সাংবাদিকদের গলায় ঘণ্টা বাঁধল কে?

সাদিক মাহবুব ইসলাম
সাদিক মাহবুব ইসলাম
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৫২পরিবর্তন করতে ক্লিক করুন
সাংবাদিকদের গলায় ঘণ্টা বাঁধল কে?

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

‘দেখুন গাছের আড়ালে কী করছে মেয়েটি’, ‘দেখুন ঘরের মধ্যে কী করল মেয়েটি, কী হচ্ছে ভেতরে’, ‘বন্ধুদের সঙ্গে রাতের বেলা বেরিয়ে ধর্ষিত হলো স্কুলছাত্রী’ শিরোনাম দিয়ে আমরা যখন সংবাদ ছাপাই, যখন নারীদের ফোকাস করে সম্মতি ছাড়াই নিউজ ছেড়ে দিই...তখন আমাদের বিশ্বাসযোগ্যতাই কমে।

গত বছরের শেষদিকে আমার আব্বার মনে হলো, তিনি তাঁর গুণধর পুত্রকে বিবাহ করাবেন। তারপর তিনি তাঁর এক সুহৃদকে বললেন—পরিচিত কোনো ভালো মেয়ে আছে? অতঃপর তাঁর কাছে একজন রূপবতী, গুণবতী নারীর সন্ধান পাওয়া গেল। আমার আব্বার সুহৃদ তাঁকে গিয়ে আমার কথা বললেন। নারীদের বয়স আর পুরুষের বেতন জিজ্ঞাসা করা নেহাত অভদ্রতা, তাই ঘুরিয়ে-পেঁচিয়ে এইচএসসি পাসের বছর আর কর্মক্ষেত্রের প্রশ্নটা ওঠে। আমার পেশা শোনার পর সেই রূপবতীর প্রতিক্রিয়া নাকি ছিল—ইশশশ, সাংবাদিক!

আমার আব্বা অত্যন্ত বেজার মুখে আমাকে এই সংবাদ দিয়েছিলেন। বন্ধুসমাজে তাঁর মাথা এবং নাক দুটোই কাটা পড়েছে এই সাংবাদিক পুত্রের কারণে। তাই আমাকে কিছু মিষ্টি কথাও শুনিয়ে দিয়েছিলেন। তারপর যখন দেখলেন, এহেন অপমানে আমার তেমন হেলদোল নেই, তখন তাঁর অনুসিদ্ধান্ত ছিল—একটাই ছেলে, সেটাও সাংবাদিক হয়ে গোল্লায় গেল!

সাংবাদিকদের এই এক জ্বালা। লোকে আমাদের দেখতে পারে না। সাংঘাতিক বলে ডাকে, গালমন্দ করে, এমনকি সোবেরের মতো দুর্দান্ত স্যাটায়ার পেজও আমাদের নিয়ে খিল্লি ওড়ায় (উনাদের আসলে দোষ দিয়ে লাভ নেই, ভিউ আর এনগেজমেন্টের জন্য অনেক সাংবাদিক যেসব সংবাদ করেন, তাতে মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই—আমরা একই পেশায় আছি তো?)। এর ওপর এআইয়ের যুগে সাংবাদিকতা পেশাটাই জাদুঘরে চলে যেতে পারে সামনে, এই আশঙ্কাও আছে। একে তো এই পোস্ট-ট্রুথ জমানায় সবচেয়ে মূল্যবান বস্তু হলো মানুষের মনোযোগ। আর এই মনোযোগ ধরে রাখতে গিয়েই সাংবাদিকদের নানা প্রকারের কায়দাকানুন করতে হয়, যার সবগুলো অবশ্যই নৈতিকতার মানদণ্ড পেরোতে পারে না। সেনসেশনাল সংবাদ করা, ক্লিকবেইট ও রেইজবেইট সাংবাদিকতা করা, পপুলিজমের ঝান্ডা ওড়ানো ও দলবাজি করা—কোনোটাই হালের সাংবাদিকরা করতে ছাড়েন না, কারণ দারিদ্র্য গুণনাশী। কিন্তু এই একই কারণে সরকার মনে করে, সংবাদপত্রের স্বাধীনতার একটা গণ্ডি বেঁধে দেওয়া উচিত। কারণ, এই ডিজিটাল জমানায় একটিমাত্র সংবাদ একটা মানুষের পুরো জীবন তছনছ করে দিতে পারে, এবং প্রতিনিয়তই এটা ঘটে চলেছে। বল্গাহীনতার বিপদ এটাই, জবাবদিহির নামে আইনের বেড়ি পরিয়ে দেওয়া জায়েজ করে।

সরকারের এই উদ্বেগ অমূলক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যত নির্বাচন ঘনিয়ে আসতে শুরু করে, ততই দেখা যায়, সংঘটিতভাবে গুজব ছড়ানো হয়েছে, বটবাহিনী নামিয়ে দেওয়া হয়েছে, এমনকি রীতিমতো সংবাদপত্রের অফিস আগুনে পুড়িয়েও দেওয়া হয়েছে। পরিচিত পত্রিকা বা টেলিভিশনের লোগো ও ফটোকার্ডের নকশা নকল করে রাজনীতিবিদদের মুখে এমন কথা বসানো হয়েছে, যা তাঁরা কখনো বলেননি। ফ্যাক্টচেকারদের হিসাবে, ২০২৫ সালে ভুয়া উদ্ধৃতিসহ যত ফটোকার্ড শনাক্ত হয়েছে, তার ৭৪ শতাংশই প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের পরিচয় নকল করে ছড়ানো হয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও ও কণ্ঠস্বর। সমাজবিজ্ঞানী হানা আরেন্ট আজকের দিনে বাংলাদেশের ফেসবুক আর ইউটিউব দেখলে বলতেন—এই তো, এপিস্টেমিক সিনিসিজমের যথার্থ নমুনা পেয়ে গেছি! তিনখানা ফ্যাক্টচেকিংয়ের কোর্স করার পরেও আমার মতো ঝানু বান্দার কয়েকবার মাথা চুলকাতে হয়েছে, আপামর জনগণের কথা তো বলাই বাহুল্য।

তার সঙ্গে যোগ হয়েছে আসল মিডিয়া হাউসের রাগের-টোপ ফেলা কনটেন্ট। বিদেশের ঘটনা নিয়ে ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিয়েছে, দেশের নাম নেই, লোকে পড়ে বাংলাদেশ মনে করে গাল পাড়ছে। কোনো বড় নেতার বক্তব্যের আধখানা তুলে ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিয়েছে, ফলে বক্তব্যের অর্থই গেছে বদলে। আর রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য উসকানিমূলক কনটেন্ট তো আছেই। কাজেই জবাবদিহির কথা উঠলে, যারা আড়াই হাত লম্বা যুগলবন্দী কলাম লিখে বসবেন, তাঁদের অবস্থানটাও দুর্বল হয়ে যায়, সঙ্গে দুর্বল হয় আমাদের মতো সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতাও।

এই প্রবণতায় সবচেয়ে বেশি ক্ষতি সাংবাদিকতারই, কারণ বিশ্বাসযোগ্যতা হারালে সাংবাদিকের পাশে আর কেউ দাঁড়ায় না, তখন তাকে বেড়ি পরানোও সহজ হয়ে যায়। ভারতেই দেখুন, গোদি মিডিয়ার কী বেহাল দশা। তেলাপোকাদের আন্দোলনের সময় লোকে এমন খিল্লি উড়িয়েছে যে রিপোর্টাররা মাঠে যেতেই অস্বীকৃতি জানিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতার নামে এর চেয়ে বড় বেইজ্জতি কী হতে পারে আর?

তাই প্রশ্নটা জবাবদিহি থাকবে কি না, তা নয়। জবাবদিহি অবশ্যই থাকতে হবে। প্রশ্ন হলো, জবাবদিহির পথ কোনটি, আর সেই পথ কে ঠিক করবে।

এই প্রশ্ন এখন আর তাত্ত্বিক নয়। ডিজিটাল আইনের দিক থেকে বাংলাদেশ গত দুই দশকে বারবার আইনের নাম বদলেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইন। এ বছরের ১০ এপ্রিল আইনটি পাস হয়, ৩০ জুন তা সংশোধন হয়। এখন আরেকটি সংশোধনীর খসড়া আলোচনায় আছে। আন্তর্জাতিক সংগঠন সিপিজে এই খসড়া প্রত্যাহার বা বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছে, কারণ এতে কর্মকর্তারা যে প্রতিবেদনকে 'অযাচাইকৃত' মনে করবেন, তা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সাজা হতে পারে দশ বছর পর্যন্ত কারাদণ্ড, আর বিচার হবে বিশেষায়িত সাইবার ট্রাইব্যুনালে।

'অযাচাইকৃত' শব্দটি শুনতে নিরীহ। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, এই শব্দের ব্যাখ্যা কার হাতে থাকছে, সেটাই আসল কথা। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে অন্তত ২৫৫ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই সময়ে ক্ষমতাসীনদের চোখে অনুসন্ধানী প্রতিবেদন মানেই ছিল 'ভিত্তিহীন অপপ্রচার'। ঘরপোড়া গরু তো, তাই আইনের সিঁদুরে মেঘ দেখলেই ডরাই।

ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকতা স্বভাবগতভাবেই ক্ষমতার চোখে 'অযাচাইকৃত'। সরোজ দত্ত তো বলেই গেছেন—রাষ্ট্রের বুলেট যে কলমের দিকে ধেয়ে আসে না, সে কলম বিক্রি হয়ে গেছে। তাঁর কলম যেহেতু বিক্রি হয়নি, তাই রাষ্ট্রের বুলেটেই প্রাণটা দিতে হয়েছে, যেমনটা দিতে হয়েছে আওয়ামী লীগ আমলে অন্তত ১৪ জন সাংবাদিককে। যাচাইয়ের মানদণ্ড যদি আইনের মাধ্যমে ক্ষমতাসীনদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে প্রতিবেদনের বিষয়বস্তু যিনি, প্রকাশের অনুমতিও কার্যত তিনিই দেবেন।

এর প্রতিফলন আন্তর্জাতিক সূচকেও আছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৬ সালের সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়ে ১৮০ দেশের মধ্যে ১৫২তম। সবচেয়ে খারাপ অবস্থান সাংবাদিকদের নিরাপত্তায়—এই সূচকে বাংলাদেশ ১৬১তম।

আবার দেখুন, যে আইন ভুয়া তথ্য ঠেকানোর নামে আনা হচ্ছে, তার আঘাত সবচেয়ে সহজে পড়বে চিহ্নিত সাংবাদিকের ওপর, যাঁর নাম, ঠিকানা, প্রতিষ্ঠান সবই জানা। নকল ফটোকার্ড যারা বানায়, তারা চলে নামহীন পেজ ও ভুয়া অ্যাকাউন্টের আড়ালে, অনেক সময় দেশের বাইরে থেকে। আইন যাদের ধরার কথা, তারা অধরাই থাকবে। কিন্তু আইন কি লাগবে না? অবশ্যই লাগবে। আইনের নাম শুনেই ডন কিহোতের মতো তলোয়ার ঘোরানো শুরু করা যাবে না। এবং দুয়ের মধ্যে সীমারেখাটাও লাগবে।

এআইয়ের যুগে আরেকটি বিপদ যোগ হয়েছে। আইনবিদ ববি চেসনি ও ড্যানিয়েল সিট্রন একে বলেছেন 'মিথ্যাবাদীর লভ্যাংশ'। মানুষ যত জানবে যে ভিডিও বা অডিও বানানো যায়, ক্ষমতাবানেরা তত সহজে আসল প্রমাণকেও 'এআই দিয়ে বানানো' বলে উড়িয়ে দিতে পারবেন। এর সঙ্গে যদি 'অযাচাইকৃত' তথ্য প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে এই অজুহাত শুধু রাজনৈতিক আত্মরক্ষা থাকবে না, সাংবাদিকের বিরুদ্ধে আইনি অস্ত্রে পরিণত হবে।

তাহলে বিকল্প কী?

কয়েকটি বিষয় বিবেচনা করা যায়। প্রথমত, 'গুজব', 'অযাচাইকৃত' বা 'বিভ্রান্তিকর' তথ্যের মতো অস্পষ্ট সংজ্ঞাভিত্তিক অপরাধ আইন থেকে বাদ দেওয়া। মানহানির প্রতিকার হোক দেওয়ানি আদালতে, ফৌজদারি মামলায় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই প্রস্তাব করেছেন, এই আইনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়া হোক। এই প্রস্তাব খসড়ায় বাধ্যতামূলক বিধান হিসেবে যুক্ত হলে তা একটি ইতিবাচক পদক্ষেপ হবে।

দ্বিতীয়ত, সাংবাদিকতার জবাবদিহির জন্য পেশাগত কাঠামো শক্তিশালী করা। একটি কার্যকর ও স্বাধীন প্রেস কাউন্সিল, জবাব দেওয়ার অধিকার, বাধ্যতামূলক সংশোধনী প্রকাশ। অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশন এ বিষয়ে বিস্তারিত সুপারিশ দিয়েছিল, যা এখনো বাস্তবায়িত হয়নি।

তৃতীয়ত, ভুয়া তথ্যের জবাব তথ্য দিয়ে দেওয়া। সংবাদমাধ্যমগুলো নিজেদের নামে ছড়ানো নকল কনটেন্ট দ্রুত ও প্রকাশ্যে শনাক্ত করতে পারে। প্ল্যাটফর্মগুলোকে ছদ্মবেশী পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দেওয়া যায়। আর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা দরকার গণমাধ্যম সাক্ষরতায়। এই কাজটা সরকারকেই করতে হবে।

চতুর্থত, এবং এটি আমাদের নিজেদের দায়, সাংবাদিকতাকে তার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। দলীয় আনুগত্য, ক্লিকের জন্য চটকদার শিরোনাম, যাচাই ছাড়া প্রকাশ—এগুলো আমাদের পেশার প্রতি মানুষের অবিশ্বাস তৈরি করেছে। ভুল হলে প্রকাশ্যে স্বীকার করা এবং সূত্র ব্যবহারে স্বচ্ছতা রাখা কোনো আইন আমাদের শেখাবে না, এটা আমাদের নিজেদেরই করতে হবে।

আমরা যখন ‘দেখুন গাছের আড়ালে কী করছে মেয়েটি’, ‘দেখুন ঘরের মধ্যেকী করল মেয়েটি, কী হচ্ছে ভেতরে’, ‘বন্ধুদের সঙ্গে রাতের বেলা বেরিয়ে ধর্ষিত হলো স্কুলছাত্রী’ শিরোনাম দিয়ে সংবাদ ছাপাই, যখন নারীদের ফোকাস করে সম্মতি ছাড়াই নিউজ ছেড়ে দিই অথবা মাদক নির্মূল অভিযানে আবাসিক হোটেলে ফোন হাতে পুলিশের সঙ্গে মোরাল পুলিশিংয়ে নামি, আটক মেয়েদের চৌদ্দগুষ্টির তথ্য ছেপে দিই পত্রিকায়, যাকে-তাকে 'র-এজেন্ট' বানিয়ে দিই, তখন তো আমাদের বিশ্বাসযোগ্যতাই কমে। ক্ষমতাকে প্রশ্ন করার বদলে ক্ষমতার লেঠেলগিরি করলে তো 'ইশ, সাংবাদিক!’-ই শুনতে হবে।

_________________

লেখক: সাংবাদিক ও গবেষক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: