জুলাই হত্যার বিচার ও শাসক শ্রেণির রাজনৈতিক সমীকরণ

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১৭:০০পরিবর্তন করতে ক্লিক করুন
জুলাই হত্যার বিচার ও শাসক শ্রেণির রাজনৈতিক সমীকরণ

গ্রাফিতি, ইউকি

শেয়ার করুন:

এই যে কাতারে কাতারে গরিব মানুষ মরল, তাদের সরকার গঠন হলো না। তাহলে সামনে যে সংগ্রামী মানুষ এই সরকারকে দৌড়ের ওপর রাখবে তারা কারা?

‘তাদের (গণভোটের রায় অস্বীকারকারীদের) নিরাপদ জীবন অস্থির করে তোলা বাংলাদেশের সংগ্রামী মানুষের এখনকার আবার কর্তব্য।’

— নুরুল কবির (একটি টিভিতে টকশোয়ে নিউ এজের সম্পাদকের বক্তব্য)

কবির ভাই দুর্দান্ত বলেছেন। তবে সংগ্রামী মানুষ কার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে? নিশ্চয়ই জুলাই হত্যার সময় থাকা সরকারি দল লীগের নেতৃত্বে না। আর বিএনপি তো সরকারে, সে জুলাই হত্যার বিচার চায় কি না প্রশ্ন আছে। জুলাই হত্যার বিচারে বড় বাধার একটি হলো ভুয়া মামলার বিষয়ে বিএনপি সরকারের অবস্থান নেওয়া; সে ব্যাপারে তাদের বক্তব্য পরিষ্কার না।

তাহলে ধরেই নেওয়া যায়, শাসক শ্রেণির বড় দুই দল বিএনপি ও লীগ আসলে শ্রেণিগতভাবে একই চরিত্রের হওয়ার কারণে তারা বিদ্যমান কাঠামো টিকিয়ে রাখার সব চেষ্টা করছে এবং আগামীতে করবে।

জামায়াত?

জামায়াত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং গণহত্যায় যুক্ত থাকার কারণে যত লম্ফঝম্প করুক, তার পক্ষে ফান্ডামেন্টালি জুলাই হত্যার বিচার চাওয়া সম্ভব না। কারণ প্রতিঘাত হিসেবে জামায়াত দল হিসেবে দলের বিচারের দাবি তখন আরও জোর পাবে। জুলাই হত্যার জন্য লীগ নিষিদ্ধ থাকলে জামায়াত কেন ১৯৭১ যুদ্ধের সময়কার হত্যার কারণে দল হিসেবে নিষিদ্ধ হবে না! এই আলাপ প্রাসঙ্গিক। সে কারণে জামায়াত চিপাচাপায় যতই বিরোধিতা করুক, নিষিদ্ধের প্রশ্নে তার আর্গুমেন্ট ভ্যালিড না।

ভোটের রাজনীতি, এনসিপি এবং জাতীয় স্বার্থের সংকট

বাদ থাকল জুলাইয়ের বিচার এবং একটি কাঠামোগত সংস্কার।

বিচার বিএনপি করবে কি না প্রশ্ন আছে আগেই বলেছি। বরং বিচার না করে অন্যায়ভাবে জামিনবিহীন কারাগারে রাখার বেআইনি কাজটি বিএনপি করার সম্ভাবনাই বেশি। এর কারণ গত নির্বাচন। শেষ নির্বাচনে বিএনপির ভেতর জামায়াতের যে ভোট ছিল তা বের হয়ে গেছে। কাস্টিং ভোটের যা বিএনপি ও জামায়াতকে ফারাক করেছে, তা আসলে বিএনপিতে আসা প্রথমবারের ভোট—যা বিএনপির না। এসবই লীগের ভোট; লীগের ভেতর থাকা উদার, লিবারেল ও বামপন্থী চিন্তার মানুষের ভোট। জামায়াত এমন একটি যুদ্ধংদেহী মনোভাব দেখিয়েছে যে, এই মধ্যবিত্ত লিবারেলরা ভয় পেয়ে বিএনপিকে ভোট দিয়েছে।

বরং জামায়াত যদি তার প্রকৃত চরিত্র গুপ্ত রাখতে পারত—যেমনটা তারা ছাত্রলীগের ভেতর শিবির রেখেছিল—তাহলে তারা আরও ভালো করত। কারণ এই লিবারেলরা ভোট দিতে যেত না; তারা না গেলেই জামায়াতের লাভ ছিল।

তাহলে এনসিপি?

এনসিপির একটা বড় ভোটার ছিল বলে মনে করি। তরুণদের বড় অংশ তাদের ভোটার। কিন্তু জামায়াতের সাথে যাওয়ার কারণে তাদের ভোট ব্যাংক পৃথক করা গেল না। সামান্থা যে বলেছে এনসিপির কারণে জামায়াত এত ভোট পেয়েছে, সেটা সত্য। সামান্থা ভোটের পরে বলেছে, আমি-সহ অনেকে ভোটের আগে বলেছি।

আর এনসিপির উদ্দেশ্য নিয়েই বড় দ্বিধা তৈরি হয়েছে। তারা জামায়াতের সাথে মিলেমিশে যাবে হয়তো সামনে। জাসদের পরিণতি বহন করবে দলটি—বলেই আমার ধারণা। এরা রাজনীতির বিষয়ে পরিষ্কার কোনো পথ পদ্ধতি হাজির করেনি, কিছু বায়বীয় কথাবার্তা ছাড়া। এতে দ্বিধা ও সংশয় বাড়ে; কাজ বিশেষ হয় না।

দলটি জাতীয় স্বার্থেও তেমন অবস্থান নেয়নি। বিশেষ করে আমেরিকার স্বার্থে করা বাণিজ্য চুক্তি যে গলার ফাঁস, সেটা নিয়ে তাদের অবস্থান খুবই পরিষ্কার নয়। বরং এনসিপি থেকে বের হওয়া দল এনপিএ পরিষ্কার করে বলেছে, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

শ্রেণি চরিত্র ও অভ্যুত্থান বেহাত হওয়ার ইতিহাস

বামপন্থীরা?

বামপন্থীদের সংগঠন দুর্বল। তারা ট্রেনও মিস করেছে। জুলাইতে তারা ছিল, কিন্তু সময়মতো তারা শ্রমিকদের নামাতে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলন যখন গণঅভ্যুত্থানে রূপ নিতে যাচ্ছে, ঝড় ভয়াবহ শক্তি উৎপাদন করে কেন্দ্রে আছড়ে পড়বে সবাই বুঝতে পারছে—সে সময় বামেরা তাদের শ্রমিক অঞ্চলে তাদের কমরেডদের ভেতর কোনো কর্মসূচি দেয়নি যে, এই আন্দোলনে শ্রমিকেরা ঝাঁপিয়ে পড়ুক।

অথচ বামদের ডাক ছাড়াই রিকশা শ্রমিক অংশ নিয়েছে; তারা মরেছেও। ফুটপাথের হকাররা যোগ দিয়েছে, তারা মরেছেও। ফুটপাথের গরিব হকাররা তাদের ফল, বিস্কুট, পানি দেদার বিলিয়েছে আন্দোলনকারীদের ভেতর। ছাত্রদের সাথে থেকে তারাও প্রাণ দিয়েছে, সেই সংখ্যা নেহাত কম না।

ছোট দোকানের কর্মচারী, হকার, রিকশাওয়ালার মৃত্যু যদি এই আন্দোলনে যোগ করি, তাহলে সংখ্যাটি অনেক বড় হবে।

তারপর আছে মাদ্রাসার ছাত্র, আছে বিভিন্ন মাধ্যমের ছাত্র। এদের শ্রেণি চরিত্র খুঁজলে দেখা যাচ্ছে গরিব মানুষের সংখ্যাটা অনেক বেশি—তারাই আসলে মরেছে।

অথচ অন্তর্বর্তী সরকার গঠনের সময় এই গরিব মানুষের প্রতিনিধি ছিল না। এর প্রধান কারণ হলো জুলাই অভ্যুত্থান ছিনতাই হয়ে গেছে ঠিক অভ্যুত্থানের মুহূর্তে। যখন সেনানিবাসে আন্দোলনকারীদের কথিত কর্তৃপক্ষ চরিত্রগুলো দেন-দরবারে বসেছে, তখনই আসলে আজকের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। এর প্রধান ব্যর্থতা কাদের?

শ্রেণি সব থেকে গুরুত্বপূর্ণ। গরিব শ্রমিক-কৃষক-মধ্যবিত্তের সমন্বয়ে গঠিত জনগণের পার্টি ছাড়া এই ধরনের আন্দোলনের ফসল ঘরে তোলা যায় না—ইতিহাসে নজির নেই। এই ধরনের আন্দোলনে আসলে শাসক শ্রেণির রিপ্লেস হয়। ঠিক এই কারণেই কমিউনিস্টরা ৪৭ সালে স্লোগান তুলেছিল।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ফসলই ঘরে তুলতে পারেনি বাংলার কৃষক-শ্রমিক। এত এত মৃত্যুর ভেতর দিয়ে পাকিস্তান রাষ্ট্রেরই একটি কপি 'স্বাধীন বাংলাদেশ' নামে তৈরি হয়েছে। ১৯৭১ সালের বিপ্লবই বেহাত হয়েছে। সেখানে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ছিনতাই করা কঠিন কিছু ছিল না।

এই যে কাতারে কাতারে গরিব মানুষ মরল, তাদের সরকার গঠন হলো না। তাহলে সামনে যে সংগ্রামী মানুষ এই সরকারকে দৌড়ের ওপর রাখবে তারা কারা? নিশ্চয়ই পার্টিবিহীন মানুষ কোনো একটা অভ্যুত্থানে যদি যুক্তও হয়, তাহলে সেই অভ্যুত্থানের পর তা সেই জনতার পক্ষে রাখতে পারবে না। তাহলে এই সংগ্রাম আমরা কার পেছনে করব? এটাই আগামীর সংগ্রাম শুরুর আগে সব থেকে বড় প্রশ্ন।

লেখক: সম্পাদক, ঢাকা পেপার্স

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: