মক্কা চুক্তি থেকে বাংলাদেশ কী পেতে চায়?


মক্কা চুক্তি ও মধ্যপ্রাচ্যের সামরিক জোটে বাংলাদেশের জড়ানো কতটা বাস্তবসম্মত? জ্বালানি নিরাপত্তা, প্রক্সি যুদ্ধ ও ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বিশদ বিশ্লেষণ।
ইসরায়েল গাজায় ব্যাপক আকারে আক্রমণ শুরু করার পর তারা লেবাননেও হামলা করে হামাসের অবস্থানকে কেন্দ্র করে। সেই যুদ্ধ শেষ হয়নি। গাজা মাটির সঙ্গে মিশে গেছে। গাজায় কোনো ভবন অবশিষ্ট নেই। হামাস দমনের নামে ইসরায়েল আসলে গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্মম প্রতিশোধ নিয়েছে। ঠিক তখন সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, ওমান ও তুরস্ক শুধু বসে বসে লাশের সংখ্যা গুনেছে। আর তাদের আরেক ছোট ভাই পাকিস্তান তখন গাজার ব্যাপারে অদ্ভুত চুপচাপ ছিল।
এই ঘটনা যখন চলমান, তখন ইরানে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা আছে—এই অজুহাতে ইরানে হামলা শুরু করেছে আমেরিকা-ইসরায়েল। ইরানে হামলার পর দুনিয়ার সব হিসাবনিকাশ পাল্টে গেছে।
কারণ ইরান পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র এবং যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে এমন দেশে। ইরান অবশ্য বেসামরিক কোথাও আক্রমণ করেনি। তারা আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যেসব ঘাঁটি ব্যবহার করে ইরানে আক্রমণ করছিল, সেইসব সামরিক স্থাপনায়।
এ কারণে ইরানের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। ইরানের একার এই হামলাই মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারেনি। পরিস্থিতি এমন হয়েছে যে, কাতারের এলএনজি অবকাঠামো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির রপ্তানি আয়কে সংকুচিত করেছে। পৃথিবীর অন্যতম বড় তেল শোধনাগার হলো সৌদি আরবের আরামকো; এটিও আক্রমণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এত আক্রমণের পরও ইরান টিকে আছে।
যুক্তরাষ্ট্র তার মিত্রদের ব্যাপারে বরাবরই অসৎ। দক্ষিণ কোরিয়ার কাছে আকাশ প্রতিরক্ষা ছিল আমেরিকার টেকনোলজির থার্ড। ইরান যখন ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানা শুরু করে, তখন আমেরিকা দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা থার্ড নিয়ে আসে। অর্থাৎ যে উত্তর কোরিয়ার ভয় দেখিয়ে দক্ষিণ কোরিয়ায় বছরের পর বছর আমেরিকা সৈন্য রাখতে পেরেছে এবং পারছে, তার আকাশে এখন আর কোনো প্রতিরক্ষা নেই। ফলে দক্ষিণ কোরিয়ার আকাশসীমা সত্যিই অরক্ষিত হয়ে পড়েছে। উত্তর কোরিয়া এখন চাইলেই তাদের আকাশসীমায় ঢুকে পড়তে পারে।
কিন্তু আসল বাস্তবতা অনেক বেশি হাস্যকর। উত্তর কোরিয়ার ভয় দেখিয়ে দক্ষিণ কোরিয়ার ওপর বিরাট সামরিক ব্যয় চাপানো হয়েছিল। সেই আগ্রাসনের ভয় এখন পুরোপুরি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। কারণ এখন পর্যন্ত উত্তর কোরিয়া সেখানে কোনো হামলা করেনি।
এতে বোঝা যায়, বড় সামরিক শক্তিরও একটা সীমা আছে। একই সঙ্গে কয়েকটি রণাঙ্গন থাকলে সংকট দেখা দেয়। তখন দেশের নিজস্ব আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র ও সামরিক মজুতের ওপর বিপুল চাপ আসে।
ইরান যুদ্ধের বিষয়টিও তা পরিষ্কার করে দিয়েছে। ইরানের ওপর আকাশ ও ভূমিতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তাদের অনেক সামরিক এবং ভৌত অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তারপরও কিন্তু তাদের রাষ্ট্রীয় এবং সামরিক সক্ষমতা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া যায়নি। বরং তারা সফলভাবেই পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও ওই অঞ্চলে মার্কিন শক্তিকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে। আগে বলা হচ্ছিল, ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানের কঠিন বাস্তবতা সে কথা সমর্থন করছে না।
ইরান-মার্কিন যুদ্ধ ও প্রতিরক্ষা খাতের মুনাফা
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধ, যা গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে শুরু হয়, তার একটি সুস্পষ্ট উদাহরণ রয়েছে। ইরান তার কার্যকরী পাল্টা জবাব এবং যুদ্ধবিরতির আলোচনায় সাময়িক সাফল্যের জন্য প্রশংসা পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত, তার মৌলিক অবকাঠামো মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ইরানের তেল শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র ও সামরিক ঘাঁটির ৬০%-এর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনর্গঠনে কমপক্ষে ৫ বছর সময় লাগবে। শিশুসহ শত শত বেসামরিক মানুষ এবং শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। ইরানের কোনো নেট লাভ হয়নি।
অন্যদিকে, বৈশ্বিক বাজার ভেঙে পড়েছে এবং মার্কিন ভোক্তারা ২০২২ সালের পর প্রথমবারের মতো প্রতি গ্যালন পেট্রোলের দাম ৪ ডলারের ওপর দেখেছে। ২০২৬ সালের আগস্টে গড় দাম দাঁড়ায় ৪.২৫ ডলার/গ্যালন, যা ২০২২ সালের পর সর্বোচ্চ, সঙ্গে মুদ্রাস্ফীতিও বেড়েছে। যুদ্ধে বিশ্বের অন্যান্য অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পুরো পরিস্থিতিতে একমাত্র ব্যতিক্রম হলো মার্কিন প্রতিরক্ষা শিল্প, যা ঐতিহাসিক মুনাফা রেকর্ড করেছে। শীর্ষ পাঁচটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার—লকহিড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান, জেনারেল ডায়নামিক্স এবং বোয়িং—ইরান যুদ্ধের প্রধান অর্থনৈতিক সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছে। তারা তাৎক্ষণিক বাজার লাভ এবং দীর্ঘমেয়াদি উৎপাদন চুক্তি উভয়ই নিশ্চিত করেছে।
লাভ পেয়েছে আমেরিকার করপোরেটরা
যুদ্ধ-পূর্ব লাভ:
ইরানের বিরুদ্ধে 'অপারেশন এপিক ফিউরি' শুরু হওয়ার আগেই প্রতিরক্ষা ঠিকাদাররা প্রস্তুতিমূলক পর্যায়ে অর্থ উপার্জন করতে শুরু করে। প্রথম-ত্রৈমাসিকের আয় প্রতিবেদন তা স্পষ্টভাবে দেখায়।
আরটিএক্স ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ২২.১ বিলিয়ন ডলার বিক্রি জানিয়েছে—যা আগের বছরের তুলনায় ৮.৭% বেশি। জেনারেল ইলেকট্রিক অ্যারোস্পেস আরও নাটকীয় প্রবৃদ্ধি দেখিয়েছে, তাদের প্রথম প্রান্তিকের আয় ১১.৬১ বিলিয়ন ডলার—যা ২৪.৬% বৃদ্ধি।
নর্থরপ গ্রুম্যান প্রথম প্রান্তিকে ৯.৮৮ বিলিয়ন ডলার বিক্রি জানিয়েছে এবং ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০ লাখ বর্গফুটের বেশি উৎপাদন স্থান যুক্ত করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, নর্থরপ গ্রুম্যান এবং আরটিএক্স উভয়েই ২০২৬ সালের মে মাসে ৭% লভ্যাংশ বৃদ্ধি ঘোষণা করেছে, যা ইঙ্গিত করে যে ব্যবস্থাপনা এই চাহিদা বৃদ্ধিকে দীর্ঘমেয়াদী পরিবর্তন হিসেবে দেখছে।
বাজার প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার সংঘর্ষের সময় প্রায় ১২০ বিলিয়ন ডলার বাজার মূলধন অর্জন করেছে। যখন উত্তেজনা সরাসরি সামরিক সংঘাতে রূপ নেয়, তখন প্রতিরক্ষা শেয়ার উড়াল দেয়। আক্রমণের পর প্রথম ট্রেডিং দিনে নর্থরপ গ্রুম্যান প্রায় ৬%, আরটিএক্স প্রায় ৫% এবং লকহিড মার্টিন প্রায় ৩% বৃদ্ধি পায়। তবে আগস্টের মাঝামাঝি নাগাদ শেয়ারদাম কিছুটা কমেছে, যদিও বার্ষিক ভিত্তিতে এখনও ১২-১৮% লাভে রয়েছে।
এই সংঘাত অঞ্চলের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য নতুন চাহিদা সৃষ্টি করেছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৬.৫ বিলিয়ন ডলারের বেশি সম্ভাব্য অস্ত্র বিক্রি অনুমোদন করেছে।
২০২৬ সালের মে মাসে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি ছাড় প্রয়োগ করে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের দ্রুত অস্ত্র বিক্রি অনুমোদন করেন। পরবর্তী প্রতিবেদনে জানা যায়, মোট অঙ্কটি ২৫.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া সৌদি আরবও ৪০০টি থ্যাড ইন্টারসেপ্টরের জন্য আবেদন করেছে, যা এখনো চূড়ান্ত হয়নি।
পরিমাণটি অসাধারণ: সংযুক্ত আরব আমিরাত চেয়েছে ৬০০টি PAC-3 MSE ইন্টারসেপ্টর, কুয়েত চেয়েছে ৫০০টি এবং কাতার চেয়েছে ৩০০টি। অথচ লকহিড মার্টিনের বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা মাত্র ৬৫০টি। এই যুদ্ধ-অভিজ্ঞতা তাত্ত্বিক প্রতিরক্ষা পরিকল্পনাকে জরুরি, অর্থায়িত প্রয়োজনীয়তায় রূপান্তরিত করেছে।
যখন করপোরেট নির্বাহীরা রেকর্ড মুনাফা উদযাপন করে, তখন সাধারণ মার্কিন নাগরিকরা বিল পরিশোধ করে। ২০২৬ সালের ২৪ জুন, ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে যুদ্ধের খরচ মেটাতে ৭০ বিলিয়ন ডলার চায়, যা চলতি অর্থবর্ষের ৮৬৭ বিলিয়ন ডলারের সামরিক বাজেটের সঙ্গে যুক্ত হয়। ২০২৬ অর্থবর্ষের জন্য চূড়ান্ত সামরিক বাজেট দাঁড়ায় ৮৯২ বিলিয়ন ডলার (অতিরিক্ত ২৫ বিলিয়ন যুদ্ধভাতা সহ)।
ইরান মাথা নত করেনি
ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং চীনা প্রযুক্তির ভূমিকা আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইরান প্রকৃতপক্ষে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও উন্নত ড্রোন ব্যবহার করেছে, যা মার্কিন-ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে তচনচ করে দিয়েছে।
মক্কা জোট মূলত ইরান-বিরোধী সামরিক জোট। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, কুয়েত, কাতার, জর্ডান, ওমান, সংযুক্ত আরব আমিরাত—এই সব দেশই সরাসরি বা পরোক্ষভাবে ইরানের হুমকির মুখে। ইরান ইতিমধ্যে সৌদি আরবের আরামকো তেল শোধনাগার, কাতারের এলএনজি অবকাঠামো এবং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এই জোটের মূল লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলা, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ভাঙা এবং মার্কিন-মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ধর্মীয় আবেদন থাকলেও বাস্তবে এটি ভূরাজনৈতিক ও সামরিক জোট, যার কেন্দ্রবিন্দু ইরান। ইরান এখনও হরমুজ প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ রাখছে, ফলে তেলবাহী জাহাজের চলাচল স্বাভাবিকের চেয়ে ৩০% কম।
চীন ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখে এবং ইরান থেকে তেল আমদানি করে। চীন কখনোই ইরান-বিরোধী কোনো জোটে পাকিস্তানকে সমর্থন করবে না। বরং চীন পাকিস্তানকে ইরানের সঙ্গে সংঘাতে না যাওয়ার পরামর্শ দেবে। যদি পাকিস্তান সরাসরি ইরানের বিরুদ্ধে যায়, তাহলে চীন পাকিস্তান থেকে দূরত্ব বজায় রাখতে পারে বা মধ্যস্থতা করবে। চীন তার নিজস্ব অর্থনৈতিক ও শক্তি স্বার্থকে প্রাধান্য দেবে।
রাশিয়াও ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে একই ঘাটিতে দাঁড়ায়। রাশিয়া মক্কা জোটকে সমর্থন করবে না, কারণ এতে তুরস্ক (ন্যাটো সদস্য) এবং মার্কিন মিত্র সৌদি আরব রয়েছে। রাশিয়া সম্ভবত ইরানকে আরও সামরিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়াবে এবং পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করবে যাতে এটি জোট থেকে সরে আসে।
চীন ও রাশিয়া—উভয়েই ইরানের পক্ষে থাকবে এবং পাকিস্তানকে এই জোট থেকে বিরত রাখতে চাইবে। তারা কখনোই ইরানের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে না।
মক্কা জোটে ইরানের আক্রোশ ছাড়া আমরা কী পাবো?
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে একটা সামরিক জোট করেছে। এইসব দেশের মধ্যে সৌদি আরব সরাসরি ইরান থেকে ক্ষেপণাস্ত্রের আক্রমণ পেয়েছে। তুরস্ককে ইরান আক্রমণ না করলেও তুরস্ক আসলে পশ্চিমাদের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হওয়ায় ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক কখনোই ভালো ছিল না। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান দিয়ে জোট করানো গেলে এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ধর্মীয় একটা অনুভূতি নেওয়ার চেষ্টা করবে। অথচ সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ফিলিস্তিনের পক্ষে কখনই জোরালোভাবে দাঁড়ায়নি।
আর সৌদি আরব ও তুরস্ক সরাসরি যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি। ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে সৌদি আরব। এরকম পরিস্থিতিতে এই জোট মূলত ইরান-বিরোধী হবে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন হওয়ার চেষ্টা করবে।
পাকিস্তানের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকলেও ইরানের বিরুদ্ধে মক্কা জোট দাঁড়ালে চীন পাকিস্তানের পাশে থাকবে না। তখন আবার বৈশ্বিকভাবে চীন, রাশিয়া ও ইরান মিলে মক্কা জোটের বিরুদ্ধে থাকবে।
বাংলাদেশের সঙ্গে ইরানের কোনো ভূরাজনৈতিক সম্পর্ক ও স্বার্থ নেই একমাত্র হরমুজ প্রণালি ছাড়া। কিন্তু পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সরাসরি সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। ফলে এই তিন দেশের স্বার্থ ও বাংলাদেশের স্বার্থ এক নয়। মক্কা জোটের প্রধান শত্রু ইরান। ইরান যদি তার শত্রু দেশের জ্বালানি আটকে দেয় হরমুজ প্রণালিতে, তাহলে বাংলাদেশের অর্থনীতি কীভাবে চলবে? আর বাংলাদেশকে ইরান শত্রু রাষ্ট্র হিসেবে দু-চারটা ক্ষেপণাস্ত্রও মেরে দেয়—তা প্রতিরোধ তো দূরের কথা, তার অভিঘাতও সহ্য করার ক্ষমতা বাংলাদেশের নেই।
বড়দের এই খেলায় বাংলাদেশের প্রবেশ হলো আত্মহত্যা। বাংলাদেশ সব সময় দুনিয়ায় শান্তিপূর্ণ একটা অবস্থান নিয়েছে। বাংলাদেশ আগ্রাসী অবস্থা অতীতে যেমন নেয়নি, এখন তার ক্ষমতাও নেই। ফলত, একটা যুদ্ধের ময়দানে বাংলাদেশ প্রবেশ করলে তার সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কী দাঁড়াবে, তা কোনভাবেই অনুমানও অনেকে করতে পারছে না। এটা শুধু জাতীয়তাবাদী আবেগ নয়; এটা হলো দেশটা টিকবে কি টিকবে না—সেই পর্যালোচনার বিষয়। আর বাংলাদেশের কিছুই পাওয়ার নেই মক্কা চুক্তি থেকে।
বাংলাদেশ মক্কা চুক্তির ফলে যে বিপজ্জনক খেলায় ঢুকবে, সেখানে তাকে বিলিয়ন ডলার দিয়ে তুরস্কের ড্রোন কিনতে হবে, যে ড্রোন দিয়ে কোনো দেশকে আক্রমণের পরিস্থিতিও তৈরি হবে না। আর ছোট দেশ হিসেবে এসব ড্রোন, ক্ষেপণাস্ত্র বা অস্ত্র দিয়ে বাংলাদেশ টিকে থাকবে—এমন চিন্তা করাও বোকামি। বাংলাদেশের দরকার তার নাগরিকদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। তাতে বাংলাদেশ দুর্বল হবে না, বরং শক্তিশালী হবে। বাংলাদেশে যদি হাজার বিজ্ঞানী, প্রকৌশলী তৈরি হয়, তাহলে বিশ্বফুটপ্রিন্টে বাংলাদেশের শক্তি ও মর্যাদা ভিন্নভাবে গড়ে উঠবে। আজকের যুগে অস্ত্র থাকলেই দেশ রক্ষা করা যায় না। সেটো ইরান যখন সৌদি আরব বা ইসরায়েল আক্রমণ করল তখনই প্রমাণ হয়ে গেছে।
গোটা দুনিয়া ন্যাটোর সবগুলো দেশ মিলে ইউক্রেনকে রক্ষা করতে পারছে না। অন্যের যুদ্ধ নিজে করার নাম হলো প্রক্সি যুদ্ধ। আজকের যুগে অন্যের যুদ্ধ নিজে কখন করে? যখন শাসক সরকার নিজেই একটা প্রক্সি হিসেবে থাকে। আশা করি নির্বাচিত সরকার এত বড় ভুল করবে না। তারা ইরানের কোপানলে পড়তে চাইবে না, আরও কঠিন করে বললে, চীন-রাশিয়ার অস্ত্রের মুখে পড়ার কোনো সাধ আমাদের নেই।
লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



