ধ্বংসের লভ্যাংশ: ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধে কার লাভ, কার ক্ষতি?

মনজুরুল আহসান
মনজুরুল আহসান
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ৬:০০পরিবর্তন করতে ক্লিক করুন
ধ্বংসের লভ্যাংশ: ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধে কার লাভ, কার ক্ষতি?

ছবি: হোয়াইট হাউজ

শেয়ার করুন:

...একমাত্র ব্যতিক্রম হলো মার্কিন প্রতিরক্ষা শিল্প (ডিফেন্স ইন্ডাস্ট্রি), যা মুনাফার রেকর্ড করেছে। ইরান যুদ্ধে সর্বাধিক লাভবান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান—লকহিড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান, জেনারেল ডায়নামিক্স এবং বোয়িং-এর নাম সামনে এসেছে। তারা একই সাথে তাৎক্ষণিক মুনাফা বৃদ্ধি করেছে এবং দীর্ঘমেয়াদি উৎপাদন চুক্তি নিশ্চিত করেছে।

 

যুদ্ধ নিশ্চিতভাবেই ভাগ্য বয়ে আনে—তবে সাধারণ মানুষের জন্য নয়, সুনির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য। যখন যুদ্ধ বেধে যায়, তখন নিত্যদিনের দুর্ভোগ; যেমন—ক্রমবর্ধমান ব্যয়, উচ্চ মূল্যস্ফীতি, ভেঙে পড়া সাপ্লাই চেইন, কলকারখানা বন্ধ হওয়া, বেকারত্ব ইত্যাদি সবার মনোযোগ কেড়ে নেয়। অথচ এই চরম অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যেও একটি খাত ঠিকই ফুলে-ফেঁপে ওঠে। সেখানে কর্মসংস্থান বাড়ে, কাঁচামালের চাহিদা বৃদ্ধি পায়। বৈশ্বিক অর্থনীতিতে এর কিছু ইতিবাচক অর্থনৈতিক প্রভাবও দেখা যায়। পুঁজিবাদী ব্যবস্থার নির্মম পরিহাস ঠিক এখানেই। অর্থাৎ, পুঁজিবাদী ব্যবস্থা টিকে থাকার জন্য কখনও কখনও যুদ্ধ আশীর্বাদস্বরূপ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কোনো ধরনের উসকানি ছাড়াই ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা এর একটি উদাহরণ হতে পারে।

 

প্রতিরোধ এবং শান্তি আলোচনায় সাময়িক সাফল্যের জন্য ইরান হয়তো প্রশংসা পেতে পারে; কিন্তু দিন শেষে মার্কিন ও ইসরায়েলি যৌথ ক্ষেপণাস্ত্র ও বোমার আঘাতে দেশটির মৌলিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশুসহ শত শত বেসামরিক নাগরিক এবং উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন।

 

এতে দিন শেষে ইরানের কোনো লাভ হয়নি। অন্যদিকে, এই যুদ্ধের ফলে সাধারণ মার্কিন নাগরিকরা ২০২২ সালের পর এই প্রথম প্রতি গ্যালন তেলের দাম চার ডলারের উপরে পরিশোধ করেছে এবং চরম মূল্যস্ফীতির শিকার হয়েছে। এই যুদ্ধ বিশ্বের অন্যান্য অর্থনীতিতেও চরম আঘাত হেনেছে।

 

এই পুরো দৃশ্যপটের একমাত্র ব্যতিক্রম হলো মার্কিন প্রতিরক্ষা শিল্প (ডিফেন্স ইন্ডাস্ট্রি), যা মুনাফার রেকর্ড করেছে। ইরান যুদ্ধে সর্বাধিক লাভবান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান—লকহিড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান, জেনারেল ডায়নামিক্স এবং বোয়িং-এর নাম সামনে এসেছে। তারা একই সাথে তাৎক্ষণিক মুনাফা বৃদ্ধি করেছে এবং দীর্ঘমেয়াদি উৎপাদন চুক্তি নিশ্চিত করেছে।

 

যুদ্ধ-পূর্ববর্তী মুনাফা

 

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার আগেই, অর্থাৎ প্রস্তুতি পর্বেই প্রতিরক্ষা ঠিকাদাররা টাকা কামাতে শুরু করে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (কিউ-ওয়ান) উপার্জনের প্রতিবেদনগুলো তা স্পষ্টভাবে প্রমাণ করে। আরটিএক্স প্রথম প্রান্তিকে ২২.১ বিলিয়ন ডলার বিক্রির কথা জানিয়েছে—যা আগের বছরের তুলনায় ৮.৭% বেশি। জিই অ্যারোস্পেস আরও চমকপ্রদ প্রবৃদ্ধি দেখিয়েছে, যার প্রথম প্রান্তিকের রাজস্ব ছিল ১১.৬১ বিলিয়ন ডলার—যা আগের বছরে থেকে ২৪.৬% বৃদ্ধি পেয়েছে। নর্থরপ গ্রুম্যান প্রথম প্রান্তিকে ৯.৮৮ বিলিয়ন ডলার বিক্রির কথা জানিয়েছে এবং ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তাদের উৎপাদন অবকাঠামো আরও ২০ লাখ বর্গফুট বৃদ্ধি করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নর্থরপ গ্রুম্যান এবং আরটিএক্স উভয় প্রতিষ্ঠানই ২০২৬ সালের মে মাসে ৭% লভ্যাংশ বৃদ্ধির ঘোষণা দেয়, যা ইঙ্গিত করে যে কোম্পানির নীতিনির্ধারকরা এই চাহিদার জোয়ারকে একটি দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল ব্যবসায়িক সম্ভাবনা হিসেবে দেখছেন।

 

বাজার মূলধনে ১২০ বিলিয়ন ডলারের উল্লম্ফন

 

বাজারের প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাতের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান পাঁচটি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান বাজার মূলধনে প্রায় ১২০ বিলিয়ন ডলার যোগ করেছে। উত্তেজনা যখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নেয়, তখন প্রতিরক্ষা খাতের শেয়ারের দাম হু হু করে বেড়ে যায়। হামলার পর প্রথম কার্যদিবসেই নর্থরপ গ্রুম্যানের শেয়ার প্রায় ৬%, আরটিএক্স-এর প্রায় ৫% এবং লকহিড মার্টিনের শেয়ার প্রায় ৩% বৃদ্ধি পায়।

 

অস্ত্রের মজুত কমে গেলে তৈরি হয় নতুন চাহিদা

 

যুদ্ধে প্রতিটি গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অর্থ হলো, এটি পরবর্তী কয়েক বছরের ব্যবসায়িক উপার্জনের পথ সুগম করে। তাৎক্ষণিকভাবে অস্ত্র মজুত বাড়ানোর অর্ডার লাভ করে তারা। এর সাথেই আসে রক্ষণাবেক্ষণ চুক্তি এবং তারও পরে আসে আপগ্রেড বা আধুনিকীকরণ চুক্তি। ইরান যুদ্ধ রেকর্ড গতিতে বিপুল পরিমাণ ব্যয়বহুল অস্ত্রের মজুত হ্রাস করেছে। 'অপারেশন এপিক ফিউরি'র প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র শত শত টমাহক  ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুদ্ধ-পরবর্তী বেশ কয়েকটি মূল্যায়নে অনুমান করা হয়েছে, মোট ৬০০ থেকে ৮৫০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা এই অস্ত্রের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ব্যবহারের রেকর্ড।

 

তাছাড়া, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নিখুঁত হামলার মিসাইল মজুতের একটি বড় অংশ শেষ হয়ে গেছে বলে পর্যবেক্ষকরা অনুমান করছেন। তবে এসব মিসাইল মজুতের ঠিক কত অংশ ব্যয় হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

 

প্রতিরক্ষামূলক ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের ঘাটতি দেখা গেছে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ২০০টিরও বেশি থাড  ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে—যা তাদের মোট মজুতের প্রায় অর্ধেক। প্যাট্রিয়ট  ইন্টারসেপ্টর ব্যবহারের হারও ছিল অত্যধিক বেশি, যার আনুমানিক সংখ্যা কয়েক শত থেকে প্রায় এক হাজার পর্যন্ত হতে পারে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান উৎপাদন গতি বজায় রাখলে এই মজুতের একাংশ পূরণ করতেই কয়েক বছর লেগে যেতে পারে। উৎপাদনের এই প্রতিবন্ধকতা কিন্তু টাকা নয়, বরং অবকাঠামো। টমাহক এবং জেএএসএসএম গোত্রের ক্ষেপণাস্ত্রগুলোতে ব্যবহৃত প্রপালশন সিস্টেমের প্রধান সরবরাহকারী হলো 'উইলিয়ামস ইন্টারন্যাশনাল'। যুক্তরাষ্ট্রের জন্য এইসব অস্ত্রের মজুত পূর্বাবস্থায় নিয়ে আসা অত্যন্ত জরুরি। ফলে মার্কিন সমরাস্ত্র কোম্পানিগুলোর জন্য আগামী কয়েক বছরের বিপুল আয় নিশ্চিত।

 

মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি: যুদ্ধ-পরবর্তী জ্যাকপট

 

এই সংঘাত অঞ্চলের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার নতুন চাহিদা তৈরি করেছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ১৬.৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ২০২৬ সালের মে মাসে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি জরুরি মওকুফ ক্ষমতা  ব্যবহার করে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের দ্রুত অস্ত্র বিক্রির অনুমোদন দেন। পরবর্তী প্রতিবেদনগুলো ইঙ্গিত করে যে এই মোট অঙ্ক ২৫.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

 

এই চাহিদার বাস্তব রূপ সত্যিই বিস্ময়কর। ইতোমধ্যে পিএসি-৩ এমএসই  ইন্টারসেপ্টর সংযুক্ত আরব আমিরাত ৬০০টি, কুয়েত ৫০০টি এবং কাতার ৩০০টি সরবরাহের জন্য অনুরোধ করেছে। অথচ লকহিড মার্টিনের বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা মাত্র ৬৫০টি। যুদ্ধের এই বাস্তব অভিজ্ঞতা এযাবৎকালের প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। সমরাস্ত্র উৎপাদন ও আধুনিকায়নে আরও আগ্রাসী অর্থায়নের ‘প্রয়োজনীয়তা’ সামনে এনেছে।

 

সাধারণ মার্কিন নাগরিকদের চড়া মূল্য

 

যখন করপোরেট নির্বাহীরা রেকর্ড মুনাফা উদযাপন করছেন, তখন সাধারণ মার্কিন নাগরিকদের এর বিল পরিশোধ করতে হচ্ছে। গত ২৪ জুন, ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে যুদ্ধের খরচ মেটানোর জন্য চলতি অর্থবছরের বরাদ্দের বাইরে অতিরিক্ত ৭০ বিলিয়ন ডলার চেয়েছে। চলতি অর্থবছরে পেন্টাগনের জন্য অনুমোদিত বরাদ্দ ছিল ৮৬৭ বিলিয়ন ডলার।

 

সামরিক বাহিনীর মানবিক ও বস্তুগত ক্ষতিও কম নয়। সংঘাতের সময় মার্কিন বাহিনী কয়েক ডজন বিমান ও সহায়তা প্ল্যাটফর্ম ধ্বংস কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে ই-৩ সেন্ট্রি  এবং এফ-১৫ই ফাইটার জেটের মতো উচ্চ-মূল্যের সম্পদ অন্তর্ভুক্ত।

 

ফলে মার্কিন করদাতাদের প্রকৃত খরচ কেবল তাৎক্ষণিক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে মোট প্রতিরক্ষা বাজেট ১.৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি চলে যাবে, যা গত কয়েক দশকের মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড। এটি যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতের বরাদ্দ সংকুচিত করবে।

 

জ্বালানি তেলের উচ্চমূল্য আর রেকর্ড মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন রাইস্টাড এনার্জি -এর বিশ্লেষণ বলছে, তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মার্কিন তেল উৎপাদকদের অতিরিক্ত মুনাফার পরিমাণ ৬৩ বিলিয়ন ডলার হতে পারে।

 

সামরিক খাতের বড় ঠিকাদারদের কাছে যুদ্ধের তাৎপর্য অত্যন্ত পরিষ্কার—যুদ্ধ অস্ত্র ও গোলাবারুদের মজুত খালি করে, করদাতারা সেই মজুত আগের অবস্থায় নিয়ে আসার জন্য অর্থায়ন করে, আর ঠিকাদার মুনাফা পকেটস্থ করে; এবং এই চক্রের পুনরাবৃত্তি ঘটতে থাকে।

 

ওয়াল স্ট্রিটের প্রতিরক্ষা জায়ান্টদের কাছে এই সংঘাত কেবল কোনো সামরিক ঘটনা নয়; এটি কোটি কোটি ডলারের একটি ব্যবসায়িক সুযোগ। ইরান যুদ্ধের আসল গল্পটি হয়তো শুধু কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা দিয়ে পরিমাপ করা যাবে না, বরং এরপরে কত টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা দিয়ে পরিমাপ করা উচিত হবে।

 

তবে অজনপ্রিয় প্রশ্নটি এটি নয় যে যুদ্ধ থেকে কে লাভবান হচ্ছে, বরং প্রশ্ন হলো এটি বন্ধ করার ক্ষমতা কার আছে? মানুষের দুর্ভোগ যখন করপোরেট প্রবৃদ্ধি নিশ্চিত করে, তখন ক্ষমতাবানদের কাছে 'শান্তি' একটি অর্থনৈতিকভাবে অযৌক্তিক বিষয় হয়ে দাঁড়ায়।

--

লেখক: যুগ্ম সম্পাদক, ঢাকা পেপার্স 

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: