জেট ফুয়েলে নাটকীয়তা, আকাশ পথে অস্বস্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফেসবুক পেজ
জেট ফুয়েলের দাম নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই এক ধরনের নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছিল।
দেশের এভিয়েশন খাতে বড় ধরনের ধাক্কা দিয়ে রেকর্ড পরিমাণে বাড়ানো হয়েছে জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জারি করা এক প্রজ্ঞাপনে লিটারপ্রতি জ্বালানির দাম এক লাফে ৮৯ টাকা ৫৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে। নতুন এই মূল্যহার মঙ্গলবার রাত ১২টার পর থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানির এই আকাশছোঁয়া দাম বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটেই বিমানের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কেবল অভ্যন্তরীণ রুটে চলাচলের ক্ষেত্রেই লিটারপ্রতি খরচ বাড়ছে প্রায় ৯০ টাকা।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম ০.৭৩৮৪ ইউএস সেন্ট থেকে বাড়িয়ে ১.৩২ মার্কিন ডলার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে দাবি করেছে কমিশন।
বিশ্লেষকরা বলছেন, জেট ফুয়েলের দাম নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই এক ধরনের নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছিল। এর আগে চলতি মাসের ৮ তারিখে একবার দাম বাড়ানো হয়েছিল। এরপর ১৮ মার্চ রাতে পুনরায় দাম বাড়ানোর একটি প্রজ্ঞাপন জারি করলেও রহস্যজনক কারণে মাত্র এক ঘণ্টার মাথায় তা স্থগিত করে দেয় বিইআরসি। তবে এবার আর কোনো স্থগিতাদেশ নয়, বরং বড় অংকের বর্ধিত মূল্যই কার্যকর করা হলো।
২০২৫ সালের মে মাস থেকে বিইআরসি প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের দায়িত্ব নেয়। তখন জানানো হয়েছিল যে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হবে। এর আগে এই কাজটি এককভাবে করে আসত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
তবে বিইআরসি দায়িত্ব নেওয়ার পর এক মাসের ব্যবধানে দুই দফায় দাম বাড়ানোর ঘটনা এবারই প্রথম।
এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানির দাম লিটারপ্রতি ২০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় এয়ারলাইন্সগুলো চরম সংকটে পড়বে। অপারেটিং কস্ট বা পরিচালনা ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা টিকিটের দাম বাড়াতে বাধ্য হবে। এর ফলে সাধারণ যাত্রীদের ওপর আর্থিক চাপ বাড়ার পাশাপাশি পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যারা নিয়মিত অভ্যন্তরীণ রুটে যাতায়াত করেন, তাদের জন্য আকাশপথ এখন অনেকটাই বিলাসিতায় পরিণত হতে যাচ্ছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



