শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় জড়িত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক: ডিআইজি

সংগৃহীত
‘সন্ধ্যার পর স্কুল বা কলেজপড়ুয়া কোনো শিক্ষার্থীকে অকারণে রাস্তায় আড্ডা দিতে দেখলে তাদের গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় এনে প্রশ্ন করা হবে—কেন আপনার সন্তান সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াচ্ছে?’
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, ধর্ষণের মতো নৃশংস অপরাধের দায় কখনোই ভুক্তভোগীর নয়, এই দায় সম্পূর্ণভাবে অপরাধীর। আইনের শতভাগ প্রয়োগ ঘটিয়ে এসব অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে কক্সবাজার জেলা পুলিশ।
শিশু ধর্ষণের ভয়াবহ মানসিক আঘাতের বিষয়টি তুলে ধরে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘যে শিশুটি ধর্ষণের শিকার হয়ে সৌভাগ্যক্রমে বেঁচে যায়, তার বাকি জীবন নরকযন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হয়। এই ট্রমা বা ভয় আমরা কী দিয়ে কাটাব?’
সমাজে শিশু নিপীড়নের আশঙ্কাজনক প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আজকাল একটি নতুন বিষয় দেখা যাচ্ছে, যেখানে ছেলেশিশুরাও বলাৎকার ও ধর্ষণের শিকার হচ্ছে। এর চেয়ে নোংরামি ও নষ্টামি আর হতে পারে না। আমরা দেখেছি, এসব ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা। যারা সমাজে ধর্মের আলো ছড়াবেন, তাদের সেই আলো আজ অধর্মের অন্ধকারে মিশে যাচ্ছে। এই পচাগলা ও অন্ধ সমাজ আমরা চাই না। নিজেদের শোধরাতে হবে, ভালো হতে হবে। আপনি আপনার ছাত্র বা সন্তানদের কী শিক্ষা দিচ্ছেন, তা ভাবার সময় এসেছে।’
কিশোর গ্যাং ও মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডিআইজি বলেন, ‘এই রেঞ্জে কিশোর গ্যাং বলে কিছু থাকবে না। যারা ছিনতাই বা মাদকে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোররা যাতে বিভ্রান্ত হয়ে অন্ধকার চোরাগলিতে হারিয়ে না যায় বা ইভটিজার না হয়ে ওঠে, সে জন্য আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে।’
শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘সন্ধ্যার পর স্কুল বা কলেজপড়ুয়া কোনো শিক্ষার্থীকে অকারণে রাস্তায় আড্ডা দিতে দেখলে তাদের গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় এনে প্রশ্ন করা হবে—কেন আপনার সন্তান সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াচ্ছে?’
অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের সার্বিক সাফল্য তুলে ধরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, তাঁর যোগদানের পর গত তিন মাসে পুরো রেঞ্জের ১১টি জেলায় মাদক উদ্ধারের পরিমাণ দুই থেকে তিন গুণ বেড়েছে। পাশাপাশি আসামি গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে প্রায় চার গুণ। গত তিন মাসে এই রেঞ্জ থেকে মোট ৬০ হাজার আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
বক্তব্যের শেষাংশে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে স্থানীয় সুশীল সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



