নেহা শহীদ হতে চলেছে  ‘শুনতে কি পাও’ তুমি?

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৪:২৩পরিবর্তন করতে ক্লিক করুন
নেহা শহীদ হতে চলেছে  ‘শুনতে কি পাও’ তুমি?

স্কেচ: এআই

শেয়ার করুন:

আজ হয়তো ভারতের প্রজন্ম চুপ আছে। কিন্তু লিখে রাখুন, আজ থেকে ৫ বা ১০ বছর পর এই স্মৃতি তাদের আক্ষরিক অর্থেই তাড়া করে ফিরবে। এক অসীম আত্মগ্লানি আর অন্যায়বোধ তাদের ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাবে।

  

দিল্লির ৪২ ডিগ্রি সেলসিয়াস তপ্ত পিচ। যন্তর মন্তরের একটি পাতলা ত্রিপল। সেখানে টানা ২১ দিন ধরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একটা শরীর। মেয়েটার নাম নেহা বোরা। টানা তিন সপ্তাহ তার পেটে এক দানা খাবার পড়েনি, রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক তলানিতে, শরীরে কিটোন লেভেল এমন পর্যায়ে যে, মুম্বইয়ের চিকিৎসক ডাঃ অঞ্জলি ছাবড়িয়া বারবার সতর্ক করে বলছেন—মেয়েটা যে কোনো মুহূর্তে কোমায় চলে যেতে পারে, হতে পারে মৃত্যুও।

 

সেদিন ভোরে চাদর দিয়ে লুকিয়ে পুলিশ জোর করে পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গেছে। জোর করে এই গণতান্ত্রিক আন্দোলন গুঁড়িয়ে দেওয়ার সব রকম চেষ্টা চলছে। কিন্তু জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পিএইচডি গবেষক নেহা সেখান থেকে এক পা-ও সরেনি।

 

নেহা লড়াই করছে। সে এই ত্রিপলের তলা থেকে কিংবা হাসপাতালের আইসিইউ থেকে শেষ পর্যন্ত জীবিত ফিরে আসবে কি না, আমরা জানি না। আমরা শুধু দেখছি। ১৪০ কোটির দেশ ভারত, তার যুবসমাজ, তার নাগরিকরা শুধু নির্লিপ্ত চোখে মোবাইল স্ক্রিনে একজন জলজ্যান্ত মানুষের শহীদ হয়ে যাওয়ার দৃশ্য দেখছে, কিন্তু কেউ এই প্রতিবাদে অংশ নিচ্ছে না।

আজ হয়তো  ভারতের প্রজন্ম চুপ আছে। কিন্তু লিখে রাখুন, আজ থেকে ৫ বা ১০ বছর পর এই স্মৃতি  তাদের আক্ষরিক অর্থেই তাড়া করে ফিরবে। এক অসীম আত্মগ্লানি আর অন্যায়বোধ  তাদের ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাবে। যখনই দেশে কোনো বড় অন্যায় হবে,  তাদের মনে পড়বে—এক শিক্ষামন্ত্রীর দুর্নীতির প্রতিবাদ করতে, দেশের সাধারণ ছাত্রছাত্রীদের মেধার মূল্যায়ন  নিশ্চিত করতে, একটা পঁচিশ বছরের মেয়ে  চোখের সামনে দিনের পর দিন  না খেয়ে তিলে তিলে শেষ হয়ে যাওয়া তারা দেখেছিল, আর  প্রজন্ম  কাপুরুষের মতো আড়াল রেখেছিল দিনের পর দিন।

 

 

কে এই নেহা? কেন তাঁর এই অনশন?

 

নেহা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী পিএইচডি ছাত্রী। চাইলেই সে একটি উজ্জ্বল কর্পোরেট বা অ্যাকাডেমিক ক্যারিয়ার গড়তে পারত। বিদেশে সেটেল হয়ে একটা বিলাসবহুল জীবন কাটানো তার কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু সে নিজের জীবন বেছে নিয়েছিল ধুলোবালি, রোদ-জল আর টিয়ার গ্যাসের ঝাঝালো পথ।  নেহা  বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)-এর সাথে যুক্ত হয়।

 

কেন বামপন্থী রাজনীতি? কারণ, এই রাজনীতি শিখিয়েছে সমতার কথা বলতে, অন্যায় দেখলে শোষকের চোখের দিকে তাকিয়ে আঙুল তুলতে। নেহা শুধু 'নিট' প্রশ্নফাঁস নিয়ে কথা বলেনি। ফিলিস্তিনের গাজায় যখন বুলেটের আঘাতে শিশুরা রক্তাক্ত, নেহার গলা ফেটেছে দিল্লির রাস্তায়। যখন বিলকিস বানোর ধর্ষকদের মালা পরিয়ে বরণ করা হয়েছে, নেহা বিচার চেয়ে স্লোগান তুলেছে। আরএসএস -এর হিন্দুত্ববাদী মেরুকরণ এবং তাদের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, রাস্তায় দল বেঁধে পিটিয়ে মারার বিরুদ্ধে নেহা বরাবরই ছিল এক মূর্ত প্রতীক। নিজের জন্য সে লড়েনি, লড়েছে বঞ্চিত, গরিব আর নির্যাতিতদের জন্য। 'ককরোচ জনতা পার্টি'-র  অভিজিৎ দীপক যখন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, নেহা তখন কোনো পিছুটান না রেখেই নিজেকে সঁপে দেয় এই অনশনমঞ্চে।

 

নেহাকে দেখলে আজ ইতিহাস ফিরে আসে। মনে পড়ে ১৯২৯ সালের কথা। ভগৎ সিং সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়েছিলেন। কাউকে হত্যা করার জন্য নয়, 'বধিরকে শোনানোর জন্য'। ভগৎ সিং যখন ফাঁসিকাঠে ঝুললেন, সেদিনই কিন্তু ব্রিটিশরা ভারত ছেড়ে পালায়নি। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, ব্রিটিশরাজের কিছুই হলো না। কিন্তু ওই একটি আত্মত্যাগ ভারতের ঘুমন্ত তরুণ সমাজের শিরায় সশস্ত্র বিপ্লবের এমন আগুন ধরিয়ে দিয়েছিল, যা উপনিবেশবাদীদের মেরুদণ্ড ভেঙে ভারত ছাড়তে বাধ্য করে।

 

আজকের দিনে নেহা বোরা এই প্রজন্মের ভগৎ সিং। আজ তার ২১ দিনের এই ভয়াবহ আত্মত্যাগ হয়তো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এখনি ইস্তফা দিতে বাধ্য করবে কিনা আমরা জানি না। পুলিশ আর রাষ্ট্রযন্ত্রের পেশীশক্তি ব্যবহার  বিজেপি সাময়িকভাবে যন্তর মন্তর খালি করে দেবে। আজকের বিজেপি হয়তো কাল সকালেই ক্ষমতা হারাবে কিনা জানি না। আজ হয়তো ভয় পেয়ে বা আরামের লোভে সাধারণ মানুষ এই আন্দোলনে হয়তো নামবে না, তারা এখনো নামেনি। কিন্তু ইতিহাস সাক্ষী—আত্মত্যাগ কখনও বৃথা যায় না।

 

নেহার অনাহারে শুকিয়ে যাওয়া মুখ, তার দুর্বল শরীর আজ যে স্ফুলিঙ্গ তৈরি করছে , তা একদিন ঠিকই দাবানল হবে। যেদিন ফ্যাসিবাদী বিজেপি  তার বিশাল অহংকার বালির প্রাসাদের মতো ভেঙে পড়বে, সেদিন আর এই প্রজন্মের কেউ হয়তো সেই মিছিলে যাওয়ার মুখ পাবে না। কারণ সেদিন তারা জানবে, যখন একটা সিস্টেম বদলানোর সবচেয়ে বেশি দরকার ছিল, যখন একটা মেয়ে দেশের মানুষের মুক্তির প্রশ্নে তিলে তিলে প্রাণ দিচ্ছিল, তখন তারা চুপ ছিল।

 

নেহা শহীদ হতে চলেছে শুধু সরকারের অন্যায়ের কারণে নয়, আমাদের সবার নীরবতার কারণে। নেহা  যে লড়াই শুরু করল, যে বারুদ সে তৈরি করল তা একদিন এমন বিস্ফোরণ হবে  তাতে একদিন বিজেপির সব ফ্যাসিবাদ ভষ্ম হবে।  নেহারা হারে না, তারা পথ দেখিয়ে যায়। আর হেরে যায় আমাদের মতো সুবিধাবাদী সমাজ।

____

*লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: