শ্রমবাজারে সুনাম রক্ষায় ভুয়া সনদ বন্ধের নির্দেশ ইউনুসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯পরিবর্তন করতে ক্লিক করুন
শ্রমবাজারে সুনাম রক্ষায় ভুয়া সনদ বন্ধের নির্দেশ ইউনুসের
শেয়ার করুন:

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা সহ্য করা হবে না। কারণ, এতে বিশ্ববাজারে আমাদের কর্মীদের বিশ্বাসযোগ্যতা ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

 

রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে ২০২২ সালে সংস্থাটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।

 

সভায় প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। তবে সনদ জালিয়াতির কারণে নিয়োগকর্তারা আস্থা হারিয়ে ফেললে দক্ষতা উন্নয়নের সব উদ্যোগই বিফল হবে।

 

তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের দেশের ব্র্যান্ড ইমেজ এমনভাবে তৈরি করতে হবে, যাতে চাকুরিদাতারা গর্ব করে বলেন—বাংলাদেশ থেকে আসা কর্মীরা নিশ্চয়ই ভালো কাজ করবেন।’

 

এ জালিয়াতি রোধে এনএসডিএ-র নেওয়া ‘অভিন্ন মানের সনদ ব্যবস্থা’ চালুর উদ্যোগকে স্বাগত জানান তিনি। সভায় একটি সমন্বিত ‘দক্ষতা ইকোসিস্টেম’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, যার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রশিক্ষণ কার্যক্রমের অভিন্ন কারিকুলাম ও মান নিশ্চিত করা যাবে। এতে সরকারি অর্থের অপচয় কমবে এবং শ্রমশক্তির উন্নয়নে কেন্দ্রীয় পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

 

এছাড়া সভায় এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এনএসডিএ-র দীর্ঘমেয়াদি লক্ষ্যসমূহ অনুমোদন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—উদীয়মান সেক্টরগুলোতে ‘স্কিলস গ্যাপ এনালাইসিস’ করা এবং বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামোকে (বিএনকিউএফ) আন্তর্জাতিক মানে উন্নীত করা।

 

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সিডিসি প্রদানের বিষয়েও আলোচনা হয়।

 

সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহণ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: