বেসরকারি গানভরের সঙ্গে ‘জিটুজি’: ঝুঁকিপূর্ণ এলএনজি ক্রয়ের পথে দেশ


এই চুক্তিতে অন্তত ৪ বিলিয়ন মার্কিন ডলারের বা প্রায় ৪৭ হাজার কোটি টাকার বিশাল আর্থিক দায়বদ্ধতা ও ঝুঁকি তৈরি হতে যাচ্ছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি ট্রেডিং কোম্পানি ‘গানভর ইউএসএ এলএলসি’র কাছ থেকে দীর্ঘ ১৩ বছরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির তোড়জোড় শুরু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত মোট ৭৮টি কার্গো কেনার এই বিশাল প্রক্রিয়ায় আইনি মারপ্যাঁচে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ‘সরকারি প্রতিষ্ঠানের’ তকমা দিয়ে দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তির পরিকল্পনা প্রায় চূড়ান্ত।
জ্বালানি বিভাগের দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এই চুক্তিতে অন্তত ৪ বিলিয়ন মার্কিন ডলারের বা প্রায় ৪৭ হাজার কোটি টাকার বিশাল আর্থিক দায়বদ্ধতা ও ঝুঁকি তৈরি হতে যাচ্ছে। তেলের দামের পরিবর্তে চরম অস্থিতিশীল এশীয় স্পট মার্কেট ইনডেক্স বা ‘জেএকেএম’-এর ভিত্তিতে দর নির্ধারণ করায় এই চুক্তি দেশের অর্থনীতির জন্য একটি দীর্ঘমেয়াদি ‘ফিসক্যাল ট্র্যাপ’ বা আর্থিক ফাঁদে পরিণত হবে।
বেসরকারি কোম্পানিকে ‘জিটুজি’ বানানোর নেপথ্যে
বিদ্যমান আইন অনুযায়ী, সরকার সরাসরি ক্রয় বা জিটুজি চুক্তি করতে পারে কেবলমাত্র অন্য কোনো দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে। কিন্তু গানভর ইউএসএ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি নয়; এটি মূলত একটি বৈশ্বিক প্রাইভেট ট্রেডিং হাউজ। দরপত্র এড়িয়ে গানভরকে একচেটিয়া সুবিধা দিতে গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাধ্যবাধকতা নেই এমন স্বাক্ষরিত জ্বালানি খাতের একটি সমঝোতা স্মারকের আশ্রয় নিচ্ছে জ্বালানি বিভাগ। মূলত উন্মুক্ত প্রতিযোগিতা এড়াতে এবং যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটিকে লাভবান করতে জিটুজির তকমা দেওয়া হচ্ছে।
অস্থিতিশীল দরের ফাঁদে ৪ বিলিয়ন ডলার
বর্তমানে বাংলাদেশ কাতার ও ওমান থেকে যে পরিমাণ গ্যাস কিনছে, তার দাম আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের (ব্রেন্ট ক্রুড) দামের সঙ্গে যুক্ত। ব্রেন্ট ক্রুডের দাম বাড়া বা কমার সঙ্গে তুলনা করে বা এই সূচক ব্যবহার করে এলএনজির দাম নির্ধারণ করা হয়। এর ফলে কাতার ও ওমান থেকে আনা এলএনজির দাম আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড বাড়ার পরও ১১ থেকে ১৩ ডলারের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা দেশের বাজেটের জন্য সহনীয় ও স্থিতিশীল।
বিপরীতে, গানভরের চুক্তিতে দর নির্ধারণ করা হচ্ছে জাপান কোরিয়া মার্কার (জেএকেএম) সূচক অনুযায়ী, যা স্পট মার্কেটের অস্বাভাবিক ওঠানামার ওপর নির্ভরশীল। বিগত কয়েক বছরের রেকর্ড বলছে, ব্রেন্ট ক্রুডের সূচক স্থিতিশীল থাকলেও জেএকেএম-এর সূচক কখনো ৫ ডলারে নামে, আবার কখনো যুদ্ধের মতো পরিস্থিতিতে ৭০ ডলার ছাড়িয়ে যায়। চুক্তির ১৩ বছরের মেয়াদে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে সামান্য অস্থিরতা তৈরি হলেই বাংলাদেশকে স্পট মার্কেটের আকাশচুম্বী দরে অর্থ পরিশোধ করতে হবে। ১০-১২ ডলারে কাতার থেকে গ্যাস পাওয়া গেলেও চুক্তির মারপ্যাঁচে গানভরকে ২০-৩০ ডলার দিতে হতে পারে, যা হবে চরম ‘আত্মঘাতী’ পদক্ষেপ।
পরিবহন ব্যয়ের অদৃশ্য মরণকামড়
কাতার বা ওমান থেকে জাহাজে পণ্য পৌঁছাতে ৪ থেকে ৬ দিন সময় লাগে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি পরিবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় নেবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ পথের বিশাল জাহাজ ভাড়া ও বীমা খরচ যুক্ত করলে গানভরের চট্টগ্রাম বন্দরে খালাস পর্যন্ত প্রকৃত খরচ কাতার ও ওমান থেকে আসা এলএনজির তুলনায় কয়েক হাজার কোটি টাকা বেড়ে যেতে পারে। পরিবহন ব্যয়ের এই গাণিতিক চিত্র নিয়ে আলোচনা হয়নি সরকারের উচ্চ পর্যায়ে।
পলিসি লক-ইন: ফিরে আসার পথ বন্ধের ঝুঁকি
২০২৬-পরবর্তী সময়ে বাংলাদেশের মোট এলএনজি আমদানির প্রায় ১৫-২০ শতাংশ এককভাবে এই গানভর ডিলের আওতায় চলে আসবে। বিশ্লেষকদের মতে, একবার জেএকেএম সূচকের এই দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করলে বাজার পরিস্থিতির পরিবর্তন হলেও তা থেকে বের হওয়ার উপায় থাকবে না। চুক্তির কঠোর শর্ত বা ‘টেক অর পে’ মেকানিজমের কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারের চড়া দরে গ্যাস কিনতে বাধ্য থাকতে হবে, যা কয়েক বছর পর গ্যাস ও বিদ্যুতের দাম কয়েকগুণ বাড়াতে হবে। দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষ এই বাড়তি দামের যোগান দিতে পারবে না।
তড়িঘড়ি করে এবং পর্যাপ্ত ফিন্যান্সিয়াল স্ট্রেস-টেস্ট না করে এই ধরনের অ-পরিবর্তনীয় এবং উচ্চ ঝুঁকিপূর্ণ চুক্তিতে সই করা ঠিক হবে না।
____
*লেখক: সম্পাদক, ঢাকা পেপার্স।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



