লীগ খারাপ ছিল, তাই বলে কি আপনি ভালো হবেন না?

ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা / ছবি: শারমিন সুলতানার ফেসবুক পেজ থেকে
প্রতিহিংসার রাজনীতি সমাজে কখনোই শান্তি আনে না। আজ যে দৃষ্টান্ত স্থাপিত হলো, ভবিষ্যতে তা বুমেরাং হয়ে যে কারও দিকে ফিরে আসতে পারে। ক্ষমতার পালাবদল ইতিহাসের এক অমোঘ নিয়ম। আজ যিনি ক্ষমতার দাপটে প্রতিপক্ষের প্রতি নির্মম হচ্ছেন, কাল ইতিহাসের চাকা ঘুরে গেলে তাঁর জন্যও এই একই নিষ্ঠুরতা অপেক্ষা করবে।
ইতিহাসের কিছু দৃশ্য এমন মর্মান্তিক যে সেখানে কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করে না। কিছু দৃশ্য নিরেট হাহাকার আর মানুষের চরম অসহায়ত্বের দলিল। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে তেমনই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। পনেরো বছরের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিস্বর্গ হোসেন তূর্যের লাশ তার মাকে দেখতে হলো কারাফটকে, তাও মাত্র দুই মিনিটের জন্য। মা শারমিন সুলতানা শর্মী যুবলীগের নেত্রী হওয়ায় জামিন তো দূরের কথা, কয়েক ঘণ্টার প্যারোলও পাননি।
একজন মায়ের জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী হতে পারে? যে সন্তানকে সারা রাত জেগে ওষুধ খাওয়াতে হতো, মা কারাগারে যাওয়ার পর সে নিঃসঙ্গ হয়ে পড়ে। গ্রেপ্তারের সময় শারমিন সুলতানা আকুতি জানিয়েছিলেন, তাঁর প্রতিবন্ধী সন্তানটিকে দেখার কেউ নেই। কিশোর তূর্যও ভিডিও বার্তায় তার মায়ের মুক্তি চেয়েছিল। রাষ্ট্র কারও কথাই শোনেনি। অবশেষে তূর্য নিজেই সব কষ্ট থেকে মুক্তি নিল।
কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার চিত্র প্রণিধানযোগ্য। রাজনৈতিক-অরাজনৈতিক নির্বিশেষে একদল সংবেদনশীল মানুষ এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। অন্যদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে এই ঘটনা রাজনৈতিক সুবিধা (Political Leverage) নেওয়া ছাড়া আর কিছু নয়। আরেকদিকে, ক্ষমতার হাওয়া পাওয়া কিছু পঙ্গপাল রাজনৈতিক কর্মী কারাবন্দী মায়ের রাজনৈতিক পরিচয় টেনে এই মর্মান্তিক ঘটনা জাস্টিফাই করছেন। কেউ বলছেন, ‘এটাই তাদের সতেরো বছরের অর্জিত কর্মফল’, কেউ বলছেন, ‘তারাও তো ক্ষমতায় থাকতে এমনটাই করেছিল’, আবার কেউ অতীতে ইডেন কলেজ বা ছাত্রলীগের রাজনীতির প্রসঙ্গ টেনে এনে এই নিষ্ঠুরতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।
এখানেই মৌলিক প্রশ্ন: লীগ খারাপ ছিল, তো আপনারা ভালো হলেন না কেন?
আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে আমরা অসংখ্য অমানবিক দৃশ্য দেখেছি—গায়েবি মামলা, ডান্ডাবেড়ি পরিয়ে মায়ের জানাজায় অংশ নেওয়া এবং কারাফটকে স্বজনের লাশ দেখা। আজও যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে পার্থক্যটা থাকল কোথায়?
ছাত্রদল নেতা শাহরিয়ার হক মজুমদার শিমুল ফেসবুকে লিখেছেন, "বর্তমান এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা আপাকে গ্রেফতার করে যখন জঙ্গি অর্থায়নের মামলায় মাসের পর মাস জেল খাটানো হয়েছিল, মানসুরার হাতের আঙুলগুলো যখন ভেঙে দেওয়া হয়েছিল, মামুন হাসান ভাইকে না পেয়ে ওসি সালাহউদ্দিন যখন ভাবির মাথা ফাটিয়ে দিয়েছিল, মিরসরাইয়ের ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে শ্লীলতাহানির পর যখন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, চার সন্তানের জননীকে যখন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ করা হয়েছিল; রেহানা আক্তার শিরিন বা ত্বন্বী মলিকদেরকে যখন রক্তাক্ত করা হয়েছিল, আজকের সুশীলদের মাঝে কজন সেই নির্মমতাগুলোর প্রতিবাদে সরব হয়েছিল? কোন ধরনের জুলুম সমর্থন করি না। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি ক্ষমতায় থাকলে অন্তত সুশীলেরা কথা বলতে পারে।"
প্রতিপক্ষের অন্যায়, নিষ্ঠুরতা কখনোই জাস্টিফিকেশন হতে পারে না। লীগ খারাপ ছিল বলেই তো মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। কিন্তু আপনারা যদি তাদের চেয়ে ভালো উদাহরণ তৈরি করতে না পারেন, তবে এই পরিবর্তনের সার্থকতা কী?
শারমিন সুলতানা কোনো দণ্ডিত আসামি নন, তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বিচারাধীন বন্দী। শারমিনের অপরাধের শক্ত কোনো প্রমাণ এখনো দেখা যায়নি। জামিন না পাওয়ার মতো কোনো কারণ দেখা যায় না। সেখানে প্যারোলও হয় না, শুধু দুই মিনিটের জন্য লাশ দেখা। আহা!
শারমিন যুবলীগের নেত্রী হওয়ায় জামিন পান না। তাহলে হেভিওয়েট আওয়ামী লীগের কিছু নেতা—সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এম এ মান্নান, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী—কীভাবে জামিন পান?
ইদানীং পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে ফরোয়ার্ডিং কিংবা মামলার এজাহারে লিখে দিচ্ছে, আসামি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সক্রিয় কর্মী। সেসব মামলায় জামিনও অনেকাংশে হচ্ছে না। আবার, প্রপার চ্যানেলে যোগাযোগ থাকলে জেলের ভাত খেতে লাগে না বলেও ব্যাপক কানাঘুষা আছে এবং তা সত্যও বটে।
যাঁরা আজ একটি নিষ্পাপ শিশুর মৃত্যুকে মায়ের ‘কর্মফল’ বলে তৃপ্তি পাচ্ছেন, তাঁরা ভুল পথে হাঁটছেন। ঘৃণা দিয়ে কখনো ঘৃণা জয় করা যায় না। প্রতিহিংসার রাজনীতি সমাজে কখনোই শান্তি আনে না। আজ যে দৃষ্টান্ত স্থাপিত হলো, ভবিষ্যতে তা বুমেরাং হয়ে যে কারও দিকে ফিরে আসতে পারে। ক্ষমতার পালাবদল ইতিহাসের এক অমোঘ নিয়ম। আজ যিনি ক্ষমতার দাপটে প্রতিপক্ষের প্রতি নির্মম হচ্ছেন, কাল ইতিহাসের চাকা ঘুরে গেলে তাঁর জন্যও এই একই নিষ্ঠুরতা অপেক্ষা করবে।
________________________________
লেখক: এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



