ফের আঘাত এলে ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি তেহরানের, হরমুজে দুটি তেল ট্যাংকার আটক

ছবিঃ সংগৃহীত
...ট্রাম্প চান ‘শান্তি অথবা যুদ্ধ—যেকোনো উপায়ে’ ইরান সংকট দ্রুত শেষ হোক। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তিনি নতুন করে হামলাও শুরু করতে পারেন। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন; তিনি যেকোনো একটি পথ বেছে নিতে পারেন।
ইরানের ওপর আবারও কোনো আঘাত এলে তার জবাব ‘ধ্বংসাত্মক’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজ শনিবার (৩১ অক্টোবর) তিনি এই হুঁশিয়ারি দেন। অন্যদিকে জ্বালানির আকাশচুম্বী মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছে জার্মানি।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, ‘রেড লাইনের ধারণা এখন অতীত।’ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্জ ইরানবিরোধী মার্কিন-ইসরায়েলি যুদ্ধের দ্রুত সমাপ্তি চেয়ে মন্তব্য করার পরই আরাকচি এ কথা বলেন।
এর আগে মার্জ বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় গত আট মাসে ইউরোপীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের ১০০ বিলিয়ন ইউরোরও বেশি অতিরিক্ত ব্যয় করতে হয়েছে।
হরমুজ প্রণালিতে বিস্ফোরণ ও ট্যাংকার আটক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথে’ যাওয়ার সময় চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে। আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্ব ও পশ্চিম অংশে দুটি তেল ট্যাংকার অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং প্রণালির দক্ষিণাঞ্চলীয় জলসীমায় সেগুলোকে আটক করা হয়।
ইরানের বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, শুক্রবার ট্যাংকার দুটি তাদের সব নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল এবং মার্কিন ‘সন্ত্রাসী বাহিনীর’ সহায়তায় হরমুজ প্রণালির অননুমোদিত পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রেডিওর মাধ্যমে বারবার সতর্ক করা সত্ত্বেও ট্যাংকার দুটি তা উপেক্ষা করে একটি অনিরাপদ অঞ্চলে প্রবেশ করে। সেখানে দুর্ঘটনার কবলে পড়ার পর হরমুজ প্রণালির দক্ষিণ উপকূল থেকে আইআরজিসি ট্যাংকার দুটিকে আটক করে।
কূটনৈতিক তৎপরতা ও ওয়াশিংটনের অবস্থান
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, আলোচনার জন্য কাতারের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার সকালে তেহরানে পৌঁছেছে। এ ছাড়া ইরানের একটি সূত্র নিশ্চিত করেছে, যুদ্ধ অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চিঠি পেয়েছে তেহরান।
অন্যদিকে ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক মোহাম্মদ এলমেনশাওয়ি আল-জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্প চান ‘শান্তি অথবা যুদ্ধ—যেকোনো উপায়ে’ ইরান সংকট দ্রুত শেষ হোক। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তিনি নতুন করে হামলাও শুরু করতে পারেন। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন; তিনি যেকোনো একটি পথ বেছে নিতে পারেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



