‘ক্রেডিটবাজি’ থেকে জনগণের জুলাইকে রক্ষা করুন

জুলাই গ্রাফিতি, উইকি
জুলাই অভ্যুত্থানের সময় তো বটেই, তার আগেও সিপিবি, বাসদসহ মূলধারার প্রায় সব বাম দল আওয়ামী সরকারের বিরুদ্ধে স্পষ্ট রাজনৈতিক অবস্থান বজায় রেখেছিল। কিন্তু এক অলৌকিক বয়ানে ফিরোজ আহমেদের মতো অনেকে নির্মাণ করেছেন—বামপন্থীরা হয়ে দাঁড়াল ‘হাসিনার অনুচর’, আর ডানপন্থীদের স্পষ্ট ও নির্লজ্জ ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়াকে বলা হলো ‘কৌশলগত বাস্তবতা’!
সম্প্রতি গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতা ফিরোজ আহমেদ প্রথম আলোয় প্রকাশিত এক লেখায় জুলাই গণঅভ্যুত্থানের কাঠগড়ায় বামপন্থী রাজনীতিকে দাঁড় করিয়েছেন। উক্ত লেখায় জুলাই আন্দোলনে বামধারার রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তিনি যেমন কঠোর সমালোচনা করেছেন, তেমনই বেশ কিছু অবদানও স্বীকার করেছেন। তবে তার মূল বক্তব্য ছিল—জুলাই অভ্যুত্থান কিংবা বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা অত্যন্ত দুর্বল এবং যা কিছু অবদান সামনে আসে, তা নেহায়েতই ‘ফ্রিঞ্জ এলিমেন্ট’ বা প্রান্তিক বিষয়।
জুলাই গণঅভ্যুত্থানে বামপন্থীদের কাঠগড়ায় তোলার আগে একটি সাধারণ বিচারিক মানদণ্ড নির্ধারণের প্রয়োজন ছিল, যা তিনি একেবারেই করেননি। বামপন্থীদের ওপর দোষারোপ করার ক্ষেত্রে তার মানদণ্ড ছিল—কেন তারা নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের অবসান ঘটাতে পারেনি। অথচ মজার বিষয় হলো, গণসংহতি আন্দোলন কিংবা তাদের বর্তমান জোটসঙ্গী বিএনপিকে যদি এই মানদণ্ডে মাপা হয়, তবে তাদের সক্ষমতাকে সময়ের মাপকাঠিতে মাপা দরকার। পর্যাপ্ত শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও তারা হাসিনাবিরোধী একটি কার্যকর আন্দোলনের জন্ম দিতে পারেনি; বরং দেশের মানুষ তাদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় দূরে সরিয়ে রেখে সাধারণ জনগণ হিসেবেই এই আন্দোলনে যুক্ত হয়েছিল।
তাই একটি যৌক্তিক মানদণ্ড হতে পারে—নিজ নিজ শক্তিমত্তা অনুযায়ী বামপন্থীদের ভূমিকা আশানুরূপ ছিল কিনা?
পর্যালোচনা করলে দেখা যায়, ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে আসে, তখন ‘তুমি কে, আমি কে’ স্লোগানে “কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার” অংশটি যুক্ত করার পরামর্শ দেন সেখানকার বামপন্থী ছাত্র আন্দোলনকারীরা।
এই স্লোগানের প্রথম অংশ নিয়ে আওয়ামী লীগ যে পরিমাণ বিভ্রান্তি তৈরি করেছিল, তাতে দ্বিতীয় অংশটি যুক্ত না হলে এই আন্দোলনকে সহজেই ‘মুক্তিযুদ্ধবিরোধী’ রূপ দেওয়া সম্ভব হতো। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা চালালে প্রথম দিনেই মারাত্মকভাবে আহত হন ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু ও ছাত্র ফ্রন্ট নেত্রী অদিতি ইসলামসহ বেশ কয়েকজন বাম ছাত্রনেতা। বিশেষ করে ঢাবিতে নারী শিক্ষার্থীদের সংগঠিত করতে উমামার সাথে বামপন্থী নেত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তে পাশে থাকা ছাত্র ফ্রন্ট নেতা সাজু বাসফোরই তাঁকে হাসপাতালে নিয়ে যান; যিনি এ হত্যা মামলার অন্যতম সাক্ষী। একই দিন সিলেটে ছাত্রলীগ ও যুবলীগ রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে ধেয়ে আসা সন্ত্রাসীদের সামনে মানবপ্রাচীর গড়ে তোলেন তানজিনা বেগম, মাশরুখ জলিল, রাজু আহমেদ, সুমিত কান্তি পিনাক, মনীষা ওয়াহিদ, যারা প্রত্যেকেই গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা। শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে তারা সকলে আহত হন—যার মধ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সাধারণ সম্পাদক তানজিনা বেগমের নাকের হাড় ভেঙে যায়।
১৮ জুলাই ববি শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে রাষ্ট্রীয় চারটি বাহিনী ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। শিক্ষার্থীদের এই প্রতিরোধে নেতৃত্ব দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা সুজয় বিশ্বাস শুভ, ভূমিকা সরকার, অনিকা সিঁথি, যারা প্রত্যেকেই বামপন্থী ছাত্রনেতা ছিলেন। একই দিনে উত্তরায় শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা রিজভী। পরবর্তীতে ঢাকার ধারাবাহিক মিছিল ও প্রতিবাদ, গানের মিছিলের মাধ্যমে কারফিউ ভাঙা এবং ‘দ্রোহযাত্রা’ ছাড়াও দেশজুড়ে যেখানেই বামপন্থীদের সাংগঠনিক শক্তি ছিল, সেখানেই জুলাই আন্দোলনে বীরত্বপূর্ণ অবদান রাখেন।
২০২৪-এর জুলাইয়ের পূর্বেও গত ৮-১০ বছর ধরে রাজনৈতিক পরিচয়সহ অনুষ্ঠিত প্রায় সব আন্দোলনের মূল আয়োজক ও সংগঠক ছিলেন এই বাম ছাত্ররাই। যেমন—রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও লেখক মুশতাক হত্যার প্রতিবাদ, আবরার ফাহাদ হত্যার বিরুদ্ধে বুয়েটের বাইরে সংঘটিত আন্দোলন, রাজু ভাস্কর্য দখল করে থাকা শেখ হাসিনার ব্যানার ভাঙা এবং মোদিবিরোধী ছাত্র আন্দোলনসহ সেই আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিরোধ। তুলনামূলকভাবে শক্তিশালী বিএনপি ও জামায়াত ছাত্র ও তরুণ প্রজন্মের মাঝে এই মাত্রায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় না।
বামপন্থীদের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখে। শুরু থেকেই আওয়ামী লীগ এই আন্দোলনকে ‘মুক্তিযুদ্ধবিরোধী’, ‘মৌলবাদী’ ও ‘নারীবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত ‘মাস্টারমাইন্ড’রা এসব প্রোপাগান্ডা সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হন। আন্দোলনের কর্মসূচি যাতে ধর্ম-লিঙ্গ নির্বিশেষে সবাইকে ধারণ করতে পারে, সেই রাজনৈতিক সচেতনতাও তাদের ছিল না। আন্দোলনের শুরুতে যখন নাহিদরা সম্পূর্ণ কোটা বাতিলের দাবি জনপ্রিয় করেন, তখন গণতান্ত্রিক ছাত্র জোট আন্দোলনে সংহতি জানিয়ে ৬ জুন কোটার যৌক্তিক সংস্কারের দাবি সামনে আনে এবং জোটের কর্মীরাই মিছিলে-স্লোগানে ও আলোচনার মধ্য দিয়ে সংস্কারের যৌক্তিকতা সামনে আনেন।
১৭ জুলাইয়ের গায়েবানা জানাজার পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী বা নারীদের অন্তর্ভুক্ত করে কোনো কর্মসূচি সমন্বয়কদের পক্ষ থেকে আসেনি। মিছিলে এমন কিছু ধর্মীয় স্লোগান এসেছে, যা অন্য ধর্ম ও জাতিসম্প্রদায়ের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ছিল না। এমনকি পুলিশ-বিজিবির মুখোমুখি দাঁড়িয়ে তাদের উদ্দেশ করে তৃতীয় লিঙ্গের মানুষকে হেয় করে স্লোগান দেওয়া হয়েছে, ছাত্রলীগকে বস্তির টোকাই বলে গালি দেওয়া হয়েছে। অথচ অভ্যুত্থানে প্রচুর হিজড়া, বস্তির মানুষ ও টোকাই সক্রিয় ভূমিকা পালন করেন এবং শহীদও হয়েছেন।
বিভিন্ন জনগোষ্ঠীকে ধারণ করার পরিবর্তে এই যে মেজরিটারিয়ান বা সংখ্যাগরিষ্ঠতাবাদী আধিপত্যের সূক্ষ্ম অথচ ভুল চিন্তা, তা থেকে সমন্বয়কেরা মুক্ত ছিলেন না। ফলে আওয়ামী অপপ্রচার এবং বাস্তবতার মাটিতে ঘটা মেজরিটারিয়ান ভ্রান্তি থেকে সরিয়ে জুলাইকে সবার আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের বিশেষ ভূমিকা ছিল।
গানের মিছিল যখন কারফিউ অমান্য করে রাস্তায় নামে, তখন আওয়ামী লীগ প্রগতিশীলদের এই সাংস্কৃতিক প্রতিরোধ সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এই মিছিল আন্দোলনের রাজনৈতিক ভিত্তিকে সাংস্কৃতিক সম্মতি প্রদান করে। 'গণতান্ত্রিক ছাত্র জোট' যখন কারফিউ ভেঙে রাস্তায় নেমেছিল তখন রাষ্ট্র তাকে দমন করতে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে এই ভয় থেকেই; যা একদিকে আওয়ামী সাংস্কৃতিক বলয়কে চ্যালেঞ্জ করেছে, অন্যদিকে মৌলবাদী সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও বিরোধিতা করেছে।
গণতান্ত্রিক ছাত্র জোট, ৩১টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এবং বামপন্থী নারী ও শ্রমিক সংগঠনের উদ্যোগে ২ আগস্ট আয়োজিত ‘দ্রোহযাত্রা’ থেকেই প্রথম সরকার পতনের স্পষ্ট ডাক আসে এবং তা যে সমন্বয়কদের অস্বস্তিতে ফেলে দেয়, তা প্রথম আলোতে প্রকাশিত আব্দুল কাদেরের সাক্ষাৎকারেও স্পষ্ট হয়েছে। ৪ আগস্ট আনু মুহাম্মদের নেতৃত্বে হাসিনা পতনের দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রা ছড়িয়ে পড়ে রাজনৈতিক কর্মসূচি হিসেবেই।
জুলাই আন্দোলন এবং তার পূর্বে বাম দলগুলোর কোন কোন অংশের হাসিনার প্রতি সফট কর্নার ছিল, তার সুনির্দিষ্টভাবে সমালোচনা হওয়া দরকার। শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি তো হেফাজতে ইসলামই দিয়েছিল। এমনকি জুলাই অভ্যুত্থানের সময়ও মামুনুল হকসহ বেশ কয়েকজন ডানপন্থী নেতা আওয়ামী লীগের সাথে আলোচনায় বসেন এবং পরোক্ষ সমর্থন দেন।
অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের সময় তো বটেই, তার আগেও সিপিবি, বাসদসহ মূলধারার প্রায় সব বাম দল আওয়ামী সরকারের বিরুদ্ধে স্পষ্ট রাজনৈতিক অবস্থান বজায় রেখেছিল। কিন্তু এক অলৌকিক বয়ানে ফিরোজ আহমেদের মতো অনেকে নির্মাণ করেছেন—বামপন্থীরা হয়ে দাঁড়াল ‘হাসিনার অনুচর’, আর ডানপন্থীদের স্পষ্ট ও নির্লজ্জ ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়াকে বলা হলো ‘কৌশলগত বাস্তবতা’!
এখন আসি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বামপন্থী ও প্রগতিশীল ধারা, বিশেষ করে ছাত্র আন্দোলনের আরও এগিয়ে যেতে না পারার দায় থেকে ফিরোজ আহমেদ ও তাঁর দলও যে মুক্ত নন, সেই প্রসঙ্গে।
২০২২ সালের ৩০ নভেম্বর বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক ৮টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় 'গণতান্ত্রিক ছাত্র জোট'। সংগঠনগুলো হলো—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল)। বর্তমানে শেষ দুটি সংগঠন জোটে সক্রিয় নেই।
ঢাবির মধুর ক্যান্টিনে ১৩ দফা দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জোটের এক নম্বর দাবিই ছিল—আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করতে হবে। ২০২০-২১ সাল থেকেই সরকারের নানা গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এই সংগঠনগুলো একযোগে আন্দোলন করে আসছিল, যেখানে ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশনও’ (গণসংহতি আন্দোলন) যুক্ত ছিল। দীর্ঘ তিন মাস ধরে জোট গঠনসংক্রান্ত আলোচনা শেষে যখন জোটের নাম ঘোষণার সময় এলো, ঠিক তার আগের দিন ছাত্র ফেডারেশন জানায়, তারা জোটের পরিধি আরও বড় করতে চায়। কিন্তু অন্য আর কারা জোটে যুক্ত হবে, তা তারা স্পষ্ট করেনি। অথচ জোট গঠনের প্রাথমিক শর্তই ছিল—যেসব সংগঠন দীর্ঘদিন ধরে রাজপথে একসাথে আন্দোলন করছে এবং ১৩ দফার সাথে একমত হবে, তারাই জোটভুক্ত হবে। ফলে ভবিষ্যতে আন্দোলনের পরিধি বাড়লে ছাত্র ফেডারেশনের জোটে আসার পথ খোলা রেখেই জোটের আত্মপ্রকাশ ঘটে।
পরবর্তীতে দেখা যায়, তারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র পরিষদসহ ডানপন্থীদের নিয়ে পৃথক আন্দোলন করে। এমনকি অভ্যুত্থান-পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনেও ঐক্যবদ্ধ প্যানেলে তাদেরকে যুক্ত করা যায়নি। এটা কি বাম-প্রগতিশীল আন্দোলনের গতিকে মন্থর করেনি?
২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের তফসিল ঘোষণার আগে-পরে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ বিভাগীয় শহর ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি পালন করতে গিয়ে জোটের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের বর্বরোচিত আক্রমণের শিকার হলেও লড়াইয়ের মাঠ ছেড়ে যাননি।
ফিরোজ আহমেদ দাবি করেছেন, জুলাই অভ্যুত্থান চলাকালে ১৯ জুলাই ‘গণতন্ত্র মঞ্চ’ ছাড়া বাম-প্রগতিশীলদের আর কোনো রাজনৈতিক কর্মসূচি তিনি দেখেননি—যা সম্পূর্ণ অসত্য। ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং কোটা সংস্কার ও পরবর্তীতে সরকারের পদত্যাগের দাবিতে ১৮, ২৬, ৩১ জুলাই এবং ৩ আগস্ট বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ রাজপথে বিক্ষোভ, সমাবেশ এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেছে। এসব তথ্য প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় পত্রিকার আর্কাইভেই রয়েছে।
বামরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের করা জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তুলছে, ঠিক সেই সময়ে ফিরোজ আহমেদ তার লেখায় ডানপন্থীদের প্রচলিত বয়ানেরই একটি সংকলন প্রকাশ করলেন; যা জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বকে আড়াল করে বামপন্থীদের ভূমিকার পুরো কৃতিত্ব হাসনাত আব্দুল্লাহ ও জোনায়েদ সাকির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে। তবে এই কৃতিত্বের টানাটানিতে যেন জনগণের জুলাই আন্দোলন ঢাকা না পড়ে। কারণ জুলাই-পরবর্তী সময়ে যত অসংগতিই ঘটুক না কেন—যে জুলাই জনগণের, সেই জুলাই মরে যায়নি। সেই জুলাইয়ের লড়াই চলমান থাকবে।
--
লেখক: সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটি ও সাবেক সমন্বয়ক, গণতান্ত্রিক ছাত্র জোট।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



