দেশে কি তৌহিদী জনতাকে মবের ছাড়পত্র দেওয়া হয়েছে?

সৈকত আমীন
সৈকত আমীন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯পরিবর্তন করতে ক্লিক করুন
দেশে কি তৌহিদী জনতাকে মবের ছাড়পত্র দেওয়া হয়েছে?
শেয়ার করুন:

কোনো সাক্ষী নেই, কোনো আইনজীবী নেই, কোনো আদালত নেই। তবু তৌহিদি জনতার রায়ে তাঁর মৃত্যুদণ্ড হলো, কার্যকর হলো সেই রাতেই, এমন জায়গায়, যাকে যুদ্ধের মধ্যেও নিরাপদ ধরা হয়। আর রাষ্ট্র? পরদিন দুপুরে থানার ওসি জানালেন, এখনো কেউ অভিযোগ দেয়নি, পরিস্থিতি স্বাভাবিক।

হাসপাতালের পেছনের দরজাটা বানানো হয়েছিল রোগী বের করার জন্য। কাউকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য নয়। গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার দেবহাটায় সেই দরজা ভেঙে ভেতরে ঢুকেছে দুই থেকে আড়াই শ মানুষ। তাদের কারো হাতে ওষুধ ছিল না, ছিল লাঠি আর রড। চিকিৎসকেরা তাঁদের থামানোর চেষ্টা করেছিল, লাভ হয়নি। দরজা ভেঙে ওয়ার্ডে ঢুকে একজন রোগীকে তাঁরা হিংস্র হায়েনার মতো ছিনিয়ে নিয়ে যায়। পেটাতে, পিটিয়ে একেবারে মেরে ফেলতে।

রোগীর নাম ওয়াহিদুজ্জামান শামীম। দেবহাটার সুবর্ণাবাদ গ্রামের শামীম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঘরে তাঁর দুটি সন্তান। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার শুরু একটা অডিও থেকে। স্থানীয় সূত্র বলছে, স্ত্রীর সাথে ঝগড়ার মাঝে তাঁর কিছু কথা গোপনে রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়। এরপর এলাকায় তৈরি হয় উত্তেজনা। অভিযোগ ওঠে সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো মন্তব্য আছে।

তারপর ফেসবুক লাইভে ডাক দিয়ে মানুষ জড়ো করা হয়। সন্ধ্যার আগে কুলিয়া এলাকায় প্রথমে তাকে মারধরের করে ফেলে যাওয়া হয় আধমরা অবস্থায়। এরপর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অর্থাৎ রাষ্ট্র তাঁকে একবার বাঁচাতে এসেছিল। কিন্তু এরপর আর আসেনি। রাতে উপজেলা সদরে আবার মিছিল বের হয়, স্লোগান ওঠে শামীমের শাস্তির দাবিতে, আর সেই মিছিল সোজা গিয়ে ঢোকে হাসপাতালে। মধ্যরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শামীম মারা যান।

হাসপালাতে শামীমের মৃত্যু কোনো দুরারোগ্য ব্যাধিতে হয়নি, হয়েছে তৌহিদি জনতার হিংস্র আক্রমণে।

এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন কারী ফজলুল হক আমিনী। তিনি ইসলামি আন্দোলন করেন। পাশাপাশি দাফন-কাফন সেচ্ছাসেবক টিম নামের একটা সংগঠন চালান। কেইবা ধারণা করবে, দাফন কাফনের জন্য লাশটাও তিনি নিজেই প্রস্তুত করেন!

এবার একটু থেমে ভাবা দরকার। যে মানুষটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে পিটিয়ে মেরে ফেলা হলো, সে নিজের কথার দায় বোঝার অবস্থায় ছিলেন কি না, সেটাই মূল প্রশ্ন।

কোনো সাক্ষী নেই, কোনো আইনজীবী নেই, কোনো আদালত নেই। তবু তৌহিদী জনতার রায়ে তাঁর মৃত্যুদণ্ড হলো, কার্যকর হলো সেই রাতেই। আর সেটাও হলো এমন এক জায়গায়, যাকে যুদ্ধের মধ্যেও নিরাপদ ধরা হয়।

কিন্তু তখন রাষ্ট্র ঠিক কি করছিল? পরদিন দুপুরে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানালেন, এখনো কেউ অভিযোগ দায়ের করেনি, পরিস্থিতি স্বাভাবিক। একজন নাগরিককে সরকারি হাসপাতালের ওয়ার্ড থেকে ছিনিয়ে নিয়ে মারা হলো, ভিডিও আছে, মিছিলের মুখ আছে, লাইভের আইডি আছে, তবু রাষ্ট্র অপেক্ষা করছে কেউ এসে মামলা করবে কি না। পুলিশের এই ‘স্বাভাবিক’ শব্দটাই নাগরিকের জন্য সবচেয়ে বেশি ভয়ের।

যদিও পুলিশের এই অপেক্ষা নতুন নয়। ছয় মাস আগে কুষ্টিয়ার দৌলতপুরে একই চিত্রনাট্য মঞ্চস্থ হয়েছিল। ফিলিপনগর গ্রামের শামীম রেজা ঢাকায় পড়াশোনা শেষে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, পরে এলাকায় ফিরে দরবার গড়ে তোলেন। ২০১৮ সালের দিকে পৈতৃক ভিটায় তিনি ‘শামীম বাবার দরবার শরিফ’ প্রতিষ্ঠা করেন। তাঁর বক্তব্য নিয়ে আপত্তি ছিল পুরোনো; ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানা অভিযোগে মামলা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠিয়েছিল। অর্থাৎ যে অভিযোগ, তার জন্য আইনি পথ খোলা ছিল এবং সেই পথে হাঁটাও হয়েছিল।

তবু এ বছরের এপ্রিলে কয়েক বছর আগের ৩০ সেকেন্ডের একটি ভিডিও হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরদিন সকালে দরবার থেকে আধা কিলোমিটার দূরে শতাধিক মানুষ জড়ো হয়, দুপুরের পর দরবারে হামলা চালিয়ে পুলিশের উপস্থিতিতেই শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নিজেই। কয়েকটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে পরিকল্পিতভাবে পুরোনো ভিডিও ছড়িয়ে হামলা উসকে দেওয়া হয়েছিল, এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্তও করা হয়েছে। পরিকল্পনা ছিল, আগাম সংকেত ছিল, পুলিশ ঘটনাস্থলে ছিল। ছিল না কেবল থামানোর সামর্থ্য বা সদিচ্ছা।

এরপর যা ঘটল, তা আরও করুণ। নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান জানালেন, পরিবার মামলা করবে না; তাঁর বয়স হয়েছে, এসব নিয়ে দৌড়ঝাঁপের সামর্থ্য তাঁর নেই। একটা পরিবার যখন আপনজনের খুনের বিচার চাইতেও সাহস পায় না, তখন বুঝতে হয় আইনের ওপর ভরসা কোথায় গিয়ে ঠেকেছে। পরে চাপের মুখে সেই ভাই-ই বাদী হয়ে হত্যা মামলা করেন, যাতে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন খাজা আহম্মেদসহ চারজনের নাম আসে। মামলার ৩ নম্বর আসামি, স্থানীয় জামায়াতকর্মী রাজীব মিস্ত্রিকে র‍্যাব রাজশাহীর গোদাগাড়ীর এক সেলুনের সামনে থেকে ধরে; তখন পর্যন্ত গ্রেপ্তার মোট চারজন। শতাধিক মানুষের হামলায় চার গ্রেপ্তার। হিসাবটা নিজেই একটা মন্তব্য।

এরও আগে রাজবাড়ীর গোয়ালন্দে আমরাই এমন ঘটনা দেখেছি। নুরুল হক, এলাকায় যিনি ‘নুরাল পাগলা’ নামে পরিচিত, মারা গিয়েছিলেন স্বাভাবিকভাবেই। মাটি থেকে কিছুটা উঁচু করে, কাবা শরিফের আদলে তাঁর কবর বানানো হয়েছিল। আপত্তি উঠল কবর নিয়ে। প্রশাসন মধ্যস্থতা করল, দাবি মেনে কবর নিচুও করা হলো, তবু হামলা থামল না। ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘তৌহিদী জনতা’ পরিচয়ে একদল লোক বাড়ির সামনের কবর থেকে মরদেহ তুলে নিয়ে যায়, তারপর ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়।

সেদিনই প্রাণ গেল আরেকজনের। দরবারের ভক্ত ২৮ বছর বয়সের রাসেল মোল্লা। রাসেল ছিলেন কাভার্ড ভ্যানের চালক।

অন্তর্বর্তীকালীন সরকার তখন বলেছিল, এমন বর্বরতা সহ্য করা হবে না। তারপর থানার উপপরিদর্শক সেলিম বাদী হয়ে মামলা করলেন, আসামি সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তি। নিহত রাসেলের বাবা আজাদ মোল্লার করা মামলাতেও আসামি সাড়ে তিন থেকে চার হাজার অজ্ঞাতপরিচয় মানুষ। সাড়ে তিন হাজার অজ্ঞাত মানে আসলে কেউ নয়। এটা বিচারের প্রতিশ্রুতি নয়, বিচার ঝুলিয়ে রাখার কৌশল। এই মামলাই পরে হয়ে ওঠে হয়রানি আর বাণিজ্যের হাতিয়ার, প্রকৃত হত্যাকারী মিশে যায় ভিড়ের মাঝে।

আর এই সব ঘটনার পূর্বসূরি হয়ে আছে লালমনিরহাটের পাটগ্রাম। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল। তিনি ২০২০ সালের অক্টোবরে নামাজ পড়তে ঢুকেছিলেন বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে তাঁকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশ টেনে-হিঁচড়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের ওপর নিয়ে পুড়িয়ে ছাই করা হয়। মসজিদের ভেতরে তাঁর ওপর প্রথম হাত তোলেন যে ব্যক্তি, সেই আবুল হোসেনই হত্যা মামলার এক নম্বর আসামি। পরে স্পষ্ট হয়, অভিযোগটি ছিল নিছক গুজব।

সেদিন ঘটনাস্থলে ছিলেন প্রশাসনের লোকও। পাটগ্রামের তৎকালীন ইউএনওর একটি বাক্য পরে শিরোনাম হয়েছিল: ফোর্স থাকলে দুইজনকেই রেসকিউ করতে পারতাম। এই বাক্যই বাংলাদেশের মব-সহিংসতার সংক্ষিপ্ত ইতিহাস। রাষ্ট্র উপস্থিত, কিন্তু অসহায়; রাষ্ট্র জানে, কিন্তু আগায় না। মামলায় ১১৪ জনকে এজাহারনামীয় আর শত শত অজ্ঞাতকে আসামি করা হয়, আর হত্যা ও লাশ পোড়ানোয় অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল কিশোর। একটা প্রজন্ম শিখে গেল, ধর্মের নামে মানুষ পোড়ানো যায়। ছয় বছর কেটেছে। এই ছয় বছরে জাতি শিখতে পারত যে ধর্ম অনুভূতি নিয়ে গুজব শেষপর্যন্ত মানুষ পোড়ায়। শিখেছে উল্টোটা: এখানে মানুষ পোড়ালেও তেমন কিছু হয় না।

এই তালিকা চারটি নামে শেষ নয়। সুফি প্রতিষ্ঠানগুলোর সংগঠন মাকামের হিসাবে অন্তর্বর্তী সরকারের সময়েই ৯৭টি মাজারে হামলার প্রমাণ পাওয়া গেছে, যাতে তিনজন নিহত ও ৪৬৮ জন আহত হন। মামলা হয়েছে মাত্র ১১টি ঘটনায়। প্রায় ৯০ শতাংশ হামলার কোনো মামলাই নেই। এই শূন্যতাই পরের হামলার জ্বালানি।

চারটি ঘটনা পাশাপাশি রাখলে একটা স্পষ্ট নকশা ফুটে ওঠে। প্রথমে একটা ভিডিও, একটা অডিও, একটা গুজব কিংবা একটা ফেসবুক লাইভ। তারপর মিছিল, মাইকিং, তৌহিদী জনতাকে জড়ো হওয়ার ডাক। তারপর পুলিশের ‘চেষ্টা সত্ত্বেও’ হত্যা। তারপর হাজারো অজ্ঞাতনামা আসামি, দু-চারজন গ্রেপ্তার, কিছুদিন খবর, তারপর দীর্ঘ নীরবতা। আর প্রতিবার যিনি মারা যান, তিনি বরাবরই সমাজের প্রান্তিক কেউ: একজন মানসিক রোগী, একজন ভিন্নমতের পীর, একজন মৃত ফকির, একজন একা নামাজি।

সংবিধানের ৩১ অনুচ্ছেদ বলছে, প্রত্যেক নাগরিক আইনের আশ্রয় পাবেন এবং আইন ছাড়া কারও জীবন বা দেহের ক্ষতি করা যাবে না। ৩২ অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেয়। দণ্ডবিধি কাউকে নিজের হাতে শাস্তি দেওয়ার অধিকার দেয় না, আর ধর্ম অবমাননার অভিযোগের বিচারের জন্যও আইন আছে, আদালত আছে। প্রশ্ন আইন প্রয়োগের সাহসের, আর সেই রাজনৈতিক হিসাবের, যেখানে উত্তেজিত জনতাকে থামানোর চেয়ে একজন নাগরিকের লাশ মেনে নেওয়া সহজ।

এই হিসাবটা বুঝতে হলে মবের দিকে নয়, তাকাতে হবে ক্ষমতার দিকে। কারণ মব আকাশ থেকে নামে না। তাকে বছরের পর বছর লালন করা হয়, ভোটের অঙ্কে, রাস্তার শক্তির হিসাবে, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশলে। আর এই লালনে বাংলাদেশের কোনো ক্ষমতাসীন দলের হাতই পরিষ্কার নয়।

সামরিক শাসক থেকে রাষ্ট্রপতি হওয়া হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৮ সালে সংবিধানে রাষ্ট্রধর্ম ঢুকিয়ে বৈধতার সংকট ঢাকতে ধর্মকে ঢাল বানিয়েছিলেন। বিএনপি ২০০১ সালে জামায়াতে ইসলামীকে জোটসঙ্গী করে মন্ত্রিসভায় বসিয়েছিল; সেই আমলেই জেএমবির মতো জঙ্গি সংগঠন দেশজুড়ে মাথা তোলে।

তবে রক্তের হিসাবে সবচেয়ে ভারী খাতাটি শেখ হাসিনার। যে আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িকতার একমাত্র পাহারাদার দাবি করত, তার টানা দেড় দশকের শাসনেই সংখ্যালঘুর ঘর সবচেয়ে বেশিবার পুড়েছে, আর মুক্তচিন্তার মানুষ সবচেয়ে বেশি সংখ্যায় খুন হয়েছেন।

২০২৪ সালের পর দৃশ্যপট বদলেছে, কিন্তু খেলার নিয়ম বদলায়নি। অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলা হয়েছে প্রায় একশটি, অথচ মামলা হয়েছে হাতে গোনা কয়েকটিতে। ‘তৌহিদী জনতা’ নামের একটা নামহীন, মুখহীন শক্তিকে রাষ্ট্র কার্যত বৈধতা দিয়েছে তাদের বিরুদ্ধে কিছু না করে।

মজার ব্যাপার হলো, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন, মব সৃষ্টিকারীদের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না। আজ তিনি প্রধানমন্ত্রী। মে মাসে পুলিশ সপ্তাহে তিনি মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে বলেছেন, সংসদে বলেছেন তাঁর সরকার কোনোভাবেই উগ্রবাদ বা চরমপন্থাকে প্রশ্রয় দেবে না। কথাগুলো ঠিক। কিন্তু তাঁর সরকারের আমলেই কুষ্টিয়ায় পুলিশের সামনে পীর খুন হয়েছেন, আর এখন দেবহাটায় হাসপাতাল থেকে রোগী ছিনিয়ে নিয়ে মারা হলো। যে প্রশ্ন তিনি অন্তর্বর্তী সরকারকে করেছিলেন, সেই একই প্রশ্ন আজ তাঁর দিকেই ফিরে আসছে।

খেয়াল করার মতো আরেকটি দ্বিচারিতা আছে। গোয়ালন্দে লাশ পোড়ানোর পর জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে নিন্দা জানিয়ে বলেছিল, মৃত মানুষ যা করেছেন তার জবাব তিনি আল্লাহর কাছে দেবেন। ভালো কথা। কিন্তু কুষ্টিয়ার হত্যা মামলায় আসামির তালিকায় দলটির স্থানীয় রোকন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আর দলের কর্মীর নাম, পাশে খেলাফত মজলিসের উপজেলা সভাপতি। দেবহাটায়ও স্থানীয় একটি ইসলামি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে শামীমের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ওপরে বিবৃতিতে নিন্দা, নিচে মাঠে উসকানি, এই দুই মুখের রাজনীতি যতদিন চলবে, ততদিন বিবৃতি হবে কেবল কাগজ।

দেবহাটার ঘটনাকে শুধু ‘বিক্ষুব্ধ জনতা’র ঘাড়ে চাপিয়ে দিলে আসল প্রশ্নটা আড়ালে চলে যায়। এই জনপদের রাজনৈতিক অভিভাবকেরা তখন কোথায় ছিলেন? ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই জিতেছে জামায়াতে ইসলামী, আর সাতক্ষীরা-২ আসনে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট; ব্যবধান দেড় লাখের বেশি। অর্থাৎ দেবহাটার মাটিতে একটি দলের হাতে আছে জনসমর্থন, অন্য দলের হাতে আছে রাষ্ট্রক্ষমতা। শামীম মরলেন এই দুইয়ের মাঝখানে।

আগে বিজয়ীর কথাই বলা যাক। নির্বাচনের পর ফেব্রুয়ারির শেষে এই দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই মতবিনিময় সভায় এমপি আব্দুল খালেক বলেছিলেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, প্রত্যেকের খাদেম হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। একই সভায় তিনি দেবহাটাকে শান্তিপূর্ণ এলাকা বলেছিলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আগস্টে তিনি আবার এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান, আর রোগীদের খাবারে খাসির মাংসের বদলে বয়লার মুরগি রান্না হচ্ছে, সেই অনিয়ম ধরে তদন্তের নির্দেশ দেন। রান্নাঘরের মাংস পর্যন্ত যিনি তদারক করেন, সেই হাসপাতালের ওয়ার্ডের দরজা ভেঙে তাঁরই নির্বাচনী এলাকার এক ভোটারকে টেনে বের করে পিটিয়ে মারা হলো। যে দল কেন্দ্রে কেন্দ্রে ভোটার আনা-নেওয়ার মতো শৃঙ্খলিত তৃণমূল সংগঠন দেখিয়ে চারে চার আসন জিতেছে, সেই সংগঠন কি দুই-আড়াই শ লোকের একটা মিছিল থামাতে পারত না?

পারত, যদি চাইত। এখানেই আসল সংকট। যে রাজনীতির ভিত্তিই ধর্মীয় আবেগ, সেই রাজনীতির পক্ষে ‘ধর্ম অবমাননা’র অভিযোগে উত্তেজিত জনতার সামনে দাঁড়িয়ে ‘থামো’ বলা কঠিন, কারণ তাতে নিজের ভোটভিত্তিকেই চটানোর ঝুঁকি থাকে। কুষ্টিয়ার মামলায় দলের স্থানীয় নেতা-কর্মীদের নাম আসা সেই ঝুঁকিকে আরও অস্বস্তিকর করে তোলে। নীরবতা তাই হয় কৌশল, নয়তো সম্মতি। দুটোর কোনোটিই একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে গ্রহণযোগ্য নয়। ‘সবার খাদেম’ হওয়ার প্রতিশ্রুতির মানে অন্তত এটুকু হওয়া উচিত যে মানসিকভাবে অসুস্থ একজন ভোটারও তাঁর এলাকার হাসপাতালে নিরাপদে চিকিৎসা পাবেন।

এবার পরাজিতের কথায় আসা যাক। দেবহাটায় হেরেছে বিএনপি, কিন্তু দেশ চালাচ্ছে বিএনপিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, জেলা প্রশাসন, সবই তাদের সরকারের অধীনে। সন্ধ্যায় যে পুলিশ শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল, রাত নয়টায় সেই পুলিশ সেখানে পাহারা রাখল না, অথচ উপজেলা সদরে তখন শামীমের শাস্তির দাবিতে মিছিল চলছে। মিছিলের গন্তব্য আঁচ করতে কোনো গোয়েন্দা প্রতিভা লাগে না।

এক লাখের বেশি ভোট পাওয়া একটি দলের স্থানীয় নেতৃত্বও সে রাতে মাঠে ছিল না, ছিল না পরদিনও; অন্তত প্রকাশ্যে কোনো প্রতিবাদ, কোনো মানববন্ধন, কোনো দাবি চোখে পড়েনি। কেন? কারণ বিএনপিও জানে, জামায়াত আজ বিরোধী শিবিরে বসে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে।

এই মুহূর্তে ‘ধর্ম অবমাননাকারী’র পক্ষে দাঁড়িয়েছে, এমন তকমা গায়ে লাগাতে চায় না কোনো ক্ষমতাসীন দল। ফলে মাঠে হেরে যাওয়া দলটি ক্ষমতা হাতে নিয়েও সাহস দেখাতে পারেনি। এর চেয়েও লজ্জার কথা, দুই দলের রাজনৈতিক সংঘাতে যেখানে একে অন্যকে দায়ী করার প্রতিযোগিতা চলে, সেখানে একজন নিরীহ মানুষের মৃত্যু কারও রাজনৈতিক ইস্যু হয় না। কারণ তাঁর লাশ কোনো দলকে ভোট দেয় না।

দেবহাটার হাসপাতালের ভাঙা দরজা তাই কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়। এটা দুই দলেরই নৈতিক ব্যর্থতার প্রতীক। একজনের হাতে ছিল মাঠ, অন্যজনের হাতে ছিল রাষ্ট্র। কেউই একজন মানুষকে বাঁচানোর দায় নেয়নি।

মৌলবাদ পোষার এই রাজনীতির মূল সূত্র একটাই: রাস্তার শক্তিকে চটানো যাবে না। কারণ রাস্তার শক্তি ভোট আনে, আন্দোলন থামায়, প্রতিপক্ষকে কোণঠাসা করে। তার বদলে কী দিতে হয়? দিতে হয় কিছু প্রান্তিক মানুষের জীবন। একজন মানসিক রোগী, একজন ফকির, একজন পীর, একজন গ্রন্থাগারিক, একজন ব্লগার, একজন প্রকাশক। তাদের পক্ষে কোনো মিছিল নামে না, কারণ তাঁদের কোনো ভোটব্যাংক নেই। তাই তাদের লাশ রাজনীতির হিসাবে সবচেয়ে সস্তা। সরকার আসে, সরকার যায়, দলের নাম বদলায়। শুধু বদলায় না এই নিষ্ঠুর হিসাব।

রাষ্ট্রকে আজ কয়েকটা সোজা প্রশ্নের উত্তর দিতে হবে। দেবহাটায় ফেসবুক লাইভে যারা লোক ডেকেছে, তারা কেন এখনো আসামি নয়? হাসপাতালের ভেতরে হত্যার দায় কেন শুধু ‘বিক্ষুব্ধ জনতা’র ঘাড়ে? উপজেলা সদরে মিছিল চলার সময় কেন হাসপাতালে পুলিশ পাহারা ছিল না? কুষ্টিয়ায় যে পেজ আর অ্যাকাউন্টগুলো শনাক্ত হয়েছিল, তাদের পেছনের মানুষদের কী হলো? পরিবার মামলা না করলে রাষ্ট্র কেন নিজে বাদী হয়ে পূর্ণাঙ্গ হত্যা মামলা করে না? হাজার হাজার অজ্ঞাত আসামির মামলা কবে শেষ হবে, আর কোন প্রকৃত খুনি শাস্তি পাবে? ছয় বছর আগের জুয়েল হত্যার বিচার আজ কোথায় দাঁড়িয়ে? দশ বছর পেরিয়ে যাওয়া ব্লগার হত্যার মামলাগুলোর রায় কবে কার্যকর হবে, আর পলাতক খুনিরা কবে ধরা পড়বে? সাতক্ষীরা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য কি তাঁর এলাকার এই হত্যার বিচার দাবি করবেন, আর স্থানীয় বিএনপি কি ক্ষমতাসীন দল হিসেবে প্রশাসনকে জবাবদিহির মুখে দাঁড় করাবে? সবচেয়ে বড় প্রশ্ন, যে দলগুলোর স্থানীয় নেতা-কর্মীর নাম এসব মামলায় আসছে, তারা কি দলীয়ভাবে কোনো ব্যবস্থা নিয়েছে? আর সরকার কি সেই দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার চেয়ে নাগরিকের জীবনকে বড় করে দেখতে প্রস্তুত?

উত্তর জানা জরুরি, কারণ উত্তর না দেওয়াটাও একটা উত্তর। রাষ্ট্র যতদিন এসব প্রশ্নে চুপ থাকবে, ততদিন প্রতিটি নীরবতা পরের হত্যাকারীর জন্য একটা অনুমতিপত্র হয়ে থাকবে। মব আজ বুঝে গেছে, সংখ্যায় ভারী হলে অপরাধ মিলিয়ে যায় ভিড়ে। আজ যে দরজা ভাঙা হলো দেবহাটার হাসপাতালে, কাল সেটা যে কারও ঘরের দরজা হতে পারে। কারণ অভিযোগ তুলতে কোনো প্রমাণ লাগে না, লাগে শুধু একটা মোবাইল ফোন আর কিছু তৌহিদী জনতা।

---
*লেখক: সৈকত আমীন

কবি ও সাংবাদিক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: