২৬ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, শীর্ষে ইউনিলিভার


স্কেচ: এআই
চরম স্বাস্থ্যঝুঁকির তথ্য সামনে আসার পরও এখন পর্যন্ত এসব ক্ষতিকর টুথপেস্ট বাজার থেকে তুলে নেওয়ার কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানগুলো।
দেশের বাজারে প্রচলিত ৩৪টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে ২৬টিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ বা অতিক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি মিলেছে। উৎপাদন খরচ কমিয়ে অতিরিক্ত মুনাফার আশায় কোম্পানিগুলো পেস্টে এই ক্ষতিকর উপাদান ব্যবহার করছে। অভিযুক্ত ব্র্যান্ডগুলোর মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের সর্বাধিক ১০টি এবং দেশীয় প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের ৬টি ব্র্যান্ড রয়েছে। তবে চরম স্বাস্থ্যঝুঁকির তথ্য সামনে আসার পরও এখন পর্যন্ত এসব ক্ষতিকর টুথপেস্ট বাজার থেকে তুলে নেওয়ার কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানগুলো।

গত মঙ্গলবার এ-সংক্রান্ত তথ্য হাইকোর্টে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন। তাঁর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
যেসব পেস্টে মিলেছে প্লাস্টিক
মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের শীর্ষে রয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। তাদের সবচেয়ে বেশি প্রচলিত ব্র্যান্ড পেপসোডেন্টের ৪টিতে (সেনসিটিভ এক্সপার্ট, অ্যাডভান্স সল্ট, কিডস অরেঞ্জ ও জার্মিচেক) মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তাদের অপর জনপ্রিয় ব্র্যান্ড ক্লোজআপের ৪টি ভেরিয়েন্টে (রেড হট, লেমন সি সল্ট, মেনথল ফ্রেশ ও মেনথল ফ্রেশ স্যাশে) মিলেছে এই কণা। এ ছাড়া ভিয়েতনামে তৈরি সিগন্যাল ব্র্যান্ডের দুটি পেস্টেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।
দেশীয় বৃহৎ প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ৬টি পেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এর মধ্যে ‘হোয়াইট প্লাস’ ব্র্যান্ডের ৩টি, শিশুদের জন্য তৈরি ‘মেরিল বেবি’ ব্র্যান্ডের ২টি এবং ‘ম্যাজিক’ ব্র্যান্ডের ১টি পেস্ট রয়েছে।

অ্যানফোর্ডস বাংলাদেশ লিমিটেডের ৪টি পেস্টেও এই ক্ষতিকর উপাদানের উপস্থিতি মিলেছে (মেডিপ্লাস ব্র্যান্ডের ৩টি এবং ব্রাশ আপ ব্র্যান্ডের ১টি)। এ ছাড়া সেনসোডাইন, কোডোমো, মেসওয়াক, হিমালয়া কমপ্লিট কেয়ার, ডেন্টিন জেল টুথপেস্ট ও এএম-পিএম হারবাল টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন জানান, ওই ২৬টি টুথপেস্টের প্রতি ১০০ গ্রামের টিউবে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ২০ থেকে ৩২০ পর্যন্ত পাওয়া গেছে। উন্নত বিশ্বে এটিকে অতি বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
তিনি আরও বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় ৩৪টির মধ্যে ৮টি পেস্টে মাইক্রোপ্লাস্টিক নেই বলে জানানো হয়েছে। তবে আদৌ ওই ৮টিতে প্লাস্টিক নেই, নাকি বেসরকারি প্রতিষ্ঠানটি কোনো তথ্য গোপন করেছে, সে বিষয়ে আমরা নিশ্চিত নই। এ কারণেই আদালত সরকারের উদ্যোগে কমিটি গঠন করে সব পেস্টের মান পরীক্ষা করে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



