মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদকারী জাবি শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিং

ঢাকা পেপার্স গ্রাফিক্স
বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা মন্তব্যকারীদের নিজেদের যথাযথ পরিচয় প্রকাশ করে মতামত প্রকাশের আহ্বান করলেও পরিচয় লুকিয়েই কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়েছে এইসব আইডি থেকে। পরিচয় গোপন করে গালিগালাজ করা বেশিরভাগ ফেইক আইডি শরিফ ওসমান হাদির ছবি সংবলিত।
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার প্রেক্ষিতে প্রতিবাদে টানা দুই দিন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। উক্ত কর্মসূচির ছবি ও ভিডিও ক্যাম্পাসের বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করার পর তাতে আন্দোলনকারীদের উপর বট আইডি থেকে ব্যাপক সাইবার আক্রমণ ও গালিগালাজের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর কুশপুত্তলিকা দাহ করেন একদল শিক্ষার্থী। উক্ত কুশপুত্তলিকায় 'পাকিস্তানের দালাল' ও 'যুদ্ধাপরাধী দেইল্যা রাজাকার' লেখা ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়া এবং তাঁকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) না দেওয়ার প্রতিবাদ জানানো হয়। পরদিন, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর সম্মানে মোমবাতি প্রজ্জলন করেন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাবলিক গ্রুপে এই কর্মসূচীগুলোকে ঘিরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর সমর্থকদে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। এই সংক্রান্ত সকল সংবাদের কমেন্টবক্সে বেনামি ও পরিচয়হীন বিভিন্ন ফেইসবুক আইডি থেকে অশ্রাব্য ভাষায় বিভিন্ন মন্তব্য করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা মন্তব্যকারীদের নিজেদের যথাযথ পরিচয় প্রকাশ করে মতামত প্রকাশের আহ্বান করলেও পরিচয় লুকিয়েই কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়েছে এইসব আইডি থেকে। পরিচয় গোপন করে গালিগালাজ করা বেশিরভাগ ফেইক আইডি শরিফ ওসমান হাদির ছবি সংবলিত।
পরিচয় গোপন করা এই ফেইসবুক একাউন্টের মন্তব্যকে শিক্ষার্থী কিভাবে দেখছেন সে বিষয়ে জানতে চাইলে, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী, আদ্রিতা রায় জানান, "পরিচয় গোপন করে ব্যবহৃত ফেসবুক একাউন্ট, ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক পেজগুলো দিয়ে সবসময়ই এমন অশালীন ও অযৌক্তিক মন্তব্য করা হয় এবং বিভিন্ন কর্মসূচীতে আসা নারী শিক্ষার্থীদের স্লাট শেমিং করা হয়, জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়। এখানে মন্তব্যকারীরা জানে, তারা যে ভাষা ব্যবহার করে কিংবা তারা যে ধরনের আক্রমণগুলো করে, যদি তাদের পরিচয় উন্মুক্ত হয়, সেক্ষেত্রে তারা সরাসরি সাইবার অপরাধের দায়ে দণ্ডিত হবে। এছাড়াও তারা যে সামাজিকভাবে রেজিস্টেন্সের মুখোমুখি হবে, বয়কটের মুখোমুখি হবে, সেই ভয় থেকে তারা পরিচয় গোপন করে বট আইডি দিয়ে মন্তব্য করে।” আদৃতা রায় আরো বলেন, “তাঁরা অনেকেই এবং সিংহভাগই কোন না কোন রাজনৈতিক পরিচয়ের সাথে সংশ্লিষ্ট, এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা যদি প্রকাশিত হয়ে যায়, সেই দলগুলো তখন প্রশ্নের সম্মুখীন হবে। সাম্প্রতিক বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীকে নিয়ে পালিত হওয়া কর্মসূচির সংবাদের নিচেও আমরা এমন বট একাউন্টের আক্রমণ দেখেছি। পরিচয় প্রকাশে ভয় পাওয়ায়ই এমন করে থাকে তারা"।
গত শনিবার পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদান ও দাফন কাজে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ করেন তাঁর স্বজনেরা। দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গ্রুপগুলোতে, এই ফেইক আইডিগুলোর সকলেই কমেন্ট করেছে দেলোয়ার হোসেন সাইদির পক্ষে এবং তারা গালিগালাজ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। গালিগালাজের লক্ষ্যবস্তুর কেন্দ্রে রয়েছে আন্দোলনাকারীরা নারী শিক্ষার্থীরা— যারা মানিক পশারির জানাজায় বাধা দেয়ার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি করেন। অশ্লীল, যৌন নিপীড়নমূলক এইসব গালিগালাজকারীরা প্রায়শই আন্দোলনকারীদের ইসলামবিরোধী বলে আখ্যা দেয় এবং সেই অশ্লীল ভাষাতেই নিজেদেরকে ইসলামের পক্ষের বলে দাবী করে থাকে।
-- --
বিশেষ প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



