আত্মপরিচয়ের সংকটে পশ্চিমবঙ্গ: গুজরাতি জাতীয়তাবাদের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি ‘মেদিনীপুরিয়া জাতীয়তাবাদ’?

অতনু সিংহ
অতনু সিংহ
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫০পরিবর্তন করতে ক্লিক করুন
আত্মপরিচয়ের সংকটে পশ্চিমবঙ্গ: গুজরাতি জাতীয়তাবাদের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি ‘মেদিনীপুরিয়া জাতীয়তাবাদ’?

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

বাংলাবাদ মানে বাঙালি হিন্দু আধিপত্য নয়। এমনকী বাঙালি আধিপত্যও নয়। বাংলাবাদ মানে বাংলার মানুষের অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কায়েম হওয়া। বাংলাবাদ মানে বাংলার বহুত্ববাদী সমাজের বিকাশ এবং সামাজিক ন্যায়বিচার ও   সম্পদের ওপর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। 

২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের কেন্দ্রীয় মসনদে বসার পর থেকেই সর্বভারতীয় বিজেপির নিয়ন্ত্রণ গুজরাতিদের হাতে। বিজেপি শাসিত ভারতের ক্ষমতার রাজনীতি যেমনভাবে গুজরাতের নরেন্দ্র মোদি ও অমিত শাহের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, সেভাবেই ক্রমে গোটা ভারতের অর্থনীতি হয়ে উঠেছে গুজরাতের দুই পুঁজিপতি আদানি ও আম্বানির নিয়ন্ত্রণাধীন। এমনকী   শাসক দল বিজেপি ও তাদের ধারক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষমতার ভারসাম্যেও ঘটেছে বিশেষ বাঁকবদল বা প্যারাডাইম শিফট। আরএসএস ও বিজেপি এখন গুজরাত লবির দ্বারাই পরিচালিত। আর তাই সর্বভারতীয় জাতীয়তাবাদ বা সর্বভারতীয় হিন্দুত্ব নয় বরং গুজরাতি হিন্দু জাতীয়তাবাদই এখন ভারতের রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রক। মজার বিষয় হল, একদিকে ভারতকে শাসন করছেন গুজরাতি পুঁজিপতি থেকে গুজরাতের হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা, ঠিক তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় বসে পূর্ব মেদিনীপুরের ভূমিসন্তান শুভেন্দু অধিকারীর বক্তব্যে প্রতিফলিত হচ্ছে মেদিনীপুরিয়া অস্মিতার সুর।

বিজেপির রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপরীতে থাকা অবিভক্ত মেদিনীপুরের ব্রিটিশ উপনিবেশবিরোধী গান্ধীবাদী বিপ্লবী সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায় প্রমুখের নাম আওড়াচ্ছেন পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্ন এখানেই, ব্রিটিশ সাম্রাজ্যের অনুগত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দলের মতাদর্শীয় বাতিঘর, সেই দলের তরফে মুখ্যমন্ত্রী হয়ে মেদিনীপুরিয়া অস্মিতার কথা বলতে গিয়ে শুভেন্দু যেভাবে গান্ধীবাদীদের স্মরণ করছেন কীভাবে! সতীশচন্দ্র সামন্ত, সুশীলকুমার ধাড়া, অজয় মুখোপাধ্যায়, কুমুদিনী ডাকুয়াদের পরম্পরা দাবি করা শুভেন্দু কীভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্র্যান্ডিংয়ের দলে যোগ দিলেন— তাঁকে এই প্রশ্ন করেছিলেন এবিপি আনন্দের কর্ণধার সাংবাদিক সুমন দে। কিন্তু এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আসলে এটাই বিজেপির ইতিহাসবিস্মৃতিকরণ ও ইতিহাস-বিকৃতির রাজনৈতিক প্রকল্প। ব্রিটিশবিরোধী আগস্ট বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্বস্ত শ্যামাপ্রসাদের রাজনীতিকে তারা অবলীলায় একত্ব করে বয়ান তৈরি করতে পারে। যেভাবে তারা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের পাশাপাশি মহাত্মা গান্ধীর নাম এক পংক্তিতে বসায়। আসলে ভ্রান্তি ও বিভ্রান্তির এই রাজনীতি মূলত বিজেপি ও আরএসএস-এর গুজরাত লবির দ্বারা আমদানিকৃত। গোটা ভারতে গুজরাতি জাতিবাদীরা এই কাণ্ডই ঘটাচ্ছে। যার ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গে এখন আন্তর্জাতিকতাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদ গায়েব, বরং বাজারে এসেছে ‘মেদিনীপুরিয়া জাতীয়তাবাদ’। আর সেই মেদিনীপুরিয়া জাতীয়তাবাদ ভিন্ন কিছু নয়। বরং বিজেপির গুজরাত লবির অনুগত শুভেন্দুকৃত এহেন বাংলার জাতীয় পরিসরের উপ-জাতীয়তাবাদ হিসাবে ‘মেদিনীপুরিয়া জাতীয়তাবাদ’ আসলে গুজরাতি জাতীয়তাবাদের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি।

     

সমূহ অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হওয়ার মধ্যে দিয়েই ১৯৪৭ সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের পত্তন। পাকিস্তান গঠন ও পূর্ববঙ্গের পূর্ব পাকিস্তান হয়ে ওঠার জেরে একদিকে অঙ্গব্যবচ্ছেদের অকল্পনীয় বেদনা, অন্যদিকে পাটচাষের বিপুল ক্ষেত্র পূবদেশে থেকে যাওয়ার কারণে অর্থনৈতিক স্বাবলম্বিতায় আঘাত যেমন পশ্চিমবঙ্গ স্থাপনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার ওপর মাত্র বছর চারেক আগে ঘটে যাওয়া মন্বন্তর, তিন বছর আগের ভাতৃঘাতী দাঙ্গা ও চিরস্থায়ী বঙ্গভঙ্গের জেরে এক স্থান থেকে অপর স্থানে মানুষের উদ্বাস্তু হয়ে স্থানান্তরের নামে শিকড় বিচ্ছিন্ন হয়ে ওঠার যন্ত্রণার সামষ্টিক স্মৃতি পশ্চিমবঙ্গের অগ্রযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। তার ওপর আবার দিল্লির সরকারের চাপিয়ে দেওয়া মাশুল সমীকরণ ও রাজস্ব পুনর্বণ্টন নীতির জেরে শুরু থেকেই ভবিষ্যতের দিকে পশ্চিমবঙ্গের অগ্রসর হওয়াটা ছিল বিরাট মাপের চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও  ইতিহাস থেমে থাকেনি। 

আন্দোলন-সংগ্রাম ও সংঘর্ষ-নির্মাণের দ্বান্দ্বিকতায় এগিয়েছিল ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ইতিহাস। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ও ভূমিসংস্কারের জেরে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন সামান্য হলেও সম্ভব হয়েছিল। কিন্তু শুরু থেকেই এ রাজ্যকে তার আত্মপরিচয়ের আয়নার সামনে দাঁড় করানো হয়নি। প্রথমে দেশীয় পরিসর ও অবিভক্ত বৃহৎ বঙ্গের সমৃদ্ধশালী ইতিহাস নবপ্রজন্মকে স্মরণ করিয়ে তারপর বিশ্ব চেনানোর বুনিয়াদি কার্যক্রম অসম্পূর্ণই থেকে গিয়েছে। তাই আন্তর্জাতিকতাবাদের স্লোগান সামনে রেখে তথাকথিত বাম শাসন ৩৪ বছর কার্যকর হলেও লাভ তেমন হয়নি। এমনকী বিপ্লবী কমিউনিস্ট সংস্কৃতি এক সময় পশ্চিমবঙ্গের যুবসমাজে আলোড়ন তৈরি করলেও তা স্তিমিত হয়ে গিয়েছে সোভিয়েত পতন ও নয়া উদার অর্থনীতি ভারতে আমদানি হওয়ার মধ্যে দিয়েই। কিন্তু এত কিছুর পরেও যা ভিতরে ভিতরে সক্রিয় থেকে তা হল সর্বভারতীয় জাতীয়তাবাদ ও তার আড়ালে হিন্দি-হিন্দু-হিন্দুত্বের মতাদর্শিক ইঞ্জিনিয়ারিং। অবিভক্ত বাংলা বা ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা প্রদেশের সময় থেকেই একাংশের বাবু সমাজ উপনিবেশবিরোধী সংগ্রামকে বাহ্যত বাঙালি হিন্দু জাতীয়তাবাদের মোড়কে  সর্বভারতীয় জাতীয়তাবাদ প্রকল্পে নিয়োজিত করেছিলেন বটে। কিন্তু কার্যত তা সর্বভারতীয় হিন্দু জাতীয়তাবাদের ভিত্তিপ্রস্তর গড়ে দিতে পেরেছিল অনেকাংশেই।

 

১৯৪৭ সালের পরে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে পারত এক অন্তর্ভুক্তিমূলক, সমাজতান্ত্রিক বাংলাবাদ। পশ্চিমবঙ্গের ভূমিসন্তান—ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালি, সাঁওতালি, রাজবংশী, কুড়মি-সহ বিভিন্ন জাতিসত্তার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে উঠতে পারত এই বাংলাবাদ। কিন্তু ইতিহাসের ধারাবাহিকতা মেনেই বাঙালি মধ্যবিত্তের একটি প্রভাবশালী অংশ বেছে নিয়েছে বাঙালি হিন্দু জাতীয়তাবাদের পথ। বাঙালি সত্তার সঙ্গে উত্তর ও পশ্চিম ভারতের হিন্দুত্বের বয়ান সাংঘর্ষিক হলেও হিন্দু পরিচিতির কারণে ২০১৪ সালের পর থেকেই সাংস্কৃতিক গরিমার পক্ষে গর্ব করা পশ্চিমবঙ্গের বর্ণহিন্দু বাঙালিরা ক্রমশই হাত মিলিয়েছেন সর্বভারতীয় হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে। আর তারই পরিণতিতে ২০২৬ সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হল বিজেপির মতো হিন্দুত্ববাদী একটি দল। এ কথা ঠিক ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআরের নামে পশ্চিমবঙ্গের ২৬ লক্ষ বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার ফলেই এ রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে বিজেপি। কিন্তু পাশাপাশি পরিসংখ্যান বিশ্লেষণ করে এটাও অনস্বীকার্য যে সঠিকভাবে ভোট হলে বিজেপি ক্ষমতায় আসতে না পারলেও ২০২১ সালের তুলনায় তাদের আসন সংখ্যা ৭০ থেকে বৃদ্ধি পেয়ে ৮০ হত। যে পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক আরএসএস-বিজেপিকে চিরকাল প্রত্যাখ্যান করেছে ২০১৯ সাল থেকে সেই বিজেপির ভোট ক্রমশ বৃদ্ধি পাওয়ার ঘটনাতে এটাও প্রমাণিত যে হিন্দুত্বের রাজনীতির প্রতি সমর্থন যত দিন গিয়েছে ততই বৃদ্ধি পেয়েছে এ রাজ্যে। এবং শিক্ষিত বাবু বর্ণহিন্দু বাঙালির তরফেই বিজেপির এই ভোট বৃদ্ধির ঘটনা।

উল্লেখ্য শুভেন্দু অধিকারীর সাবেক দল অবিভক্ত তৃণমূল কংগ্রেস ২০১৯ সাল থেকে ভোট পুলসিরাত পার হতে বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক বয়ানের আশ্রয় নেয়। বাংলার ইতিহাসে প্রথম ২০১৭ সাল থেকে পশ্চিমবঙ্গে ‘বাংলা পক্ষ’ নামের একটি সংগঠন বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক কার্যক্রম শুরু করে পশ্চিমবঙ্গে। পরে জাতীয় বাংলা সম্মেলন-সহ আরও কিছু বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিতে আলোড়ন ফেলে দেয় ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে। স্লোগান ওঠে ‘জয় বাংলা’ আর তাদের অনুসরণ করেই পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে বাঙালি জাতীয়তাবাদী স্লোগান ও বয়ানকে সামনে রেখে রাজনৈতিক ফসল তুলতে মরিয়া হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে এতে তেমন কোনো সাফল্য না এলেও ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা ব্যাপকভাবে সফল হয়। ‘জয় বাংলা’ ক্রমে হয়ে ওঠে পশ্চিমবঙ্গের জাতীয় স্লোগান। কিন্তু তার আগেই ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। ‘জয় বাংলা’র বদলে তাঁর মুখ থেকে ধ্বনিত হতে থাকে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এক সময়ের অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে সওয়াল করা যুবনেতা হয়ে ওঠেন পশ্চিমবঙ্গে হিন্দুত্বের পোস্টার বয়। ক্রমে ২০২৬ সালে তিনিই হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর তারপর থেকেই  এখন বোধহয় বক্তব্যের শেষে ‘জয় বাংলা’, ‘জয় পশ্চিমবঙ্গ’ কিংবা ‘জয় হিন্দ’-এর বদলে ‘জয় মেদিনীপুর’ ও ‘জয় গুজরাত’ বলাটাই শুধু বাকি। কেননা, আমার বিবেচনায়, এই মেদিনীপুরিয়া জাতীয়তাবাদের প্রচারক আঞ্চলিক অস্মিতার আড়ালে এমন এক রাজনৈতিক প্রকল্পকে এগিয়ে নিয়ে চলেছেন, যার বৃহত্তর সুবিধাভোগী গুজরাতকেন্দ্রিক পুঁজির শক্তিগুলি।


সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে বুঝে নেওয়া দরকার বাঙালি হিন্দু জাতীয়তাবাদের ঐতিহাসিক উত্তরাধিকার এবং গুজরাতি জাতিবাদের উত্থান ও প্রসারের আখ্যান। বাঙালি হিন্দু জাতীয়তাবাদের পরম্পরা সিরাজউদ্দৌলার পতন এবং বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক ক্ষমতার প্রতিষ্ঠার ইতিহাসে মিরজাফর, জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র রায় ও নবকৃষ্ণ দেবের মতো ব্যক্তিত্বের ভূমিকা নানা কারণে আলোচিত। পলাশির যুদ্ধের পর বাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন শুধু একটি নবাবি শাসনের অবসান ছিল না; তা ছিল বাংলার সম্পদ ও প্রশাসনের ওপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও সূচনা।  [১]

নবকৃষ্ণ দেবের শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ঔপনিবেশিক বাংলার অভিজাত সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। পলাশির পরে নবকৃষ্ণ যে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন কলকাতার শোভাবাজার রাজবাড়িতে, সেই পুজোর আড়ম্বর ও বৈভব কপালে চোখ উঠে যাওয়ার মতো। এই পুজোকে কেন্দ্র করে ব্রিটিশ শাসক ও দেশীয় অভিজাতদের সম্পর্কের যে ছবি ফুটে ওঠে, তা ঔপনিবেশিক ক্ষমতা, সম্পদ ও সামাজিক মর্যাদার পারস্পরিক সম্পর্ক বুঝতে সাহায্য করে। পলাশির লুণ্ঠিত সম্পদের নির্দিষ্ট অংশ থেকেই পুজোর যাবতীয় ব্যয় মেটানো হয়েছিল, কিংবা পুজোর পাঁচ দিন ধরে রাজবাড়িতে মদের ফোয়ারা ও বাঈজি নাচের আসর বসেছিল। চলেছিল মদ-মাংস সহযোগে নারীকে ভোগ্যপণ্য করে তোলার মোচ্ছব।  [১]

ঔপনিবেশিক ক্ষমতার সঙ্গে আপোষ, অভিজাত শ্রেণির স্বার্থরক্ষা এবং ধর্মীয়-সাংস্কৃতিক পরিচয়ের রাজনৈতিক ব্যবহারের যে পরম্পরা ঔপনিবেশিক বাংলায় গড়ে উঠেছিল, তার সঙ্গে পরবর্তী কালের বাঙালি হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির তুলনা টানা যায়। যেমন স্বদেশী চেতনার উন্মেষ ঘটাতে ‘হিন্দুমেলা’র প্রচলন। কিংবা ১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গকে পৃথক প্রদেশ করার সরকারি উদ্যোগের বিরোধিতায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে আদতে বাঙালি মুসলমানের ক্ষমতায়ন প্রশ্নটিকে কলকাতার বর্ণহিন্দু বাবু বাঙালিদের মেনে না নিতে পারার প্রতিফলন, তাও স্পষ্ট হয়েছিল। রবীন্দ্রনাথ এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম। তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পক্ষে দাঁড়িয়েও পরবর্তীতে তাঁর নিজের অবস্থানের ব্যাপারে আত্মসমালোচনা করেছিলেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর ‘ঘরে বাইরে উপন্যাস’টিতে। এমনকী ‘চার অধ্যায়’ উপন্যাসেও স্বদেশী আন্দোলনের বাবুদের তিনি সমালোচনা করেছিলেন।  [২]

উপনিবেশবিরোধী কর্মকাণ্ডের সদর্থক বিষয়টিকে মাথায় রেখে এটাও স্বীকার করতে হয় যে অনুশীলন সমিতি ও যুগান্তর দলের সশস্ত্র কর্মকাণ্ডের পিছনে বাঙালি হিন্দু জাতীয়তাবাদী ভাবধারা প্রবলভাবে কাজ করেছিল। আর যে কারণে অগ্নিযুগের বিপ্লবীদের বড় অংশ কালীমূর্তিতে পূজা দিয়ে তারপর তাঁদের কর্মকাণ্ডে ব্রতী হতেন। যদিও সেই বাঙালি হিন্দু জাতীয়তাবাদ কোনো অর্থেই হিন্দুত্ববাদের মতো বর্ণবিদ্বেষী তথা ইসলাম বিদ্বেষী ভাবধারায় পরিচালিত হয়নি। কিন্তু এটাও ঠিক যে পরবর্তীতে এই বাঙালি হিন্দু জাতীয়তাবাদী সশস্ত্র ধারা দুটি খাতে প্রবাহিত হয়েছিল। প্রথমটি ছিল সমাজতান্ত্রিক ধারা, দ্বিতীয়তটি সর্বভারতীয় হিন্দুত্ববাদী ধারা। অবশ্য বড় অংশটি বাম সমাজতান্ত্রিক ধারার সঙ্গেই মিশে যায়। যার ফলশ্রুতিতে কমিউনিস্ট পার্টির সমান্তরালেই গঠিত হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যার নেতৃত্বে পঞ্জাবের ভগৎ সিংয়ের পাশাপাশি ছিলেন বাংলার যতীন দাস। এছাড়াও তৈরি হয়েছিল রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বা আরএসপি, যে দলটি আজও পশ্চিমবঙ্গের বামফ্রন্টের শরিক দল, ভারতের বাম-গণতান্ত্রিক জোটেরও অংশীদার। তো বাঙালি হিন্দু জাতীয়তাবাদী অংশের উপনিবেশবিরোধী ইতিবাচক কর্মকাণ্ড চালানোর পাশাপাশি ঔপনিবেশিক প্রভুদের সঙ্গে আপোষকামী অংশটির সামাজিক ও রাজনৈতিক তৎপরতার সূত্র ধরেই  সূত্র ধরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবির্ভাব ঘটে অবিভক্ত বাংলার রাজনীতিতে।   বাংলার রাজনীতিতে এ কে ফজলুল হকের সঙ্গে তাঁর জোট কোনো মতাদর্শিক জোট নয় বরং কেবলমাত্র কংগ্রেসের সমান্তরাল রাজনৈতিক উদ্যোগ। যদিও ফজলুল হক যতদিন মুসলিম লীগের প্রবল বিরোধী ছিলেন, ততদিন শ্যামাপ্রসাদের সঙ্গে তাঁর কোনোরকম সম্পর্ক স্থাপন হয়নি। মাথায় রাখা দরকার ফজলুল হক ছিলেন চরম অসাম্প্রদায়িক কিন্তু শ্যামাপ্রসাদ ছিলেন তার উল্টো।  [২]

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন। ১৯৪২ সালে বাংলার তৎকালীন গভর্নর জন হার্বার্টকে লেখা তাঁর চিঠি এই প্রসঙ্গে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটিশবিরোধী গণআন্দোলনের প্রতি তাঁর অবস্থান এবং হিন্দু মহাসভার রাজনীতির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা তাঁর রাজনৈতিক উত্তরাধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে।  [৩, ৯]

শ্যামাপ্রসাদের বাঙালিয়ানা কোনো অংশেই ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী বাঙালি জাতিসত্তাকে ধারণ করতে পারেনি। বরং তার কেন্দ্রে ছিল হিন্দু বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্যের আকাঙ্ক্ষা। শ্যামাপ্রসাদের মতো ব্যক্তিত্বরা বাঙালি মুসলিমকে বাঙালি পরিচিতির মধ্যে ঠাঁই দিতেন না। অথচ বাংলার মুসলমান সমাজ থেকে যুগে যুগে উঠে এসেছেন সৈয়দ সুলতান, আলাওল, আবদুল হাকিম, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, সুফিয়া কামাল, বেগম রোকেয়া, মুজফ্‌ফর আহমদ, এ কে ফজলুল হক ও মওলানা ভাসানির মতো কবি, সাহিত্যিক, চিন্তক, সমাজসংস্কারক, রাজনীতিবিদ ও বিপ্লবী। তাঁদের অবদান বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। ফলে বাঙালিত্বের ধারণাকে হিন্দু পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করা হলে বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বহুত্বকেই অস্বীকার করা হয়।  [৪, ৫]

শ্যামাপ্রসাদের রাজনৈতিক অবস্থান ও হিন্দু মহাসভার মতাদর্শের সমালোচনা করতে গিয়ে এই প্রশ্নটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাঙালিত্বের নামে কোন বাঙালিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, আর কাকে তার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে?

আমার বক্তব্য, বাঙালি হিন্দু জাতীয়তাবাদের একটি প্রভাবশালী ধারা ভারতীয় জাতীয়তাবাদের বৃহত্তর পরিসরের মধ্যে নিজেদের জন্য বিশেষ রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসর নির্মাণ করতে চেয়েছে। কিন্তু সেই প্রকল্পের অন্তর্নিহিত সীমাবদ্ধতা ছিল—তার বাঙালিয়ানা বহু ক্ষেত্রেই ধর্মীয় পরিচয়ের শর্তে নির্ধারিত হয়েছে।

অন্যদিকে, হিন্দুত্ববাদী রাজনীতির ইতিহাসও বাংলার অবদান ছাড়া বোঝা সম্ভব নয়। হেডগেওয়ার, দীনদয়াল উপাধ্যায় ও মদনমোহন মালব্যের মতো ব্যক্তিত্বের রাজনৈতিক পরম্পরার পাশাপাশি বাংলার হিন্দু পুনরুজ্জীবনবাদী ও জাতীয়তাবাদী চিন্তার ইতিহাসও আলোচনায় আনতে হবে। চন্দ্রনাথ বসুর ‘হিন্দুত্ব’ শীর্ষক রচনা এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। সাভারকরের বহু আগেই বাংলায় হিন্দু পরিচয়কেন্দ্রিক জাতীয়তাবাদী চিন্তার একটি তাত্ত্বিক পরিসর গড়ে উঠেছিল।  [৫] ভারতীয় জাতীয়তাবাদের আড়ালে হিন্দুত্ববাদী রাজনীতির অগ্রযাত্রায় বাঙালি হিন্দু অভিজাত ও মধ্যবিত্তের একটি অংশের অবদান কম নয়। কিন্তু সেই ঐতিহাসিক অবদান শেষ পর্যন্ত বাঙালি হিন্দু জাতীয়তাবাদকে কোনও স্বতন্ত্র সর্বভারতীয় ক্ষমতাকেন্দ্রে পরিণত করতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সর্বভারতীয় হিন্দুত্ববাদী রাজনীতির নেতৃত্ব ও অর্থনৈতিক ক্ষমতার ভারকেন্দ্র ক্রমশ গুজরাতের দিকে সরে এসেছে [৫, ৬]।

গুজরাতি জাতিবাদের উত্থান ও সর্বগ্রাসী হয়ে ওঠা


ভারতীয় রাজনীতিতে গুজরাতি রাজনৈতিক নেতৃত্বের উত্থানকে শুধু কোনও একটি রাজ্যের আঞ্চলিক পরিচয়ের প্রসার হিসেবে দেখলে ভুল হবে। এর সঙ্গে যুক্ত রয়েছে সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব, কর্পোরেট পুঁজির কেন্দ্রীভবন এবং রাষ্ট্রক্ষমতার সঙ্গে বৃহৎ ব্যবসায়ীক গোষ্ঠীর সম্পর্ক [৬]।

স্বাধীনতার পর জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতাকেন্দ্র হিসেবে উঠে এসেছিলেন। দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ এবং স্বাধীন ভারতের প্রশাসনিক কাঠামো নির্মাণে তাঁর ভূমিকা ঐতিহাসিক। তিনি ছিলেন প্রথমে গুজরাতি হিন্দু, পরে ভারতীয়। ১৯৪৬–৪৭ সালে অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাবের ইতিহাস এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শরৎচন্দ্র বসু, আবুল হাশিম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও কিরণশঙ্কর রায়-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্যোগে এমন একটি বিকল্প রাজনৈতিক বন্দোবস্তের সম্ভাবনা তৈরি হয়েছিল, যা ভারত ও পাকিস্তানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামোর বাইরে স্বাধীন বাংলার কথা ভেবেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বল্লভভাই প্যাটেল এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন; নেহরুর অবস্থানও প্রস্তাবটির পক্ষে ছিল না। তবে প্রত্যেকের ভূমিকা ও বিরোধিতার কারণ পৃথকভাবে বিচার করা প্রয়োজন।  [৭]

স্বাধীন বাংলার প্রস্তাব ব্যর্থ হয়। বাংলা ভাগ হয়। কিন্তু এই ব্যর্থতার রাজনৈতিক তাৎপর্য আজও শেষ হয়ে যায়নি। প্রশ্ন থেকে যায়, বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কতটা বাংলার মানুষের হাতে ছিল, আর কতটা নির্ধারিত হয়েছিল সর্বভারতীয় ক্ষমতার হিসাবনিকাশে।

শ্যামাপ্রসাদের রাজনৈতিক উত্তরাধিকারও এই প্রশ্নের সঙ্গে জড়িত। বাংলার রাজনীতিতে যে গুরুত্ব তিনি পেয়েছিলেন, স্বাধীনতার পর কেন্দ্রীয় রাজনীতিতে তাঁর অবস্থান তার সমতুল্য ছিল না। বিপরীতে, প্যাটেলের প্রভাব স্বাধীন ভারতের রাষ্ট্রগঠনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।  [৭] পরবর্তী সময়ে জনসংঘের উত্থান, রাম জন্মভূমি আন্দোলন, বাবরি মসজিদ ধ্বংস এবং অটলবিহারী বাজপেয়ী–লালকৃষ্ণ আদবানির নেতৃত্বের পর্যায় অতিক্রম করে ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় আসে। অমিত শাহের উত্থানের সঙ্গে দলীয় সংগঠন ও নির্বাচনী কৌশলেও গুজরাতের রাজনৈতিক নেতৃত্বের প্রভাব আরও দৃশ্যমান হয় [৬]।

এই পর্যায়ে আদানি ও আম্বানির মতো বৃহৎ ব্যবসায়ীক গোষ্ঠীর সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক নিয়ে দেশজুড়ে বিতর্ক তীব্র হয়েছে। সরকারি নীতি, কর্পোরেট বিনিয়োগ, পরিকাঠামো, প্রাকৃতিক সম্পদ ও বাজারের ওপর নিয়ন্ত্রণ—এসব ক্ষেত্রে বৃহৎ পুঁজির প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।  [৮]

এখানেই এই প্রবন্ধের কেন্দ্রীয় যুক্তি: বিজেপি ও আরএসএসকে শুধু হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন হিসেবে দেখলে তাদের ক্ষমতার অর্থনৈতিক ভিত্তির একটি গুরুত্বপূর্ণ দিক আড়ালে থেকে যায়। গুজরাতকেন্দ্রিক রাজনৈতিক নেতৃত্ব এবং বৃহৎ পুঁজির পারস্পরিক সম্পর্ক এই ক্ষমতাকাঠামোকে বোঝার একটি গুরুত্বপূর্ণ সূত্র [৬, ৮]।

তবে গুজরাতের সব মানুষ, গুজরাতি পরিচয় কিংবা গুজরাতের সামগ্রিক সমাজকে এই রাজনৈতিক-অর্থনৈতিক প্রকল্পের সঙ্গে এক করে দেখা যায় না। এখানে ‘গুজরাতি জাতিবাদ’ বলতে গুজরাতি পরিচয়ের নামে পরিচালিত কোনও সর্বজনীন সাংস্কৃতিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে না; বোঝানো হচ্ছে গুজরাতকেন্দ্রিক রাজনৈতিক নেতৃত্ব, কর্পোরেট পুঁজি ও ক্ষমতার কেন্দ্রীভবনের একটি নির্দিষ্ট প্রবণতা।

গুজরাতি জাতিবাদের ফ্র্যাঞ্চাইজি: মেদিনীপুরিয়া জাতিবাদ

প্রথমেই একটি পার্থক্য স্পষ্ট করা দরকার। হিন্দুত্ববাদ ও হিন্দুধর্ম যেমন এক নয়, তেমনই মেদিনীপুরের ইতিহাস ও মেদিনীপুরিয়া জাতিবাদও এক নয়। বরং অনেক ক্ষেত্রে এই দুইয়ের রাজনৈতিক তাৎপর্য পরস্পরবিরোধী। মেদিনীপুরের ইতিহাসে রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, গণআন্দোলন, কৃষক আন্দোলন এবং ভূমির অধিকারের লড়াই। ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরা এই অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের দুই গুরুত্বপূর্ণ প্রতীক। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পর তমলুক অঞ্চলে সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীলকুমার ধাড়া, কুমুদিনী ডাকুয়া ও তাঁদের সহযোগীদের নেতৃত্বে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ব্রিটিশ শাসনের সমান্তরালে এই সরকারের প্রতিষ্ঠা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।  [৯] এই ইতিহাসের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানের একটি মৌলিক বিরোধ রয়েছে। যিনি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তাঁর রাজনৈতিক উত্তরাধিকারকে ধারণ করেও কীভাবে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের উত্তরাধিকার নিজেদের বলে দাবি করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ইতিহাসের নির্বাচিত ব্যবহার এবং রাজনৈতিক স্মৃতির নির্মাণ নিয়ে আলোচনা অপরিহার্য [৩, ৯]।

মেদিনীপুরের নন্দীগ্রামও এই দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। একদিকে এই অঞ্চলের ইতিহাসে তেভাগার মতো কৃষক আন্দোলনের স্মৃতি রয়েছে, অন্যদিকে একবিংশ শতকে নন্দীগ্রাম ভূমি অধিগ্রহণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। দুই ক্ষেত্রেই জমি, জীবিকা, রাজনৈতিক অধিকার ও মানুষের আত্মমর্যাদার প্রশ্ন সামনে এসেছে।  [১০] কিন্তু আজকের মেদিনীপুরিয়া অস্মিতার রাজনীতি কি এই ইতিহাসের বহুত্বকে ধারণ করছে? নাকি ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, সতীশচন্দ্র সামন্ত, সুশীলকুমার ধাড়া, কুমুদিনী ডাকুয়া ও অজয় মুখোপাধ্যায়ের নামকে ব্যবহার করে একটি সংকীর্ণ রাজনৈতিক পরিচয় নির্মাণ করা হচ্ছে?


পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র। তাঁর রাজনৈতিক শিবির মেদিনীপুরের ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মৃতি ও আঞ্চলিক অস্মিতাকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করে। কিন্তু যে ঐতিহাসিক ব্যক্তিত্বদের নাম উচ্চারণ করা হচ্ছে, তাঁদের রাজনৈতিক আদর্শ, সংগ্রাম ও বর্তমান শাসক দলের মতাদর্শের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে—সেই প্রশ্ন তোলা জরুরি [১০]।


মেদিনীপুরের ইতিহাস কোনও একটি রাজনৈতিক দলের একচেটিয়া সম্পত্তি নয়। এই ইতিহাসের মধ্যে রয়েছে ঔপনিবেশিকতাবিরোধী সংগ্রাম, কৃষকের অধিকার, গণআন্দোলন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার কায়েমের আকাঙ্ক্ষা। সেই ইতিহাসকে যদি কেবল নির্বাচনী প্রচারের উপাদানে পরিণত করা হয়, তাহলে তা ঐতিহাসিক উত্তরাধিকারের প্রতি সুবিচার করে না [৯, ১০]। এক্ষেত্রে এটাই বলার মেদিনীপুরিয়া জাতীয়তাবাদ এই মুহূর্তে আঞ্চলিক পরিচয়ের এমন একটি রাজনৈতিক নির্মাণ, যা মেদিনীপুরের বহুত্ববাদী ও সংগ্রামী ইতিহাসকে নির্বাচিতভাবে ব্যবহার করে। তার ফলে ইতিহাসের কিছু প্রতীক সামনে আসে, অথচ সেই ইতিহাসের অন্তর্নিহিত রাজনৈতিক প্রশ্নগুলি আড়ালে চলে যায়।

আঞ্চলিক অস্মিতার আড়ালে ক্ষমতা ও পুঁজির রাজনীতি


পশ্চিমবঙ্গে হিন্দু জাতীয়তাবাদের রাজনৈতিক উত্থানের সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘদিনের মতাদর্শিক প্রচার, সাংগঠনিক পরিশ্রম, সামাজিক মেরুকরণ এবং ডিজিটাল মাধ্যমে পরিকল্পিত প্রচারাভিযান।হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত রাজনৈতিক বয়ান এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। [৬]

এই রাজনৈতিক প্রকল্পের সমালোচনা করতে গেলে শুধু পরিচয়ের রাজনীতি নিয়ে আলোচনা যথেষ্ট নয়। দেখতে হবে, ক্ষমতা প্রতিষ্ঠার পর কোন অর্থনৈতিক নীতি গ্রহণ করা হচ্ছে, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের জীবিকায় তার কী প্রভাব পড়ছে, বিরোধী মতের প্রতি প্রশাসনের আচরণ কেমন এবং নাগরিক অধিকার কতটা সুরক্ষিত থাকছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গে বেড়েছে পশ্চিমবঙ্গে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা। আর তার সঙ্গে বেড়েছে যৌন অপরাধে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার বদলে ভুয়া সংঘর্ষ বা ক্রস ফায়ারিংয়ের ঘটনা। অন্যদিকে চলছে প্রান্তিক মানুষের জীবনজীবিকার ওপর হামলা। বাড়ছে রাজনৈতিক সহিংসতা। গেরুয়া বাহিনী কর্তৃক চলছে বইয়ের দোকানে হামলা, বই পোড়ানো এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর নামিয়ে আনা হচ্ছে দমনপীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাস।

  

এই প্রেক্ষাপটে আরও একটি প্রশ্ন সামনে আসে: পশ্চিমবঙ্গের অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের ওপর বৃহৎ কর্পোরেট পুঁজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা কতটা চলছে? রাজ্যের জমি, শিল্প, পরিকাঠামো, বিদ্যুৎ, বন্দর এবং অন্যান্য সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কারা সুবিধা পাচ্ছে? সরকারি নীতি ও কর্পোরেট স্বার্থের মধ্যে কী সম্পর্ক তৈরি হচ্ছে [৮]? এই প্রশ্নগুলি মেদিনীপুরিয়া অস্মিতার আলোচনার বাইরে নয়। বরং আঞ্চলিক পরিচয়ের নামে যে রাজনৈতিক আনুগত্য তৈরি করা হয়, তার অর্থনৈতিক পরিণতি বিচার করতে হলে এই প্রশ্নগুলির উত্তর খোঁজা জরুরি।

আশঙ্কা, মেদিনীপুরের ঐতিহাসিক গৌরবের নামে যে রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠিত হচ্ছে, তা যদি বৃহত্তর কর্পোরেট পুঁজির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে, তাহলে আঞ্চলিক অস্মিতা শেষ পর্যন্ত ভূমি, জীবিকা ও সম্পদের ওপর মানুষের অধিকার রক্ষার পরিবর্তে সেই অধিকার সংকুচিত করার হাতিয়ার হয়ে উঠতে পারে [৮]।

বাংলাবাদের সম্ভাবনা ও মেদিনীপুরিয়া জাতিবাদের সংকট

তাহলে গোটা বিষয়টির অর্থ কী দাঁড়াল? বাঙালি হিন্দু জাতীয়তাবাদের একটি প্রভাবশালী ধারা হিন্দুত্ববাদী রাজনীতির বৃহত্তর কাঠামোর মধ্যে নিজেদের জন্য বিশেষ রাজনৈতিক পরিসর নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু সেই প্রকল্পের অন্তর্নিহিত ধর্মীয় সীমাবদ্ধতা এবং সর্বভারতীয় ক্ষমতার কেন্দ্রীভবনের ফলে তার স্বতন্ত্র রাজনৈতিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে। অন্যদিকে, সর্বভারতীয় হিন্দুত্ববাদী রাজনীতির নেতৃত্বে গুজরাতকেন্দ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির প্রভাব বেড়েছে। পশ্চিমবঙ্গে এই বৃহত্তর রাজনৈতিক প্রবণতার একটি আঞ্চলিক রূপ হিসেবে মেদিনীপুরিয়া জাতীয়তাবাদকে দেখা যেতে পারে। এখানে মেদিনীপুরের সংগ্রামী ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের স্মৃতি এবং ভূমিসন্তানের পরিচয়কে রাজনৈতিক বৈধতা অর্জনের উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেই পরিচয় যদি বহুত্ববাদ, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক অধিকারের প্রশ্নগুলিকে আড়াল করে, তাহলে তা মেদিনীপুরের ঐতিহাসিক উত্তরাধিকারের সঙ্গেই বিরোধে জড়িয়ে পড়ে। এই কারণেই পশ্চিমবঙ্গের সামনে আজ একটি বিকল্প রাজনৈতিক কল্পনার প্রয়োজন। সেই কল্পনা হবে এমন এক অন্তর্ভুক্তিমূলক বাংলাবাদ, যেখানে বাঙালি, সাঁওতালি, রাজবংশী, কুড়মি-সহ সমস্ত জাতিসত্তার মানুষের সমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার থাকবে। ধর্মীয় পরিচয় নাগরিকত্বের মাপকাঠি হবে না; আঞ্চলিক পরিচয়ও কোনও রাজনৈতিক দলের একচেটিয়া সম্পত্তিতে পরিণত হবে না।

বাংলাবাদ মানে বাঙালি হিন্দু আধিপত্য নয়। এমনকী বাঙালি আধিপত্যও নয়। বাংলাবাদ মানে বাংলার মানুষের অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কায়েম হওয়া। বাংলাবাদ মানে বাংলার বহুত্ববাদী সমাজের বিকাশ এবং সামাজিক ন্যায়বিচার ও   সম্পদের ওপর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।  আর মেদিনীপুরের ইতিহাসও কোনও সংকীর্ণ জাতীয়তাবাদের সম্পত্তি নয়। সেই ইতিহাসের প্রকৃত উত্তরাধিকার নিহিত রয়েছে ঔপনিবেশিকতাবিরোধী সংগ্রাম, কৃষকের অধিকার, মানুষের আত্মমর্যাদা এবং গণতান্ত্রিক প্রতিরোধের মধ্যে।

আমার বক্তব্য, মেদিনীপুরিয়া জাতীয়তাবাদের নামে যদি এই ইতিহাসকে সংকুচিত করে গুজরাতকেন্দ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অনুগত একটি আঞ্চলিক পরিচয় নির্মাণ করা হয়, তাহলে তা মেদিনীপুরের ইতিহাসের পুনরুজ্জীবন নয়—বরং তার রাজনৈতিক আত্মসাৎ।

বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত বাংলার মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার ভিত্তিতে, কোনও সংকীর্ণ ধর্মীয় জাতীয়তাবাদ কিংবা দূরবর্তী কর্পোরেট ক্ষমতাকেন্দ্রের স্বার্থে নয়।

তথ্যসূত্র

[১] P. J. Marshall, Bengal: The British Bridgehead—Eastern India 1740–1828, Cambridge University Press, 1987.

[২] Joya Chatterji, Bengal Divided: Hindu Communalism and Partition, 1932–1947, Cambridge University Press, 1994.

[৩] Shyama Prasad Mookerjee, ২৬ জুলাই ১৯৪২-এ বাংলার গভর্নর John Herbert-কে লেখা চিঠি। Sekhar Bandyopadhyay-এর From Plassey to Partition and After: A History of Modern India, Orient Blackswan, 2015-ও সহায়ক।

[৪] Sukumar Sen, History of Bengali Literature, Sahitya Akademi, India 1960. 

[৫] Chandranath Basu, Hindutva; Christophe Jaffrelot, The Hindu Nationalist Movement and Indian Politics, 1925 to the 1990s, Columbia University Press, 1996.

[৬] Christophe Jaffrelot, Modi’s India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy, Princeton University Press, 2021.

[৭] Rajmohan Gandhi, Patel: A Life, Navajivan Publishing House, 1990.

[৮] Ministry of Corporate Affairs, Competition Commission of India, SEBI এবং সংশ্লিষ্ট মন্ত্রকের প্রকল্প ও চুক্তি। 

[৯] Government of India, Towards Freedom: Documents on the Quit India Movement, 1942; এবং ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকারবিষয়ক গবেষণা।

[১০] নন্দীগ্রাম ভূমি অধিগ্রহণবিরোধী আন্দোলন সম্পর্কে সমকালীন সংবাদ প্রতিবেদন, সরকারি তদন্ত ও মানবাধিকার সংস্থার নথি।



--

লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক,  কলকাতা, ভারত।

ইমেইল- [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: