মওলানার দেশে চারু মজুমদার


ঢাকা পেপার্স গ্রাফিক্স
সরকারি ভাবে জমিদারি ব্যবস্থা উঠে গেছে...তবে শোষণ পুরোপুরি শেষ হয়ে যায়নি। হেমন্তের নিভু নিভু আলোয় গ্রাম দেখছি। এই নভেম্বরেই প্রয়াত হয়েছিলেন মওলানা ভাসানী। মৃত্যুর আগে জীবনের শেষ বক্তৃতায় তিনি বলেছিলেন, অভাব থেকে মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রামের কোনো বিরাম নেই।
প্রথমবার শিলিগুড়ির কাছে, তেঁতুলিয়া বা বাংলাবান্ধা পার হয়ে বাংলাদেশে ঢুকছি। যেতে হবে বেশ কয়েক কিলোমিটার দূরের রংপুরে। পঞ্চগড় থেকে গেটলক বাসে উঠলাম। গেটলক বলতে গাড়ির গেটলক হয়ে গেলে বাস আর কোথাও দাঁড়াবে না। সোজা গন্তব্যে। এর আগে বাংলাদেশে গেলেও উত্তর দিকে কখনো যাওয়া হয়নি। অথচ এপার কিংবা ওপার—উত্তর দিকের প্রতি আমার টান যথেষ্ট। নকশালবাড়ি রাজনীতির শুরুর সময় আমি নিতান্তই কিশোর। কিন্তু বামপন্থী পরিবেশে বড় হয়েছি বলেই হয়তো নকশাল আন্দোলন ওই কম বয়সেও বেশ প্রভাব ফেলেছে চিন্তা-চেতনায়। এখন তো অবশ্য খোলাখুলি এসব বলাও বিপদ। দিমাগি নকশাল বলে জেল হতে পারে। তখন ছবিটা ছিল অন্যরকম। দেওয়ালে দেওয়ালে সত্তরের দশককে মুক্তির দশকে পরিণত করার শপথ, নতুন নতুন স্লোগান, গান, কবিতা, নাটকের জন্মসময়, প্রতিদিন হাজার তরুণের আত্মবলিদান, পাশাপাশি নকশালপন্থী রাজনীতির মুখ্য নায়ক চারু মজুমদারের ঘোষণা—প্রতিটি হত্যার বদলা নাও। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ।
গেটলক চলছে। একের পর এক অচেনা জনপদ পার হচ্ছি। আচমকা চোখে পড়ল বোদা, আর একটু পরে দেবীগঞ্জ। বিদ্যুতের শক খাওয়ার মতো চমকে উঠলাম। মনে পড়ে গেল, এই, এখানেই তো, এ তল্লাটেই তো একদিন কৃষক নেতা মাধব দত্তের হাত ধরে তরুণ চারু মজুমদারের কৃষকজীবনের সঙ্গে পরিচয় হয়েছিল। আপাতশান্ত গ্রামজীবন। দূরে দূরে ছোট ছোট বাড়িঘর। সবুজ ক্ষেত। বাস দেখে ছুটে আসছে বাচ্চার দল। পাশের চায়ের দোকানে বুড়ো চাষি চা খাওয়ায় ব্যস্ত। কে জানে, কজন আর মনে রেখেছেন চারু মজুমদারকে। কিংবা তাঁর নেতা মাধব দত্তের কথা। হতে পারে, ছবি বানাই বলেই হয়তো সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো অজান্তেই ফিরে গেলাম ১৯৪৬-এ।
সারা উত্তরবঙ্গজুড়ে তখন তেভাগার দাবিতে সোচ্চার কৃষক। আওয়াজ উঠেছে—আধি নয়, তেভাগা চাই। নিজ খামারে ধান তোলো। অবিভক্ত দিনাজপুর, রংপুর, রাজশাহী সর্বত্র তখন সামন্তব্যবস্থার বিরুদ্ধে কৃষকসমাজের মাথা তুলে দাঁড়ানোর লড়াই, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। বিশিষ্ট ভাস্কর ও চিত্রশিল্পী সোমনাথ হোড়ের ‘তেভাগার ডায়েরি’ বইয়ে চমৎকার ধরা রয়েছে সেই সময়ের আখ্যান।
ধ্রুপদি মার্কসবাদী রাজনৈতিক ডিসকোর্সে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রাধান্য থাকলেও চীন বিপ্লবে মাও সে তুং কৃষিনির্ভর রাজনীতিকে বিপ্লবের অন্যতম দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করেছিলেন। এবং সবাই জানেন, মাও সে তুং সফল হয়েছিলেন। ভারতের অর্থনীতিও কৃষিনির্ভর। ফলে এ দেশের রাজনীতিতে সামন্তবাদের বিরুদ্ধে লড়াইয়ে কৃষক বিদ্রোহের কাহিনি চিরনতুন। কখনো সেই লড়াইয়ে কৃষক আপাতদৃষ্টিতে পিছু হটলেও কখনোই পুরোপুরি হার মেনে নেয়নি। সিরাজগঞ্জের প্রথম সংগঠিত কৃষক সংগ্রাম থেকে রাজশাহী, ময়মনসিংহ, নাচোল, তেভাগা, টঙ্ক—আরও কত কত বিদ্রোহ এ দেশের রাজনৈতিক ইতিহাসে জায়গা করে নিয়েছে।
তেভাগা আন্দোলনের কর্মী চারু মজুমদার বাংলা ভাগের পর চলে যেতে বাধ্য হলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। ধীরে ধীরে আত্মনিয়োগ করলেন কৃষক আন্দোলনে। ১৯৬৭-তে ছোট্ট জনপদ নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়ায় জ্বলে উঠল নতুন ধারার কৃষক সংগ্রামের আগুন। সেসব তো অন্য আখ্যান, ইতিহাসের অংশ, দীর্ঘ গবেষণার বিষয়। তবে নকশালপন্থী রাজনীতির সীমানা নিয়ে আলোচনা আপনি নিছক নির্দিষ্ট কোনো সময়, ভূগোলে আটকে রাখতে পারবেন না। এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল তেভাগা-আধিয়ার আন্দোলনে তো বটেই, তারও আগে, পূর্ববঙ্গের বিস্তৃত এলাকায়— মওলানা ভাসানীর নেতৃত্বে। ভাসানী কমিউনিস্ট ছিলেন না। ছিলেন চীনের সান ইয়াত-সেনের মতো জাতীয়তাবাদী। বামপন্থীদের প্রতি সহানুভূতিশীল দেশপ্রেমী জাতীয়তাবাদী। বামপন্থীদের সঙ্গে ছিল তাঁর গভীর সখ্য। ত্রিশের দশক থেকেই ভাসানী ছিলেন কৃষকজীবনের পরম বন্ধু।
বস্তুত মওলানা ভাসানীর জীবন ও রাজনীতির গবেষণা করতেই আমার বারবার এখনকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে ছুটে যাওয়া। প্রথম ভাসানীচর্চা করতে গিয়ে বুঝেছিলাম, কৃষক রাজনীতি একটু-আধটু না বুঝলে মওলানা ভাসানীর জীবনী লেখা অসম্ভব। বই লিখলাম বটে—‘আমি ও আমার মওলানা ভাসানী’। লোকজন খাতির-টাতিরও করল। কিন্তু নিজে বুঝতে পারি, কৃষক আন্দোলনের ধারণা না থাকলে ভাসানীকে বোঝা কঠিন কাজ। চল্লিশ-পঞ্চাশের দশকে বাংলাদেশের কৃষকদের জীবন কী ভয়ংকর ছিল, তা সামান্য খোঁজ করলেই পরিষ্কার হয়ে যায়। সমাজের সবচেয়ে গরিব, হতাশাগ্রস্ত, নিরন্ন, শিক্ষা থেকে শত মাইল দূরে থাকা কৃষকদের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তা পৌঁছে দেওয়ার বিরাট ভূমিকা নিঃসন্দেহে মওলানা ভাসানীর।
তবে পাশাপাশি দিনাজপুরের হাজী দানেশ, রূপনারায়ণ রায়, বরদাভূষণ চক্রবর্তী, নাচোলের রানীমা ইলা মিত্র এবং চারু মজুমদারকে বাদ দিয়ে কৃষক সংগ্রামের আন্দোলনের ইতিবৃত্ত সম্পূর্ণ হয় না। তেভাগা আন্দোলনের স্মৃতিধন্য অনেক জায়গায় গিয়েছি। অবিভক্ত দিনাজপুরের খাঁপুর, অধুনা বাংলাদেশের ঠাকুরগাঁও, নীলফামারীর ডোমার, ডিমলা, দেবীগঞ্জ, বোদা। চারু মজুমদারের লেখায় পড়েছি বোদা, দেবীগঞ্জ আর পচার কথা। বোদা, দেবীগঞ্জ তো পেলাম। পচার কথা কেউই আর বলতে পারে না। হতাশ হয়ে ফিরছি, কথায় কথায় এক মুরুব্বি বলে দিলেন, এই আপনাদের শহরের বাবুদের দোষ। সহজ বিষয়কে অকারণে জটিল করে ফেলেন। অবাক হয়ে তাঁর দিকে তাকাতেই তিনি বলে বসলেন, আরে বাপু, পঞ্চগড়ই তো পচা। চারু মজুমদারের পূর্ববঙ্গের জীবন নিয়ে কখনো লিখলে ঠিক করে ফেলেছি, বইটি উৎসর্গ করব নিশ্চিত সেই মুরুব্বিকে। ওইসব অখ্যাত জনপদ আর অতি সাধারণ, গরিব মানুষই আমার বাংলাদেশ। কত কত জনপদ ঘুরে বেড়াই। কত নদী—আত্রেয়ী, টাঙ্গন, করতোয়া। আর দেখি বর্ণময় হাজার চরিত্র। সেসব লিখতে বসলে মহাভারত হয়ে যাবে।
শীতকাল এলেই পর্যটকের ভিড় বাড়ে পঞ্চগড়ে। অনেক আশা নিয়ে মানুষ ছুটে চলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তবে ট্যুরিস্টের চোখ দিয়ে কোনো শহরকেই চেনা সম্ভব নয়। ঠাকুরগাঁওয়ের পুরোনো রাস্তা দার্জিলিং রোডে গেলে অবিভক্ত বাংলার স্মৃতি জেগে উঠবে। রানীশংকৈল, ঠাকুরগাঁও সদর, ভুল্লা, বাঁদিকের রাস্তা দিয়ে এগোলে বোদা, দেবীগঞ্জের বসতি। সব জায়গায় গৃহস্থের ঘরবসতের গল্প শুনি। পুরোনো কৃষিসমাজ বদলে গেছে। গাই-গরুর পরিবর্তে এসেছে আধুনিক প্রযুক্তি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের উত্তরভাগের এক বিষয়ে অদ্ভুত সাদৃশ্য। দু জায়গাতেই সাধারণ মানুষের ক্ষোভ, অন্যান্য অঞ্চলের তুলনায় তারা তুলনামূলকভাবে অবহেলিত। কথাটা পুরোপুরি মিথ্যে বোধহয় নয়। ভারী শিল্প নেই বললেই চলে। পঞ্চগড়ের দিকে ইদানীং কিছু চা-বাগান হয়েছে। পাথর ভাঙার ছোট ছোট কারখানা চোখে পড়ে। ইটভাটার ধোঁয়া আকাশ ঢেকে দেয়। দিনের শেষে উত্তরবঙ্গের অর্থনীতি আজও কৃষিনির্ভর।
তবে এটা ঠিক, তেভাগা-পরবর্তী স্বাধীন বাংলাদেশের কৃষিচরিত্র বদলে গেছে। সমাজের প্রধান দ্বন্দ্ব বা কনট্রাডিকশন, কৃষির মধ্যকার চলমান দ্বন্দ্ব—কোনোটাই আর সাবেক পূর্ববঙ্গের মতো নেই। বাংলাদেশের, অন্তত উত্তরভাগে, বড় জোতের মালিক আজও নামে-বেনামে রয়ে গেছেন। তাঁদের অধীনস্থ আধিয়ারের সংখ্যাও কম নয়। কিন্তু জোতদার, তালুকদারদের পুরোনো দাপট আর নেই। এখন আধিয়ার, বর্গাদারদের আয়ের নানা উৎস। চাষের পাশাপাশি সে দোকান চালায়, টোটোর মালিক, আরও কত রকম কাজকারবারের সঙ্গে জড়িত থাকায় সে স্বাধীন, ফ্রি লেবার। জমির মালিক অনেক ক্ষেত্রেই এখন কৃষিশ্রমিকনির্ভর। ফলে তেভাগা আন্দোলনের গড়ে ওঠা গ্রামগুলোতে এখন চুক্তিচাষের প্রবণতা বাড়ছে।
জমির মালিকানা বদলাচ্ছে না। চুক্তি অনুযায়ী আধিয়ার, বর্গাদার এক বছর জমি লিজে নিয়ে ফসল উৎপাদন করে নিজের লাভ রেখে চুক্তির টাকা মালিককে দিয়ে দিচ্ছে। অথচ কয়েক বছর আগেও গরিব কৃষক, বিশেষ করে আদিবাসী মানুষজন ইঁদুরের গর্ত থেকে ধান চুরি করে বাড়িতে এনে সিদ্ধ করে নিজের ও পরিবারের ক্ষুধে মেটাতে বাধ্য হতেন। দশ-বারো বছরের বাচ্চা জমিদারের বাসায় ভাত-চুক্তিতে বহাল হতেন। আমি নিজে এসব গ্রামের পর গ্রাম ঘুরে তথ্য সংগ্রহ করেছি। জমিদার-জোতদারদের বিরুদ্ধে মুখ খোলার বিন্দুমাত্র সাহস কৃষকদের ছিল না। দীর্ঘদিন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রাচীন অচলায়তন ভেঙেছে। তেভাগা, নকশালবাড়ি—কোনো আন্দোলনই বিচ্ছিন্ন নয়। কোথাও নেতা চারু মজুমদার, কোথাও আবার হাজী দানেশ। কিন্তু মজলুম জননেতা ছিলেন একজনই। তিনি মওলানা ভাসানী।
এই কয়েক মাস আগেও ডোমার, ডিমলা, বোদা, দেবীগঞ্জের প্রবীণ কৃষক নেতাদের সঙ্গে কথা হচ্ছিল। বলছিলেন, ভাসানী ছিলেন ম্যাজিশিয়ান। হ্যামলিনের বাঁশিওয়ালা। তিনি আসছেন, এই খবর পেলেই পাগলের মতো জনস্রোত আছড়ে পড়ত। তিনি সত্যি সত্যিই ছিলেন কৃষক জনতার প্রাণ, নয়নমণি।
নভেম্বর মাস ধান কাটার মাস। তেভাগা আন্দোলনেরও মাস। সরকারি ভাবে জমিদারি ব্যবস্থা উঠে গেছে। কৃষকজীবনের চরম অন্ধকার কিছুটা কেটেছে। তবে শোষণ পুরোপুরি শেষ হয়ে যায়নি। হেমন্তের নিভু নিভু আলোয় গ্রাম দেখছি। এই নভেম্বরেই প্রয়াত হয়েছিলেন মওলানা ভাসানী। মৃত্যুর আগে জীবনের শেষ বক্তৃতায় তিনি বলেছিলেন, অভাব থেকে মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রামের কোনো বিরাম নেই।
_________________________
লেখক: তথ্যচিত্রনির্মাতা, লেখক ও মওলানা ভাসানী গবেষক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



