ক্ষয়ে যাওয়া আয়ের চাপে পিষ্ট নিম্নবিত্ত

ছবি: উইকি
অপুষ্টির ফলে একদিকে যেমন শ্রমিকের উৎপাদনশীলতা ও শারীরিক সক্ষমতা কমছে, অন্যদিকে শিশুদের মানসিক ও মেধা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এটি জাতির জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ ইঙ্গিত করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য এক উদ্বেগজনক বাস্তবতাকে সামনে এনেছে। গত মার্চ পর্যন্ত টানা ৫০ মাস ধরে দেশে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছুঁতে ব্যর্থ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মজুরিতে কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিলেও, আকাশছোঁয়া বাজারদরের কাছে তা বারবার পরাজিত হচ্ছে। বিবিএসের ‘ওয়েজ রেট ইনডেক্স’ অনুযায়ী, গত মার্চে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৯ শতাংশ, যেখানে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে। এই দুইয়ের ব্যবধানে সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা শূন্য দশমিক ৬২ পারসেন্টেজ পয়েন্ট কমেছে।
বিশ্লেষণ বলছে, এই পরিসংখ্যানিক লড়াইয়ের চড়া মূল্য দিচ্ছে প্রান্তিক মানুষ। আগে কৃষি মৌসুমে যেখানে উত্তরবঙ্গের খেত মজুররা মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতেন, এখন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় আয় ১৪ হাজারে নেমে এসেছে। সঞ্চয় ভেঙে খাওয়া, পুষ্টিকর খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া কিংবা ঋণের জালে জড়িয়ে পড়া এখন তাদের নিত্যদিনের সঙ্গী। কৃষি খাতের কর্মীরাই দেশের মোট কর্মীবাহিনীর প্রায় ৮৪ শতাংশ। বিশাল এই জনগোষ্ঠী আজ চরম দারিদ্র্যের ফাঁদে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে কেবল আর্থিক সংকট হিসেবে দেখছেন না, বরং একে দীর্ঘমেয়াদি মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান সতর্ক করেছেন যে, নিম্ন আয়ের পরিবারগুলো মাছ, মাংস ও ডিমের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার বাদ দিয়ে কেবল বেঁচে থাকার জন্য ন্যূনতম ক্যালরি গ্রহণ করছে।
তিনি জানান, এই অপুষ্টির ফলে একদিকে যেমন শ্রমিকের উৎপাদনশীলতা ও শারীরিক সক্ষমতা কমছে, অন্যদিকে শিশুদের মানসিক ও মেধা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এটি জাতির জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ ইঙ্গিত করে।
অর্থনৈতিক এই মন্দার পেছনে অভ্যন্তরীণ ও বৈশ্বিক একাধিক কারণ কাজ করছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে আসায় সাধারণ শ্রমিকের আয়ের পথ সংকুচিত হয়েছে। নির্মাণসহ বিভিন্ন খাতে প্রবৃদ্ধি ধীর হওয়ায় বাজারে শ্রমের চাহিদা কমেছে, অথচ শ্রমবাজারে নতুন মুখ বাড়ছে প্রতিনিয়ত।
জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত বিল নিম্নবিত্তের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। সংস্থার মতে, যুদ্ধের অভিঘাতে যেখানে ১৭ লাখ মানুষের দারিদ্র্যসীমা থেকে বের হওয়ার কথা ছিল, সেখানে মাত্র ৫ লাখ মানুষ বের হতে পারবে। উল্টো নতুন করে ১২ লাখ মানুষ অতি দারিদ্র্যের তালিকায় যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আয় ও ব্যয়ের এই ক্রমবর্ধমান ব্যবধান ঘোচাতে না পারলে দেশের বিশাল এক জনগোষ্ঠী স্থায়ী পুষ্টিহীনতা ও ঋণের আবর্তে হারিয়ে যাবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



