এলপিজি সংকট ও সিন্ডিকেট: গ্যাসের বাজারে কারসাজির অভিযোগ
ছবিঃ যুগান্তর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরের) তথ্য অনুযায়ী, এক মাসেই ইউনাইটেড গ্রুপ ৩৫ হাজার টন, যমুনা ৩০ হাজার, বিএম ২১ হাজার ৮০০ এবং ওমেরা ১৮ হাজার টন—অর্থাৎ মোট ১ লাখ ৪ হাজার ৮০০ টন এলপিজি আমদানি করে।
পকেটে টাকা থাকলেও কিনতে পারবেন না এলপিজি গ্যাস, বন্ধ থাকবে রান্নাঘরের চুলা। কেননা আগামী বৃহস্পতি ও শুক্রবার দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু এই আকস্মিক ধর্মঘটের পেছনের সত্যিটা কী? আপনার-আমার পকেট কেটে কার পকেটে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা?
এলপিজি ব্যবসায়ীদের এই ধর্মঘটের পেছনে কোনো সংকট নেই, রয়েছে বাজারকে জিম্মি করে রাখা আমদানিকারক ও বৃহৎ কোম্পানিগুলোর কারসাজির এক দীর্ঘ ও নির্মম নকশা!
আসল সত্যিটা বুঝতে আপনাকে একটু ভেতরের হিসাব বুঝতে হবে। বর্তমানে ১২ কেজি সিলিন্ডারের সরকার নির্ধারিত (বিইআরসির) খুচরা দাম ১,৮৭৫ টাকা। কিন্তু দেশের কোথাও কি আপনি এই দামে গ্যাস পাচ্ছেন? পাচ্ছেন না! আপনাকে গুণতে হচ্ছে ২,২০০ থেকে ২,৩০০ টাকা।
প্রশ্ন হচ্ছে, খুচরা বিক্রেতারা কেন এত বেশি দামে এলপিজি বিক্রি করছেন? কারণ, দেশের বড় এলপিজি আমদানিকারক কোম্পানিগুলোর কেউই সরকার নির্ধারিত রেটে ডিলারদের কাছে গ্যাস বিক্রি করছে না। চড়া দামে পাইকারি কিনতে বাধ্য হওয়ায় খুচরা বিক্রেতারা চাইলেও বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না। মূলত আমদানিকারকদের অবৈধ মজুতদারি ও কৃত্রিম দাম বাড়ানোর চক্রান্তেই তৈরি হয়েছে এই চরম অচলাবস্থা।
একটু পেছনের দিকে তাকালেই কারসাজির সম্পূর্ণ মানচিত্রটি পরিষ্কার হয়ে যায়। গত সেপ্টেম্বরের শেষদিকের ঘটনা। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৫৮৫ টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছিল ২,২০০ থেকে ২,৫০০ টাকায়।
দেশের এলপিজি বাজার নিয়ন্ত্রণকারী শীর্ষ চারটি কোম্পানি—ইউনাইটেড, যমুনা, বিএম এবং ওমেরা সে সময় মেতে ওঠে চরম মজুতদারিতে। তারা আগেই আঁচ করেছিল যে, ৪ অক্টোবর বিইআরসি এলপিজির দাম বাড়াতে যাচ্ছে। আর অমনি 'কারখানায় জরুরি কাজ চলছে'—এমন ভুয়া অজুহাত দিয়ে ২০ সেপ্টেম্বরের পর তারা দেশের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়!
অথচ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন বলছে অন্য কথা! দেশে এলপিজির বিন্দুমাত্র সংকটই ছিল না। আগস্ট ও সেপ্টেম্বরে দেশে এলপিজি আমদানি হয়েছে যথাক্রমে ১ লাখ ৫৮ হাজার টন এবং ১ লাখ ৫৬ হাজার টন। অর্থাৎ, মূল সমস্যাটি কোনো সংকট নয়; বরং আন্তর্জাতিক বাজারে টনপ্রতি ৬৪ ডলার দাম বৃদ্ধির খবর পেয়ে গুদামে হাজার হাজার টন এলপিজি আটকে রাখার নোংরা খেলা!
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরের) তথ্য অনুযায়ী, এক মাসেই ইউনাইটেড গ্রুপ ৩৫ হাজার টন, যমুনা ৩০ হাজার, বিএম ২১ হাজার ৮০০ এবং ওমেরা ১৮ হাজার টন—অর্থাৎ মোট ১ লাখ ৪ হাজার ৮০০ টন এলপিজি আমদানি করে।
হিসাব করে দেখুন, ২২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর—এই ১২ দিন তারা সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করে। তাদের আমদানিকৃত গ্যাসের অন্তত ৩০ ভাগ, অর্থাৎ প্রায় ৩১ হাজার ৪৪০ টন বা ৩ কোটি ১৪ লাখ ৪০ হাজার কেজি গ্যাস গুদামে আটকে রাখা হয়। আর এই আটকে রাখা গ্যাসে কেজিতে ন্যূনতম ৪০ টাকা বাড়তি মুনাফা পকেটে পুরে মাত্র ১২ দিনে এই চার কোম্পানির পকেটে চম্পট দেয় প্রায় ১২৫ কোটি টাকা!
এরপর ঘটলো আসল ম্যাজিক! ৪ অক্টোবর বিইআরসি যখন ১২ কেজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ করল, সাথে সাথে কারখানার কথিত 'জরুরি মেরামত কাজ' শেষ হয়ে গেল, আর বাজারেও সরবরাহ এক নিমেষে স্বাভাবিক হয়ে গেল!
এই পুরোটা সময়জুড়ে জ্বালানি মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কেবল নীরব দর্শকের ভূমিকাই পালন করেছে। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ২১ সেপ্টেম্বর বিইআরসিকে চিঠি দিয়ে জানান যে, ১,৪৭৫ টাকার সিলিন্ডার তাদের ১,৫৫০ থেকে ১,৭২০ টাকায় কিনতে বাধ্য করা হচ্ছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো কোম্পানির কর্তাব্যক্তিরা নির্লজ্জের মতো মন্ত্রীর কাছে গিয়ে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের ঘাড়ে দোষ চাপিয়েছে।
নিত্যপণ্য মজুত রেখে জনগণকে জিম্মি করা ১৯৭৪ সালের 'বিশেষ ক্ষমতা আইন'-এর ২৫(১) ধারা অনুযায়ী একটি গুরুতর অপরাধ, যার শাস্তি সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড! কিন্তু বাস্তবে এসব রাঘববোয়ালদের চুলের ডগাটিও কেউ স্পর্শ করতে পারে না। বিইআরসি নোটিশ পাঠালে তারা একটি ভুয়া ব্যালেন্সশিট বানিয়ে সহজেই পার পেয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলে কাগজ কলমের হিসাব না দেখে ব্যাংক স্টেটমেন্ট তলব করলেই বেরিয়ে আসতো যে, ওই সময়ে গ্যাস বিক্রির কোনো টাকাই তাদের অ্যাকাউন্টে জমা হয়নি!
বৃহস্পতি ও শুক্রবার সাধারণ মানুষকে যে চরম ভোগান্তির মুখে দাঁড়াতে হচ্ছে, তা এই বৃহৎ আমদানিকারকদের সীমাহীন লোভ এবং প্রশাসনের চরম গাফিলতিরই ফসল। এই মজুতদার কোম্পানিগুলোকে অবিলম্বে কঠোর জবাবদিহিতার আওতায় না আনলে এই সিন্ডিকেট ভাঙা কখনোই সম্ভব হবে না—আর এর চূড়ান্ত মাশুল গুণতে হবে দেশের সাধারণ জনগণকেই!
তবে মজার ব্যাপার হচ্ছে, গ্যাসের দাম বাড়ানোর এই নোংরা খেলার পুরোটা সময় নীরব থাকলেও, অবশেষে ঘুম ভেঙেছে সরকারের! বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সাথে বৈঠক শেষে এক জরুরি সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মুখ খুলেছেন। তিনি সাফ জানিয়েছেন, কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে ইতোমধ্যে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনকে মাঠে নামানো হয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
কিন্তু তারপরেও মূল প্রশ্নটা ঠিকই থেকে যায়! খুচরা বিক্রেতা বা ডিলারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিলেও, যে আমদানিকারক কোম্পানিগুলো দাম বাড়িয়ে পুরো দেশকে জিম্মি করল, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে সরকার? নাকি বরাবরের মতো চুনোপুঁটি ধরে রাঘববোয়ালদের ছাড় দেওয়ার পুরনো নাটকই নতুন করে দেখতে হবে?
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



