের সত্যাগ্রহে শামিল হয়েছে। ককরোচ ও সোনমের সঙ্গে অনশন চালাচ্ছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আইসা নেত্রী কমরেড নেহা প্রমুখ। আর তাঁদের অনশন সত্যাগ্রহে হাজির হচ্ছেন বিজেপি বিরোধী নানা রাজনৈতিক দলের নেতৃবর্গ। যেমন ইতিমধ্যেই এই চলমান সত্যাগ্রহে হাজির হয়ে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী মহুয়া মৈত্রকে।

 

অনশন মঞ্চে হাজির হয়ে তিনি তাঁর বক্তৃতায় উদ্ধৃত করেছেন পাকিস্তানি কমিউনিস্ট কবি ফয়েজ আহমেদ ফয়েজের কিংবদন্তী কবিতা ‘হাম দেখেঙ্গে’র অংশ। একইভাবে অনশন মঞ্চে হাজির হয়েছেন সিপিআইএমএল-লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এমএ বেবি, পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট, বৃন্দা কারাট, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী প্রমুখ।

 

সত্যাগ্রহ ও শ্রেণিসংগ্রাম

 

‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (মূল টেক্সটে 'ধর্মেন্দ্র যাদব' ছিল, তা অপরিবর্তিত রাখা হলো) পদত্যাগের দাবিতেই মূলত সোনম ওয়াংচুক ও তাঁর ‘তেলাপোকা’ কমরেডদের সত্যাগ্রহ ও অনশন। কিন্তু এই আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই সীমাবদ্ধ নয়, তাও স্পষ্ট হচ্ছে, কারণ ককরোচ জনতা পার্টি তাদের সূচনালগ্নেই ঘোষণা দিয়েছে, ভারতের বিচারব্যবস্থার আমূল সংস্কার ও রাষ্ট্র কাঠামোর মধ্যে ঢুকে পড়া অশুভ ফ্যাসিস্ট চক্রকে বিযুক্ত ও জনবিচ্ছিন্ন করার কাজ তারা চালাবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সেই সামগ্রিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রাথমিক তৎপরতা।

 

পাশাপাশি ভারতের সংবিধানের বুনিয়াদি প্রস্তাবনার পুনর্প্রতিষ্ঠার বার্তাও চলমান এই সত্যাগ্রহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহুত্ববাদ, সহাবস্থান, সাম্য, মৈত্রী ও সামাজিক ন্যায়বিচারের সাংবিধানিক কাঠামোর সম্পূর্ণ পরিবর্তন করে আরএসএস-বিজেপি যেভাবে ঔপনিবেশিক ধাঁচের হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি জাতিবাদী ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো তৈরি করতে তৎপর, সেই অপতৎপরতার অবসানের লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর গণআন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করছে এই সত্যাগ্রহ।

 

পাশাপাশি ভারতের নানাপ্রান্তের নিপীড়িত শ্রমিক ও কৃষক শ্রেণির চলমান শ্রেণিসংগ্রামের সঙ্গেও সত্যাগ্রহ ঐক্য গড়ে তুলতে যে তৎপর তাও ক্রমে স্পষ্ট হচ্ছে। উত্তরপ্রদেশের নয়ডায় যে ব্যাপক শ্রমিক আন্দোলন গড়ে উঠেছে ইতিমধ্যেই, সেই শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক বর্গের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে এই সত্যাগ্রহের। তাছাড়াও ককরোচ নেতৃবর্গের তরফে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সংগ্রামী কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই আন্দোলনে যুক্ত হওয়ার। আর সেই আহ্বানে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা। শুধু তাই নয়, দলিত ও নিম্নবর্গের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলির নেতৃত্বকেও দেখা যাচ্ছে এই আন্দোলনে। মুসলিম-সহ সংখ্যালঘুদের অধিকার সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে যারা সরব, তারাও শামিল হয়েছে এই মহাসংগ্রামে।

 

ফলে এই আন্দোলন একদিকে যেমন মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংস সত্যাগ্রহ আন্দোলনের উত্তরাধিকার বহন করছে, তেমনই আম্বেদকরের জাতপাত বিরোধী ও দলিত ক্ষমতায়নের রাজনৈতিক ধারাও মিশেছে এই আন্দোলনের স্রোতে। সংখ্যালঘু-দলিত ও আদিবাসীদের অধিকার কায়েমের কণ্ঠস্বর প্রতিফলিত হচ্ছে দিল্লির যন্তরমন্তরে। পাশাপাশি মেহনতি মানুষের শ্রেণির লড়াইয়ের নেতৃত্বপ্রদানকারী রাজনৈতিক নানা অংশও নিজেদের সংযুক্ত করেছে ফ্যাসিবাদ বিরোধী এই লড়াইয়ে। গান্ধী-আম্বেদকর-ভগত সিং-সুভাষ বোস থেকে শুরু করে মহামতী মার্ক্স-লেনিনের চিন্তার মিশেল প্রতিফলিত হচ্ছে দিল্লির যন্তরমন্তরে। ফ্যাসিস্ট শাসনের অবসানের সুযোগ ও সম্ভাবনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। তেলাপোকাদের দিকে তাকিয়ে আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত জনতা।

--

লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক,  কলকাতা, ভারত।

ইমেইল- [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: