বন্ধ পাটকল চালু ও ইজারা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৮পরিবর্তন করতে ক্লিক করুন
বন্ধ পাটকল চালু ও ইজারা বাতিলের দাবি
শেয়ার করুন:

‘দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল ব্রিটিশ-পরবর্তী শিল্প ইতিহাসের অন্যতম মাইলফলক, যা ধ্বংসের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে।’

 

জুলাই অভ্যুত্থানে পাটকল শ্রমিকদের বিশাল আত্মত্যাগের পরও তাদের পাওনা পরিশোধ ও শিল্প সুরক্ষায় রাষ্ট্র উদাসীনতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছে ‘পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ’। রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পর্ষদের নেতারা।

 

সংবাদ সম্মেলন থেকে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল পুনরায় চালু এবং লিজ প্রথা বাতিলের দাবি জানানো হয়। নেতারা বলেন, এছাড়া বেসরকারি পাটকলগুলোতে বর্তমানে মাত্র ২৬০ টাকা মজুরিতে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন, যা জাতীয় মজুরি কমিশনের স্পষ্ট লঙ্ঘন।

 

বক্তারা আরো অভিযোগ করেন, পতিত স্বৈরাচার হাসিনা সরকার করোনা মহামারীর অজুহাতে বেআইনিভাবে যে পাটকলগুলো বন্ধ করেছিল, তা বর্তমান নির্বাচিত সরকারও সচল করার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বরং জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের বিশাল আত্মত্যাগের পরও তাদের পাওনা পরিশোধ ও শিল্প সুরক্ষায় রাষ্ট্র উদাসীনতা দেখাচ্ছে।

 

সংবাদ সম্মেলনে পর্ষদের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে ২৮৪ জন শ্রমিকের রক্তে রঞ্জিত হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান নির্বাচিত সরকার কেউই শ্রমিকদের মৌলিক দাবিগুলো বিবেচনায় নেয়নি। উল্টো হাসিনার ফেলে যাওয়া অবৈধ প্রজ্ঞাপন বহাল রেখে কারখানাগুলোতে আজও তালা ঝুলিয়ে রাখা হয়েছে।

 

সংগঠনের আহ্বায়ক আব্দুল খালেকের অভিযোগ, বিগত সরকার যে কারখানাগুলোর যন্ত্রপাতি লুট করতে সফল হয়নি, পরবর্তী সময়ে সেই মূল্যবান মেশিনপত্র ভাঙারি হিসেবে পানির দরে বিক্রি করে দেওয়া হয়েছে। এই লুটপাটের প্রক্রিয়ায় ক্ষমতাঘনিষ্ঠ রাজনৈতিক পক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশ ছিল। তিনি আরও বলেন, ‘দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল ব্রিটিশ-পরবর্তী শিল্প ইতিহাসের অন্যতম মাইলফলক, যা ধ্বংসের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে।’

 

সংবাদ সম্মেলনে বক্তারা আরও উল্লেখ করেন, কারখানাগুলো গত পাঁচ বছর ধরে উৎপাদনহীন থাকলেও শ্রমিকদের ছাঁটাই করা হয়নি। অথচ তারা কোনো বেতন পাচ্ছেন না। বিস্ময়কর বিষয় হলো, কারখানা বন্ধ থাকলেও কর্মকর্তারা নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি নতুন কর্মকর্তা নিয়োগ ও বদলিও থেমে নেই। কর্মকর্তারা যদি বেতন পেতে পারেন, তবে শ্রমিকদের বেতন বন্ধ রাখা সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। বিশেষ করে খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি এবং আরআর জুটমিলের শ্রমিকদের পাওনা পরিশোধে চূড়ান্ত গোঁজামিল দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

 

সাবেক পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সমালোচনা করে সম্মেলনে বলা হয়, তিনি পদে থাকাকালীন ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ তোয়াক্কা না করে নিজের ব্যবসার স্বার্থে সরকারি পাটকলের বড় অংশ নিজের প্রতিষ্ঠানের অধীনে নিয়েছেন। অবিলম্বে তাকেসহ বিজিএমসির সাবেক চেয়ারম্যান এবং পাট সচিবকে দুর্নীতির দায়ে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

 

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নবনির্বাচিত সরকার তাদের ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি থেকে অত্যন্ত কৌশলে ‘পাটকল’ শব্দটি মুছে দিয়েছে। তারা মনে করেন, এটি নির্দিষ্ট কোনো মহলের ইশারায় করা হয়েছে, যা দেশের কোটি পাটচাষী ও লক্ষাধিক শ্রমিক পরিবারের সঙ্গে এক ধরনের বিশ্বাসভঙ্গ।

 

সংবাদ সম্মেলনে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে প্রধানতম হলো—হাসিনার প্রজ্ঞাপন ও লিজ প্রথা বাতিল করে শ্রমিক-মালিক সম্মিলিত ব্যবস্থাপনায় মিলগুলো চালু করা, যন্ত্রাংশ পাচার বন্ধ করা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার এবং ২৬টি পাটকলের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করা। এছাড়া শহীদ শ্রমিক পরিবারের ক্ষতিপূরণ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নের দাবিও জানানো হয়।

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে আগের সরকারের মতো লিজ প্রথা চালিয়ে যায়, তবে দেশব্যাপী সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলা হবে।

 

সম্মেলনে অন্যদের মধ্যে সদস্য সচিব নূর মোহাম্মদ শেখ, সদস্য আলমগীর হোসেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাকীন সরকার উপস্থিত ছিলেন।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: