ইরানের বিপ্লব ও বাংলাদেশের শিক্ষা

ড. মঞ্জুরে খোদা টরিক
ড. মঞ্জুরে খোদা টরিক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৮:৩১পরিবর্তন করতে ক্লিক করুন
ইরানের বিপ্লব ও বাংলাদেশের শিক্ষা

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

ইরান বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা শুধু এই নয় যে, ইসলামপন্থীরা শেষ পর্যন্ত বামপন্থীদের পরাজিত করেছিল। গভীর শিক্ষা হলো, স্বৈরাচার উৎখাতের জন্য রাজনৈতিক ঐক্য যথেষ্ট, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য তা যথেষ্ট নয়। ইরানে শাহবিরোধী আন্দোলন ছিল একটি বিস্তৃত যৌথ ‘না’। কিন্তু বিপ্লবের পরে প্রয়োজন ছিল একটি যৌথ ‘হ্যাঁ’—কেমন রাষ্ট্র হবে, কেমন সংবিধান হবে, নাগরিকের অধিকার কোথায় সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা কোথায় নির্ধারিত হবে।

১৯৭৯ সালের ইরানি বিপ্লব আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। শাহ মোহাম্মদ রেজা পাহলভির দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে যে গণআন্দোলন গড়ে উঠেছিল, সেখানে কমিউনিস্ট ও বামপন্থী, উদারপন্থী জাতীয়তাবাদী, ইসলামি গণতন্ত্রী, ইসলামপন্থী, ছাত্র, শ্রমিক, নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছিল। তাদের রাজনৈতিক আদর্শ ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে ধারণা ছিল পরস্পর থেকে ভিন্ন। কিন্তু তারা একটি মৌলিক বিষয়ে একমত ছিল—শাহের শাসনের অবসান ঘটাতে হবে। এই বিস্তৃত ঐক্যই একদিকে শাহের পতনকে সম্ভব করেছিল, অন্যদিকে বিপ্লব-পরবর্তী রাষ্ট্রের চরিত্র নির্ধারণে একটি মৌলিক রাজনৈতিক সংকট তৈরি করেছিল। কারণ, স্বৈরশাসককে উৎখাতের জন্য যে ধরনের ঐক্য প্রয়োজন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ভিন্ন ধরনের ঐক্য ও প্রস্তুতি।

ইমানুয়েল কারাগিয়ানিস ও ক্লার্ক ম্যাককাউলি ২০১৩ সালে ‘দ্য ইমার্জিং রেড-গ্রিন অ্যালায়েন্স’ শিরোনামের একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন। সেখানে দেখানো হয়, শত্রু এক হলে কট্টর বামপন্থী ও ইসলামপন্থীদের বন্ধুত্ব কীভাবে সহজ হয়। কিন্তু এই বন্ধুত্বে দুই পক্ষের অবস্থান সমান হয় না। এক পক্ষের থাকে সংগঠন, অর্থ ও কর্মী; অন্য পক্ষের থাকে বুদ্ধিজীবী খ্যাতি আর একটি সাময়িক জোট। ইরানের তৎকালীন শাসক শাহের বিরুদ্ধে নারী, জাতীয়তাবাদী, ডান-বাম ও ইসলামপন্থীরা একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। নতুন দেশ কেমন হবে, নারী কতটা স্বাধীনতা পাবে—এসব প্রশ্নে তখন বলা হয়েছিল, আগে শাহ যাক, তারপর দেখা যাবে। শাহ গেলেন, কিন্তু তারপর আর সেই ‘দেখা’ হলো না। শিক্ষাটা সোজা: শক্তিশালী শত্রু থাকলে সবার দাম থাকে; শত্রু সরে গেলে নিয়ম বানায় ক্ষমতা যার হাতে, সেই।

ইরানের বিপ্লব কি একটি ‘ইসলামি বিপ্লব’ ছিল?

১৯৭৮–৭৯ সালের ইরানি বিপ্লবকে পরবর্তী সময়ে প্রায়ই ‘ইসলামি বিপ্লব’ হিসেবে অভিহিত করা হয়। কিন্তু বাস্তবতা আসলে তা ছিল না। শাহবিরোধী আন্দোলনে বাম-কমিউনিস্ট, উদারপন্থী, জাতীয়তাবাদী, ইসলামি গণতন্ত্রী ও আয়াতুল্লাহ খোমেনির অনুসারীরাও অংশগ্রহণ করেছিলেন। এই শক্তিগুলোর রাজনৈতিক লক্ষ্য এক ছিল না। কেউ রাজনৈতিক স্বাধীনতা ও গণতন্ত্র চেয়েছিল, কেউ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাসের দাবি তুলেছিল, কেউ জাতীয় স্বাধীনতা ও বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র চেয়েছিল, আবার ইসলামপন্থীদের একটি গুরুত্বপূর্ণ অংশ একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়েছিল।

ইরান বিপ্লব

অর্থাৎ বিপ্লবের আগে একটি ‘নেতিবাচক ঐক্য’ গড়ে উঠেছিল। সবাই জানত তারা কী চায় না: তারা শাহকে চায় না। কিন্তু বিপ্লবের পরে প্রয়োজন হয়েছিল একটি ‘ইতিবাচক সাংবিধানিক বোঝাপড়া’—কেমন রাষ্ট্র হবে, সংবিধান কেমন হবে, রাষ্ট্রীয় ক্ষমতার সীমা কোথায় থাকবে এবং নাগরিক অধিকার কীভাবে সুরক্ষিত হবে। এই দুইয়ের পার্থক্য বোঝার ব্যর্থতাই ইরানের বিপ্লব-পরবর্তী সংকটের প্রধান কারণ।

শাহের পতনের পর মূল প্রশ্ন বদলে গেল

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি শাহের পতনের মধ্য দিয়ে পুরোনো শাসনব্যবস্থার অবসান ঘটে। কিন্তু এর সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রশ্নও পরিবর্তিত হয়। বিপ্লবের আগে প্রশ্ন ছিল: ‘শাহ থাকবে কি থাকবে না?’ বিপ্লবের পরে প্রশ্ন হয়ে দাঁড়াল: ‘শাহকে সরানোর পর রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করবে কে?’

এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বিপ্লবী জোটের মধ্যে কোনো সুসংহত ঐকমত্য ছিল না। খোমেনির সুবিধা ছিল—তাঁদের শুধু রাজনৈতিক জনপ্রিয়তা ছিল না; ছিল সংগঠিত ধর্মীয় নেটওয়ার্ক, মসজিদভিত্তিক সাংগঠনিক কাঠামো, বিপ্লবী কমিটি, পরবর্তীকালে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের সক্ষমতা। ফলে তাঁরা শুধু আন্দোলনের অংশ ছিলেন না; তাঁরা নতুন রাষ্ট্রের একটি নির্দিষ্ট ধারণা ও প্রতিষ্ঠানগত কাঠামো নিয়েও এগিয়েছিলেন। অন্যদিকে বিপ্লবের অন্যান্য অংশীদারদের অনেকেই মূলত শাহবিরোধী আন্দোলনের মধ্যেই নিজেদের রাজনৈতিক শক্তি সীমাবদ্ধ রেখেছিলেন। ফলে পুরোনো শাসনব্যবস্থা ভেঙে যাওয়ার পর রাষ্ট্র পুনর্গঠনের প্রতিযোগিতায় তাঁরা তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে পড়ে যান।

নারীদের প্রতিবাদ

বিপ্লবের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নারীরা নতুন রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারলেন। ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি ১৯৬৭ সালের ‘পারিবারিক সুরক্ষা আইন’কে ইসলামবিরোধী ঘোষণা করা হয়। এই আইন নারীদের বিবাহ, তালাক ও পারিবারিক অধিকারে কিছু গুরুত্বপূর্ণ সুরক্ষা দিয়েছিল। একই সময়ে সরকারি কর্মজীবী নারীদের ‘ইসলামি পোশাক’ অনুসরণের নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে, তেহরান ও শিরাজে হাজার হাজার নারী রাস্তায় নেমে আসেন। এটি ছিল বিপ্লব-পরবর্তী ইরানের প্রথম বড় প্রতিবাদ।

ইরানে নারীদের বিদ্রোহ

একে কেবল হিজাববিরোধী আন্দোলন হিসেবে দেখলে ভুল হবে। নারীরা মূলত প্রশ্ন তুলেছিলেন, বিপ্লব কি তাঁদের রাজনৈতিক ও সামাজিক অধিকার সংকুচিত করবে? নারীর ব্যক্তি স্বাধীনতা ও আইনি অধিকার কি অক্ষুণ্ণ থাকবে? এই সময় নারীদের আন্দোলনের ওপর হামলা হয়। পরবর্তীকালে ইসলামি নেতৃত্ব সাময়িকভাবে কিছুটা পিছিয়ে যায়, কিন্তু সেটি ছিল কেবল একটি সাময়িক রাজনৈতিক কৌশল।

বিপ্লবী জোটের ভাঙন

বিভিন্ন শক্তি একসঙ্গে শাহের বিরুদ্ধে লড়েছিল, কিন্তু তারা বিপ্লব-পরবর্তী রাষ্ট্রব্যবস্থা নিয়ে একসঙ্গে থাকতে পারেনি। নারী, বামপন্থী, জাতীয়তাবাদী, উদারপন্থী এবং ইসলামপন্থীরা একই আন্দোলনে অংশ নিলেও বিপ্লবের পর প্রত্যেক গোষ্ঠী নিজ নিজ রাজনৈতিক অধিকার ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে আলাদা অবস্থান গ্রহণ করে।

ইরান বিপ্লব পরবর্তী নারীরা

স্বৈরাচারবিরোধী ঐক্য কোনো রাজনৈতিক ব্যবস্থা নয়। একটি জোট যদি শুধু পুরোনো শাসককে অপসারণের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়, কিন্তু ক্ষমতা পরিবর্তনের পর রাষ্ট্রের কাঠামো, সংবিধান, বিচারব্যবস্থা, সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষমতা, রাজনৈতিক দলের স্বাধীনতা, নারী ও সংখ্যালঘুদের অধিকার এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সম্পর্কে পূর্বনির্ধারিত ঐকমত্য না থাকে, তাহলে বিপ্লব-পরবর্তী ক্ষমতার লড়াইয়ে সবচেয়ে সংগঠিত শক্তিই প্রাধান্য পাবে। এখানেই এক মৌলিক রাজনৈতিক শিক্ষা নিহিত রয়েছে।

তুদেহ পার্টি: বিপ্লবী মিত্র থেকে শত্রু

ইরানের কমিউনিস্ট তুদেহ পার্টির এই রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বিপ্লবের পূর্বাপর তুদেহ নেতৃত্ব খোমেনিকে সহযোগিতার পথ বেছে নেয়। তাদের রাজনৈতিক হিসাব ছিল, শাহের পতনকে স্বাগত জানানো ও নতুন বিপ্লবী ব্যবস্থার সঙ্গে কাজ করা; ভবিষ্যতে রাজনৈতিক মতপার্থক্য মোকাবিলা করা যাবে। কিন্তু এই কৌশলের পরিণতি ছিল বিপরীত।

নূরেদ্দিন কিয়ানুরিসহ

১৯৮৩ সালে ইসলামি সরকার তুদেহ পার্টির বিরুদ্ধে অভিযান চালিয়ে দলের নেতা নূরেদ্দিন কিয়ানুরিসহ অন্যান্য নেতাকে গ্রেফতার করলে দলটি কার্যত নিষিদ্ধ হয়ে যায়। এখানে দুটি বিপরীতমুখী রাজনৈতিক হিসাব মুখোমুখি ছিল: তুদেহের হিসাব ছিল, ‘ইসলামপন্থীরা এখন আমাদের বিপ্লবী মিত্র; রাজনৈতিক পার্থক্য ভবিষ্যতে সমাধান করা যাবে।’ অন্যদিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত শক্তির হিসাব ছিল, ‘বিপ্লব শেষ হয়েছে; এখন রাষ্ট্রে কারা থাকবে, সেটি আমরা নির্ধারণ করব।’ এই দুই হিসাবের পার্থক্যই বিপ্লব-পরবর্তী রাজনীতির কঠিন শিক্ষা।

সাংবিধানিক কাঠামোর প্রশ্ন

বিপ্লবের পর ইরান এমন এক সংবিধান গ্রহণ করে, যা ধর্মীয় কর্তৃত্বকে রাষ্ট্রের কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত করে। ১৯৮১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে র‌্যাডিক্যাল ইসলামপন্থীরা রাষ্ট্রীয় ক্ষমতার ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ক্রমে সরিয়ে দেয়। তুদেহ পার্টিকেও ১৯৮৩ সালে নিষিদ্ধ করা হয়।

বিপ্লবী রাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত: রাষ্ট্রপ্রধানের ক্ষমতার সীমা কী? সংখ্যাগরিষ্ঠতা কি সংখ্যালঘুদের অধিকার খর্ব করতে পারবে? বিপ্লবের একজন অংশীদার পরদিন বিরোধী হয়ে গেলে তার অধিকার কী থাকবে? নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার কে রক্ষা করবে? রাজনৈতিক দলের স্বাধীনতা কতটা থাকবে? বিচার বিভাগ কতটা স্বাধীন থাকবে? সেনাবাহিনী ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা কী হবে?

ইরানের ক্ষেত্রে এসব প্রশ্নের স্থায়ী ও কার্যকর প্রাতিষ্ঠানিক উত্তর প্রতিষ্ঠিত হওয়ার আগেই ক্ষমতা একটি নির্দিষ্ট শক্তির হাতে চলে যায়।

দমন-পীড়ন ও বিপ্লবের পরিণতি

বিপ্লব-পরবর্তী রাজনৈতিক সংঘাত ভয়াবহ দমন-পীড়নে রূপ নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নথিতে ১৯৮১ সালে বিপুলসংখ্যক রাজনৈতিক মৃত্যুদণ্ডের তথ্য পাওয়া যায়; এর বড় অংশই ছিল বামপন্থী রাজনৈতিক কর্মী। রাজতন্ত্রী, মুজাহিদিন, কুর্দি ও অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় বিরোধীরাও রাষ্ট্রীয় দমনের শিকার হন। সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি ছিল ১৯৮৮ সালের জুলাই-সেপ্টেম্বরের মধ্যে রাজবন্দীদের ব্যাপক মৃত্যুদণ্ড। হিউম্যান রাইটস ওয়াচের গবেষণায় কয়েক হাজার বন্দীর হত্যাকাণ্ডের কথা উঠে এসেছে। এভাবেই বিপ্লবের অংশীদারদের একটি বড় অংশ অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রের শত্রুতে পরিণত হয়।

বিপ্লবের শত্রু কীভাবে বিস্তৃত হয়

রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ইরানের অভিজ্ঞতাকে বুঝতে ‘স্বার্থসুবিধার জোট’ ও ‘শাসনতান্ত্রিক জোট’ ধারণা দুটি গুরুত্বপূর্ণ। শাহকে অপসারণের জন্য প্রয়োজন হয়েছিল একটি বিস্তৃত ‘নেতিবাচক ঐক্য’। এই জোটের সদস্যরা জানত তারা কী চায় না। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন ছিল একটি ‘ইতিবাচক ঐক্য’, যেখানে অংশীদাররা জানবে তারা কী ধরনের রাষ্ট্র নির্মাণ করতে চায়।

এই জায়গাতেই বিপ্লবী জোটের দুর্বলতা প্রকট হয়। একজন রাজনৈতিক প্রতিপক্ষকে প্রথমে ‘বিপ্লবের মিত্র’, পরে ‘বিপ্লবের বাধা’ এবং শেষ পর্যন্ত ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়, যখন রাষ্ট্রের বৈধতার একমাত্র উৎস হিসেবে একটি নির্দিষ্ট মতাদর্শ প্রতিষ্ঠিত হয়। ফলে আজ যে ব্যক্তি বিপ্লবের সহযোদ্ধা, কাল সে রাষ্ট্রের শত্রু হয়ে যায়।

বাংলাদেশের জন্য শিক্ষা

ইরান বিপ্লবের তুলনামূলক রাজনৈতিক শিক্ষা হিসেবে বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হাজির করে। ২৪-এর গণঅভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে একটি বিস্তৃত ঐক্য তৈরি হয়েছিল। তাদের মধ্যে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও একটি সাধারণ রাজনৈতিক লক্ষ্য তাদের একত্র করেছিল—শেখ হাসিনা সরকারের পতন। এই ধরনের ঐক্যকে ‘নেতিবাচক ঐক্য’ হিসেবে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ বিভিন্ন শক্তি একটি বিষয়ে একমত হয়েছিল। কিন্তু অভ্যুত্থানের পর প্রশ্নটি বদলে যায়: কী ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ঐকমত্য কতটা ছিল, সেটিই হয়ে ওঠে মূল বিষয়।

সংগঠিত শক্তির সুবিধা

রাজনৈতিক পরিবর্তনের সময় শুধু জনসমর্থন যথেষ্ট নয়; প্রয়োজন সাংগঠনিক সক্ষমতা, প্রতিষ্ঠান, নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনা। ইরানে ইসলামপন্থীরা এ ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে ছিল। তাদের ছিল সংগঠিত ধর্মীয় নেটওয়ার্ক, মসজিদভিত্তিক কাঠামো, নেতৃত্ব, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের সক্ষমতা। বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো শক্তিশালী মাদ্রাসাভিত্তিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক পরিসরে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

রাজনীতিবিজ্ঞানের একটি সাধারণ সূত্র হলো, যে শক্তি সবচেয়ে বেশি সংগঠিত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের সময় তার প্রভাব জনসংখ্যাগত সমর্থনের চেয়েও বেশি হয়ে উঠতে পারে। ইরানের অভিজ্ঞতা এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ (বাংলাদেশে সংগঠিত শক্তি হিসেবে জামায়াত ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল, কিন্তু ভোটে ঠিকই হেরে গিয়েছিল)।

২০২৪-এ বাংলাদেশের গণ-অভ্যুত্থানে অনুষ্ঠিত দ্রোহযাত্রা

বাংলাদেশের বাম ও উদারপন্থীদের জন্য সতর্কতা

বাংলাদেশের বাম, উদারপন্থী, গণতন্ত্রী, নারী আন্দোলন, ছাত্র-শিক্ষক ও শ্রমজীবী রাজনৈতিক শক্তির জন্য ইরানের অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শুধু একটি স্বৈরাচারবিরোধী অবস্থান যথেষ্ট নয়। শুধু ‘কাকে চাই না’—এই প্রশ্নের উত্তর দিয়ে দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক রাজনীতি নির্মাণ করা যায় না। প্রয়োজন ‘কী চাই’, তার সুস্পষ্ট উত্তর।

ইরান বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা শুধু এই নয় যে, ইসলামপন্থীরা শেষ পর্যন্ত বামপন্থীদের পরাজিত করেছিল। গভীর শিক্ষা হলো, স্বৈরাচার উৎখাতের জন্য রাজনৈতিক ঐক্য যথেষ্ট, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য তা যথেষ্ট নয়। ইরানে শাহবিরোধী আন্দোলন ছিল একটি বিস্তৃত যৌথ ‘না’। কিন্তু বিপ্লবের পরে প্রয়োজন ছিল একটি যৌথ ‘হ্যাঁ’—কেমন রাষ্ট্র হবে, কেমন সংবিধান হবে, নাগরিকের অধিকার কোথায় সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা কোথায় নির্ধারিত হবে। সেই প্রশ্নগুলোর উত্তর আগে নির্ধারিত না থাকায় শেষ পর্যন্ত সবচেয়ে সংগঠিত শক্তিই বিপ্লবের রাজনৈতিক মালিকানা গ্রহণ করে।

ইরানের অভিজ্ঞতা তাই একটি মৌলিক রাজনৈতিক সতর্কবার্তা দেয়। একজন শাসককে সরানো এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ইরান ১৯৭৯ সালে প্রথম কাজটি সফলভাবে করেছিল; কিন্তু দ্বিতীয় কাজের লড়াইয়ে বিপ্লবী জোটের বড় একটি অংশ পরাজিত হয়েছিল। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো, কোনো রাজনৈতিক পরিবর্তন যদি কেবল ‘কার বিরুদ্ধে’ এই প্রশ্নে ঐক্যবদ্ধ হয়, কিন্তু ‘কী ধরনের রাষ্ট্রের জন্য’ এই প্রশ্নে ঐকমত্য তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে পরিবর্তনের পর রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে রাজনীতিতে সবচেয়ে সংগঠিত শক্তি।

কারণ ইতিহাসের কঠিন শিক্ষা হলো, বিপ্লবের সময় সবাই মিত্র হতে পারে; কিন্তু বিপ্লবের পরে রাষ্ট্র কার হাতে যাবে, সেটি নির্ধারণ করে মতাদর্শের চেয়ে বেশি—সংগঠন, প্রতিষ্ঠান, নেতৃত্ব এবং ক্ষমতার প্রকৃত ভারসাম্য।

তথ্যসূত্র

১. Encyclopaedia Iranica, Feminist Movements in the Islamic Republic, ৮ মার্চ ১৯৭৯-এর নারী আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি।

২. Cambridge University Press, Nikki Keddie, Culture and Politics in Iran Since the 1979 Revolution, বিপ্লবী জোট ও ইরানের রাজনৈতিক রূপান্তর বোঝার জন্য।

৩. Human Rights Watch, Iran's 1988 Mass Executions, ১৯৮৮ সালের রাজনৈতিক বন্দীদের হত্যাকাণ্ড সম্পর্কিত গবেষণা।

৪. Amnesty International, Blood-Soaked Secrets, ১৯৮৮ সালের কারাগার হত্যাকাণ্ডের দলিল ও সাক্ষ্য।

৫. Encyclopaedia Iranica, Communism in Persia after 1953, তুদেহ পার্টির ইতিহাস ও বিপ্লব-পরবর্তী দমন-পীড়ন।

৬. Cambridge University Press, The Provisional Government and the Transition from Monarchy to Islamic Republic, শাহের পতন থেকে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার রাজনৈতিক রূপান্তর বোঝার জন্য।

৭. The Emerging Red-Green Alliance: Where Political Islam Meets the Radical Left, Emmanuel Karagiannis & Clark McCauley, Terrorism and Political Violence, Vol. 25, No. 2, 2013, pp. 167–182.

_________________________________________
লেখক: লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: