বাংলা একাডেমিতে মোহন রায়হানের সাথে আসলে কী ঘটেছিল?


কবি মোহন রায়হানকে কবিতা পাঠে বাধা দেন এনসিপি নেতা ইসহাক। স্কেচ: এআই
শিল্পের স্বাধীনতার সীমারেখা ঠিক কোথায় এবং কতখানি? যদি সমাজ বা রাষ্ট্র কবিকে ঠিক করে দেয় তিনি কবিতায় কীভাবে লিখবেন, তাহলে কবিতার মৃত্যু হয়।
ফরাসি ঔপন্যাসিক-দার্শনিক আলবেয়ার কামু তার বিখ্যাত ‘ক্রিয়েট ডেঞ্জারাসলি’ শীর্ষক বক্তৃতায় বলেন , ‘স্বাধীনতা ছাড়া কোনো শিল্প হতে পারে না; শিল্প কেবল তার নিজের ওপর আরোপিত নিজের নিয়মের ওপর ভিত্তি করে বেঁচে থাকে, অন্য সব বাইরের বাধ্যবাধকতায় সে মারা যায়।’
শিল্পের স্বাধীনতার সীমারেখা ঠিক কোথায় এবং কতখানি? যদি সমাজ বা রাষ্ট্র কবিকে ঠিক করে দেয় তিনি কবিতায় কীভাবে লিখবেন, তাহলে কবিতার মৃত্যু হয়। উর্দূ সাহিত্যের কিংবদন্তি মীর তকি মীর বলেন, ‘মীরের মুখের ভাষা যেন জাফরানের ফুলের মতো সুবাসিত; আমার সাথে কথা বলার জন্য উর্দূ ভাষার শব্দরা হাতজোড় করে দাঁড়িয়ে থাকে নতমস্তকে।’
কবি কথা বলেন তার অন্তর্গত অবচেতনে। এই অন্তর্গত অবচেতনের সঙ্গে কথা বলবার নানান পথ কবির কলবে থাকে যার দ্বারা কবি অচীনের সঙ্গে সাক্ষাৎ করেন, রবীন্দ্রনাথের মতো ধরেন ‘অধরা মাধুরী ছন্দোবন্ধনে’। এই অবচেতনের সঙ্গে যেই যোগাযোগের পথেই কবি সাক্ষাৎ করেন না কেনো, তা কখনোই পরিকল্পিত প্রাত্যহিকতা নয়।
এই মুহুর্তটিকে অলৌকিকতা, জাদু বাস্তবতা, কিংবা প্রতিভা ইত্যাদি সহস্র নামে মানব সমাজ কালে কালে দেশে দেশে ডেকেছে। কিন্তু ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থের একটি কথার সঙ্গে বিশ্ব সাহিত্যের কোন সাহিত্য বিশ্লেষক কিংবা কবিই দ্বিমত হবেন না।
ওয়ার্ডসওয়ার্থ বলেন, ‘কবিতা হলো তীব্র অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।’ এই যে স্বতঃস্ফূর্ততা এটাই কবির অবচেতনের সঙ্গে যোগাযোগের ধর্ম। মীর তকি মীরের আত্মা যখন উর্দু ভাষার শব্দের সঙ্গে কথা বলে, রবীন্দ্রনাথ যখন ‘অধরা মাধুরী’ ধরেন বাংলা শব্দরাশির অজর ছন্দবন্ধনে তখন সে ঘটনা স্বতঃস্ফূর্ত, সে ঘটনা সেই মহাজাগতিক স্থান কালে রবীন্দ্রনাথের সঙ্গেই ঘটেছে।
এই যে স্বতঃস্ফূর্ততা এটা শুধু কবির ব্যাক্তি অবচেতন নয়। মানুষের মনের চেতন, অবচেতন, অচেতন যৌথ, সামাজিক। সুইস মনোবিদ কার্ল গুস্তাভ ইয়ুং বলেন, ‘শিল্প হলো এক ধরনের জন্মগত চালিকাশক্তি যা একজন মানুষকে আঁকড়ে ধরে এবং তাকে তার নিজের হাতিয়ার বা মাধ্যম হিসেবে ব্যবহার করে। মহান শিল্পী তাঁর ব্যক্তিগত লক্ষ্যসম্পন্ন কোনো মানুষ নন, বরং তিনি হলেন সমগ্র মানবজাতির যৌথ অবচেতন মনের এক অবিনশ্বর রূপকার।’
তাই যে দেশ বা সমাজ কবি ও তার অবচেতনের দরজায় ক্ষমতার পাইক-পেয়াদা পাঠায়, যারা কবির স্বতঃস্ফূর্ত প্রকাশকে আইন, প্রথা বা কোন রাজনৈতিক প্রকল্পের শাসনে বন্দি করতে চায়, যারা কবির আত্মায় শেকল পরানোর দুঃসাহস দেখায় তারা নিজেদের যৌথ অবচেতনের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ফলে সেই সমাজ বন্ধা হয়ে পড়ে। এরকম বন্ধা- সৃজনঘাতী সমাজ আসলে ফ্যাসিবাদের লক্ষণ।
জুলাই আন্দোলন একটা জনগণের সর্বাত্মক, সর্বব্যাপক ও সার্বজনীন সংগ্রাম হলেও ওই আন্দোলনে জনগণের কোনো সংগঠিত শক্তি ছিল না। ফলে উগ্র-ডানপন্থী, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট একটা ফ্যাসিবাদী শক্তি জুলাই আন্দোলনের নামে একটা ফ্যাসিবাদী রাজনৈতিক প্রকল্প সৃষ্টি করেছে।
এই প্রকল্পের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রের অবশিষ্ট গণতান্ত্রিক চরিত্রকে ধ্বংস করা এবং সমাজের সকল উদার-সমন্বয়বাদী বৈশিষ্ট্যকে হত্যা করে একটা মধ্যযুগীয় ওহাবি-সালাফি আকীদা ভিত্তিক ফ্যাসিবাদ কায়েম করা। এ ধরনের ফ্যাসিবাদের অন্যতম শত্রু হচ্ছেন সেইসব কবিতা যারা তার জাতির যৌথ অবচেতনের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে।
ইউরোপে ফ্যাসিবাদের উত্থানের সময়ে কবি ও শিল্পীদের কলমের আঘাত আসে। স্পেনের স্বৈরশাসক ফ্রাংকো গুলি করে হত্যা করে কবি ফ্রেদরিক গার্সিয়া লোরকাকে। পৃথিবীর দেশে দেশে ফ্যাসিস্টরা এভাবেই শিল্পী কবিদের উপরে নিপীড়ন করেছে।
এই যেমন, বিগত ২৩ জুলাই বাংলা একাডেমিতে জুলাই আন্দোলন বিষয়ক কবিতা পাঠের আয়োজনে নাজোহালের শিকার হয়েছেন কবি মোহন রায়হান। কবিতা পাঠের মাঝপথে তার হাত থেকে মাইক কেড়ে নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক।
প্রসঙ্গত, এনসিপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও খেলাফাতে মজলিসের জোট সঙ্গী। বিগত ফেব্রুয়ারিতে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হাতে আধ্যাত্মিক সাধক শামীম জাহাঙ্গীর এর হত্যার অভিযোগ রয়েছে।
খেলাফাত মজলিসের আমির মামুনুল হক জুলাই আন্দোলনের পরপর ঘোষণা করেন, ‘সব মাজার ভেঙে দাও।’ এদিকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে ফ্যাসিবাদী কায়দায় মব সন্ত্রাসী আক্রমণের বৈধতা দিয়ে ইন্টেরিম আমলে এনসিপি নেতা সারজিস আলম হিন্দুদেরকে আওয়ামী লীগের ভোটার বদনাম ঘুঁচাতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
গত ২৩ জুলাই বাংলা একাডেমির জুলাই কবিতা পাঠের অনুষ্ঠানে কবি মোহন রায়হানকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে স্লোগান দেন আহমেদ ইসহাক এর অনুসারীরা। ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানটি ছিল ‘জুলাই নিয়ে স্বরচিত কবিতা পাঠের’। কবি মোহন রায়হান তার কবিতাটি পাঠের মাঝখানে ছিলেন।
কবিতাটি ছিল এইরকম:
‘জুলাই এখন
ঝুলে আছে গণি রোডের ঝুলবারান্দায়—
লাল ফিতার ফাঁসিতে শ্বাসরুদ্ধ
শহীদের স্বপ্ন।
জুলাই এখন
হাসপাতালের আইসিইউতে,
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
এক রুগ্ন শয্যার নিঃশব্দ আর্তনাদ।
জুলাই এখন
নিস্পন্দ মাটির নিচে,
অচেনা গণকবরের অন্ধকারে
নামহীন অগণিত কবরফুল।
জুলাই এখন
গুলিবিদ্ধ পাখির মতো
ডানা ঝাপটায়
অপরাজেয় বাংলা আর রাজু ভাস্কর্যের পাদদেশে।
জুলাই এখন
ধর্মব্যবসায়ী, ধর্ষক, খুনি আর লুণ্ঠনকারীদের
উল্লাস-উন্মত্ত নৃত্যমঞ্চ।
জুলাই এখন
স্বাধীনতার স্বঘোষিত সোল এজেন্টদের অট্টহাসি,
শিশুর আতঙ্কিত চিৎকার,
মায়ের অশ্রু,
বাবার দীর্ঘ হাহাকার।
জুলাই এখন
মুক্তচিন্তা আর মানবিক হৃদয়বৃত্তির বিরুদ্ধে
জারি হওয়া ফতোয়া;
কবিতা, কথা, সুর আর সংগীতের
গলায় ঝোলানো মৃত্যুঘণ্টা।
জুলাই এখন
অন্ধকারের বর্বরতার
অশনি-সংকেত।
জুলাই এখন
যুদ্ধবাজ হায়নাদের
রক্তাক্ত চারণভূমি।
জুলাই এখন
একাত্তরের পরাজিত শক্তির
নতুন মুখোশে ফিরে আসা
ঘৃণ্য ষড়যন্ত্র।
জুলাই এখন
রাজাকার, আলবদর আর স্বাধীনতাবিরোধী অপশক্তির
নির্লজ্জ পুনরুত্থানের প্রতিধ্বনি।
ভেবেছিলাম—
জুলাইয়ের যুদ্ধে বিজয়ী হলে…”
এতুটুকু জায়গায় আসবার পরেই এনসিপি নেতা আহমেদ ইসহাক চিৎকার করতে করতে মঞ্চ সত্তুর উর্ধ্ব মোহন রায়হানের দিকে তেড়ে আসেন। ‘আওয়ামী লীগের দালাল’ বলে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আহমদ ইসহাক।
মোহন রায়হান বলতে থাকেন, ‘পুরাটা শুনতে হবে, কবিতা পুরাটা শুনতে হবে।’… মোহন রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আহমদ ইসহাক মাইকের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমরা এই আওয়ামী লীগের দালাল মোহন রায়হানকে বাংলা একাডেমি প্রাঙ্গনে নিষিদ্ধ ঘোষণা করলাম।’ তারপর তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগান দিতে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা পেপার্সকে আহমদ ইসহাক বলেন, ‘বাংলা একাডেমিতে অনুষ্ঠানের বিষয় ছিল “জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক স্বরচিত কবিতা পাঠ।” কিন্তু কবি মোহন রায়হান এমন একটি কবিতা পাঠ করেন, যেখানে —‘জুলাই এখন ধর্মব্যবসায়ী, ধর্ষক, খুনি আর লুণ্ঠনকারীদের উল্লাস-উন্মত্ত নৃত্যমঞ্চ’, ‘জুলাই এখন স্বাধীনতার স্বঘোষিত সোল এজেন্টদের অট্টহাসি’, ‘জুলাই এখন মুক্তচিন্তার বিরুদ্ধে ফতোয়া’ হিসেবে উল্লেখ করা হয়।’
তিনি বলেন, ‘এই কবিতায় জুলাই শব্দের পরিবর্তে মুক্তিযুদ্ধ/ বঙ্গবন্ধু বসিয়ে পাঠ করলেই বুঝা যাবে কবিতার মনোভাব কি ছিল। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা, এসবের উল্লেখ নাই। যা মূলত আওয়ামী ন্যারেটিভ।’
‘এতে উপস্থিত শতাধিক কবির মধ্যে মাত্র দু'জন ছাড়া সব কবিই তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। আমি একজন জুলাইয়ের সংগঠক এবং কবি হিসেবে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করি,’ বলেন এনসিপি নেতা ইসহাক।
‘পরে আরেক এনসিপি নেতা, কবি সায়েদ জামিলের হস্তক্ষেপে তাকে পুরো কবিতাটি পড়তে দেওয়া হয়। কবিতার শেষে কবিতার বাইরে গিয়েও তিনি দু’একটা লাইন বলেন, ব্যখ্যা করেন। কিন্তু আওয়ামী বয়ানের বাইরে কিছুই ছিল না। সেখানে একজন কবি জিয়াউর রহমানকে খুনি বলে কবিতা লিখেছিলেন দাবি করলে তিনি স্বীকার করে তার পূর্বের বক্তব্যে অনড় থাকেন।’
‘এমনকি তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানকে রাজাকারের স্লোগান হিসেবেও চিহ্নিত করেন। যার প্রতিবাদে আমি 'ইনকিলাব' স্লোগান দেই।’
‘জুলাই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক গণআন্দোলন। এর অর্জন, সীমাবদ্ধতা, পরবর্তী বাস্তবতা এবং রাজনৈতিক ফলাফল নিয়ে আলোচনা, সমালোচনা ও বিতর্ক অবশ্যই হতে পারে। তার উদ্দেশ্য যদি সমাজের সামগ্রিক সংকট তুলে ধরাই হয়, তাহলে জুলাই এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে বয়ান তৈরি করার দরকার হয় না। একাত্তরের পরাজিত শক্তিরা জুলাই ঘটিয়েছে বলে তিনি রাজাকার, আল-বদরদের উত্তরসূরী হিসেবে আমাদের আখ্যায়িত করতে চাচ্ছেন। এই নির্বাচিত উপস্থাপনা স্বাভাবিকভাবেই একটি আওয়ামী রাজনৈতিক ফ্রেমিং বা ন্যারেটিভ নির্মাণের প্রচেষ্টা।’
ইসহাক আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তীতে হওয়া লুটপাট, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ, দুর্ভিক্ষ, দুঃশাসন সামনে এনে একাত্তরের পরাজিত শক্তি যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করতে চায়, জুলাইয়ের পরাজিত শক্তিরাও একই পথে হাঁটছে। তারা আরেকটু আগ বাড়িয়ে মুক্তিযুদ্ধ আর জুলাইকে মুখোমুখি দাঁড় করিয়ে এটা করতে চায়। আমরা সচেতন আছি।’
‘জুলাই চলাকালীন জুলাইয়ের পক্ষে তার কোন অবস্থানের প্রমাণ নাই। বরং তাকে কবিদের পক্ষ থেকে বারবার কল করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হন নাই,’ যোগ করেন তিনি।
আহমদ ইসহাকের এই কথার পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ এর বাংলা কবিতা বিষয়ে এই প্রতিবেদকের অনুসন্ধানে পাওয়া যায় ভিন্ন তথ্য। আশির দশকে সামরিক শাসন কবলিত বাস্তবতায় কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ লেখেন:
‘এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?’
রুদ্র মুহাম্মদ শহিদুল্লার কবিতায় কবির এ বাক্যকে কেউ মুক্তিযুদ্ধের অবমাননা হিসেবে নেয়নি। বরং যে দেশ আমরা চেয়েছিলাম ’৭১ এর মুক্তিযুদ্ধে, সে দেশ না পাওয়ার স্বপ্নভঙ্গের বেদনা হিসেবে এটিকেও মুক্তিযুদ্ধের পক্ষের কবিতা হিসেবেই সমাদর করা হয়েছে।
মুক্তিযুদ্ধের পরের বছরগুলোতে মুক্তিযুদ্ধের সময়ে কৃষি উৎপাদনে ব্যাপক যুদ্ধজনিত ঘাটতি, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামিলীগ ও অক্ষত থাকা পাকিস্তানি আমলাতন্ত্রের ব্যাপক লুটপাটে দেশে যখন খাদ্যাভাব দেখা দেয় তখন মুক্তিযুদ্ধের জাতীয় পতাকার লালের ভেতরে হলুদ মানচিত্রকে উদ্দেশ্য করে কবি রফিক আজাদ লেখেন:
‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো।’
রফিক আজাদের এই কবিতাকেও মুক্তিযুদ্ধের প্রজন্মের কবিতা হিসেবেই সমাদর করা হয়। এদিকে মোহন রায়হানকে ওই ভিডিওতে জিয়াউর রহমানের ব্যাপারে তার অতীত বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদের নিজেদের অবস্থান পরিবর্তনের উল্লেখ করে নিজেরও বিএনপি নিয়ে অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দেন।
ওই অনুষ্ঠানে বাংলা একাডেমির পরিচালক মহম্মদ আজমও উপস্থিত ছিলেন। এ ব্যাপারে তাকে ঢাকা পেপার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
এদিকে কবি মোহন রায়হান এর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঢাকা পেপার্সকে বলেন, ‘আমার কবিতার মূল বিষয় ছিল জুলাইয়ের স্বপ্ন আকাঙ্খা এখনো ঝুলে আছে, আমি নিজেও এই জুলাইয়ে ছিলাম রাজপথে। কিন্তু জুলাই আন্দোলনের পরে ৭১ এর পরাজিত শক্তির বিকাশ ঘটেছে দেশে, এবং এই মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি নিজের নিজেদের সমস্ত অপকর্মের বৈধতা হিসেবে জুলাইকে ব্যবহারের চেষ্টা করছে যেটার প্রতিবাদ জনগণের পক্ষে জুলাইয়ের রাজপথে থাকা মানুষ হিসেবে, কবি হিসেবে আমার কবিতায় উঠে এসেছে। আমার কবিতার মূল বক্তব্য শেষে ছিল, কবিতাটা পুরোটা না শুনেই এরা থামিয়ে দেয়। এরা আমাকে হাসিনার বয়ান, হাসিনার কবিতা বলে থামিয়ে দেয়! মুক্তিযুদ্ধের কথা বললে আর রাজাকারের বিরুদ্ধে বললেই আওয়ামী লীগ বলে দেয়া হচ্ছে। অথচ হাসিনা কি মুক্তিযুদ্ধ?’
মোহন রায়হান আরো বলেন, ‘কথা বলার স্বাধীনতার জন্য আমরা জীবন দিয়েছি। আমি ’৯০ এ গ্রেফতার হয়েছি। ’৬৯ এর রাজপথে ছিলাম, মার খেয়েছি। আমি ’৭১ এ যুদ্ধ করেছি। মুজিব আমলে তিন বছর জেলে ছিলাম! আমি আমার কলেজের নবীন বরণে কবিতা পড়েছিলাম, ‘‘যেহেতু তথাকথিত মুজিববাদ, কেড়ে নিয়েছে পেটের ভাত, প্রিয়ার মুখের হাসি…” আমার এই কবিতার জন্য আমাকে মুজিববাদী ছাত্রলীগের এক নেতা ওই মঞ্চে গুলি করেছিল! ’২৪ কেও আমি ধারণ করি। এরা ’২৪কে ’৭১এর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই দুঃখজনক বাস্তবতাই আমার কবিতায় উঠে এসেছে।’
তিনি আরও বলেন, ‘এরা আমার কবিতা থামিয়ে দিয়ে ফ্যাসিস্ট এর মতো কাজ করেছে, হাসিনা যা করতো এরা ঠিক তাই করেছে! কবির কন্ঠরুদ্ধ করেছে। অথচ আমরা স্বাধীনভাবে কথা বলবো, শিল্প চর্চা করবো এই আকাঙ্খা থেকেই জুলাই আন্দোলন হয়েছিল, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে দশকব্যাপী লড়াই হয়েছিল। সেই আমার কবিতা বন্ধ করে সেই সংগ্রামী চেতনারই অবমাননা করেছে। তবে আমি তাদের এই ফ্যাসিবাদী আচরণে দমে যাইনি এবং সেখানে দাঁড়িয়ে আমার কবিতাটির বাকী অংশ পড়ে তারপর মঞ্চ থেকে নেমেছি।’
এদিকে সেখানে উপস্থিত কবিদের মধ্যে অন্যতম কবি সাম্য শাহ এ ব্যাপারে ঢাকা পেপার্সকে বলেন,
" বাংলা একাডেমির পক্ষ থেকে এটা ঐ আমাদের জুলাইয়ের কবিতা পাঠ প্রোগ্রামটা ছিল। যেখানে গত বছরও ছিল, এটা মানে গত বছরের ধারাবাহিকতায় এই প্রোগ্রামটা হয়েছে। "
সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে সাম্য শাহ বলেন, " কবি মোহন রায়হান যখন কবিতা পড়তে ওঠেন, তার কবিতাটায় জুলাই নিয়ে চলমান যে বিতর্কটা, অর্থাৎ জুলাইয়ের যে পরিস্থিতি এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেখান থেকে বের হয়ে গিয়ে একটা পক্ষ এই জুলাইকে যে একেবারেই নিজেদের রাফখাতা হিসেবে ব্যবহার করতেছে, এই সমস্ত বিষয় নিয়েই মূলত মোহন রায়হান কবিতাটার একেবারেই মানে প্রায় শেষের দিক পর্যন্ত এরকম। তারপর শেষের দিকে কিন্তু প্রচণ্ড আশাবাদ ব্যক্ত করে সে বলছে যে, "জুলাই তবুও মাথা উঁচু করে দাঁড়াবে এবং জুলাই থাকবে।" মানে জুলাইয়ের পক্ষে পূর্ণাঙ্গ স্টেটমেন্ট কবিতাটায় আছে। আপনার যদি মনে থাকে, হুমায়ুন আজাদের এই ধরনের একটা কবিতায় আমরা এর আগে দেখছি, যে 'গরিবের হাসি অসুন্দর, চোখ অসুন্দর, মুখ অসুন্দর, তাদের সঙ্গমও অসুন্দর। এবং তারা গরিব যখন রুখে দাঁড়ায়, তার চেয়ে ভয়ঙ্কর সুন্দর আর পৃথিবীতে কিছু হতে পারে না।' জুলাইকে নিয়ে এরকম একটা উপলব্ধি মোহন রায়হান ঐ কবিতার মধ্যে দেখিয়েছেন।
আমরা খেয়াল করলাম, এই কবিতার মধ্যে যখন স্বাধীনতা বিরোধী চক্র এবং ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে বলা হলো, তখন ঐ পুরো মিলনায়তনের মধ্যে ১২০ বা বা প্লাস-মাইনাস লোকজন ছিল। এর মধ্য থেকে অনেকেই একযোগে হৈচৈ করে উঠলো। মঞ্চে প্রথম লাফ দিয়ে ওঠে শ্রমিক শক্তির নেতা, ইসহাক আহমেদ। মোহন রায়হানের হাত থেকে সে মাইকটা কেরে নেয়, আপনারা যেটা ভিডিওতে দেখেছেন। এরপরের দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমি মঞ্চে উঠি এবং আহমদ ইসহাকের কাজের প্রতিবাদ করি। তার পরবর্তীতে সৈয়দ জামিলসহ আরও এনসিপির যারা যারা আছে, সবাই উঠে মোহন রায়হানের বিরুদ্ধে পুরোপুরি একেবারেই তাকে কবিতা পড়তে দিবে না এবং রীতিমতো একটা মব হয়ে গেল। তো আমি সাথে সাথে চেষ্টা করলাম যে যতটা কন্ট্রোল করা যায় এবং আপনি ঐ ভিডিওতে দেখবেন যে আমাদের আজম ভাই (বাংলা একাডেমির মহাপরিচালক) সে আমার পেছনে দাঁড়ানো ছিল। একেবারেই নির্বাক অবস্থায় দাঁড়ানো ছিল এবং আব্দুল্লা হাই শিকদার ভাই লাস্টে চেয়ারে বসা ছিল, উনিও এক সেকেন্ডের জন্য উঠেন নাই। উনার মতো সিনিয়র একজন কবি এইখানে একটা মব হচ্ছে উনি তো উঠলেন না!
তার পরবর্তীতে আমরা যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে, যখন আমি ডিক্লারেশন দিলাম যে, 'অবশ্যই উনি কবিতা পড়ে শেষ করে নামবেন।' মোহন রায়হান সাথে সাথে বললেন যে, 'আমি প্রয়োজনে লাশ হবো, কিন্তু কবিতা আমাকে পড়তেই হবে, আমি পড়বোই। তার পরবর্তীতে সৈয়দ জামিল আমাদের কথা মেনে নিয়ে বলেন, "ঠিক আছে,কবিতা শেষ করুক।"
তো উনি কবিতা পড়ে শেষ করলেন এবং শেষ হওয়ার সাথে সাথে হল ভর্তি মানুষ কিন্তু এটা হাতে তালি দিয়ে তারা কিন্তু মানে মানে খুশি হইছে। তার মানে কি দাঁড়ালো? কবিতাটা শেষ না হওয়া পর্যন্ত আগেই তারা ক্ষিপ্ত হয়ে থামিয়ে দিল; যার মানে হল, সাহিত্যের কোনো ছিটেফোঁটা মানে অস্তিত্ব তাদের মাথার মগজের ভেতরে আমরা লক্ষ্য সেদিন করি নাই।
তারপরে অদ্ভুতভাবে আমরা যেটা দেখলাম, আব্দুল হাই শিকদার ভাই পরবর্তীতে স্টেজে উঠলেন। উঠে কবিতার ছন্দ সুরে বললেন, 'একজন সিনিয়র কবির এভাবে অপমান করা ঠিক নয়। কিন্তু তোমরা যারা এই কাজটা করেছ, তাদের আমি শ্রদ্ধা করি। তাদের প্রতি আমার ভালোবাসা আছে।'"
এই ঘটনার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সাম্য শাহ আরো বলেন, " আমি মানে একজন কবি হিসেবে, একজন তরুণ পলিটিশিয়ান হিসেবে আমাকে এই কথাই বলতে হবে যে, যেখানেই মব হবে, যেখানেই এই ধরনের মানে আইনের বাইরে, বিচারের বাইরে, গায়ের জোরে একটা জোরপূর্বক ঘটনা ঘটবে—আমি তার বিরুদ্ধে কথা বলতে চাই, পরিষ্কার। কারণ এটা একটা পরিষ্কার মব সন্ত্রাস হয়েছে। আগে আমরা দেখতাম দলীয় মানুষ এসে মারধর করতো লাঠিসোটা নিয়ে, আর এটা একেবারেই বুদ্ধিবৃত্তিক জায়গায় , কবিতার মঞ্চে, সরাসরি একজন কবির কাছ থেকে মাইক তুলে কেড়ে নেওয়া হইছে। এটা পুরোপুরি মব, এটা মবের বাইরে আর কিছুই না।"
মোহন রায়হানের সম্পূর্ণ কবিতাটি ছিল এ রকম:
‘জুলাই এখন
ঝুলে আছে গণি রোডের ঝুলবারান্দায়—
লাল ফিতার ফাঁসিতে শ্বাসরুদ্ধ
শহীদের স্বপ্ন।
জুলাই এখন
হাসপাতালের আইসিইউতে,
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
এক রুগ্ণ শয্যার নিঃশব্দ আর্তনাদ।
জুলাই এখন
নিস্পন্দ মাটির নিচে,
অচেনা গণকবরের অন্ধকারে
নামহীন অগণিত কবরফুল।
জুলাই এখন
গুলিবিদ্ধ পাখির মতো
ডানা ঝাপটায়
অপরাজেয় বাংলা আর রাজু ভাস্কর্যের পাদদেশে।
জুলাই এখন
ধর্মব্যবসায়ী, ধর্ষক, খুনি আর লুণ্ঠনকারীদের
উল্লাস-উন্মত্ত নৃত্যমঞ্চ।
জুলাই এখন
স্বাধীনতার স্বঘোষিত সোল এজেন্টদের অট্টহাসি,
শিশুর আতঙ্কিত চিৎকার,
মায়ের অশ্রু,
বাবার দীর্ঘ হাহাকার।
জুলাই এখন
মুক্তচিন্তা আর মানবিক হৃদয়বৃত্তির বিরুদ্ধে
জারি হওয়া ফতোয়া;
কবিতা, কথা, সুর আর সংগীতের
গলায় ঝোলানো মৃত্যুঘণ্টা।
জুলাই এখন
অন্ধকারের বর্বরতার
অশনি-সংকেত।
জুলাই এখন
যুদ্ধবাজ হায়নাদের
রক্তাক্ত চারণভূমি।
জুলাই এখন
একাত্তরের পরাজিত শক্তির
নতুন মুখোশে ফিরে আসা
ঘৃণ্য ষড়যন্ত্র।
জুলাই এখন
রাজাকার, আলবদর আর স্বাধীনতাবিরোধী অপশক্তির
নির্লজ্জ পুনরুত্থানের প্রতিধ্বনি।
ভেবেছিলাম—
জুলাইয়ের যুদ্ধে বিজয়ী হলে…
শৃঙ্খলমুক্ত স্বদেশে
মুক্ত আলো, মুক্ত বাতাসে
বুকভরে নেব নিঃশ্বাস।
কেউ আর চোখ রাঙাবে না,
কেউ আর ভয় দেখাবে না,
কেউ দাদাগিরির বিষদাঁত উঁচিয়ে
মানুষের স্বপ্ন গ্রাস করবে না।
আমিই হবো আমার নিজের রাজা,
তুমি থাকবে আমার হাত ধরে—
আমরা হাঁটব
স্বাধীন পৃথিবীর বিস্তীর্ণ প্রান্তরে,
মুক্ত মানুষের মতো।
কিন্তু আজ
স্বপ্নগুলো কেন এত দূরের নক্ষত্র?
কেন শহীদের রক্তের ওপর
আবারও অন্ধকারের ছায়া?
কেন স্বাধীনতার নামে
স্বাধীনতাই বন্দি?
তবে কি
জুলাইয়ের রক্তঋণ
এখনও শোধ হয়নি?
তবে কি
জুলাইয়ের আত্মত্যাগ
অপূর্ণই থেকে যাবে?
না—
ইতিহাসের শেষ বাক্য
এখনও লেখা হয়নি।
যতদিন মানুষের হৃদয়ে
স্বাধীনতার আগুন জ্বলবে
ভালবাসার ফুল ফুটবে
ততদিন জুলাই বেঁচে থাকবে—
প্রতিবাদে, প্রতিরোধে,
ন্যায়ের পতাকায়,
মুক্ত মানুষের অদম্য উচ্চারণে।
জুলাই কখনো বৃথা যেতে পারে না।’
এই কবিতাটি কি জুলাইয়ের অবমাননা হয়েছে নাকি কবিতাটি আসলে জুলাইয়ের স্বপ্ন, স্বপ্নভঙ্গ, গণ-আকাঙ্খা ও গৌরবের কবিতা সে বিচার পাঠকের হাতে রইল। যারা কবিতাটি থামিয়ে দিয়েছেন তারা কি জুলাইকে রক্ষা করেছেন নাকি কবিতাটি জুলাইকে ব্যবহার করে তাদের অপকর্মকে আক্রমণ করায় আক্রান্ত হয়েছেন সেই বিচার সম্পূর্ণরূপেই পাঠকের।
পাঠক মাত্রেরই স্বাধীনতা আছে কবিতাটির নিজস্ব পাঠ ও ব্যাখ্যা তৈরি করার। সেটা পাঠকের চিন্তা, মেধা ও বোধএর উপরে নির্ভরশীল। কিন্তু কবিকে কবিতা পাঠরত অবস্থায় থামিয়ে দেয়ার স্বাধীনতা স্বয়ং রাষ্ট্রেরও নেই। কেননা বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতার ঘোষণা প্রদান করে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



