ভারতে শুরু হয়েছে গণতন্ত্রের ‘শারদ বিপ্লব’, মোদির ভিত কি টলে যাচ্ছে?

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৯:২২পরিবর্তন করতে ক্লিক করুন
ভারতে শুরু হয়েছে গণতন্ত্রের ‘শারদ বিপ্লব’, মোদির ভিত কি টলে যাচ্ছে?

ছবিঃ সংগৃহীত

শেয়ার করুন:

কয়েক হাজার সৈন্য, কাঁটাতার কিংবা লাঠিচার্জ করে মোদি সরকার হয়তো দুই-একদিনের জন্য রাস্তা সাময়িকভাবে নিজেদের দখলে নিতে পারে, তবে দীর্ঘ মেয়াদে তা যে কোনো ফায়দা আনবে না তা স্পষ্ট।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার যে তীব্র গণঅভ্যুত্থান ঘটেছিল, রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় তা পরিচিতি পেয়েছে ‘বর্ষা বিপ্লব’ বা মুনসুন রেভল্যুশন হিসেবে। এবার যেন প্রতিবেশী ভারতেও তারই আদলে এক বিশাল জাগরণ শুরু হয়ে গেছে।  ১০ অক্টোবর, মহালয়া। দেবীপক্ষের সূচনালগ্নে, শারদীয় দুর্গোৎসবের ঠিক আগেভাগে হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদের বিরুদ্ধে আক্ষরিক অর্থেই এক বিদ্রোহের জোয়ার আছড়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির রাজপথে। কেউ কেউ একে ভারতের ‘শারদ বিপ্লব’ হিসেবে ডাকতে শুরু করেছেন।


হঠাৎ কী হলো ভারতে? মোদি সরকার এতটা মরিয়া কেন এবং ইতিহাসই বা কী বলছে?

কী ঘটছে দিল্লির রাস্তায়?


১০ অক্টোবর সকাল থেকেই আস্ত দিল্লি পরিণত হয়েছে একটা অবরুদ্ধ ও বিচ্ছিন্ন ছিটমহলে। শহরে ঢোকার প্রতিটি মোড়ে মোড়ে বিছানো হয়েছে তারকাঁটা আর ব্যারিকেড। সারা দেশ থেকে দিল্লিতে প্রবেশের অন্তত ২৪৫টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোর ৪৫টি স্টেশনের গেট। আর রাজধানীর বুকে গিজগিজ করছে ৫৬ হাজার বিশেষ ও আধা-সামরিক সেনাসদস্য। মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ। কোনো দৃশ্য দেখলে মনে হতে পারে, ভারত হয়তো কোনো বিদেশি রাষ্ট্রের আক্রমণের মুখে দাঁড়িয়েছে। কিন্তু না, পুলিশ আজ এই যুদ্ধংদেহী কায়দায় অবতীর্ণ হয়েছে নিজ দেশের তরতাজা লড়াকু তরুণ ও ছাত্রসমাজের বিরুদ্ধে।


সকাল থেকে শুরু হয়েছিল নজিরবিহীন ধরপাকড় ও তল্লাশি। ট্রেন বা বাস—যেখানেই কম বয়সী ছেলেদের পাওয়া গেছে, টেনে নামানো হয়েছে। বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে পুলিশ গুরগাঁও থেকে তুলে নিয়ে গেছে। নতুন প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম 'ককরোচ জনতা পার্টি (সিজেপি)'-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কাদের রাতেই ধরে নিয়ে গেছে পুলিশ। তবে গ্রেপ্তারের আগে দীপকে হুঙ্কার দিয়ে বলে গেছেন, নেতারা জেলে গেলে তরুণ ছাত্ররা নিজ দায়িত্বে আন্দোলন চালাবে।


নেতা থেকে শুরু করে অ্যাকটিভিস্ট—সবাই আটক। অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং মানিক সরকারের মতো চারজন সাবেক মুখ্যমন্ত্রীকে রাস্তা ও বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে। বাদ যাননি যোগেন্দ্র যাদব, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী বা ‘স্ক্রল’ পত্রিকার সাংবাদিকদের কেউ। অবশ্য পরে মমতাসহ ৮ জনকে পুলিশ ছেড়ে দিয়েছে।


হঠাৎ এই জনবিস্ফোরণের কারণ কী?


টানা পরপর তৃতীয়বারের মতো দিল্লির ক্ষমতায় আসার পর মোদির বিজেপি সরকার একসময়ের উদারপন্থী রাজনীতি ভুলে পুরোপুরি হিন্দু ফ্যাসিবাদের রূপে দাঁড়িয়েছে। মুসলমান, শিখ থেকে আদিবাসী সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে নির্মম ‘বুলডোজার নীতি’। ব্যবসার দখল হোক কি রাজনৈতিক মতাদর্শ—বুলডোজার চালিয়ে সব সাফ করাই এখন একমাত্র কৌশল।


সংখ্যাগরিষ্ঠতার জোরে মোদি সরকার দেখতে পাহাড়সম শক্তিশালী মনে হলেও ভেতরে ফাটল আছে। ১০০ কোটি ভোটারের মধ্যে গত নির্বাচনে ভোট দিয়েছিলেন ৬৫ কোটি মানুষ। তার মধ্যে বিজেপির বাক্সে পড়েছে মাত্র ৩৭ শতাংশ ভোট! অর্থাৎ, গোটা দেশের মাত্র ২৫ কোটি মানুষের ভরসায় তারা পুরো ভারতের ছড়ি ঘোরাচ্ছে, যার বড় অস্ত্র বিরোধীদের ভেতর ভাঙন ধরিয়ে দেওয়া এবং ইভিএম বা ভোটার তালিকা জালিয়াতি করা।


এবার বিজেপির এই দুর্বল জায়গাটিতেই আঘাত করেছে সিজেপি ও বাম ছাত্র সংগঠনগুলোর ডাকা ‘দিল্লি চলো’ কর্মসূচি। তাঁদের প্রধান দাবি—বিজেপির পকেটে ঢুকে পড়া প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ বাতিল করা। আর সাধারণ মানুষ সেই ডাকে সাড়াই দিয়ে রাস্তায় নেমে এসেছেন।

বিক্ষোভে মোদিকে হটানো কি সম্ভব?


বিজেপির প্রতাপ দেখে এই প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক। তবে ভারতের অতীত রাজনৈতিক ইতিহাস বলছে অন্য কথা। সেখানে তুমুল ক্ষমতার সরকারও রাস্তার আন্দোলনের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।


সত্তরের দশকে জয়প্রকাশ নারায়ণের (জেপি) ‘সম্পূর্ণ ক্রান্তি’ আর তীব্র গণবিক্ষোভ ও রেল ধর্মঘটের মুখে ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা চাপিয়েছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু শেষ রক্ষা হয়নি, তুমুল জনরোষে ১৯ মাস আগেই মেয়াদ ফুরিয়ে ১৯৭৭ সালে পতন ঘটে তাঁর পরাক্রমশালী সরকারের।

১৯৭৭ সালে প্রথম অ-কংগ্রেসীয় সরকার হিসেবে ক্ষমতায় আসা মোরারজি দেশাই দুই বছরের বেশি টিকতে পারেননি। নব্বইয়ের দশকে ভিপি সিং সরকারের সংরক্ষণ নীতিবিরোধী প্রবল আন্দোলন এবং লালকৃষ্ণ আদভানির রথযাত্রার জেরে ধসে পড়ে সেই সরকার। চন্দ্রশেখর, এইচ.ডি দেবেগৌড়া কিংবা আই.কে. গুজরালের সরকারও একইভাবে পূর্ণ মেয়াদের আগেই সমর্থন হারায়। ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর মতো বিশাল ক্যারিশমার নেতার সরকারও পড়ে গিয়েছিল মাত্র ১ ভোটের ব্যবধানে! সুতরাং ইতিহাস সাক্ষ্য দেয়, ভারতের রাজনৈতিক চিত্র এক রাতের প্রকাণ্ড আন্দোলনেও আমূল ঘুরে যেতে পারে। এবারের আন্দোলনও মোদি সরকারের পতনের শুরুর ধাপ হতেই পারে।


বোবা সেজে আছে করপোরেট মিডিয়া


সবচেয়ে আশ্চর্যজনক দিকটি হচ্ছে, দিল্লিতে যখন এমন তুলকালাম অবস্থা চলছে তখন ভারতের গোদি মিডিয়া আজ কানা ও অন্ধ সেজে বসে আছে। আদানির পকেটে থাকা রিপাবলিক টিভি, আজতক বা জি নিউজের পাতা উল্টালে বা আনন্দবাজার পড়লেও এই তুমুল আন্দোলনের লেশমাত্র পাওয়া যাবে না। অথচ ইউপিএ আমলে এই মিডিয়াগুলোই আন্না হাজারের ১০ জনের ছোট জমায়েত দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা লাইভ সম্প্রচার করেছিল। আর আজ লাখো মানুষের লড়াই ঢাকতে সুধীর চৌধুরী, অর্ণব গোস্বামীরা সরকারের মোসাহেবিতে মেতেছেন।


নোবেলজয়ী সাহিত্যিক ভি.এস. নাইপল ১৯৯০ সালে ভারতের সমাজ নিয়ে লিখেছিলেন, যখন অধিকারবঞ্চিত মানুষ নিজেদের অধিকার বুঝে নিতে আসে, তখন তা কখনোই পরিপাটি থাকে না। সেটা আছড়ে পড়ে রাগ আর ক্ষোভের অগ্নুৎপাত হয়ে। নাইপলের ভাষায়— ভারত আসলে ‘এ মিলিয়ন মিউটিনিজ’ বা লাখো বিদ্রোহের একটি জাগ্রত ভূমি। অতীতের বহু পাপ থাকার পরও দস্যু রত্নাকর যেভাবে ন্যায়ের সাধনায় রত হয়ে ‘বাল্মীকি’ হয়েছিলেন, দিল্লির আজকের তরুণ সমাজও সেই অন্যায়ের পথ রুখতেই বেরিয়ে এসেছেন।


কয়েক হাজার সৈন্য, কাঁটাতার কিংবা লাঠিচার্জ করে মোদি সরকার হয়তো দুই-একদিনের জন্য রাস্তা সাময়িকভাবে নিজেদের দখলে নিতে পারে, তবে দীর্ঘ মেয়াদে তা যে কোনো ফায়দা আনবে না তা স্পষ্ট। বুর্জোয়া, ডান, বাম এবং সাধারণ ছাত্র জনতার একীভূত এই অভাবনীয় শক্তি এরই মধ্যে হিন্দুত্ববাদী ফ্যাসিজমের ভিত্তিতে মারাত্মক নাড়া দিয়ে গেছে। শারদ বিপ্লবের প্রথম ধাক্কায় ব্যারিকেড ভাঙার এই তীব্র ঢলে পড়ে, সরকারের ভেসে যাওয়ার শঙ্কা এখন প্রবল।


____

*লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: