ডিপফেক ও প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে মেটার মামলা

এআই প্রযুক্তির সাহায্যে অপরাধীরা অত্যন্ত নিখুঁতভাবে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠস্বর ও ভিডিও নকল করছে, যা সাধারণ ভোক্তাদের জন্য এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে বিশ্বজুড়ে প্রতারণার জাল বিছানোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা গত বৃহস্পতিবার ব্রাজিল, চীন ও ভিয়েতনামের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে সেলিব্রিটিদের কৃত্রিমভাবে তৈরি 'ডিপফেক' ভিডিও ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করা এবং প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এআই প্রযুক্তির সাহায্যে অপরাধীরা অত্যন্ত নিখুঁতভাবে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠস্বর ও ভিডিও নকল করছে, যা সাধারণ ভোক্তাদের জন্য এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
ব্রাজিলে বিঅ্যান্ডবি সাপ্লিমেন্টস ই কসমেটিকস, ব্রাইটস একাডেমিয়া ডি ট্রেনামেন্টো এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে মেটা। অভিযুক্তরা ব্রাজিলের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ দ্রৌজিও ভারেলার ডিপফেক ভিডিও ব্যবহার করে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনহীন স্বাস্থ্যসেবা পণ্যের বিজ্ঞাপন প্রচার করছিল। ব্রাইটস একাডেমিয়া নামের প্রতিষ্ঠানটি অন্যদেরও এই প্রতারণার কৌশল শেখানোর জন্য কোর্স বিক্রি করত বলে অভিযোগে বলা হয়েছে।
তবে চিকিৎসক দ্রৌজিও ভারেলা মেটার এই পদক্ষেপকে 'অপর্যাপ্ত' বলে মন্তব্য করেছেন। তার মতে, মেটা এসব ভুয়া ভিডিওর ব্যাপক প্রচার নিশ্চিত করে বিপুল অর্থ আয় করছে, তাই এই প্ল্যাটফর্মগুলোও পরোক্ষভাবে জালিয়াতির অংশীদার। এছাড়া, ব্রাজিলে একই ধরনের অপরাধের জন্য ভিটর লরেনকো ডি সুজা এবং মিলেনা লুসিয়ানি সানচেজ নামে আরও দুজনের বিরুদ্ধেও মামলা করেছে মেটা।
অন্যদিকে, চীনে শেনজেন ইউনঝেং টেকনোলজির বিরুদ্ধে মামলা করেছে মেটা। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের মানুষকে লক্ষ্য করে সেলিব্রিটিদের ভুয়া ভিডিওর মাধ্যমে প্রতারণামূলক বিনিয়োগের বিজ্ঞাপন প্রচার করত। মানুষকে তথাকথিত বিনিয়োগ গোষ্ঠীতে যুক্ত করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের বৃহত্তর জালিয়াতি পরিকল্পনার অংশ।
পাশাপাশি, স্বনামধন্য ফরাসি ব্র্যান্ড লংচ্যাম্পের বিলাসবহুল হ্যান্ডব্যাগের প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের দায়ে ভিয়েতনামী কোম্পানি লি ভ্যান ল্যামের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট।



