যে জুলাই জনতার…

তাহমিদ হােসেন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ৯:৪১পরিবর্তন করতে ক্লিক করুন
যে জুলাই জনতার…
শেয়ার করুন:

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা মাস্টারমাইন্ডের নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত আত্মত্যাগের ফসল

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে আমাদের দেশের অনেক রাজনীতিবিদেরা প্রায়ই বিভিন্ন বিতর্ক জন্ম দেন। ‘ভাইরাল’ এর এই যুগে এমন অনেক বিতর্ক মাঝে মধ্যে হয়ে ওঠে ‘টক অফ দ্য কান্ট্রি’। কিন্তু এইসব তর্ক-বিতর্কের আড়ালে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক সত্য আড়াল হয়ে যায়। ইতিহাসের এই সত্যগুলো বুঝতে লক্ষ্য করা দরকার যে ডান-বাম-মধ্য, বড়-ছোট-নতুন-পুরান এমন নানা রাজনৈতিক দলের বাইরে জনগণও একটা আলাদা স্বত্তা। জনগণ কখনো কখনো রাজনৈতিক কোনো দলকে সমর্থন বা বিরোধিতা করে। আবার এই সমর্থনের একটা নির্দিষ্ট মাত্রাও থাকে। মাঝে মধ্যে অন্য রাজনৈতিক শক্তিকে বিরোধের জন্য মন্দেরা ভালো হিসেবে জনগণ একটা দলকে আপাত সমর্থন দেয়। কিন্তু সেই রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনার জন্য বা সেই রাজনৈতিক শক্তির ডাকে নিজের সর্বস্ব দিয়ে জনগণ রাস্তায় নেমে আসে না।


জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিগত দুই বছরে গণঅভ্যুত্থান সমর্থনকারী বিভিন্ন দলের ক্রেডিটবাজি অব্যহত ছিলো। অন্যদিকে আওয়ামী লীগ শুরু থেকে জুলাই গণঅভ্যুত্থান থেকে গণ শব্দটিকে সরিয়ে দিয়ে জুলাইকে কেবল প্রতিপক্ষ দলসমূহের চক্রান্ত হিসেবে দেখিয়ে আসছে। এইসব রাজনৈতিক তর্কের আড়ালে জুলাইয়ের জনগণ এবং জনগণের শক্তি সম্পূর্ণরূপে তলিয়ে গেছে, যা পুনরুদ্ধার করা অত্যন্ত আবশ্যক।


জুলাই গণঅভ্যুত্থান মূলত ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সৃষ্ট নিরাপদ সড়ক আন্দোলনের একটা বিশেষ ধারাবাহিকতার অংশ। এই ধারাবাহিকতা দুইটা মৌলিক জায়গায় ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন বা তার পূর্বের অনেকগুলো প্রধান গণসংগ্রাম থেকে আলাদা। প্রথম জায়গাটি হলো ইতোপূর্বে ক্ষমতাসীন বড় বড় দলসমূহের প্রতি জনগণের আস্থার অভাব। এই বিষয়টাও সহজে প্রকাশ পায় জুলাইয়ের অসাংগঠনিক ও স্বতঃস্ফূর্ত চরিত্রের মধ্যে। গণঅভ্যুত্থানের আগে ১৫ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকবার জনগণকে স্বৈরাচার বিরোধী লড়াইয়ের আহ্বান জানালেও বিএনপি-জামায়াত ও অন্যান্য বিরোধীদের ডাকে জনগণ চব্বিশের মত তীব্রভাবে রাস্তায় নেমে আসে নাই। অথচ ২০১৪ এর চার সিটি করপোরেশন নির্বাচনেই আওয়ামী লীগের ব্যাপক ভরাডুবি থেকে বোঝা যায় জনগণ সরকার পরিবর্তনে আগ্রহী ছিল বহু আগে থেকেই। ২০১৮ এর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত সবখানেই সাংগঠনিক পরিচয় বাদ দেওয়ার একটা প্রবণতা ছাত্র-ছাত্রীদের মধ্যেও প্রবল্ভাবে দেখা যায়। এই রাজনীতি করণের অবশ্যই ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা আছে। জুলাই গণঅভ্যুত্থানের নয় দফা দাবিতেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠে আসে। তবে এই দাবি উত্থাপনকারী ছাত্রদলের বেশিরভাগ অংশই নিজেরা রাজনীতিতে যুক্ত হয়। কিছুসংগঠন গুপ্ত রাজনীতির স্বার্থে ছাত্র রাজনীতি বন্ধের দাবি করে নিজেরা রাজনীতিতে যুক্ত থেকে যায়।


তবে বিরাজনীকরণের আড়ালে ছাত্র-জনতার যে মনস্তত্ব সেটিকে বোঝা এক্ষেত্রে আবশ্যক। মুক্তিযুদ্ধ প্রশ্নে জামায়াতের ঐতিহাসিক ও বিদ্যমান অবস্থান, বিএনপি সরকারের পূর্ববর্তী মেয়াদে গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন মৌলিক অসংগতি, উভয় দলের ছাত্র ও গণসংগঠনের অতীত সন্ত্রাস- এইসব কারনে অন্তত নতুন প্রজন্মের মধ্যে সামগ্রিকভাবেই এই রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আস্থা অনেক কম ছিল। ফলে একটি বড় হয়ে ওঠা আন্দোলনের মধ্যে সাধারণ জনগণ ও ছাত্ররা নিজেদের পরিচয়কে স্বতন্ত্র রাখতে চেয়েছিল। জুলাই পরবর্তীতে মোটামুটি উন্মোচিত বাস্তবতা এই যে শক্তিশালী এই দুটি রাজনৈতিক দলের এবং ছাত্রসংগঠনের প্রচুর নেতাকর্মী গুম-খুন-মামলার নিপীড়নের শিকার হলেও অনেকে ই আওয়ামী লীগের সাথে এলাকার রাজনীতিতে সমঝোতার ভিত্তিতে টিকেছিলেন কিংবা পরিচয় গোপন করে নিজেই আওয়ামী/ছাত্র লীগে ঢুকে গিয়েছেন। তাই এই দুটি সংগঠনের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে ওঠার পেছনে শক্তিশালী রাজনৈতিক দলসমূহ জনগণের বিশ্বাস হারানোই মূল কারণ তা সহজে বোধগম্য।


যদিও বিএনপি এবং জামায়াত এই দুটি ধারা এই ঘটনার পেছনে কারণ হিসেবে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে দমন পীড়নকে সামনে নিয়ে আসে, তবে দমন পীড়ন রাজনৈতিক পরিচয় ছাড়াও আন্দোলনে কম হয়নি। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, ডিজিটাল সিকিউরিটি একট এবং লেখক মশুতাক হত্যার প্রতিবাদে আন্দোলন- সকল আন্দোলনেই শেখ হাসিনা সরকার ব্যাপক দমননীতি গ্রহণ করে। রাজনৈতিক সংগঠনে যুক্ত থাক বা নাই থাক, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্যাগ দিয়ে, মিথ্যা দিয়ে নানাভাবে হয়রানি, হামলা ও নিপীড়ন অব্যহত ছিল। আবরার ফাহাদকে ভারতচুক্তির সমালোচনা করায় সাংগঠনিক রাজনীতি না করার পরেও কেবল ট্যাগ দিয়ে ই খুন করা হয়েছিল। ২৪ এর জুলাইয়ে জনগণ গুলি খাবার ঝুঁকি মাথায় নিয়ে, পুলিশ-বিজিবি-সেনাবাহিনীর অস্ত্রের সামনে খালি হাতে দাঁড়িয়ে গিয়েছে। এই বিশ্বাস তারা বিএনপি কিংবা জামায়াতের সরকার পতনের ডাকে দেখায়নি। কারণ এই জনগণ আওয়ামী লীগকে সরাতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের বিকল্প হিসেবে ইতোপূর্বে ক্ষমতাসীন কোনো দলের পক্ষে একত্র হতে চায়নি। এইজন্যই জুলাই আন্দোলনে জনগণের মুখের স্লোগানে, দেওয়ালেচিত্রে বারবার এসেছেঃ “বিকল্প কে? তুমি, আমি, আমরা!”


দ্বিতীয় যে দিক থেকে জুলাই আন্দোলন অতীত আন্দোলন থেকেও একটা বিশেষ স্বাতন্ত্র্য ও গৌরব বহন করে তা হলো এই আন্দোলন সুসংগঠিত ও সুস্পষ্ট নেতৃত্ব ছাড়াই জনগণের স্বতঃস্ফূর্ত সংঘবদ্ধতার দ্বারা পরিচালিত ও অগ্রসর হয়েছে। স্বতঃস্ফূর্ততার জন্য একদিকে যেভাবে রাজপথে সাধারণ মানুষের আত্মত্যাগের মাত্রা বৃদ্ধি পেয়েছে, তেমনি আবার এই স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করে যে রাষ্ট্র বা সরকার যত বড় শক্তিশালীই হোক, তা জনগণের অধীন হতে বাধ্য।


জুলাইয়ের পরে ডঃ ইউনউসের মাস্টারমাইন্ড তত্ব থেকে শুরু করে, প্রিন্ট ও টিভি মিডিয়াসহ সর্বত্র আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের যে জয়জয়কার হয়েছে তাতে মনে হয় এই আন্দোলনসমূহে তাদের কোনো এক জাদুকরী ভূমিকা বা কৌশল ছিল! এই আন্দোলন বুঝি বুঝি কোনো মহানায়কদের বিশেষ নেতৃত্বে এত বড় অর্জনে সফল হয়েছে! আওয়ামী লীগও এই ধরনের ন্যারেটিভে অত্যন্ত খুশি, কেননা এই ‘মেটিকুলাস ডিজাইন’ ন্যারেটিকভকে সামনে এনে ই তারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ষড়যন্ত্র হিসেবে দেখাতে অথচ ধারাবাহিকভাবে জুলাইয়ের কালক্রম দেখলে ই বোঝা যায় বিষয়টি এভাবে আগায় নাই। সমন্বয়কদের ব্যাপক চেষ্টার পরেও সামগ্রিকভাবে ২০১৮ এর তুলনায় এই আন্দোলন অনেক দুর্বল ছিল ১৪ জুলাই পর্যন্ত। তারপর ১৪ জুলাই শেখ হাসিনার দেওয়া রাজাকার অপবাদে ত্যাক্তবিরক্ত হয়ে ছাত্রছাত্রীরা রাজপথে নেমে আসার পর এই আন্দোলন প্রথম গতি পায়। আবুসাঈদসহ কয়েকজন এসময় পুলিশি হামলায় শহীদ হলে এই আন্দোলন কোটা সংস্কারের গন্ডি ভেঙ্গে পরিণত হয় গণ আন্দোলনে। এখানে কেন্দ্রীয় সমন্বয়কদের মহান কোনো কৌশল খুব আহামরি কাজে লাগে নাই, কাজে লেগেছে আবুসাঈদদের লড়াই ও আত্মত্যাগ। তখন থেকে জনগণের মধ্য থেকেই এই আন্দোলনের বেশিরভাগ দাবি, রাজপথে আন্দোলন এগোনোর বেশিরভাগ কৌশল উঠে আসতে থাকে। এলাকায় এলাকায় আন্দোলনকারীদের ছোট ছোট দল তৈরি হয় যারা নিজেদের চিন্তা অনুযায়ী মিছিল, কারফিউ ভাঙ্গা অব্যাহত রাখেন।


যে নয় দফা দাবি নাহিদ ইসলাম উপস্থাপন করেন, জুলাই আন্দোলনে মাঠে থাকা যে কোনো সচেতন আন্দোলনকারীর মনে তখন এই দাবিগুলোই কম-বেশি বিভিন্ন মাত্রায় বিরাজমান ছিল। প্রকৃতপক্ষে আওয়ামী সরকারের পতন ও আওয়ামী কালাকানুনগুলোর অবসানই জনগণের আকাঙ্ক্ষায় এবং এই নয় দফার সারমর্মে ছিল। কিন্তু সমন্বয়কদের মধ্য থেকেই একটা প্রধান অংশকে সাথে নিয়ে সারজিস আলম নয় দফার বিপরীতে আট দফা প্রকাশ করেন যাতে শেখ হাসিনাকে দায়বদ্ধ করা একদমই হয়নি। শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন মিডিয়ায় এসময় সারজিস আলমকে বারবার সামনে এনে আট দফাকে প্রচার করা হয়েছে। মজার বিষয় হলো জুলাই আন্দোলনের মধ্যে সারজিস আলম এর এই আট দফা নিয়ে আসার কোনো রকম ঐতিহাসিক পরিষ্কার ব্যাখ্যা যেমন আমরা দেখি না, বরং এই আট ও নয় দফার বিষয়টিকে এনসিপি নেতৃত্ববৃন্দ বুঝি বুঝি একটা অস্বস্তিকর সত্য হিসেবে পাশ কাটিয়ে যেতে চান। অর্থাৎ হাসিনাকে দায়মুক্তির একটা চেষ্টা খোদ জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কদের মধ্য থেকেই হয়েছে, তারা যদি বা সৎ উদ্দেশ্যে ও তা করে থাকেন।


একইভাবে ডিবি অফিসে আটক অবস্থায় নাহিদ, আসিফ, সারজিস সহ আট সমন্বয়ক আন্দোলন স্থগিত করেন। কিন্তু জনগণ সাথে সাথে ই তাদের নির্দেশ অগ্রাহ্য করে আন্দোলন অব্যাহত রাখে। ফেসবুকে ঐ সময় সাধারণ আন্দোলনকারীরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাবার দাবি জানাতে থাকে। কয়েক ঘন্টা পর প্রবল জনসমর্থন দেখে বাকি সমন্বয়কেরাও আন্দোলন চালিয়ে যাবার ভরসা পান এবং আন্দোলন চালিয়ে যাবার পক্ষেই থাকেন। তারা আন্দোলনকারীদের জানান যে সমন্বয়কদের মধ্যে সাধারণভাবে আন্দোলন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয় নাই।


‘নেতৃত্ব যেখানে প্রচন্ড চাপের মুখে আন্দোলন বাতিল করছেন, জনগণ গুলির মুখে সেখানে সাহসের সাথে লড়াই করে যাচ্ছে’- এটাই ছিল জুলাইয়ের শক্তি, কোনো মেটিকুলাস ডিজাইন নয়। কারন জুলাই গণভ্যুত্থান তখন এমন এক জায়গায় যে শেখ হাসিনার পতন ছাড়া কোনো স্বাভাবিক সমাধান আর সম্ভব নয়। রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্ররা শহীদ ফাইয়াজের রক্তের সাথে আপোষ করে ক্লাসে কীভাবে ফিরবে? বিইউপি-খুভির ছাত্ররা কি শহীদ মুগ্ধকে ভুলে গিয়ে পরীক্ষা দিবে? অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান একটা চেইন রিঅ্যাকশনের মত ক্রিয়াশীল ছিল, যাকে বিশেষ কোনো জাদুকরী কৌশলে এগিয়ে নেওয়ার প্রয়োজনও হয় নাই। এমনকি জুলাই গণঅভ্যুত্থান যখন এক দফার দিকে ধাবিত হচ্ছে তখনও এক দফার ঘোষণা সমন্বয়কদের থেকে আসছিল না। বামপন্থী ও সাংস্কৃতিক বলয়ের ঘোষিত দ্রোহযাত্রার কর্মসূচিতে সম্পূর্ণ সরকারের পদত্যাগ ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি আসে ২ আগস্ট। পরেরদিন বিকেলে সমন্বয়কেরা শহীদ মিনারে এক দফা কর্মসূচি ঘোষণা করে। অর্থাৎ সমন্বয়কেরাও বিভিন্ন গণতান্ত্রিক বলয়ের থেকে আসা এক দফা ঘোষণার চাপ এবং সর্বোপরি জনগণের থেকে আসা স্বৈরাচার পতনের দাবিতে শতভাগ সমর্থনের পরেই কেবল এক দফার আনুষ্ঠানিক ঘোষণা করতে সক্ষম হয়।


অর্থাৎ জুলাই গণভ্যুত্থানের কৌশলগত, কর্মসূচিগত ও আন্দোলন ধরে রাখা ও এগিয়ে নেওয়ার কৃতিত্ব যদি কারও থাকে সেটা মূলত জনগণের। বিএনপি এবং কিছুক্ষেত্রে জামায়াতের বিভিন্ন নেতারা স্থানীয় পর্যায়ে জনগণের সাথে মিশে এই লড়াইয়ে অংশ নিয়েছেন, কিন্তু দল হিসেবে এই উচ্চশক্তি দল দুটি হাসিনাবিবিরোধী সংগ্রাম তৈরিতে ও নেতৃত্বদানে সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠে জনগণকে রক্ত দেওয়ার মত আস্থা তাদের প্রতি জনগণের ছিল না। অরাজনৈতিক পরিচয় থেকে যে সকল ছাত্র নেতারা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে এসেছেন তারা জুলাইয়ে নিজের জায়গা থেকে বিভিন্ন কৃতিত্ব রেখেছেন, কিন্তু কেউ মহান কোনো ‘হিরো’ হননি যাকে ছাড়া। যে বৃহৎ সংখ্যক জনগণ রাস্তায় নেমেছে কিংবা এমনকি জুলাইয়ের অনেক আহত/শহীদ ব্যক্তি ও নাহিদ বা আসিফ চিনতেই না। তারা কেবল হাসিনার স্বৈরাশাসন রুখতে ই রাজপথে নেমেছিলেন জীবন হাতে নিয়ে। নাহিদসহ সকল সমন্বয়ক ছিলেন জনগণের আস্থার একটা প্রতীকমাত্র, এর বেশি বা কম কিছুই নয়।


তাই আজকে এই ক্রেডিটবাজির খেলার মধ্যে জুলাইয়ের প্রকৃত নায়ক যে জনগণ সে জনগণই হারিয়ে গেছে। চোখ, হাত-পা হারানো অসংখ্য আহত, অসংখ্য শহীদ ও তাদের ভুগতে থাকা অসহায় পরিবার, এবং জীবন হাতে নিয়ে রাস্তায় নামা আমার আপনার মত অসংখ্য মানুষের আত্মত্যাগই জুলাই। আজকে যখন সংরক্ষিত আসনের এমপি মারদিয়া মমতার মতো রাজনীতিকেরা বলে জুলাই আন্দোলন ডানপন্থীদের অর্জন, তখন এইসব তর্ক বিতর্কে হারিয়ে যায় জনগণের কথা, যে জনগণই জুলাইয়ের মহানায়ক, জুলাইয়ের মালিক। আর এই জনগণের জুলাই মরেও নাই, হারিয়েও যায়নি, বরং লেখা আছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ দেশের জনতার প্রত্যেক সংগ্রামের লাল ইতিহাসে।

-- --
সংগঠক,
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: